লাইভ, সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছেন। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

রিপোর্টিং করছেন মরিয়ম সুলতানা, সম্পাদনায় ফৌজিয়া সুলতানা

  1. সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

    ফেরদৌসি আহমেদ মিষ্টি

    মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

    প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

    গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ঢাকার মিরপুরে রাড্ডা ক্লিনিক ভাঙচুরের ঘটনা নিয়ে সাংবাদিকদের বলেন, রাড্ডা ক্লিনিকের ঘটনায় তদন্ত চলছে।

    "একজন পুলিশ কর্মকর্তার দায়িত্বে অবহেলা পাওয়া গেছে এবং তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম শুরু হয়েছে।"

    "এছাড়া, রাজনৈতিক সংশ্লিষ্টতা ওখানে নাই। যারা ওখানে গেছে, তাদের কারও কারও রাজনৈতিক পরিচয় থাকতে পারে। কিন্তু সেটি আমরা কখনোই আমলে নিবো না। তাদের গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ওইখানে একজন সংসদ সদস্যের সংশ্লিষ্টতা আছে কী- না, সেটা তদন্তাধীন।"

    এদিকে, বুধবার ফেরদৌসী আহমেদ মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের বিষয়ে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায় থেকে সিদ্ধান্ত হয়েছে বলে দলটির উচ্চ পর্যায় থেকে জানা যাচ্ছে।

    গত বৃহস্পতিবার গভীর রাতে ঢাকায় ৫০ বছরের পুরনো রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রটি গুড়িয়ে দেওয়ার পর এ নিয়ে দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে।

    আরো পড়তে পারেন:

  2. বুধবার সারাদিন যা যা হলো

    • জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে জাইমা রহমানের নিয়োগে বাংলাদেশ সরকারের 'ন্যূনতম কোনো সম্পৃক্ততা নেই' বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন।
    • ঢাকার ইসিবি চত্বরে নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে ঢুকে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় করা মামলায় একজন সাবেক সেনা কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
    • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে 'মন্তব্যের' অভিযোগে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার একজন স্কুলশিক্ষককে ঘিরে উত্তেজনা তৈরি হওয়ার পর তাকে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
    • ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ নামফলক মুছতে দেখা গেছে।
    • ইরাকে যুক্তরাষ্ট্রের সেনাদের শেষ সামরিক ঘাঁটিগুলো থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এ পদক্ষেপের ফলে নিরাপত্তা শূন্যতা সৃষ্টি, ইরান-সমর্থিত শিয়া গোষ্ঠীগুলোর শক্তি বৃদ্ধি এবং আইএসের (ইসলামিক স্টেট) পুনরুত্থানের আশঙ্কা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
    • দুবাই থেকে তেল আভিভগামী একটি উড়োজাহাজের গতিপথ পরিবর্তন করে সৌদি আরবে অবতরণ করানো হয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, উড়োজাহাজটির দুই পাইলটের মধ্যে ‘সংঘর্ষ’ বা ‘হাতাহাতি’ হয়েছিল।
    • ইরান সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, চলমান যুদ্ধকে ঘিরে সৃষ্ট অচলাবস্থা নিরসনে কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে একটি জবাব পেয়েছে ইরান।
    • বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৪০ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করার তথ্য জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

    বিবিসি বাংলার অন্যান্য খবর পড়ার জন্য মূলপাতায় ক্লিক করুন।

  3. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে।