ঢাকাসহ বিভিন্ন স্থানে ককটেল হামলা, অগ্নিসংযোগ – পরিস্থিতি সামলাতে কী করছে পুলিশ?

- Author, মরিয়ম সুলতানা
- Role, বিবিসি নিউজ বাংলা
- Published
- পড়ার সময়: ৭ মিনিট
কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের 'লকডাউন' কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকাসহ বিভিন্ন স্থানে চোরাগোপ্তা ককটেল হামলা ও অগ্নিসংযোগের মতো সহিংস ঘটনা ঘটছে।
এসব ঘটনায় প্রাণহানির খবরও পাওয়া যাচ্ছে।
মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত রাজধানীর অন্তত সাতটি এলাকায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে রমনা, মহাখালী, মোহাম্মদপুর, যাত্রাবাড়ী, মতিঝিল, খিলগাঁও ও বনানী। তবে এসব বিস্ফোরণে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
অন্যদিকে, বুধবার ভোরে বরিশালের পিরোজপুরে একটি বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দু'টি বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে এক বাসের হেলপারের মৃত্যু হয়েছে।
এ ছাড়া এদিন সকাল থেকে দেশের আরও কয়েকটি স্থানে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।
বিশেষ করে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছেন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা। বুধবার ভোর থেকেই গোপালগঞ্জ-পিরোজপুর সড়কের বিভিন্ন পয়েন্টে গাছের গুড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেছে তারা।
এর আগে, মঙ্গলবার টুঙ্গিপাড়া থানায় হামলা চালানোর পর সেখানে অগ্নিসংযোগ করা হয়।
স্থানীয় গণমাধ্যমকর্মী ও প্রশাসন সূত্রে জানা গেছে যে, মঙ্গলবার টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের অন্তত দশটি যানবাহন পুড়ে গেছে।
মূলত, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৯শে নভেম্বরের কর্মসূচিকে সামনে রেখে এসব ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে জনমনে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
আর, আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে এইসব ঘটনা এমন সময়ে ঘটছে যখন মজুরি বাড়ানোর দাবিতে দেশের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা লাগাতর বিক্ষোভ করছেন।
প্রশ্ন উঠেছে, একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঠেকাতে পুলিশ কী ধরনের ব্যবস্থা নিচ্ছে? আগামীকালের কর্মসূচিকে ঘিরেই বা তাদের প্রস্তুতি কী?
End of বিবিসি বাংলায় আরও পড়তে পারেন:

গোপালগঞ্জে অবরোধ, বাজছে সাতই মার্চের ভাষণ
বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।
ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন
বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল
বর্তমানে বাংলাদেশের যেসব জেলায় উত্তেজনা, অস্থিরতা বিরাজ করছে, তার মাঝে শীর্ষে গোপালগঞ্জ। আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে বুধবারও গোপালগঞ্জে উত্তেজনা বিরাজ করছে। টুঙ্গিপাড়ায় এখনও সড়ক অবরোধ করে রেখেছেন আন্দোলনকারীরা।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এ কর্মসূচির কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে।
বুধবার গোপালগঞ্জ থেকে বিবিসি সংবাদদাতা আবুল কালাম আজাদ জানিয়েছেন, চলমান পরিস্থিতির সব থেকে বেশি প্রভাব পড়েছে টুঙ্গিপাড়ায়। টুঙ্গিপাড়া হয়ে পিরোজপুরের দিকে যাওয়া সড়কের বিভিন্ন স্থানে গাছের গুড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে রাখা হয়েছে।
"সড়কটির নিলফাবাজার এলাকায় অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেখানে মাইকে শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ভাষণ বাজানো হচ্ছে," জানান তিনি।
মঙ্গলবার রাতে নিলফাবাজার এলাকার বেশ কিছু দোকানে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছিল। যার চিহ্ন এখনও ওই এলাকায় রয়েছে।
এছাড়া, গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়া যাওয়ার পথে সড়কের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর পুড়ে যাওয়া অন্তত চারটি যানবাহনের ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখেছেন তিনি।
এছাড়া, গোপালগঞ্জের কাশিয়ানিতে থানা বিএনপির কার্যালয় ও গ্রামীণ ব্যাংকের অফিস ভাংচুরের খবরও পাওয়া গেছে। স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, ছাত্রলীগের মিছিলের সামনে পড়ে যাওয়ায় এক পুলিশ সদস্যকে কুপিয়ে আহত করে তারা। সেইসাথে, কাশিয়ানীর রামদিয়ায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা আওয়ামীলীগ অফিস খুলে দেয় স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
এই ঘটনায় গোপালগঞ্জের বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তার সাথে যোগাযোগের চেষ্টা করেছিলো বিবিসি বাংলা। কিন্তু বেলা তিনটা পর্যন্ত তাদের কাউকে পাওয়া যায়নি।
এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় টুঙ্গিপাড়ায় তুমুল উত্তেজনা দেখা দিয়েছিলো।
সেদিন পুলিশের সঙ্গে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উত্তেজনার একপর্যায়ে থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
সেখানে পুলিশের গাড়ি ও পুলিশ মেসেও আগুন দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েক রাউন্ড গুলি নিক্ষেপ করলে হামলাকারীদের মধ্যে অন্তত দু'জন আহতও হয়।
স্থানীয় গণমাধ্যমকর্মী ও প্রশাসন সূত্রে জানা গেছে যে, মঙ্গলবার টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের অন্তত দশটি যানবাহন পুড়ে গেছে।
তবে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র কামরুন মুনীরা বুধবার বিবিসি বাংলাকে জানিয়েছেন, টুঙ্গিপাড়া থানায় হামলার ঘটনায় এখন পর্যন্ত সাতজন পুলিশ সদস্য আহত হওয়ার তথ্য তাদের কাছে রয়েছে। আহতরা ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওই ঘটনায় আটটি গাড়ি ও আটটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে।

ছবির উৎস, Bangladesh Police
ঢাকাসহ দেশের অন্যান্য এলাকার কী অবস্থা
মঙ্গলবার রাত থেকে ঢাকার বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়।
স্থানীয় গণমাধ্যমগুলোতে দেওয়া পুলিশের তথ্য অনুযায়ী, রাত দশটার দিকে রমনায় ঢাকা জেলার পুলিশ সুপারের বাসভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়।
একই রাতে মোহাম্মদপুরের কৃষি মার্কেট, আসাদগেট, বসিলা ও রেসিডেনসিয়াল মডেল কলেজের আশপাশেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ছাড়া শিয়া মসজিদ এলাকা থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভার থেকে নিচের সড়কে দুটি ককটেল নিক্ষেপের খবর পাওয়া গেছে।
মতিঝিলে একটি টেলিভিশন চ্যানেলের কার্যালয়ের সামনে, মহাখালী বাস টার্মিনালের কাছে এবং খিলগাঁওয়ের একটি পুলিশ ফাঁড়ির সামনেও বিস্ফোরণের ঘটনা ঘটে।
অন্যদিকে, বনানীতে একটি ট্রাফিক পুলিশ বক্স লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয়।
তবে এসব ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে, ককটেল বিস্ফোরণের পাশাপাশি ঢাকার রামপুরা, বাড্ডা, পল্লবী ও মহাখালীতে অন্তত চারটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এই সবগুলোই ছিল যাত্রীবাহী বাস।
ঢাকার বাইরে পিরোজপুরে বুধবার ভোরে একটি বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় একটি বাসের ভেতরে থাকা এক হেলপার আগুনে পুড়ে মারা যান।
এর আগে মঙ্গলবার গভীর রাতে জেলার নাজিরপুর উপজেলার কয়েকটি দোকানে অগ্নিসংযোগ এবং শাঁখারিকাঠী ইউনিয়ন পরিষদের গুদামে পেট্রোল বোমা নিক্ষেপের খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, দোকানগুলোর মালিক স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতার এবং গুদামটিতে টিসিবির চালের বস্তা রাখা ছিল।
এদিকে, মঙ্গলবার রাত আটটার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিএনপির স্থানীয় একটি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।
এ সময় কয়েকটি মোটরসাইকেলেও আগুন দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের সঙ্গে হামলাকারীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে।
পরে রাত সোয়া নয়টার দিকে ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লার ওপর হামলা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে হত্যা করেছেন।
বুধবার ভোরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জেও একটি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার রাত ১১টার দিকে নেত্রকোণার বারহাট্টা উপজেলার অতিথপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয় বলে স্থানীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
একই রাতে কুমিল্লায় আওয়ামী লীগের দক্ষিণ জেলা কার্যালয় এবং সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের ব্যক্তিগত কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
অন্যদিকে, চট্টগ্রামের পাঁচলাইশ থানার মুরাদপুর পুলিশ বক্সেও মঙ্গলবার গভীর রাতে আগুন দেওয়া হয়েছে।
তবে মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গাজীপুরের জোড়পুকুর এলাকার বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
কে বা কারা আগুন দিয়েছিলো, তা জানতে চাইলে বুধবার বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার তাহেরুল হক চৌহান বিবিসি বাংলাকে জানিয়েছেন, এই বিষয়টি এখনো তদন্তাধীন।

পরিস্থিতি মোকাবিলায় কী করছে পুলিশ?
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা বেড়ে যাওয়ার পর নজরদারি ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করার কথা জানিয়েছে পুলিশ।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত সাতই নভেম্বর থেকে ১৭ই নভেম্বর পর্যন্ত সারা দেশে অন্তত ৭০টি স্থানে ককটেল বিস্ফোরণ ও ৫৭টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এসব ঘটনায় ৩৫টি মামলা হয়েছে এবং ৬০ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া, পুলিশের একটি গাড়ি ককটেল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয় এবং দু'টি স্থাপনায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক এবং মুখপাত্র কামরুন মুনীরা বিবিসি বাংলাকে জানিয়েছেন, নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কর্মসূচির নামে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো, জননিরাপত্তা বিঘ্নিত করা, নাশকতা, সহিংসতা কিংবা সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টির চেষ্টা করা হলে পুলিশ প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।
তিনি জানান, আওয়ামী লীগের ডাকা আগামীকালের কর্মসূচিকে ঘিরে সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় পুলিশের গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা প্রস্তুতি থাকবে।
জনগণের জানমাল এবং সরকারি-বেসরকারি সম্পদ রক্ষায় পুলিশ সতর্ক থাকবে। একই সঙ্গে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সেদিকেও নজর রাখা হবে বলেও জানান তিনি।
এদিকে, ঢাকায় গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও এর সংশ্লিষ্ট সংগঠনের ৭১ জন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বিবিসি বাংলাকে এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।
আগামী ১৯শে নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
নিয়াজ মেহেদী বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে চেকপোস্টের সংখ্যা বাড়ানো হয়েছে। পাশাপাশি পুলিশের মোবাইল টহল, মোটরসাইকেল টহল ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সদস্যদের উপস্থিতি বাড়ানো হয়েছে।
এ ছাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন।
তিনি জানান, সম্ভাব্য নাশকতা ঠেকাতে রাজধানীতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগ বা এর সহযোগী সংগঠনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে কি না, এমন প্রশ্নে নিয়াজ মেহেদী বলেন, "যাদের ধরা হয়েছে, তাদের অনেককে হাতেনাতে ধরা হয়েছে এবং তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে।"
তবে এসব ঘটনার সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা প্রসঙ্গে তিনি বলেন, এটি তদন্তের বিষয়।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কতটি ককটেল বিস্ফোরণ বা যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, সে তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ডিএমপির এই কর্মকর্তা।

চলমান সহিংসতায় সরকারের অবস্থান
গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে মঙ্গলবার জাতীয় সংসদে বক্তব্য দিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি সংসদে বলেন, সরকার অতিরিক্ত বলপ্রয়োগ করতে চায় না, তাই ধৈর্য ধারণ করে আছে। তবে যারা নৈরাজ্য সৃষ্ট করছে, তাদের ভবিষ্যতে অবশ্যই আইনের আওতায় আনা হবে।
গোপালগঞ্জের পরিস্থিতি সামলাতে সরকার কি করছে, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, '' অগ্নিকাণ্ড ঘটানোর জন্য সীমান্তের ওপর থেকে গত কয়েকদিনে বিভিন্ন ভিডিও ম্যাসেজে, স্যোশাল মিডিয়ায় পাওয়া যায়- তাদের সাবেক মন্ত্রী-এমপিরা, তথাকথিত নেতারা ম্যাসেজ দিচ্ছে, তোমরা গ্রামে গ্রামে গিয়ে আগুন লাগাও।''
''তারা চাইছে আমরা যেন তাদের কায়দায় রাজপথে গুলি করে মানুষ হত্যা করি। তারা চাইছে মিছিলে মানুষ আসলে আমরা যেন আওয়ামী কায়দায় গুলিতে ঝাঝরা করি। এটা তাদের কৌশল।''
''আমরা গণতান্ত্রিক কালচারের সরকার। জনগণ এইদেশে আর কোনোরকম রাজপথে আন্দোলনকারীদের হত্যা দেখতে চায় না। ...আমরা যেন কোনো অবস্থাতেই তাদের মতো কোনো মিটিং মিছিলে গুলি না করি।''
''তবে পরিষ্কারভাবে আমরা বলেছি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আত্মরক্ষার স্বার্থে তাদের প্রয়োজনীয় বল প্রয়োগ করবে, অতিরিক্ত বল প্রয়োগ করবে না। আমরা এখনো পর্যন্ত ধৈর্য ধরে আসছি।'
''কিন্তু মসজিদের মাইকে ঘোষণা দিয়ে থানা আক্রমণ করার জন্য যারা আহ্বান জানিয়েছে, তারা যদি মনে করে তাদের রেকর্ড ভিডিও ফুটেজ আমাদের কাছে নেই, তারা ভুল করবে। টুডে অর টুমরো, প্রত্যেকটা দুষ্কৃতিকারীকে ভিডিও ফুটেজ দেখে, ফটো দেখে যারা থানায় হামলা করেছে, যারা আইনশৃঙ্খলা বাহিনীর গায়ে হাত দিয়েছে, আক্রমণ করেছে, গাড়ি জ্বালিয়েছে, মানুষকে কষ্ট দিয়েছে আন্দোলনের নামে যারা নৈরাজ্য সৃষ্টি করেছে, প্রত্যেককে আইনের হেফাজতে নেওয়া হবে,'' সংসদে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।









