বৃহস্পতিবার সারাদিন যা যা হলো:
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশের পর বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকারের দপ্তরে পদত্যাগপত্র জমা দিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। তার আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার সিদ্ধান্তের কারণেই ইরানের সঙ্গে যুদ্ধ দীর্ঘায়িত হয়েছে।
- ইরানের মুদ্রা টোমানের বিপরীতে মার্কিন ডলারের দাম বৃহস্পতিবার আবারও বেড়েছে। দেশটিতে প্রতি ডলারের দাম বেড়ে প্রায় দুই লাখ ৬০ হাজার টোমানে পৌঁছেছে।
- জাতিসংঘ জানিয়েছে, বৃহস্পতিবার আফগানিস্তানে বিমান হামলায় অন্তত ১০ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। এর আগে তালেবান সরকারও ১০ জন নিহত হওয়ার কথা জানিয়েছিল। তবে পাকিস্তানের কর্মকর্তারা বলছেন, আফগানিস্তানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে তাদের বিমান হামলায় ‘অন্তত ২২ জন’ নিহত হয়েছে এবং বিপুল পরিমাণ গোলাবারুদ ধ্বংস করা হয়েছে।
- বাংলাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো চার জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট এক হাজার ৯৭৮ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
- ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তারা যুক্তরাজ্যকে আগেই সতর্ক করেছিলেন যে ইরান যুক্তরাজ্যের একটি বিমানঘাঁটিতে হামলা চালানোর পরিকল্পনা করছে।
- দুবাই থেকে তেল আভিভগামী একটি ফ্লাইটে একজন পাইলট আরেক পাইলটকে ছুরিকাঘাত করে বিমানটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টার ঘটনায় ইরানের কোনো সম্পৃক্ততা ছিল কি না, তা বলার সময় এখনো আসেনি বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
- ইরাক থেকে মার্কিন বাহিনীর প্রত্যাহারকে একটি ‘মহান ও ঐতিহাসিক ঘটনা’ এবং ‘প্রতিরোধ অক্ষের’ জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বর্ণনা করেছে ইরানের বিপ্লবি গার্ড বাহিনী বা আইআরজিসি। একই সঙ্গে তারা মধ্যপ্রাচ্য থেকে মার্কিন বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।
- বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে 'মন্তব্যের' অভিযোগে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার যে স্কুলশিক্ষককে পুলিশ আটক করেছিলো, তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
বিবিসি বাংলার লাইভ পাতা আজ এখানেই শেষ হচ্ছে।
বিবিসি বাংলার অন্যান্য খবর পড়ার জন্য মূলপাতায় ক্লিক করুন।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।