লাইভ, বার সভাপতির বক্তব্যের জেরে এজলাস থেকে চলে গেলেন প্রধান বিচারপতি

বাংলাদেশের সুপ্রিম কোর্টে বার সভাপতির বক্তব্যের জের ধরে এজলাস ছেড়ে চলে গেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। অন্যদিকে পশ্চিমবঙ্গের মালদা জেলার গঙ্গা তীরবর্তী এলাকাগুলোতে গত আটচল্লিশ ঘন্টায় বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। বিস্তারিত বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

রিপোর্টিং করছেন মুকিমুল আহসান, সম্পাদনায় সায়েদুল ইসলাম

  1. মালদায় লক্ষাধিক বন্যাকবলিত, গঙ্গা বইছে বিপদসীমার ওপরে

    বন্যাকবলিত মালদার ভূতনির চর

    ছবির উৎস, PTI

    ছবির ক্যাপশান, বন্যাকবলিত মালদার ভূতনির চর

    পশ্চিমবঙ্গের মালদা জেলার গঙ্গা তীরবর্তী এলাকাগুলোতে গত আটচল্লিশ ঘন্টায় বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। জেলার লক্ষাধিক মানুষ এখন বন্যাকবলিত বলে প্রশাসন জানাচ্ছে।

    ভূতনির চর এলাকায় পরিস্থিতি শোচনীয়, গঙ্গার জল বেড়ে উত্তর চণ্ডীপুর পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকাও প্লাবিত হয়েছে। সোমবার মালদাতে গঙ্গার জল আরও বেড়ে ২৫.৬৪ মিটার উচ্চতায় পৌঁছয়। যা চরম বিপদসীমার (EDL) থেকে ০.৩৪ মিটার বেশি।

    স্থানীয় সূত্রের খবর, মানিকচক ব্লকের উত্তর চণ্ডীপুর পঞ্চায়েতের বহু এলাকা ইতিমধ্যেই জলের তলায় চলে গিয়েছে।

    বন্যার কারণে ভূতনির চরে পুলিশ থানা আগেই সরিয়ে নেওয়া হয়েছিল, এবারে দ্বীপের স্বাস্থ্যকেন্দ্রও সরিয়ে নিতে হয়েছে। সোমবার স্বাস্থ্যকেন্দ্রের চত্বর জলমগ্ন হয়ে পড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। মানিকচকের বিজেপি বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল এই পরিস্থিতির জন্য তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছেন।

    তিনি বিবিসি বাংলাকে জানান, “আমি এখানকার ভূমিপুত্র. এখানকার মানুষের দুর্দশা আমি জানি। ভাঙন রোধের কাজ এবং ত্রাণসামগ্রী বিলির নামে আগের রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেসের সীমাহীন দুর্নীতিই ভূতনির চরের বাসিন্দাদের এই বিপর্যয়ের মূল কারণ।”

    তবে তার দাবি, সংকট মোকাবিলায় বিজেপি-শাসিত রাজ্য সরকার সব ধরনের সম্ভাব্য ব্যবস্থা নিয়েছে। বিধায়ক বলেন, “ভূতনিতে পর্যাপ্ত ত্রাণসামগ্রী দেওয়া হচ্ছে। সব ত্রাণকেন্দ্রে রান্না করা খাবার পরিবেশন করা হচ্ছে।

    বিনামূল্যে নৌকা পরিষেবা চালু করা হয়েছে। চিকিৎসকেরা ত্রাণশিবিরে গিয়ে মানুষের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার চিকিৎসা করছেন। প্লাবিত এলাকার অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থাও করা হয়েছে।”

    গত শনিবার মালদায় উত্তর চণ্ডীপুরের কেশরপুরে বাঁধ ভেঙে যাওয়ার পর গঙ্গার জলে প্রথমে ২৯টি এলাকা প্লাবিত হয়।

    রবিবার সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬২-তে। প্রশাসন আশঙ্কা করছে, ভূতনির দক্ষিণ চণ্ডীপুর এবং হীরানন্দপুর পঞ্চায়েতের আরও নতুন এলাকায় জল ঢুকে পড়তে পারে। সেক্ষেত্রে প্লাবিত এলাকার সংখ্যা ১৫০ ছাড়িয়ে যেতে পারে।

  2. বার সভাপতির বক্তব্যের জেরে এজলাস থেকে চলে গেলেন প্রধান বিচারপতি

    বাংলাদেশের সুপ্রিম কোর্ট

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, বাংলাদেশের সুপ্রিম কোর্ট

    তথ্য গোপন ও প্রতারণার অভিযোগে একজন আইনজীবীকে পাঁচ লাখ টাকা জরিমানা করে আপিল বিভাগ। এই ঘটনাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে মঙ্গলবার বাগবিতণ্ডার ঘটনা ঘটে।

    এক পর্যায়ে এজলাস ত্যাগ করেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। দুপুরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এ ঘটনা ঘটে।

    এই ঘটনার পর সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি মি. খোকন ও এটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল দুই পক্ষই ব্রিফ করেছেন।

    সেখানে তাদের দুইজনের কথায়ই উঠে এসেছে- ওই আইনজীবীকে জরিমানা করার ঘটনায় প্রতিক্রিয়া দেখিয়েছিলেন বার এসোসিয়েশনের সভাপতি মি. খোকন। যার জের ধরে এজলাস ছাড়েন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ।

    ঘটনার পরপরই নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ব্রিফিংয়ে বলেন, “একজন মহিলা আইনজীবীর ওপর একটা মামলায় কস্ট দিয়েছেন তারা। পাঁচ লাখ টাকা জরিমানা করেছে। শেষ হওয়ার পর আমি প্রধান বিচারপতিকে বিনয়ের সাথে বললাম যে- আপনি প্রধান বিচারপতি হওয়ার পর আসলে মামলা টামলা খুব একটা হচ্ছে না আপিল বিভাগে। ল’ইয়ারদের ইনকাম কমে গেছে। একজন জুনিয়র ল’ইয়ার পাঁচ লাখ টাকা কস্ট দেওয়াটা অনেক বেশি হয়ে গেছে। তাকে মাফ করে দেওয়া দরকার”।

    মি. খোকন বলেন, “তখন উনি (প্রধান বিচারপতি) বললেন যে, “আমি চিফ জাস্টিস হওয়ার পর ইনকাম কমে গেছে? আমি বললাম ইনকাম ওই সেন্সে কমে গেছে”।

    মি. খোকনের ব্রিফিংয়ের পরপরই অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল ওই ঘটনার বিস্তারিত তুলে ধরেন।

    মি. কাজল বলেন, “উনি (মাহবুব উদ্দিন খোকন) যখন বললেন একজন আইনজীবীকে আপনারা ফাইন করেছেন। তখন চিফ জাস্টিস বললেন, আমরা সব কিছু দেখেশুনে একটা আদেশ দিয়েছি। আমাদের আদেশ আমরা পরিবর্তন করবো না। কারণ ওনাদের বক্তব্য অনুযায়ী ‘সিরিয়াস ফ্রড কমিট’ করা হয়েছে”।

    “তখন অত্যন্ত অপ্রত্যাশিতভাবে মাহাবুব উদ্দিন খোকন, তিনি একজন জাতীয় সংসদ সদস্য.. তিনি বলে ফেললেন, আপনি প্রধান বিচারপতি হওয়ার পর আইনজীবীদের ইনকাম কমে গেছে”, যোগ করেন তিনি।

    অ্যাটর্নি জেনারেল বলেন, “বিষয়টা মাননীয় প্রধান বিচারপতি প্রথমে একটু লাইটলি নিলেন। তারপর বললেন আপনি কি এটা মিন করেন কী-না? মাহাবুব উদ্দিন খোকন সাহেব একই কথা বলার যখন চেষ্টা করেছেন... তখন মাননীয় প্রধান বিচারপতি বলেছেন, আপনি যে কথাটা বলেছেন অ্যাবসুলেট আদালত অবমাননার শামিল। যেহেতু আপনি এতবড় একটা কথা বলেছেন, আমি আজকে আর আদালতের কার্যক্রমে অংশগ্রহণ করবো না। এ কথা বলেন উনি উঠে গেছেন”।

  3. গতকালের উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা:

    • আকস্মিক বন্যায় নিহতদের স্মরণে সোমবার জাতীয় শোক দিবস পালন করছে নেপালিরা। হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী, ১৩ দিনের শোকপর্বের শেষ দিনে নিহতদের স্মরণে দেশটির বিভিন্ন জায়গায় প্রদীপ জ্বালানো হয়।
    • সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান যুদ্ধের কারণে তাদের জ্বালানি রপ্তানি ও বাণিজ্য যেন 'জিম্মি' হয়ে না পড়ে, সেজন্য তারা বিকল্প পথ তৈরি করছে।
    • বাংলাদেশের জাতীয় সংসদে আজ আরও চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়েছে। সোমবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদে সরকারি দলের চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাস হয়।
    • ব্যাটারিচালিত অটোরিকশাকে নিয়মতান্ত্রিক ব্যবস্থার আওতায় আনতে নম্বর প্লেট ও কিউআর কোডের মাধ্যমে শনাক্ত করার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী।
    • জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন আফতাবনগরে নিয়েছেন। এটি ঢাকা-১১ আসনের অন্তর্ভুক্ত।
    • বাংলাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ৩১৪ জন।
    • ভারত থেকে বাংলাভাষী মুসলিম একজন মহিলাকে বাংলাদেশে ‘পুশব্যাক’ করার ঘটনায় আসামের রাজ্য সরকারকে দু’লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে গৌহাটি হাইকোর্ট।
    • সহকারী শিক্ষকদের পদায়ন শেষ না হওয়া পর্যন্ত প্রাথমিকের শিক্ষক বদলি স্থগিত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশের শিক্ষা প্রতিমন্ত্রী। এজন্য দুই মাস সময় লাগতে পারে বলে তিনি জানান।
    • "যদি ৩০ দিনের মাঝে আপিল করা না হয়, তাহলে পরবর্তীতে আর কোনো আপিল গ্রহণ করার সুযোগ হবে না, সেটা যে কারো আপিল-ই হোক, সেটা হোক শেখ হাসিনার, হোক মাওলানা আবুল কালাম আজাদের," সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
    • ইরানের সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজায়ী দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের একটি জাহাজের বিরুদ্ধে প্রথমবারের মতো ইরানে তৈরি একটি ডেস্ট্রয়ার-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
    • আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থায় (আইএইএ) ইউরোপীয় দেশগুলোর নতুন খসড়া প্রস্তাব অনুমোদন পেলে পাল্টা পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে ইরান।
    • ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে দুই হাজারের বেশি ফ্লাইট বাতিল হওয়ায় এবং বিমানবন্দরগুলো টানা দ্বিতীয় দিনের মতো কার্যক্রম স্থগিত রাখায় প্রায় দুই লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।
  4. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে