'দ্বৈত নাগরিকত্ব' প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন, 'কে নিউজ করছে? কার এত জ্বালা?'

ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন কিনা, এমন এক প্রশ্নে সরাসরি জবাব না দিয়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির পাল্টা প্রশ্ন করেছেন, এ নিয়ে কে নিউজ করেছে, কার এত জ্বালা? অন্যদিকে খুলনায় মিরাজ শেখের নিখোঁজ হওয়ার ঘটনাই প্রথম গুমের ঘটনা বলে দাবি করেছে দুটি মানবাধিকার সংগঠন, যদিও তা অস্বীকার করেছে কোস্ট গার্ড। অন্যদিকে ফেনীতে নূসরাত জাহান হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া ১৬ আসামির মধ্যে দুই জনের মৃত্যুদণ্ড বহাল, চার জনের যাবজ্জীবন আর ১০ জনকে বেকসুর খালাস দিয়েছেন হাইকোর্ট।

সরাসরি কভারেজ

রিপোর্টিং করেছেন মরিয়ম সুলতানা, সম্পাদনায় সায়েদুল ইসলাম

  1. সোমবার সারাদিন যা যা হলো:

    • আর্মড পুলিশ ব্যাটালিয়ন বা এপিবিএনকে ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দেওয়ার প্রস্তাব রেখে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর খসড়া অনুমোদন করেছে বাংলাদেশের মন্ত্রিসভা।
    • ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন কিনা, এমন এক প্রশ্নে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির পাল্টা প্রশ্ন করেছেন, এ নিয়ে কে নিউজ করেছে, কার এত জ্বালা?
    • কানাডা থেকে আমদানি করা গাড়ি, ট্রাক ও গাড়ির যন্ত্রাংশের ওপর শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
    • এনইইটি বা নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আবারও আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজেপি।
    • বাগেরহাটের মোংলার নিখোঁজ মিরাজ শেখকে আটক, হেফাজতে নেওয়া বা গুম করার অভিযোগ অস্বীকার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এর আগে সোমবার ভুক্তভোগীর পরিবার একটি সংবাদ সম্মেলন করে। সেখানে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) ও বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) দাবি করে, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর মিরাজ শেখের নিখোঁজ হওয়ার ঘটনাই প্রথম গুমের ঘটনা।
    • বাংলাদেশের চলচ্চিত্রে নব্বই'র দশকের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা অভিনেতা আশরাফুল হক ডনের সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, সিআইডি।
    • ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী বছরের ১৪ই মার্চ থেকে পরীক্ষা শুরু হবে।
    • ফেনীতে নূসরাত জাহান হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া ১৬ আসামির মধ্যে ১০ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। বাকিদের মধ্যে দুইজনের মৃত্যুদণ্ড বহাল রেখেছে আর চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
    • যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে অ্যান্ডি বার্নহ্যাম একটি চুক্তির ঘোষণা দেবেন, যার আওতায় ব্রিটিশ স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি ব্যবহার করে ইউক্রেন নিজের দেশেই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবে।

    বিবিসি বাংলার লাইভ পাতা আজকের মতো এখানেই শেষ হলো।

    আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুনবিবিসি বাংলার মূল পাতায়।

  2. ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন

    বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার ১৮তম বৈঠক

    ছবির উৎস, PMO

    ছবির ক্যাপশান, সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার ১৮তম বৈঠক অনুষ্ঠিত হয়।

    আর্মড পুলিশ ব্যাটালিয়ন বা এপিবিএনকে ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দেওয়ার প্রস্তাব রেখে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা।

    আজ সোমবার মন্ত্রিসভার ১৮তম বৈঠকে খসড়াটি নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে বিদ্যমান আইনে বেশ কিছু পরিবর্তন এনে এ অনুমোদন দেওয়া হয়।

    প্রস্তাবিত আইনে ফৌজদারি কার্যবিধি ও প্রচলিত অন্যান্য আইন মেনে এপিবিএনের সদস্যদের ফৌজদারি অপরাধ তদন্ত ও কার্যক্রম পরিচালনার ক্ষমতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

    এ ছাড়া, এ ব্যাটালিয়নকে জননিরাপত্তা, ভিআইপি ও সরকার ঘোষিত স্থাপনার নিরাপত্তার পাশাপাশি সন্ত্রাস, মাদক, মানবপাচার, ধর্ষণ ও মানবতাবিরোধী কাজে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তার দায়িত্ব দেওয়ার প্রস্তাব রয়েছে প্রস্তাবিত আইনে।

    খসড়া অনুযায়ী, এপিবিএন পুলিশের একজন অতিরিক্ত মহাপরিদর্শকের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে পরিচালিত হবে।

    প্রস্তাবিত আইনে বিশেষ আদালত ও সংক্ষিপ্ত আদালত গঠন এবং বিচার পদ্ধতির বিধান রাখার কথাও বলা হয়েছে।

    এই আইনটি হলে বর্তমানে কার্যকর ‘দ্য আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্স, ১৯৭৯’ রহিত হবে।

    খসড়া আইনটি জনমত যাচাইয়ের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

  3. কানাডার গাড়ি ও গাড়ির যন্ত্রাংশের ওপর আরও শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, EPA/Shutterstock

    ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    কানাডা থেকে আমদানি করা গাড়ি, ট্রাক ও গাড়ির যন্ত্রাংশের ওপর শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    আগামী জানুয়ারি থেকে এসব পণ্যের ওপর শুল্ক বর্তমান ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা হবে বলে জানিয়েছেন তিনি।

    ট্রাম্পের অভিযোগ, কানাডা বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অন্যায্য সুবিধা নিয়েছে এবং মার্কিন কৃষকদের পণ্যের ওপর কানাডা ‘অযৌক্তিকভাবে বেশি’ শুল্ক আরোপ করেছে।

    একই সঙ্গে, বাণিজ্যের ক্ষেত্রে কানাডাকে বিশ্বের ‘সবচেয়ে খারাপ দেশগুলোর একটি’ বলেও মন্তব্য করেন ট্রাম্প।

    নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, "যুক্তরাষ্ট্রে উৎপাদন করুন, তাহলে কোনো শুল্ক দিতে হবে না। কানাডাকে আর একটি অঙ্গরাজ্যের মতো বিবেচনা করা হবে না।"

  4. 'দ্বৈত নাগরিকত্ব' প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন, 'কে নিউজ করছে? কার এত জ্বালা?'

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

    ছবির উৎস, TV Screen Grab

    ছবির ক্যাপশান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

    ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন কিনা, এমন এক প্রশ্নে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির পাল্টা প্রশ্ন করেছেন, এ নিয়ে কে নিউজ করেছে, কার এত জ্বালা?

    আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

    সাংবাদিকরা তাকে বলেন যে তার ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে আলোচনা উঠেছে এবং বিষয়টি গণমাধ্যমেও এসেছে। নেটিজেনরা এ নিয়ে সামাজিক মাধ্যমে প্রশ্ন তুলেছেন, কোথাও কোথাও নিউজও হয়েছে বলে সাংবাদিকরা তাকে জানান।

    এ বিষয়ে তার বক্তব্য কী, জানতে চাইলে তিনি হ্যাঁ বা না সূচক কোনো উত্তর না দিয়ে বলেন, ‘আমি তো সিটিজেন নিয়ে আছি, আপনি বলেন নেটিজেন! মানে কোন নেটিজেন? আমি তো সিটিজেন নিয়ে আছি, কাজ করি। আপনি বলেন নেটিজেন! তো মানে কোন নিউজপেপার? কার এত জ্বালা যে মানে কাজ করতে দেবে না, হ্যাঁ? তো তার জ্বালা কেন হচ্ছে? ২০০৮-এর জ্বালা উঠছে নাকি আবার? মইনউদ্দিন -ফখরুদ্দীনের জ্বালা উঠছে তার আবার? নাকি?’

    তিনি আরও জানান, "দেশের পক্ষে জোরালো অবস্থান নেওয়াসহ দেশপ্রেমিক মানুষ যারা আছি, দেশের পক্ষে যারা আছি, সমস্ত মিডিয়া-দেশবাসী-রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছি...সবাই মিলে এই দেশকে এগিয়ে নিয়ে যাবো।"

    হুমায়ুন কবির বলেন, "আমি বাংলাদেশি। এখানে তো বাংলাদেশের মিনিস্টারের... বাংলাদেশি। আমি মনে করি না এমন কেউ আছে, যে আমার বাংলাদেশিজম বা আমার অবস্থান নিয়ে প্রশ্ন করবে। মানে, এখানে এসে বাংলাদেশের জন্য কাজ তো কোনো সুবিধাবাদী লোক আর করবে না," যোগ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

    এসময় মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হতে চাওয়া প্রসঙ্গেও তিনি বলেন, "মক্কা বাংলাদেশের হৃদয়ে, মানুষের হৃদয়ে। তো মানে ওখানে...মিডিল ইস্টে একটা...মানে যদি ইসলামিক নেশনসদের মধ্যে একটা সিকিউরিটি প্যাক্টও হয়, তাহলে ওখানে তো আর অস্বাভাবিক না যাওয়া। দেখা যাক কি হয়, এটা ইতিবাচকভাবে দেখা হচ্ছে।"

  5. ফের আন্দোলনে নামার ঘোষণা ককরোচ জনতা পার্টির

    ককরোচ জনতা পার্টির আন্দোলন

    ছবির উৎস, ANI

    ছবির ক্যাপশান, সিজেপির দাবি, আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছিল সরকার

    এনইইটি বা নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আবারও আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজেপি।

    আগামী পাঁচই সেপ্টেম্বর দিল্লির ইন্ডিয়া গেট থেকে দিল্লি পুলিশ সদর দপ্তর পর্যন্ত শান্তিপূর্ণ ‘মার্চ’ করার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

    সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সিজেপি অভিযোগ করেছে, শিক্ষার্থী ও আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের যে প্রতিশ্রুতি দিয়েছিলো কেন্দ্রীয় সরকার, তা এখনো পূরণ করা হয়নি।

    গত ২৫শে জুলাই ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের সময় আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারসহ সিজেপির বেশ কয়েকটি দাবি মেনে নিয়েছিল কেন্দ্রীয় সরকার।

  6. মিরাজ শেখকে আটক বা গুম করার প্রমাণ পাওয়া যায়নি: কোস্ট গার্ড

    চার মাসের বেশি সময় ধরে নিখোঁজ মোংলার জেলে মিরাজ শেখ

    ছবির উৎস, Liza Islam

    ছবির ক্যাপশান, চার মাসের বেশি সময় ধরে নিখোঁজ মোংলার জেলে মিরাজ শেখ

    বাগেরহাটের মোংলার নিখোঁজ মিরাজ শেখকে আটক, হেফাজতে নেওয়া বা গুম করার অভিযোগ অস্বীকার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

    সোমবার এক বিবৃতিতে বাহিনীটি বলেছে, অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট ইউনিটের অপারেশনাল রেকর্ড, টহল কার্যক্রম ও দায়িত্বপ্রাপ্ত সদস্যদের উপস্থিতিসহ বিভিন্ন তথ্য যাচাই করা হয়েছে। সেই অনুসন্ধানে বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক মিরাজ শেখকে আটক, জিজ্ঞাসাবাদ বা হেফাজতে নেওয়ার কোনো তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি।

    এর আগে সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে মিরাজ শেখের পরিবার এবং মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) ও বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) অভিযোগ করে যে গত ১০ই এপ্রিল মোংলার জয়মনি এলাকা থেকে সাদা পোশাকে থাকা দুই কোস্ট গার্ড সদস্য মিরাজকে তুলে নিয়ে যান। এরপর থেকে তিনি প্রায় সাড় চার মাস ধরে নিখোঁজ।

    তবে কোস্ট গার্ড বলছে, ওই দিন জয়মনির ঘোল এলাকায় তাদের কোনো বিশেষ অভিযান ছিল না। সেদিন শুধু হারবারিয়া ইকো ট্যুরিজম এলাকায় নিয়মিত টহল পরিচালনা করা হয়েছিল।

    বিবৃতিতে আরও দাবি করা হয়, মিরাজ শেখ নিখোঁজ হওয়ার ১৩ দিন পর করা সাধারণ ডায়েরিতেও কোস্ট গার্ড বা অন্য কোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে তাকে আটক, অপহরণ বা গুম করার অভিযোগ ছিল না।

    কোস্ট গার্ডের দাবি, স্থানীয় বিভিন্ন সূত্র থেকে তারা জানতে পেরেছে যে মিরাজ শেখ সুন্দরবনকেন্দ্রিক বনদস্যু চক্রের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বনদস্যু চক্রের মুক্তিপণ ও চাঁদার প্রায় ছয় লক্ষ টাকা আত্মসাতের ঘটনাকে কেন্দ্র করে তার সঙ্গে বাহিনীর অভ্যন্তরীণ বিরোধের সৃষ্টি হয়েছিল।

    এছাড়া, মিরাজ শেখের বাবা আগে একটি বনদস্যু বাহিনীর সক্রিয় সদস্য ছিলেন এবং পরবর্তীতে আত্মসমর্পণ করেন। পিসিপিআর যাচাইয়ে মিরাজ শেখের বিরুদ্ধে তিনটি মামলা চলমান রয়েছে, যার মধ্যে দুইটি মামলায় তিনি গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি।

    কিছু ‘স্বার্থান্বেষী মহল’ রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থ হাসিল করার উদ্দেশ্যে মিরাজ শেখের পরিবারকে ব্যবহার করে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও অপপ্রচার পরিচালনায় সহায়তা করছে এবং মিরাজ শেখকে নিয়ে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এবং আইন ও সালিশ কেন্দ্রের (আসক) মাধ্যমে কোস্ট গার্ডের বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচার এবং আন্তর্জাতিক মহলেও সরকারবিরোধী গুজব ছড়ানো হচ্ছে বলে বিবৃতিতে অভিযোগ করা হয়েছে।

    কোস্ট গার্ড আরও বলেছে যে বাংলাদেশ কোস্ট গার্ড সবসময় ইউনিফর্ম পরে দায়িত্ব পালন করে এবং তাদেরকে কখনও সাদা পোশাকে অভিযান পরিচালনা বা আইনবহির্ভূত কাজে জড়িত হতে দেখা যায়নি।

    এ নিয়ে আরও পড়তে পারেন...

  7. সালমান শাহ হত্যা: অভিনেতা ডনের সাত দিনের রিমান্ড চেয়েছে সিআইডি

    প্রয়াত অভিনেতা সালমান শাহ (বামে); গ্রেফতারকৃত অভিনেতা আশরাফুল হক ডন (ডানে)

    ছবির উৎস, bss

    ছবির ক্যাপশান, প্রয়াত অভিনেতা সালমান শাহ (বামে); গ্রেফতারকৃত অভিনেতা আশরাফুল হক ডন (ডানে)

    বাংলাদেশের চলচ্চিত্রে নব্বই'র দশকের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা অভিনেতা আশরাফুল হক ডনের সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, সিআইডি।

    মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণের ইন্সপেক্টর মজিবুর রহমান গত বৃহস্পতিবার এ আবেদন করেন। আজ সোমবার প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক শাহ আলম জানান, ওই আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা আসামির উপস্থিতিতে শুনানির দিন ধার্য করেছেন আগামী ২৭শে অগাস্ট।

    উল্লেখ্য, গত নয়ই অগাস্ট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয় এবং একই দিনে আদালত তাকে কারাগারে পাঠায়।

    গত ১২ই অগাস্ট তার জামিন আবেদন নামঞ্জুর করে আদালত।

    সালমান শাহ ১৯৯৬ সালের ছয়ই সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় মারা যান। শুরুতে তার মৃত্যুকে আত্মহত্যা বলা হলেও পরে এ ঘটনায় হত্যা মামলা হয়।

    ২০২৫ সালের ২০শে অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় সালমান শাহ'র স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে মামলাটি করেন।

    সালমান শাহ সম্পর্কে আরও পড়তে পারেন...

  8. ২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু ১৪ই মার্চ

    কিছু নারী শিক্ষার্থী একটি শ্রেনিকক্ষে পরীক্ষা দিচ্ছেন

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, শিক্ষাবিদরা বলছেন, বাংলাদেশের শিক্ষার ভিত্তি হিসেবে এসএসসি পরীক্ষার ফল গুরুত্বপূর্ণ, প্রতীকী ছবি

    ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী বছরের ১৪ই মার্চ থেকে পরীক্ষা শুরু হবে।

    আজ সোমবার প্রকাশিত সময়সূচিতে বলা হয়েছে, প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে।

    ১৪ই মার্চ বাংলা (আবশ্যিক) প্রথম পত্র ও সহজ বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়ে এসএসসি পরীক্ষা শুরু হবে। সকল তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১৫ই এপ্রিল এবং ২২শে এপ্রিলের মাঝে সব ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে।

    ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার্থীদের জন্য এই সময়সূচি প্রকাশ করা হয়েছে।

    তবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে।

    এসএসসি পরীক্ষা নিয়ে আরও পড়তে পারেন...

  9. ব্রিটেনের স্টর্ম শ্যাডো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি পাচ্ছে ইউক্রেন

    গত মাসে ইংল্যান্ডের পোর্টসমাউথে বার্নহ্যাম ও জেলেনস্কি

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, গত মাসে ইংল্যান্ডের পোর্টসমাউথে বার্নহ্যাম ও জেলেনস্কি

    যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে আজ ইউক্রেনে গেছেন অ্যান্ডি বার্নহ্যাম।

    সোভিয়েত ইউনিয়ন থেকে ইউক্রেনের স্বাধীনতার ৩৫ বছর পূর্তির দিনে এই সফর করছেন তিনি।

    এই সফরে বার্নহ্যাম একটি চুক্তির ঘোষণা দেবেন, যার আওতায় ব্রিটিশ স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি ব্যবহার করে ইউক্রেন নিজের দেশেই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবে।

    ইউক্রেনকে সমর্থন দেওয়া ৩৫টির বেশি দেশের জোট ‘কোয়ালিশন অব দ্য উইলিং’- এর বৈঠকেও প্রথমবার সভাপতিত্ব করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

    ইউক্রেনের প্রেসিডেন্ট হলেন ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও বৈঠক করবেন তিনি।

    প্রায় এক মাস আগে ইংল্যান্ডের পোর্টসমাউথে তাদের প্রথম বৈঠক হয়েছিল।

  10. মিরাজ শেখের নিখোঁজের ঘটনা ‘গণ অভ্যুত্থানের পর প্রথম গুম’, দাবি মানবাধিকার সংগঠনগুলোর

    মিরাজ শেখের খোঁজ চেয়ে সংবাদ সম্মেলন
    ছবির ক্যাপশান, মিরাজ শেখের খোঁজ চেয়ে সংবাদ সম্মেলন

    ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের একজন জেলে ও মোটরসাইকেল চালক মিরাজ শেখের নিখোঁজ হওয়ার ঘটনাই প্রথম গুমের ঘটনা বলে দাবি করেছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস), বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। সেই সময় ভুক্তভোগীর পরিবারও সেখানে ছিল।

    রোববার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। একই সঙ্গে প্রায় সাড়ে চার মাস ধরে নিখোঁজ মিরাজকে খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে।

    সংবাদ সম্মেলনে বলা হয়, গত ১০ই এপ্রিল সন্ধ্যায় বাগেরহাটের মোংলার জয়মনি এলাকা থেকে সাদা পোশাকে থাকা দুই কোস্ট গার্ড সদস্য মিরাজকে প্রায় ১০০ থেকে ১৫০ গজ দূরে অবস্থিত কোস্ট গার্ডের (হারবারিয়া কোস্ট গার্ড স্টেশন) পন্টুনে তুলে নিয়ে যান। পরে তাকে কোস্ট গার্ডের একটি স্পিডবোটে নেওয়া হয়।

    মিরাজ শেখকে তুলে নেওয়ার "কিছু সময়ের মধ্যে মোংলার দিক থেকে একটি কোস্ট গার্ড স্পিড বোট আসে, যেখানে সাত-আট জন ইউনিফর্ম পরিহিত সদস্য ছিলেন। তারা পন্টুনে উঠে মিরাজ শেখের সাথে ছবি ও ভিডিও ধারণ করে এবং পরবর্তীতে তাকে তাদের সঙ্গে বোটে নিয়ে চলে যায়।"

    দাবি করা হয়েছে, এই ঘটনাটি সেখানে উপস্থিত গ্রামবাসীসহ মিরাজের স্ত্রীর সামনেই ঘটেছে।

    ঘটনার পর পরিবারের সদস্যরা কোস্ট গার্ডের সঙ্গে যোগাযোগ করলে প্রথম দিকে মিরাজ তাদের হেফাজতে থাকার কথা জানানো হলেও পরে আটকের বিষয়টি অস্বীকার করা হয় বলে অভিযোগ পরিবারের।

    এ ঘটনায় গত ২৩শে এপ্রিল মোংলা থানায় একটি সাধারণ ডায়েরি করে পরিবার। পরে মিরাজের সন্ধান চেয়ে হাইকোর্টে রিট করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১২ই জুলাই হাইকোর্ট কোস্ট গার্ডকে ১৫ কার্যদিবসের মধ্যে মিরাজকে খুঁজে বের করে আদালতে হাজির করার নির্দেশ দেয়। তবে এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

    সংবাদ সম্মেলনে মিরাজকে দ্রুত খুঁজে বের করার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

    এ নিয়ে আরো পড়তে পারেন:

  11. নুসরাত হত্যা মামলায় ১৬ আসামির মধ্যে ১০ জন খালাস, দুই জনের মৃত্যুদণ্ড বহাল

    নুসরাত জাহান

    ছবির উৎস, Family Handout

    ছবির ক্যাপশান, নুসরাত জাহান

    ফেনীতে নূসরাত জাহান হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া ১৬ আসামির মধ্যে ১০ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। বাকিদের মধ্যে দুইজনের মৃত্যুদণ্ড বহাল রেখেছে আদালত আর চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

    সোমবার ডেথ রেফারেন্স বা মৃত্যুদণ্ড অনুমোদন, আপিল ও জেল আপিলের শুনানির পর হাইকোর্টের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

    ২০১৯ সালের ৬ই এপ্রিল নিজ শিক্ষা প্রতিষ্ঠানের ছাদে নুসরাতের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়ার ঘটনা ঘটে। দশই এপ্রিল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নুসরাত। এর আগে নিজ শিক্ষা প্রতিষ্ঠান সোনাগাজী মডেল থানায় ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে শ্লীলতাহানীর অভিযোগ এনেছিল নুসরাত।

    এই মামলায় ২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন আদালত ১৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন।

    হাইকোর্ট বেঞ্চ নুসরাতের মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ এস এম সিরাজ-উদ-দৌলা ও তার সহযোগী শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড বহাল রেখেছে।

    হাইকোর্টের রায়ের পর আসামি পক্ষের আইনজীবী শিশির মনির সাংবাদিকদের বলেন, ‘’নূসরাত হত্যা একটি চাঞ্চল্যকর মামলা। এখানে ১৬ জন আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। ১২ জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ছিল আর চার জনের কোনো স্বীকারোক্তমূলক জবানবন্দি ছিল না। এই মামলার ডেথ রেফারেন্স শুনানি শেষ হয়েছে। তার মধ্যে ১০ জনকে মাননীয় হাইকোর্ট বেকসুর খালাস দিয়েছেন।চারজনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন। আর দুই জনে মৃত্যুদণ্ড বহাল রেখেছেন।‘’

    ‘’হাইকোর্ট বিভাগ বলেছেন, যে বিচারিক আদালতে এই ভাবে নির্বিচারে ফাসি দিতে গিয়ে প্রতিটি পরিবারের ওপর ডেভেসটেটিক এফেক্ট নেমে এসেছে, তার বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন এবং তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করতে বলেছেন,’’ বলেন শিশির মনির।

    আরো পড়তে পারেন:

  12. গতকাল যা ঘটেছে:

    • গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৯ জন। একই সময়ে মারা গেছেন পাঁচ জন।
    • বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং শামা ওবায়েদ ইসলামের মধ্যে দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে।
    • বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চারটি সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।
    • কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে একজন সার ডিলারের গুদাম ভেঙ্গে ১৯৭ বস্তা ইউরিয়া সার নিয়ে গেছেন কৃষকরা। 'মব সৃষ্টির' অভিযোগ কৃষি কর্মকর্তার, চাহিদার তুলনায় সরবরাহ কম বলছে পুলিশ।
    • যেসব দেশ যুক্তরাষ্ট্রের 'অর্থনৈতিক যুদ্ধে' অংশ নেবে, ইরান তাদের শত্রু হিসেবে গণ্য করবে বলে সতর্ক করেছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজাই।
    • বিদ্রোহে বিধ্বস্ত থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে “অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে” ৫০টিরও বেশি সমন্বিত অগ্নিসংযোগ এবং হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। এসব হামলায় দুইজন আহত হয়েছেন।
    • আঞ্চলিক পরিস্থিতি এবং উত্তেজনা কমানোর চেষ্টায় ওমান এবং মিসরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
    • ঢাকায় অবস্থিত দুইটি বিদেশি দূতাবাসে ই-মেইলের মাধ্যমে হুমকির ঘটনায় বারিধারা ও গুলশানের পুরো কূটনৈতিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে ওই হুমকি 'ফেক' বলে জানিয়েছে পুলিশ।
  13. বিবিসি বাংলার লাইভ পাতায় স্বাগত

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে