আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

আমি চেয়েছিলাম বলেই ইরান যুদ্ধ দীর্ঘায়িত হয়েছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার সিদ্ধান্তের কারণেই ইরানের সঙ্গে যুদ্ধ দীর্ঘায়িত হয়েছে। এদিকে, বাংলাদেশে প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি।

সরাসরি কভারেজ

রিপোর্টিং করেছেন মরিয়ম সুলতানা, সম্পাদনায় ফৌজিয়া সুলতানা

  1. বৃহস্পতিবার সারাদিন যা যা হলো:

    • প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশের পর বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকারের দপ্তরে পদত্যাগপত্র জমা দিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। তার আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।
    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার সিদ্ধান্তের কারণেই ইরানের সঙ্গে যুদ্ধ দীর্ঘায়িত হয়েছে।
    • ইরানের মুদ্রা টোমানের বিপরীতে মার্কিন ডলারের দাম বৃহস্পতিবার আবারও বেড়েছে। দেশটিতে প্রতি ডলারের দাম বেড়ে প্রায় দুই লাখ ৬০ হাজার টোমানে পৌঁছেছে।
    • জাতিসংঘ জানিয়েছে, বৃহস্পতিবার আফগানিস্তানে বিমান হামলায় অন্তত ১০ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। এর আগে তালেবান সরকারও ১০ জন নিহত হওয়ার কথা জানিয়েছিল। তবে পাকিস্তানের কর্মকর্তারা বলছেন, আফগানিস্তানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে তাদের বিমান হামলায় ‘অন্তত ২২ জন’ নিহত হয়েছে এবং বিপুল পরিমাণ গোলাবারুদ ধ্বংস করা হয়েছে।
    • বাংলাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো চার জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট এক হাজার ৯৭৮ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
    • ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তারা যুক্তরাজ্যকে আগেই সতর্ক করেছিলেন যে ইরান যুক্তরাজ্যের একটি বিমানঘাঁটিতে হামলা চালানোর পরিকল্পনা করছে।
    • দুবাই থেকে তেল আভিভগামী একটি ফ্লাইটে একজন পাইলট আরেক পাইলটকে ছুরিকাঘাত করে বিমানটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টার ঘটনায় ইরানের কোনো সম্পৃক্ততা ছিল কি না, তা বলার সময় এখনো আসেনি বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
    • ইরাক থেকে মার্কিন বাহিনীর প্রত্যাহারকে একটি ‘মহান ও ঐতিহাসিক ঘটনা’ এবং ‘প্রতিরোধ অক্ষের’ জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বর্ণনা করেছে ইরানের বিপ্লবি গার্ড বাহিনী বা আইআরজিসি। একই সঙ্গে তারা মধ্যপ্রাচ্য থেকে মার্কিন বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।
    • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে 'মন্তব্যের' অভিযোগে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার যে স্কুলশিক্ষককে পুলিশ আটক করেছিলো, তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

    বিবিসি বাংলার লাইভ পাতা আজ এখানেই শেষ হচ্ছে।

    বিবিসি বাংলার অন্যান্য খবর পড়ার জন্য মূলপাতায় ক্লিক করুন।

    এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

  2. টেনেসিতে সব মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত

    মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি ক্রিস্টা পাইককে প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের দুটি প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর চলতি বছরের বাকি সময়ের জন্য টেনেসিতে সব মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন গভর্নর বিল লি।

    বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে দেওয়া এক বিবৃতিতে লি বলেন, আইনসম্মতভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা অঙ্গরাজ্যের “সবচেয়ে গুরুতর দায়িত্বগুলোর” একটি। তিনি আরও বলেন, “ঠিক কী ঘটেছে তা নির্ধারণের জন্য” তিনি একটি স্বাধীন পর্যালোচনার নির্দেশ দিয়েছেন।

    বুধবার টেনেসির কারা কর্মকর্তারা পাইককে পেন্টোবারবিটালের দুটি প্রাণঘাতী ডোজ প্রয়োগের চেষ্টা করেন। তবে তিনি বেঁচে যান এবং তাকে হাসপাতালে নেওয়া হয়। তার শারীরিক অবস্থা সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য জানা যায়নি।

    ৫০ বছর বয়সী পাইককে ১৯৯৬ সালে কোলিন স্লেমারকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

    পাইকের বয়স ছিল ১৮, যখন তিনি এবং তার তৎকালীন প্রেমিক ট্যাডারিল শিপ ১৯ বছর বয়সী স্লেমারকে মারধর, নির্যাতন এবং হত্যা করেন।

    পাইকের মৃত্যুদণ্ড কার্যকর হলে তিনি টেনেসিতে ২০০ বছরেরও বেশি সময়ের মধ্যে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া প্রথম নারী হতেন।

    আদালতে দাখিল করা নথিতে পাইকের আইনজীবীরা বলেছেন, ব্যর্থ মৃত্যুদণ্ড কার্যকরের প্রচেষ্টার পর তার জীবন রক্ষার জন্য জরুরি চিকিৎসা পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হয়েছিল।

    ২০২৬ সালে এটি দ্বিতীয়বার, যখন টেনেসির কর্মকর্তারা কোনো বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন।

    মে মাসে টনি ক্যারাদার্সের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করা হয়, কারণ কর্মীরা প্রাণঘাতী ওষুধ প্রয়োগের জন্য উপযুক্ত শিরা খুঁজে পাননি। পরে ক্যারাদার্সকে এক বছরের জন্য মৃত্যুদণ্ড কার্যকর থেকে অব্যাহতি দেওয়া হয়।

  3. অক্টোবরে কেমন থাকবে বাংলাদেশের আবহাওয়া?

    চলতি অক্টোবর মাসে বাংলাদেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে, এ মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

    আজ বৃহস্পতিবার অক্টোবর মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    এতে বলা হয়েছে, এ মাসে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বজায় থাকতে পারে। তবে ভারী বৃষ্টির কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু স্থানে পানি সমতল বাড়তে পারে।

    এ মাসে দেশে তিন থেকে চার দিন বজ্রঝড় হওয়ার সম্ভাবনার কথাও বলা হয়েছে পূর্বাভাসে।

  4. আমি চেয়েছিলাম বলেই ইরান যুদ্ধ দীর্ঘায়িত হয়েছে: ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার সিদ্ধান্তের কারণেই ইরানের সঙ্গে যুদ্ধ দীর্ঘায়িত হয়েছে।

    টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পরই যুদ্ধ থামানোর সুযোগ ছিল। তবে তিনি অভিযান চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।

    শুরুতে তিনি জানিয়েছিলেন যে এই যুদ্ধ ছয় থেকে আট সপ্তাহ স্থায়ী হবে। কিন্তু সেই যুদ্ধ এখন সপ্তম মাসে কেন গড়িয়েছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “কারণ আমি আরও এগোতে চেয়েছিলাম”।

    ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের বি-টু বোমারু বিমান দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরই অভিযান থামানো যেত। তবে তার দাবি, ইরানি কর্মকর্তারা আবারও তাদের কার্যক্রম শুরু করতে “উদগ্রীব” ছিলেন। একই জায়গায় শুরু করা সম্ভব না হলেও অন্য কোথাও তারা সেই কার্যক্রম শুরু করতে পারতেন।

    মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমি সেখানেই থামতে পারতাম। কিন্তু আমার মনে হয়েছিল, সেটা ঠিক হবে না”।

    তিনি আরও বলেন, ইরান যেন “অন্য কোনো রূপে ফিরে আসতে” না পারে, তিনি সেটিই চেয়েছিলেন।

    এরপর, ইরানকে “ধ্বংস করে দেওয়ার” বিষয়ে ট্রাম্পের আগের হুমকি নিয়ে প্রশ্ন করে টাইম ম্যাগাজিন।

    জবাবে তিনি বলেন, “হ্যাঁ, আমি সেটা করতে পারি”।

    ওইসময় এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, নিজেকে “প্রেসিডেন্ট অব পিস” দাবি করা একজন মানুষ কীভাবে "একটি দেশকে ধ্বংস করে দেওয়ার” কথা বলতে পারেন?

    জবাবে ট্রাম্প বলেন, “ইরানকে ধ্বংস করার মধ্য দিয়ে আমরা বিশ্বে শান্তি এনেছি। আমার মনে হয় না, ইরানের সঙ্গে কখনো শান্তি প্রতিষ্ঠা হবে”।

  5. ইরানে এক ডলারের দাম দুই লাখ ৬০ হাজার টোমানের কাছাকাছি

    ইরানের মুদ্রা টোমানের বিপরীতে মার্কিন ডলারের দাম বৃহস্পতিবার আবারও বেড়েছে।

    দেশটিতে প্রতি ডলারের দাম বেড়ে প্রায় দুই লাখ ৬০ হাজার টোমানে পৌঁছেছে।

    বৈদেশিক মুদ্রা ও স্বর্ণের দাম সরাসরি প্রকাশ করে এমন ওয়েবসাইটগুলোর তথ্য অনুযায়ী, অন্যান্য বিদেশি মুদ্রার দামও বেড়েছে।

    বুধবারের চেয়ে ইউরোর দাম প্রায় চার হাজার টোমান বেড়েছে। এখন প্রতি ইউরো প্রায় দুই লাখ ৯০ হাজার টোমানে লেনদেন হচ্ছে।

    ইরানের কেন্দ্রীয় ব্যাংক বুধবার বাজারে ২০০ কোটি নতুন নোট ছাড়ার পরিকল্পনার কথা জানায়। এরপরও দেশটিতে বৈদেশিক মুদ্রার দাম বেড়েই চলেছে।

  6. পাকিস্তানের হামলায় আফগানিস্তানে ১০ বেসামরিক নিহত: জাতিসংঘ

    জাতিসংঘ জানিয়েছে, বৃহস্পতিবার আফগানিস্তানে বিমান হামলায় অন্তত ১০ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। এর আগে তালেবান সরকারও ১০ জন নিহত হওয়ার কথা জানিয়েছিল।

    আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন এএফপিকে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, "কুনার ও হেলমান্দ প্রদেশে বিমান হামলায় অন্তত ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই শিশু। আজকের হামলায় আরও নয়জন আহত হয়েছেন।"

    এর আগে পাকিস্তান জানিয়েছিল, তারা আফগানিস্তানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

    পাকিস্তানি কর্মকর্তারা দাবি করেছেন, এসব হামলায় "অন্তত ২২ জন" নিহত হয়েছেন এবং বিপুল পরিমাণ গোলাবারুদ ধ্বংস করা হয়েছে।

  7. ডেঙ্গুতে আরো চারজনের মৃত্যু

    বাংলাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো চার জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট এক হাজার ৯৭৮ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

    বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৬৮৪ জন, ময়মনসিংহ বিভাগে ৯৪ জন, চট্টগ্রাম বিভাগে ৩৫৮ জন, খুলনা বিভাগে ২৫৬ জন, বরিশাল বিভাগে ২৬০ জন, রাজশাহী বিভাগে ২০৯জন, রংপুর বিভাগে ১০১ জন এবং সিলেট বিভাগে ১৬ জন রয়েছেন।

    চলতি বছর এখন পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮১ হাজার ৫৯৪ জন। আর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪৯ জন।

    আরও পড়ুন:

  8. এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির সংসদীয় আসন শূন্য ঘোষণা

    জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা করা হয়েছে।

    বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    জাতীয় সংসদ সচিবালয়ের বর্তমান সচিব মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় বাংলাদেশের সংবিধানের ৬৭ (২) অনুচ্ছেদ অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদের আসন-৩২৩ (মহিলা আসন-২৩) শূন্য হয়েছে।

    সংবিধানের ৬৭ (২) অনুচ্ছেদে বলা রয়েছে, "কোনো সংসদ-সদস্য স্পিকারের নিকট স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন এবং স্পিকার- কিংবা স্পিকারের পদ শূন্য থাকিলে বা অন্য কোনো কারণে স্পিকার স্বীয় দায়িত্ব পালনে অসমর্থ হইলে ডেপুটি স্পিকার- যখন উক্ত পত্র প্রাপ্ত হন, তখন হইতে উক্ত সদস্যের আসন শূন্য হইবে"।

  9. বিমানঘাঁটিতে ইরানের হামলার পরিকল্পনার ব্যাপারে যুক্তরাজ্যকে আগেই সতর্ক করেছিলাম: নেতানিয়াহু

    ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তারা যুক্তরাজ্যকে আগেই সতর্ক করেছিলেন যে ইরান যুক্তরাজ্যের একটি বিমানঘাঁটিতে হামলা চালানোর পরিকল্পনা করছে।

    ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের আচরণ নিয়ে যুক্তরাজ্যের অব্যাহত চাপের সমালোচনাও করেছেন তিনি।

    ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম গতকাল বলেন, "সপ্তাহান্তে আরএএফ ফেয়ারফোর্ডে যা ঘটেছে, তাতে জোরালো ইঙ্গিত পাওয়া গেছে যে সেখানে ইরানের সম্পৃক্ততা ছিল। তবে ঘটনাটি নিয়ে পুলিশ এখনো তদন্ত করছে এবং যুক্তরাজ্য এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।"

    ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের ওই বিমানঘাঁটিটি ব্যবহার করেছিল।

    ফক্স নিউজকে নেতানিয়াহু বলেন, অধিকৃত পশ্চিম তীরের ইসরায়েলি বসতির পণ্যের ওপর যুক্তরাজ্য গত আটই সেপ্টেম্বর নিষেধাজ্ঞা দেয়। এর কিছুদিন আগেই সম্ভাব্য ওই হামলার বিষয়ে যুক্তরাজ্যকে তথ্য দিয়েছিল ইসরায়েল।

    নেতানিয়াহু বলেন, "সেখানকার পরিস্থিতি কতটা অদ্ভুত ও অযৌক্তিক হয়ে উঠেছে এবং ইসরায়েলবিরোধী প্রচারণা কত দূর গেছে, তা জানতে চান?"

    তিনি আরও বলেন, "আমরা ব্রিটিশদের তথ্য দিয়েছিলাম যে একটি হামলা হতে যাচ্ছে এবং সেটিতে ইরানের সমর্থন থাকবে। আর প্রায় পরদিনই তারা আমাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলো।"

    জুলাইয়ের শেষ দিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়া অ্যান্ডি বার্নহাম ইসরায়েলের ব্যাপারে বিগত সরকারের তুলনায় কঠোর অবস্থান নিয়েছেন। তিনি মনে করেন, ইসরায়েলের ব্যাপারে বিগত সরকার যথেষ্ট পদক্ষেপ নেয়নি।

    পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতার পর ওই নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন বার্নহাম। এসব সহিংসতার মধ্যে ফিলিস্তিনিদের ওপর শারীরিক হামলা এবং তাদের সম্পত্তি ধ্বংসের ঘটনাও রয়েছে।

  10. দুবাই-তেল আভিভ ফ্লাইটে হামলায় ইরান জড়িত কি না বলা এখনই সম্ভব নয়: নেতানিয়াহু

    দুবাই থেকে তেল আভিভগামী একটি ফ্লাইটে একজন পাইলট আরেক পাইলটকে ছুরিকাঘাত করে বিমানটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টার ঘটনায় ইরানের কোনো সম্পৃক্ততা ছিল কি না, তা বলার সময় এখনো আসেনি বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

    বুধবার ফ্লাইদুবাইয়ের বিমানটি যাত্রা শুরুর প্রায় দুই ঘণ্টা পর ১৭ হাজার ফুটের বেশি নিচে নেমে যায়। পরে যাত্রী ও ক্রুরা হামলাকারীকে কাবু করে বিমানটির নিয়ন্ত্রণ নিয়ে সেটিকে অবতরণ করেন।

    ছুরিকাঘাতে আহত পাইলট, ভারতীয় নাগরিক ক্যাপ্টেন স্মিত মাচ্ছার বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তবে তার অবস্থা স্থিতিশীল। বেনিয়ামিন নেতানিয়াহু তাকে "সত্যিকারের নায়ক" বলে অভিহিত করেছেন।

    ইয়ানিভ হায়ুন নামে একজন যাত্রী জানান, হামলাকারী উড়োজাহাজটিকে অচল করার চেষ্টা করছিলেন। এ সময় তিনি পেছন থেকে তার গলা চেপে ধরেন। পরে অন্য যাত্রীরাও এগিয়ে এসে হামলাকারীকে কাবু করতে সহায়তা করেন।

    অভিযুক্ত হামলাকারীকে সৌদি আরবে গ্রেফতার করা হয়েছে। নেতানিয়াহু ফক্স নিউজকে জানিয়েছেন, তাকে সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হতে পারে। সেখান থেকেই উড়োজাহাজটি যাত্রা শুরু করেছিল।

    এ ঘটনায় ইরানের সম্পৃক্ততা পাওয়া গেছে কি না জানতে চাইলে তিনি বলেন, "এটি বলার সময় এখনো আসেনি।"

    তিনি আরও জানান, ওই পাইলটকে বর্তমানে সৌদি আরবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

    এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও আহত পাইলট মাচ্ছারকে "নায়ক" বলে অভিহিত করেছেন।

  11. ইরাক থেকে মার্কিন বাহিনীর প্রত্যাহারকে ‘ঐতিহাসিক ঘটনা’ বললো আইআরজিসি

    ইরাক থেকে মার্কিন বাহিনীর প্রত্যাহারকে একটি ‘মহান ও ঐতিহাসিক ঘটনা’ এবং ‘প্রতিরোধ অক্ষের’ জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বর্ণনা করেছে ইরানের বিপ্লবি গার্ড বাহিনী বা আইআরজিসি। একই সঙ্গে তারা মধ্যপ্রাচ্য থেকে মার্কিন বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।

    এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, “এই ঐতিহাসিক বিজয়ের জন্য আমরা গর্বিত ইরাকি জাতি, ঐক্যবদ্ধ ইসলামি প্রতিরোধ ফ্রন্ট এবং ইসলামি বিশ্বের বিপ্লবী যোদ্ধাদের অভিনন্দন জানাই।”

    বিবৃতিতে আরও বলা হয়, “আমেরিকাকে অঞ্চল ছেড়ে যেতে হবে এবং নিরাপত্তা ব্যবস্থাপনার দায়িত্ব সংশ্লিষ্ট জাতিগুলোর নিজেদের হাতে ছেড়ে দিতে হবে।”

    বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে, গত দুই দশকে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির অভিজ্ঞতা দেখিয়েছে, এই উপস্থিতি শুধু নিরাপত্তা প্রতিষ্ঠায় ব্যর্থই হয়নি, বরং এটি পশ্চিম এশিয়ায় “নিরাপত্তাহীনতা, সন্ত্রাসবাদ ও অস্থিতিশীলতার” একটি কারণ হয়ে উঠেছে।

    বুধবার, ৩০শে সেপ্টেম্বর ঘোষণা করা হয় যে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সব বাহিনী ইরাক ত্যাগ করেছে। ইরাক সরকার এই প্রস্থানকে “জাতীয় সার্বভৌমত্বের পূর্ণতা” হিসেবে বর্ণনা করেছে।

  12. আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ‘২২ জন নিহত’

    আফগানিস্তানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলার তথ্য জানিয়েছে পাকিস্তান। এসব হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন।

    পাকিস্তানি কর্মকর্তারা বলছেন, হামলায় ‘অন্তত ২২ জন’ নিহত হয়েছেন এবং বিপুল পরিমাণ গোলাবারুদ ধ্বংস করা হয়েছে।

    তবে আফগানিস্তানের তালেবান কর্মকর্তারা জানিয়েছেন, নিহতের সংখ্যা এর চেয়ে অনেক কম। কিন্তু হামলায় বহু মানুষ আহত হয়েছেন।

    তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, কুনার ও হেলমান্দ প্রদেশে তিনটি বাড়ি ধ্বংস হয়েছে।

    পাকিস্তানের অভিযোগ, পাকিস্তানে হামলা চালানো সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশ্রয় দিয়েছে আফগানিস্তান। যদি এই অভিযোগকে নাকচ করে দিয়েছে তালেবান।

  13. প্রধানমন্ত্রীর নির্দেশে বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে কুষ্টিয়ায় পুলিশ হেফাজতে নেওয়া শিক্ষককে

    বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে 'মন্তব্যের' অভিযোগে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার যে স্কুলশিক্ষককে পুলিশ আটক করেছিলো, তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

    বুধবার ৩০শে সেপ্টেম্বর দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম দেওয়া এক পোস্টে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন।

    তিনি লেখেন, “কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে শ্রেণিকক্ষে এক স্কুল শিক্ষকের কটূক্তি ও আপত্তিকর মন্তব্য কেন্দ্র করে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও অধিবাসীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। বিদ্যালয় প্রাঙ্গণে তাদের বিক্ষোভের পর পুলিশ ওই শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।”

    পোস্টে বলা হয়, বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রী সংক্ষুব্ধ হন এবং ওই শিক্ষককে সসম্মানে ছেড়ে দিয়ে নিরাপদে তার বাসায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেন।

    প্রধানমন্ত্রীর নির্দেশে পরবর্তীতে পুলিশ তাকে নিরাপদে বাসায় পৌঁছে দেয়।

    মাহদী আমিন আরও লেখেন, “প্রধানমন্ত্রী মনে করেন, মতের ভিন্নতা থাকতেই পারে; প্রত্যেক মানুষের দৃষ্টিভঙ্গি ও মতামত তার নিজস্ব। কারও মতের সঙ্গে একমত না হলেও তার মতপ্রকাশের অধিকারকে সম্মান করা উচিত। ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি এই সম্মানই গণতন্ত্রের শক্তি। প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, ইতিবাচক আচরণ, পারস্পরিক সম্মান ও সহাবস্থানের সংস্কৃতি সমাজকে শক্তিশালী করবে।”

  14. স্পিকারের দপ্তরে পদত্যাগপত্র জমা দিয়েছেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

    বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকারের দপ্তরে পদত্যাগপত্র জমা দিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি।

    আজ বৃহস্পতিবার দুপুরে তিনি তার পদত্যাগপত্র জমা দেন।

    বিএনপি'র প্রেস উইং থেকে বিবিসি বাংলাকে খবরটি নিশ্চিত করা হয়েছে।

    বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশের পর তিনি তার পদত্যাগপত্র জমা দেন।

  15. সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

    মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

    প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

    গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ঢাকার মিরপুরে রাড্ডা ক্লিনিক ভাঙচুরের ঘটনা নিয়ে সাংবাদিকদের বলেন, রাড্ডা ক্লিনিকের ঘটনায় তদন্ত চলছে।

    "একজন পুলিশ কর্মকর্তার দায়িত্বে অবহেলা পাওয়া গেছে এবং তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম শুরু হয়েছে।"

    "এছাড়া, রাজনৈতিক সংশ্লিষ্টতা ওখানে নাই। যারা ওখানে গেছে, তাদের কারও কারও রাজনৈতিক পরিচয় থাকতে পারে। কিন্তু সেটি আমরা কখনোই আমলে নিবো না। তাদের গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ওইখানে একজন সংসদ সদস্যের সংশ্লিষ্টতা আছে কী- না, সেটা তদন্তাধীন।"

    এদিকে, বুধবার ফেরদৌসী আহমেদ মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের বিষয়ে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায় থেকে সিদ্ধান্ত হয়েছে বলে দলটির উচ্চ পর্যায় থেকে জানা যাচ্ছে।

    গত বৃহস্পতিবার গভীর রাতে ঢাকায় ৫০ বছরের পুরনো রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রটি গুড়িয়ে দেওয়ার পর এ নিয়ে দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে।

    আরো পড়তে পারেন:

  16. বুধবার সারাদিন যা যা হলো

    • জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে জাইমা রহমানের নিয়োগে বাংলাদেশ সরকারের 'ন্যূনতম কোনো সম্পৃক্ততা নেই' বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন।
    • ঢাকার ইসিবি চত্বরে নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে ঢুকে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় করা মামলায় একজন সাবেক সেনা কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
    • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে 'মন্তব্যের' অভিযোগে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার একজন স্কুলশিক্ষককে ঘিরে উত্তেজনা তৈরি হওয়ার পর তাকে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
    • ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ নামফলক মুছতে দেখা গেছে।
    • ইরাকে যুক্তরাষ্ট্রের সেনাদের শেষ সামরিক ঘাঁটিগুলো থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এ পদক্ষেপের ফলে নিরাপত্তা শূন্যতা সৃষ্টি, ইরান-সমর্থিত শিয়া গোষ্ঠীগুলোর শক্তি বৃদ্ধি এবং আইএসের (ইসলামিক স্টেট) পুনরুত্থানের আশঙ্কা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
    • দুবাই থেকে তেল আভিভগামী একটি উড়োজাহাজের গতিপথ পরিবর্তন করে সৌদি আরবে অবতরণ করানো হয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, উড়োজাহাজটির দুই পাইলটের মধ্যে ‘সংঘর্ষ’ বা ‘হাতাহাতি’ হয়েছিল।
    • ইরান সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, চলমান যুদ্ধকে ঘিরে সৃষ্ট অচলাবস্থা নিরসনে কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে একটি জবাব পেয়েছে ইরান।
    • বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৪০ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করার তথ্য জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

    বিবিসি বাংলার অন্যান্য খবর পড়ার জন্য মূলপাতায় ক্লিক করুন।

  17. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে।