লাইভ, চট্টগ্রামে অনুশীলনে দুই সেনাসদস্য নিহতের তথ্য জানালো আইএসপিআর

বাংলাদেশের চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলন চলাকালে দুর্ঘটনায় সেনাবাহিনীর দুই জন সৈনিক নিহত এবং এক জন কর্মকর্তা গুরুতরভাবে আহত হয়েছেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়…

সরাসরি কভারেজ

রিপোর্টিং করছেন মুকিমুল আহসান, সম্পাদনায় ফৌজিয়া সুলতানা

  1. রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-মন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’ও ‘মাননীয়’ব্যবহারে সরকারের নিষেধাজ্ঞা

    এখন থেকে বাংলাদেশে সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ও ‘মাননীয়’বা অন্য কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার করা যাবে না।

    বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

    এতে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের সঙ্গে দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপ উপস্থাপনের ক্ষেত্রে তাদের পদবির আগে সম্মানসূচক শব্দ হিসেবে যথাক্রমে "মহামান্য ও মাননীয় শব্দ লিখিতরূপে ব্যবহার না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে" সরকার।

    পরিপত্রে সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ ও এর অধীন সব দপ্তরকে এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

  2. চট্টগ্রামে ফায়ারিং অনুশীলনে দুই জন সেনাসদস্য নিহত: আইএসপিআর

    বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য অস্ত্রসহ দাঁড়িয়ে আছেন

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, প্রতীকী ছবি

    চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলন চলাকালে দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই জন সৈনিক নিহত এবং এক জন কর্মকর্তা গুরুতরভাবে আহত হয়েছেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে।

    তারা একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই জন সৈনিক নিহত এবং এক জন কর্মকর্তা গুরুতরভাবে আহত হয়েছেন।

    আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকায় স্থানান্তর করা হচ্ছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে বলেও আইএসপিআর জানিয়েছে।

  3. গতকালের উল্লেখযোগ্য কয়েকটি খবর:

    • অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতিগুলো থেকে পণ্য আমদানিসহ সংশ্লিষ্ট কিছু সেবার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। একই সঙ্গে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতাকে ‘জাতিগত নিধন’ বলেও আখ্যা দিয়েছে দেশটি।
    • যুক্তরাজ্যের পদক্ষেপের পাল্টা জবাবে জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। একই সাথে যাদের বিরুদ্ধে ইহুদিবিদ্বেষী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে এমন ১২ জন ব্রিটিশ এমপিকে ও কয়েকজন ব্রিটিশ নাগরিককে ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
    • প্রতারণার মামলায় আটকের পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহাম্মদ এরশাদের স্ত্রী বিদিশা সিদ্দিক।
    • বাংলাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯ জন মারা গেছে। এই সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও এক হাজার ৫৭১ জন।
    • জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
    • অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে বাংলাদেশ দূতাবাস কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
    • অভিনেত্রী আজমেরী হক বাঁধন বলেছেন, তার ওপর ইতালির ভেনিসে যে হামলা ও লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে সেটি নিয়ে অভিযুক্তদের বিষয়ে মামলা করছেন তিনি। তিনি বলেছেন, “আমি কেস ফাইল না করে ভেনিস থেকে বাংলাদেশে আসছি না”।
    • তথ্য গোপনের অভিযোগে একজন আইনজীবীকে পাঁচ লাখ টাকা জরিমানাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের কিছু বক্তব্যের জের ধরে এজলাস ত্যাগ করেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ।
  4. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে