শেখ হাসিনা '১৬ই ডিসেম্বর ফিরতে চান', 'বাস্তবতা ভিন্ন' বলছে সরকার

ছবির উৎস, SOPA Images/LightRocket via Getty Images
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই বছরেরও বেশি সময় ধরে ভারতে অবস্থানের পর আগামী ১৬ই ডিসেম্বর দেশে ফিরতে চান। শেখ হাসিনার একজন মুখপাত্রের বরাত দিয়ে মঙ্গলবার এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
তবে, বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে দন্ডপ্রাপ্ত আসামী হিসেবে দেশে ফেরানো হবে।
"শুধুমাত্র হাতকড়া পরিয়েই দেশে আনা যেতে পারে শেখ হাসিনাকে।"
এছাড়া শেখ হাসিনার জন্য 'এয়ারক্রাফট পাঠানোর আবেদন'কে তিনি নজিরবিহীন ঘটনা বলে মন্তব্য করেছেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর।
আর ডিসেম্বর মাস ঘিরে সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সতর্ক অবস্থানের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।
২০২৪ সালের জুলাই-অগাস্টের গণ অভ্যুত্থানের মুখে অগাস্টের পাঁচ তারিখে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা।
কয়েক মাস আগে তিনি গণমাধ্যমের বরাতে জানান যে ডিসেম্বরে তিনি দেশে ফিরবেন।
তবে, এবারই প্রথম তার ফেরার কোন তারিখ সামনে এলো।
এদিকে, শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরা নিয়ে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশের রাজনীতিতে সংঘাত-সহিংসতা এবং উত্তেজনা চলছে।
সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠপর্যায়ে নিজেদের উপস্থিতি জানান দিতে বিভিন্ন জেলা, বিশেষ করে গোপালগঞ্জে ব্যাপক বিক্ষোভ, ভাঙচুর, অগ্নিসংযোগের মত কর্মসূচি পালন করছে।
জবাবে সরকারের পক্ষ থেকেও সহিংসতা দমনে নানা পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে।

ছবির উৎস, Abul Kalam Azad/BBC
রয়টার্সের প্রতিবেদনে যা বলা হয়েছে
বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।
ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন
বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মঙ্গলবার সকালে সংবাদটি প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
যেখানে সৈয়দ মোজাম্মেল আলীকে শেখ হাসিনার মুখপাত্র হিসেবে উল্লেখ করে, তার বরাতে শেখ হাসিনার দেশে ফেরার নির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে যে, ২০২৪ সালের পাঁচই অগাস্ট দেশ ছাড়ার পর এবারই প্রথম তার দেশে ফেরার নির্দিষ্ট তারিখ জানানো হলো।
এমনকি গণঅভ্যুত্থানের মুখে দিল্লিতে পালিয়ে যাওয়ার পর বাতিল হয়ে যাওয়া কাগজপত্রও (জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্ট) বাংলাদেশ সরকারের কাছে চেয়েছেন শেখ হাসিনা।
এছাড়া বাংলাদেশ সরকারের কাছে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তার প্রত্যাবর্তনের ব্যবস্থা করারও জন্য অনুরোধ জানিয়েছেন বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
শেখ হাসিনার মুখপাত্র এক বিবৃতিতে রয়টার্সকে বলেছেন, "যেহেতু শেখ হাসিনাকে ২০২৪ সালের পাঁচই অগাস্ট বাংলাদেশের একটি বিমানে করে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল, তাই তিনি এখন তাকে দিল্লি থেকে ঢাকায় ফিরিয়ে আনার জন্য বিমান পরিবহনের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।"

ছবির উৎস, SCREEN GRAB
'হাতকড়া পরেই ফিরতে হবে' - যা বলছে সরকার
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা আগে থেকেই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বাড়তি উত্তেজনার জন্ম দিয়েছে।
মঙ্গলবার রয়টার্সের প্রতিবেদনটি সামনে আসার পর বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, "শেখ হাসিনাকে শুধুমাত্র কঠোর নজরদারির মধ্য দিয়ে হাতকড়া পরিয়েই দেশে আনা যেতে পারে।"
"মনের জ্বালায় পয়সা দিয়ে, হায়ার করে অনেক লেখাই লেখাইতে পারে কিন্তু রিয়ালিটি আর ডিজায়ার দুই জিনিস," গণমাধ্যমকে বলেন মি. কবির।
মঙ্গলবার সকালে ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
"একজন সন্ত্রাসীর কখনই ফেরার অনুমতি থাকে না, তিনি সাধারণ কোনো যাত্রী নন" বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
'সন্ত্রাসী' বলতে তিনি কাকে বুঝিয়েছেন, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে মি. কবির বলেন, "টেরোরিস্ট তো একজনই, আওয়ামী টেরোরিজম। বাংলাদেশের মানুষ টেরোরিজম তো এক জায়গা থেকেই দেখে, আওয়ামী টেরোরিজম - স্পন্সরড বাই হাসিনা, আপা ফ্রম দিল্লি।"
এদিকে, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে মন্তব্য করেছেন বাংলাদেশ সরকারের একাধিক দায়িত্বশীল ব্যাক্তি।

ছবির উৎস, Getty Images
শেখ হাসিনার দেশে ফেরার তারিখ এবং বিমান চেয়ে যে বিতৃতি দেওয়া হয়েছে সেটিকে 'উন্মাদনা' বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
মঙ্গলবার সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "একজন পলাতক আসামির পক্ষে আরেকজনের এয়ারক্রাফট চাওয়ার ঘটনাটি পৃথিবীতে বিরল।"
এছাড়া আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করা হবে কী-না এ নিয়েও কথা বলেন চিফ প্রসিকিউটর।
"একজন প্রতিমন্ত্রী আমাদের কাছে আবেদন করেছেন, এ বিষয়ে তদন্ত চলছে। আওয়ামী লীগ যদি নিজেদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণ করে তাহলে বিচারের মাধ্যমে এই সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার বা ট্রাইবুনাল বাধ্য হবে," বলেন তিনি।
এদিকে, সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
তিনি বলেন, অনুপ্রবেশ ঠেকাতেই সীমান্তে সতর্ক অবস্থান নিয়েছে বিজিবি। কোনো অভিযুক্ত আসামী দেশে অনুপ্রবেশের চেষ্টা করলে তাদেরকে গ্রেফতার করে বিচার নিশ্চিত করা হবে।
"যেহেতু আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী বিদেশে পালিয়ে আছে, তাদের বিরুদ্ধে যেহেতু মামলা আছে, ডিসেম্বর ঘিরে কোনো অভিযুক্ত আসামী দেশে অনুপ্রবেশ করতে চাইলে তাদেরকে যাতে গ্রেফতার করা যায় একারণেই বিজিবির সতর্কতা," বলেন তিনি।









