লাইভ, ব্রিটিশ মন্ত্রিসভা থেকে তিন মন্ত্রীর পদত্যাগ, তবে দায়িত্ব ছাড়ার আহ্বান নাকচ প্রধানমন্ত্রী স্টারমারের

যুক্তরাজ্য সরকারের মন্ত্রিসভা থেকে তিনজন মন্ত্রী পদত্যাগ করেছেন। লেবার পার্টির প্রায় ৮০ জন এমপি কিয়ের স্টারমারকে পদত্যাগ করার আহ্বান জানালেও তিনি নাকচ করে দিয়েছেন। দিনের প্রধান খবরগুলো জানতে নজর রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ এলাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে আইআরজিসি

    ইরানি টেলিভিশনকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের নৌবাহিনীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ আকবরজাদেহ বলেন, "যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের পর হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ এলাকার পরিধি বাড়ানো হয়েছে।"

    তিনি বলেন, "আগে এই এলাকার ব্যাপ্তি ২০ থেকে ৩০ মাইল ছিল। এখন তা বাড়িয়ে ২০০ থেকে ৩০০ মাইল, অর্থাৎ প্রায় ৫০০ কিলোমিটার করা হয়েছে।"

    তার মতে, জাসিক ও সিরির উপকূল থেকে তুনব-ই-বুজুর্গ দ্বীপের বাইরের এলাকা পর্যন্ত অঞ্চলকে এখন কৌশলগত অঞ্চল হিসেবে ধরা হচ্ছে। অর্থাৎ, হরমুজ প্রণালি এখন গুরুত্বপূর্ণ সামরিক কার্যক্রমের অঞ্চলে পরিণত হয়েছে।

    তিনি আরও বলেন, "সাম্প্রতিক সময়ে মার্কিন যুদ্ধজাহাজ ওই এলাকা অতিক্রমের চেষ্টা করছিল, যেটিকে সশস্ত্র বাহিনী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল।"

    মোহাম্মদ আকবরজাদেহর দাবি, "উসকানিমূলক আচরণের পর ইরানি নৌবাহিনী সতর্কতামূলক গুলি ছোড়ে। এরপর ওই জাহাজটি সঙ্গে সঙ্গে পথ পরিবর্তন করে।"

  2. ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ২৪ জনকে কারাদণ্ড দিল বাহরাইন

    ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ২৪ জনকে কারাদণ্ড দিয়েছে বাহরাইন। তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

    যুদ্ধ চলাকালে ইরানকে সমর্থন এবং বাহরাইনে হামলা চালাতে ইরানকে সহায়তার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে দেওয়া কঠোর শাস্তিগুলোর মধ্যে এটি অন্যতম।

    বাহরাইনের হাই ক্রিমিনাল কোর্ট আরও ২০ জনের বেশি মানুষকে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ড দিয়েছে।

    আদালত জানিয়েছে, দণ্ডপ্রাপ্তরা সাম্প্রতিক সময়ে বাহরাইনে হামলা চালাতে ইরানকে সহায়তা করেছে।

    যাবজ্জীবন দণ্ড পাওয়া এক আসামির বিরুদ্ধে অভিযোগ, তিনি ইরানের রেভল্যুশনারি গার্ড কোরের সাথে মিলে বাহরাইনের বিরুদ্ধে "শত্রুতামূলক কর্মকাণ্ড" চালিয়েছেন এবং জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছেন।

    আরেক মামলায় আদালত আরও দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইরানের রেভল্যুশনারি গার্ডের হয়ে বাহরাইনের বিরুদ্ধে "সন্ত্রাসী কর্মকাণ্ড" পরিচালনার উদ্দেশ্যে গুপ্তচরবৃত্তি করেছে।

  3. তৃণমূল নেতা সুজিত বসুকে ইডি হেফাজতের নির্দেশ

    পশ্চিমবঙ্গের পৌরসভা নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হওয়া তৃণমূল কংগ্রেস নেতা ও সাবেক দমকলমন্ত্রী সুজিত বসুকে দশদিনের জন্য নিজেদের হেফাজতে চেয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মঙ্গলবার আদালত তা মঞ্জুর করেছে।

    সোমবার দীর্ঘক্ষণ জেরার পর রাতে সুজিত বসুকে গ্রেপ্তার করে তদন্তকারী সংস্থা ইডি। তাকে আদালতে পেশ করা হয়েছিল মঙ্গলবার।

    আদালতে তদন্তকারী সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়, ‘প্রভাবশালী’ হওয়ায় এই মামলার তদন্তে সমস্যা দেখা দিতে পারে, তাই তারা সুজিত বসুকে নিজেদের হেফাজতে চান। অন্যদিকে, মি. বসুর আইনজীবীর পাল্টা দাবি, সিবিআই পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিটে সুজিত বসুর নাম নেই।

    এদিকে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।

    সুজিত বসুর ছেলে সমুদ্র বসুর অভিযোগ, এটি ‘পলিটিকাল অ্যারেস্ট’। রাজ্যে সদ্য ক্ষমতায় আসা বিজেপির দাবি, দুর্নীতি মুক্ত রাজ্য করতে বদ্ধপরিকর সরকার।

    সমুদ্র বসু সাংবাদিকদের বলেছেন, “এটা পলিটিকাল অ্যারেস্ট। ওরা (বিজেপিকে ইঙ্গিত করে) পরিবর্তন চেয়েছিল, পরিবর্তন হয়েছে। এর চেয়ে বেশি কি বলব?”

    “আপনারা দেখেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরভিন্দ কেজরিওয়ালকে, ঝাড়খণ্ডের হেমন্ত সোরেনকে কীভাবে গ্রেপ্তার করা হয়েছিল। আর কী বলার আছে?”

    অন্যদিকে, গেরুয়া শিবিরের যুক্তি কোনো রকম দুর্নীতিকে 'রেয়াত' করা হবে না।

    এই প্রসঙ্গে বিজেপির অগ্নিমিত্রা পাল বলেছেন, “পুরানো সমস্ত ফাইল বের করা হবে, তদন্ত হবে। কোনোরকম দুর্নীতি বরদাস্ত করা হবে না। দুর্নীতির প্রতি জিরো টলারেন্স-এর কথা আমরা আগেই বলেছিলাম। সেটাই মেনে চলা হবে।”

    প্রসঙ্গত, এর আগেও দক্ষিণ দমদম পৌরসভায় কর্মী নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সুজিত বসুকে ডাকা হয়েছিল। তার বিরুদ্ধে ‘অবৈধভাবে’ প্রার্থী ‘সুপারিশের’ অভিযোগ তোলা হয়েছে।

    ইডি সূত্রে জানা গিয়েছে অন্তত ১৫০ জন এমন প্রার্থীর নামের তালিকা রয়েছে। এর সঙ্গে আর্থিক লেনদেন হয়েছে বলেও অভিযোগ তোলা হয়েছে। যদিও সেই সমস্ত অভিযোগ অস্বীকার করে এসেছেন তিনি।

    সুজিত বসু-ফাইল ছবি।

    ছবির উৎস, Sanjay Das

    ছবির ক্যাপশান, সুজিত বসু- ফাইল ছবি।
  4. কলকাতার তিলজলার ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ

    কলকাতার তিলজলা অঞ্চলে মঙ্গলবার দুপুরে একটি পাঁচতলা ভবনে অগ্নিকাণ্ডে দু’জনের মৃত্যু এবং তিনজনের আহত হওয়ার ঘটনায় কলকাতা পুলিশকে মামলা রুজু করার নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

    তিলজলার টালিখোলা মসজিদের কাছে একটি ঘিঞ্জি এলাকায় অবস্থিত ভবনটি আবাসিক হলেও সেখানে চামড়ার জিনিসপত্র তৈরি হতো বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

    মঙ্গলবার দুপুরে ওই ভবন থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা দমকলকে খবর দেন। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পাঁচজনকে আহত অবস্থায় উদ্ধার করা করে। তাদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

    এদের মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছেন বলে খবর।

    পুলিশ জানিয়েছে, যে ঘরটিতে আগুন লেগেছিল, তার বাথরুমে আশ্রয় নিয়েছিলেন ওই পাঁচজন। রাজ্যসরকারের তরফে এই ঘটনার তদন্তের জন্য একটি বিভাগীয় কমিটি গঠনের নির্দেশও দেওয়া হয়েছে।

    প্রসঙ্গত, কলকাতা ও লাগোয়া অঞ্চলের একাধিক জায়গায় সাম্প্রতিক সময়ে এমন একাধিক অগ্নিকাণ্ডের ঘটনার অভিযোগ উঠেছে। বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগ উঠেছে এজাতীয় ঘটনা এড়ানোর জন্য পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা বা নজরদারি ছিল না।

  5. তৃতীয় মন্ত্রীর পদত্যাগ, প্রধানমন্ত্রীর সরে যাওয়ার সময়সূচি ঘোষণার আহ্বান

    অ্যালেক্স ডেভিস-জোন্স

    ছবির উৎস, PA Media

    ছবির ক্যাপশান, অ্যালেক্স ডেভিস-জোন্স

    যুক্তরাজ্যে আরও একজন মন্ত্রী সরকার থেকে পদত্যাগ করেছেন।

    অ্যালেক্স ডেভিস-জোন্স মাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক পদত্যাগপত্রে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমারকে দেশের স্বার্থে পদক্ষেপ নেওয়ার ও সরে যাওয়ার একটি সময়সূচি ঘোষণা করার আহ্বান জানিয়েছেন।

    তার আগে আজ সুরক্ষা মন্ত্রী জেস ফিলিপস ও কমিউনিটি বিষয়ক মন্ত্রী মাইতা ফাহনবুল্লেহও পদত্যাগ করেছেন।

  6. ব্রিটেনের সরকার নিয়ে ঠিক কি ঘটছে?

    স্যার কিয়ের স্টারমার প্রধানমন্ত্রী পদে টিকে থাকার জন্য লড়াই করছেন এবং একই সাথে তিনি তার নিজের কয়েকজন মন্ত্রীসহ লেবার পার্টির সমালোচকদের ডাউনিং স্ট্রিট থেকে পদত্যাগের আহ্বানের মুখোমুখি হচ্ছেন।

    গত সপ্তাহের বিপর্যয়কর নির্বাচনের পর লেবার পার্টির এমপিদের মধ্যে বিদ্রোহ এবং মন্ত্রীদের পক্ষ থেকে তার কাছে ক্ষমতা হস্তান্তরের একটি সময়সূচি ঘোষণার আহ্বানের মধ্যেই এই ঘটনাটি ঘটল।

    যা ঘটছে তার একটি সারসংক্ষেপ এখানে দেওয়া হলো।

    • স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদসহ বেশ কয়েকজন মন্ত্রিসভার সদস্য প্রধানমন্ত্রীকে দায়িত্ব ত্যাগের সময়সূচী ঘোষণার জন্য আহ্বান জানিয়েছেন।
    • এর আগে তাঁর সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকে স্যার কিয়ের বলেছেন যে, তাঁর পদত্যাগ করার কোনো ইচ্ছা নেই। সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদের লেবার নেতা হিসেবে তাঁকে আনুষ্ঠানিকভাবে চ্যালেঞ্জ জানানোর জন্য তিনি আহ্বান জানিয়েছেন।
    • এখনো কোনো এমপি স্যার কিয়ের স্টারমারকে চ্যালেঞ্জ করার জন্য আনুষ্ঠানিক উদ্যোগ নেননি - দলীয় নিয়ম অনুযায়ী এই পদক্ষেপের জন্য ৮১ জন সহকর্মী বা লেবার এমপির ২০ শতাংশের সমর্থন প্রয়োজন। এর আগে প্রায় ৮০ জন লেবার এমপি প্রকাশ্যে স্যার কিয়ারকে অবিলম্বে পদত্যাগ করতে অথবা একটি প্রস্থানের সময়সূচী তৈরি করতে আহ্বান জানিয়েছেন।
    • বৈঠকের পর, আবাসন মন্ত্রী স্টিভ রিড এবং কর্ম ও পেনশন মন্ত্রী প্যাট ম্যাকফ্যাডেনসহ প্রধান মিত্ররা সাংবাদিকদের জানান যে তারা স্যার কিয়েরকে সমর্থন অব্যাহত রাখবেন।
    • কিন্তু স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং, যাকে নেতৃত্বের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে, ডাউনিং স্ট্রিট ছাড়ার সময় সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করেননি।
    • পররাষ্ট্র দফতরের মন্ত্রী জেনি চ্যাপম্যান, যিনি স্টারমারের আরেক মিত্র, স্বীকার করেছেন যে তার নেতৃত্ব নিয়ে "আলোচনা চলছে", কিন্তু সাংবাদিকদের বলেছেন যে মন্ত্রিসভার বৈঠকে কোনো মন্ত্রী তাকে চ্যালেঞ্জ করেননি।
    • দুই মন্ত্রী - জেস ফিলিপস এবং মিয়াট্টা ফানবুলেহ - সরকার থেকে পদত্যাগ করেছেন।

    গত সপ্তাহে ইংল্যান্ড জুড়ে স্থানীয় নির্বাচনে লেবার পার্টির প্রায় দেড় হাজার কাউন্সিলর হারানোর বিপর্যয়ের পর সাংসদদের মধ্যে এই বিদ্রোহ দেখা দিয়েছে।

    শোচনীয় জনমত জরিপের ফলাফল এবং পিটার ম্যান্ডেলসনকে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে সৃষ্ট বিতর্কের মধ্যে এই নির্বাচনকে স্যার কিয়েরের নেতৃত্বের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছিল, যে সিদ্ধান্তের কারণে কিছু সাংসদ তাল সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

  7. শুভেন্দুর সহকারী হত্যার তদন্তে সিবিআই

    শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী হিসাবে কর্মরত চন্দ্রনাথ রথের হত্যার তদন্ত সিবিআই-এর হাতে তুলে দেওয়া হয়েছে। এই ঘটনার তদন্তের জন্য কেন্দ্রীয় সংস্থাটি সাত সদস্যের বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন করেছে।

    সিবিআই-এর পক্ষ থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তদন্তকারী এই টিম কলকাতায় সিবিআই-এর যুগ্ম পরিচালক-এর তত্ত্বাবধানে কাজ করবে।

    এর আগে কলকাতা পুলিশ ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইডি) কর্মকর্তাদের নিয়ে গঠিত একটি বিশেষ তদন্তকারী দল মামলাটি তদন্ত করছিল।

    পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী শপথ গ্রহণ করার ঠিক আগে গত ছয়ই মে রাতে উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রামে বাড়ি ফেরার পথে তার সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করা হয়। সেই সময় গাড়িতে তিনি ছাড়াও গাড়ির চালক উপস্থিত ছিলেন।

    গুরুতর আহত অবস্থায় চন্দ্রনাথ রথকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। গাড়ির চালকও গুলিবিদ্ধ হয়েছিলেন। তাকে পরে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তিনি এখনো চিকিৎসাধীন।

    প্রাথমিক পুলিশি তদন্তে জানা গিয়েছিল প্রথমে একটি গাড়ি এসে তার গাড়ির পথ আটকে দেয়। তারপর মোটর বাইকে সওয়ার দুই হামলাকারী তাকে নিশানা করে গুলি চালায়।

    এই ঘটনায় এখনো পর্যন্ত তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে তোলা হলে ১৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

    চন্দ্রনাথ রথ যে গাড়িতে সওয়ার ছিলেন, তার ছবি।

    ছবির উৎস, BJP WB/ANI

    ছবির ক্যাপশান, চন্দ্রনাথ রথ যে গাড়িতে সওয়ার ছিলেন, তার ছবি।
  8. স্টারমারের পদত্যাগ দাবি করা লেবার এমপির সংখ্যা পৌঁছালো ৮১-তে

    ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার

    ছবির উৎস, James Manning/PA Wire

    ছবির ক্যাপশান, ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার

    ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমারের পদত্যাগ অথবা সরে যাওয়ার সময়সূচি ঘোষণার দাবি জানানো লেবার পার্টির এমপির সংখ্যা বেড়ে এখন ৮১ জনে পৌঁছেছে।

    সর্বশেষ এ আহ্বানে যোগ দিয়েছেন লিজি কোলিংগে, যিনি মোরক্যাম্ব ও লুনসডেলের এমপি।

    এক বিবৃতিতে তিনি বলেন, "আমার কাছে এখন স্পষ্ট যে প্রধানমন্ত্রী দেশের মানুষের আস্থা হারিয়েছেন।"

    "একজন এমপি হিসেবে আমার প্রথম দায়িত্ব আমার নির্বাচনী এলাকার মানুষ ও দেশের প্রতি। এ কারণেই আমি এখন প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানাচ্ছি, তিনি যেন সরে দাঁড়ান এবং নতুন নেতৃত্বের কাছে সুশৃঙ্খলভাবে দায়িত্ব হস্তান্তরের ব্যবস্থা করেন।"

    বিবিসি'র রাজনৈতিক সংবাদদাতা হ্যারি ফার্লে আগেই জানিয়েছিলেন, লেবার পার্টির এমপিদের ২০ শতাংশ, অর্থাৎ ৮১ জন প্রকাশ্যে অন্য একজন প্রার্থীকে সমর্থন দিলে দলটির নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু হতে পারে।

    তবে এখন পর্যন্ত ৮১ জন এমপি স্টারমারকে পদত্যাগ অথবা সরে যাওয়ার সময়সূচি ঘোষণার আহ্বান জানালেও তারা এখনো বিকল্প নেতা হিসেবে একক কোনো নেতার পক্ষে একজোট হননি।

  9. 'পুশ-ইন' রোধে বিজিবি সর্বদা জাগ্রত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    ছবির উৎস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়

    ছবির ক্যাপশান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    ভারতের অঙ্গরাজ্যের নির্বাচন বা অভ্যন্তরীণ বিষয় নিয়ে বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক প্রভাব পড়ার শঙ্কা আছে কিনা, এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, “বাংলাদেশ সার্বভৌম সমতার ভিত্তিতে বন্ধুপ্রতিম দেশগুলোর সাথে সম্পর্ক বজায় রাখে। সীমান্ত দিয়ে কোনো প্রকার অবৈধ অনুপ্রবেশ বা 'পুশ-ইন' রোধে বিজিবি সর্বদা জাগ্রত রয়েছে।"

    আজ মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

    তিনি সেখানে আরও জানান, ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদকে সামনে রেখে পুলিশ সদর দপ্তরে একটি বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে। ঈদের আগে ও পরে সাত দিন করে মোট ১৪ দিন এই সেল সার্বক্ষণিক কার্যকর থাকবে। পাশাপাশি র‍্যাব, পুলিশ, আনসার, বিজিবি, কোস্টগার্ড ও গোয়েন্দা সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

    তিনি বলেন, জরুরি প্রয়োজনে পুলিশ, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ'র হটলাইন নম্বর চালু থাকবে।

    স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এবার সারাদেশে চার হাজার ২৫৯টি পশুর হাট ইজারা দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৫টি এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে ১১টি হাট থাকবে। প্রতিটি হাটে পর্যাপ্ত আলোকসজ্জা, সিসিটিভি ক্যামেরা এবং জালনোট শনাক্তে ব্যাংকের বুথ ও মেশিন রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

    পশুবাহী যানবাহনে চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানের কথাও জানান তিনি। এ জন্য আইনশৃঙ্খলা বাহিনী বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করবে এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি থাকবে বলে জানান মন্ত্রী।

  10. গ্রেপ্তার বাংলা পক্ষের গর্গ চ্যাটার্জী

    ‘বাংলা পক্ষ’-এর গর্গ চ্যাটার্জীকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। ইলেক্ট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম-নিয়ে ‘গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর’ অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

    তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে, চলতি বছরের বিধানসভা নির্বাচনে ইভিএম-এর ‘বিশ্বাসযোগ্যতা’ নিয়ে প্রশ্ন তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেছিলেন গর্গ চ্যাটার্জী। তার সেই মন্তব্য নিয়ে আপত্তি জানায় নির্বাচন কমিশন। কমিশনের পক্ষ থেকে কলকাতা পুলিশের সাইবার সেল-এ অভিযোগও দায়ের করা হয়েছিল।

    কমিশনের অভিযোগ ছিল, সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও নির্বাচন প্রক্রিয়ার ওপর অনাস্থা তৈরি করতে গুজব ছড়ানো হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

    পুলিশ কমিশনার অজয় কুমার নন্দ বলেছেন, “ওর বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে দু’বার ডাকা হয়েছিল কিন্তু উনি আসেননি। আজ ওকে অ্যারেস্ট করা হয়েছে।”

    সম্প্রতি ভোটের সময় আবহে গর্গ চ্যাটার্জী প্রশ্ন তুলেছিলেন, রাতে সিল করে রাখার পরেও কেন ইভিএম খারাপ হচ্ছে।

    অন্যদিকে, নির্বাচনের আগে কমিশনের বিরুদ্ধে শোভাযাত্রায় অনুমতি না দেওয়ার অভিযোগ তোলে ‘বাংলা পক্ষ’। তাদের দাবি ছিল পহেলা বৈশাখে শোভাযাত্রা বার করতে চেয়ে কমিশনের অনুমতি মেলেনি।

    গর্গ চ্যাটার্জী

    ছবির উৎস, Garga Chatterjee/Facebook

    ছবির ক্যাপশান, গর্গ চ্যাটার্জী
  11. ঢাকায় প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারাল বাংলাদেশ

    বামে পাকিস্তানের পতাকা, ডানে বাংলাদেশের পতাকা, মাঝে দু'টো ক্রিকেট ব্যাট ও একটি বল

    ছবির উৎস, Getty Images

    মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপরীতে ঢাকায় প্রথম টেস্টে ক্রিকেটে জয় লাভ করেছে বাংলাদেশ।

    পাকিস্তানকে ১৬৩ রানে অলআউট করে ১০৪ রানের বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।

    শেষ সেসনে নাহিদ রানার একাই নেওয়া পাঁচ উইকেটে জয় ধরা দিয়েছে বাংলাদেশের হাতে।

    এই টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশের তোলা ৪১৩ রানের জবাবে পাকিস্তান ৩৮৬ রান করেছিল। এরপর বাংলাদেশ নয় উইকেটে ২৪০ রান করে ইনিংস ঘোষণা করে।

    জবাবে মোট ২৬৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ৫২.০৫ ওভার খেলে ১৬৩ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।

    এর আগে ২০২৪ সালেও পাকিস্তানের মাটিতে টেস্টে জয় লাভ করেছিলো বাংলাদেশ।

    ১৬ই মে ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার কথা রয়েছে।

  12. বিজেপি ক্ষমতায় আসার পর আসাম-ত্রিপুরায় অনুপ্রবেশ সমস্যা মিটেছে, দাবি শুভেন্দুর

    বিজেপি ক্ষমতায় আসার পর থেকে আসাম ও ত্রিপুরাতে অনুপ্রবেশ-সংক্রান্ত সমস্যা মিটেছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

    আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য গুয়াহাটি গিয়েছিলেন তিনি। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান।

    তিনি বলেছেন, “আসাম এবং ত্রিপুরাতে বিজেপি ক্ষমতায় আসার পর অনুপ্রবেশের সমস্যা মিটেছে। কিন্তু পশ্চিমবঙ্গে এর আগে এমন সরকার ছিল যারা বিএসএফ-কে জমি পর্যন্ত দেয়নি। আসামে অনুপ্রবেশ ঠেকাতে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তা পশ্চিমবঙ্গেও নেওয়া হবে।”

    পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের সীমান্তের যে অঞ্চলে কাঁটাতারের বেড়া নেই, সেখানে বেড়া দেওয়ার জন্য বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রিসভা। নয়ই মে শপথ নেওয়ার পর সোমবারই বসেছিল নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

    এদিকে, হিমন্ত বিশ্ব শর্মাকে ‘বড় ভাই’ বলে সম্বোধন করে তার প্রশংসা করেছেন মি. অধিকারী।

    তিনি বলেছেন, “হিমন্ত জি আমার বড় ভাইয়ের মতো। তার সঙ্গে আমার সম্পর্ক বেশ ভালো। আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। মাটির মানুষ তিনি।”

    প্রসঙ্গত, গত নয়ই মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মি. বিশ্ব শর্মা।

    পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

    ছবির উৎস, ANI

    ছবির ক্যাপশান, পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
  13. দ্বিতীয়বার আসামের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হিমন্ত বিশ্ব শর্মা

    আসামের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের জন্য শপথ নিলেন হিমন্ত বিশ্ব শর্মা।

    মঙ্গলবার গুয়াহাটিতে আয়োজিত এই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি-এনডিএ শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা।

    সেখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে সদ্য দায়িত্ব গ্রহণ করা শুভেন্দু অধিকারীও। তাছাড়াও বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির শীর্ষ নেতারাও যোগ দিয়েছিলেন এই অনুষ্ঠানে।

    আসামের বিধানসভা নির্বাচনে এনডিএ দুই-তৃতীয়াংশ আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। বিজেপি ৮২টি আসন জিতেছে, আর তার মিত্র দল অসম গণ পরিষদ (এজিপি) এবং বোডোল্যান্ড পিপলস ফ্রন্ট (বিপিএফ) প্রত্যেকে ১০টি করে আসন পেয়েছে।

    শপথ গ্রহণ অনুষ্ঠানে হিমন্ত বিশ্ব শর্মা।

    ছবির উৎস, X/@himantabiswa

    ছবির ক্যাপশান, শপথ গ্রহণ অনুষ্ঠানে হিমন্ত বিশ্ব শর্মা।
  14. দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় দুই বাংলাদেশি নিহত, তীব্র নিন্দা ঢাকার

    দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় গতকাল সোমবার ১১ই মে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এই ঘটনায় তীব্র নিন্দা এবং নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ সরকার।

    মঙ্গলবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, নিহত দু'জনের বাড়িই সাতক্ষীরায়।

    ওই হামলায় নিহত শফিকুল ইসলামের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলায়। নিহত আরেকজন হলেন মো. নাহিদুল ইসলাম নাহিদ, যার বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলায়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, লেবাননে বাংলাদেশ দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে নিহতদের মরদেহ দেশে ফেরত পাঠানোর প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করছে এবং নিহতদের পরিবারের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে।

    এ অঞ্চলে চলমান সহিংসতা ও বেসামরিক মানুষের প্রাণহানিতে গভীর উদ্বেগ প্রকাশ করে এতে সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে সরকার।

    এর আগে, লেবাননে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, গতকাল দুপুর ১২টার দিকে দক্ষিণ লেবাননে নাবাতিয়ের যেব্দীন এলাকায় তাদের আবাসস্থলে অবস্থানরত অবস্থায় ইসরায়েলের ড্রোন হামলায় তারা নিহত হন। তাদের মরদেহ নাবাতিয়ের নাবিহ বেররী হাসপাতালে রাখা হয়েছে।

  15. গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমান

    ছবির উৎস, PMO

    ছবির ক্যাপশান, প্রধানমন্ত্রী তারেক রহমান

    শুধু পুঁথিগত শিক্ষাই নয়, বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা এবং উদ্ভাবনের দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

    তিনি বলেন, "বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আজকে দিনব্যাপী কর্মশালার আয়োজন…আমি বিশ্বাস করি এটি অত্যন্ত সময়োপযোগী। আপনারা যারা এতক্ষণ আলোচনা করলেন, এইসব আলোচনায় শিক্ষা ও গবেষণায় আমাদের বিশ্ববিদ্যালয়গুলো বৈশ্বিক মান বজায় রাখতে পারছে কিনা?''

    ''এমন একটি প্রশ্ন অনেকের আলোচনা ফুটে উঠেছে। দুঃখজনক হলেও বাস্তবতা হচ্ছে, একবিংশ শতাব্দীতে শিক্ষা, গবেষণা ও জ্ঞানের উৎকর্ষ অর্জনের ক্ষেত্রে বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয় রাংকিংয়ে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান এখনো প্রত্যাশিত উচ্চতায় পৌঁছুতে পারেনি।"

    র‍্যাঙ্কিংয়ের ক্ষেত্রে সাধারণত গবেষণা প্রকাশনা, সাইটেশন এবং উদ্ভাবন এই বিষয়গুলোকেই বেশি গুরুত্ব দেয়া হয়।

    সেই ক্ষেত্রে "আমাদের অবস্থান কোথায় এ বিষয়গুলো নিয়ে আমাদের শিক্ষাবিদগণ নিশ্চয় আরো চিন্তাভাবনা করবেন। শুধু পুঁথিগত শিক্ষাই নয়, বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা এবং উদ্ভাবনের দিকে মনোযোগ না দিলে প্রতিযোগিতামূলক বিশ্বে আমাদের টিকে থাকা কষ্টকর হয়ে পড়বে।"

    চতুর্থ শিল্প বিপ্লবের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "বিশ্ব এখন চতুর্থ শিল্প বিপ্লবে পা দিয়েছে। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করে কর্মসংস্থানের নতুন বাজারে প্রবেশ করতে হলে আমাদেরকে মুখস্ত বিদ্যা এবং সার্টিফিকেটে নির্ভর শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে।"

  16. যুক্তরাজ্যে মন্ত্রিসভা থেকে প্রথম মন্ত্রীর পদত্যাগ, স্টারমারকেও সরে যাওয়ার আহ্বান

    মাইতা ফাহনবুল্লেহ

    ছবির উৎস, PA Media

    ছবির ক্যাপশান, মাইতা ফাহনবুল্লেহ

    যুক্তরাজ্যের কমিউনিটি বিষয়ক মন্ত্রী মাইতা ফাহনবুল্লেহ পদত্যাগ করেছেন। একই সঙ্গে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমারকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

    সরে যাওয়ার সময়সূচি নির্ধারণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেছেন, "জনগণ বিশ্বাস করে না যে আপনি এই পরিবর্তনের নেতৃত্ব দিতে পারবেন, আমিও করি না।"

    স্টারমারের নেতৃত্বাধীন সরকারের আমলে তিনিই প্রথম সরকারি মন্ত্রী, যিনি পদত্যাগ করলেন। সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে লেবার পার্টির ভরাডুবির পর এমন পদত্যাগ রাজনৈতিক চাপ আরও বাড়িয়ে দিয়েছে।

    সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত স্টারমারকে লেখা চিঠিতে মাইতা ফাহনবুল্লেহ বলেন, "জনগণ আমাদের যে পরিবর্তনের ম্যান্ডেট দিয়েছে, সেই অনুযায়ী প্রয়োজনীয় দৃষ্টিভঙ্গি, গতি ও উচ্চাকাঙ্ক্ষা নিয়ে আমরা কাজ করতে পারিনি। একই সঙ্গে আমরা এমনভাবে সরকার পরিচালনাও করতে পারিনি, যাতে লেবার পার্টির মূল্যবোধ ও দৃঢ় অবস্থান স্পষ্টভাবে প্রতিফলিত হয়।"

    তিনি আরও বলেন, "আমাদের দেশ এখন বিশাল সব চ্যালেঞ্জের মুখে। মানুষ ব্যাপক পরিবর্তন চায়। কিন্তু জনগণ বিশ্বাস করে না যে আপনি সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে পারবেন, আমিও করি না।"

    চিঠিতে তিনি স্টারমারকে "দেশ ও দলের স্বার্থে" সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য একটি সময়সূচি নির্ধারণের আহ্বান জানান, যাতে নতুন নেতৃত্ব জনগণকে লেবার পার্টির প্রতিশ্রুত পরিবর্তন এনে দিতে পারে।

  17. গতকালের প্রধান খবরগুলো:

    • ভারতের কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির হাতে আটক হয়েছেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সাবেক দমকল মন্ত্রী ও বিধাননগর বিধানসভার সাবেক বিধায়ক সুজিত বসু।
    • পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়ালকে নবনির্বাচিত সরকারের রাজ্যের মুখ্যসচিব নিযুক্ত করা হয়েছে।
    • ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়ে সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বিএসএফকে জমি হস্তান্তরের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ৪৫দিনের মধ্যে এই জমি হস্তান্তর করা হবে।
    • পশ্চিমবঙ্গে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, এ নিয়ে প্রয়োজনে 'যথাযথ জায়গায়' আলোচনা করবেন। তিনি বলেছেন, ''কাঁটাতার দিয়ে বাংলাদেশের মতো দেশকে এখন ডর দেখানোর মতো কোন জায়গা নাই।''
    • বাংলাদেশের তিন বিভাগে বুধবার থেকে ৭২ ঘণ্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। বাংলাদেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি হতে পারে এবং সেটি অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
    • পশ্চিমবঙ্গের বিজেপি নেতা ও বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা সহকারী চন্দ্রনাথ রথকে খুনের মামলায় গ্রেফতার হওয়া তিন জনকে সোমবার আদালতে তোলা হলে তাদের ১৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বারাসাত আদালত।
    • গর্ভাবস্থায় সন্তান ছেলে নাকি মেয়ে পরীক্ষা করে সেটি নির্ধারণ ও প্রকাশ করাকে অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ হয়েছে।
    • আসন্ন ঈদুল আজহায় ঈদযাত্রা নিরাপদে, নির্বিঘ্ন করার জন্য সরকার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এ বছর ধাপে ধাপে গার্মেন্টস কারখানায় ছুটি দেওয়া হবে উল্লেখ করে মি. আলম বলেন, “তিনটি ধাপে গার্মেন্টস কর্মীদের ছুটি দেওয়া হবে।”
    • নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী দ্বিতীয় পদ্মা সেতুর বিষয়ে সরকার অগ্রসর হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। একইসঙ্গে, দ্বিতীয় যমুনা সেতু, বরিশাল-ভোলা সেতুর ক্ষেত্রেও সরকার অগ্রসর হচ্ছে তিনি জানিয়েছেন।
    • শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পদোন্নতির দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সোমবারও ক্লাস-পরীক্ষা বর্জন করে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করা হয়েছে।
    • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ইরানের দাবিগুলোকে 'যুক্তিসঙ্গত, দায়িত্বশীল এবং উদার' হিসেবে উল্লেখ করেছেন। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে 'একতরফা ও অযৌক্তিক' দৃষ্টিভঙ্গি বজায় রাখার অভিযোগ তুলেছেন তিনি।
    • পুলিশ কর্মকর্তাদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে অপরাধীদের অপরাধী হিসেবেই দেখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে তিনি দুর্নীতি, সন্ত্রাস ও দুঃশাসনের বিরুদ্ধে সরকারের আপসহীন অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেন।
    • গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ছয় শিশু মারা গেছে।
    • বৃহস্পতিবারের নির্বাচনে ভরাডুবির পর নিজের নেতৃত্ব টিকিয়ে রাখতে মরিয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। দলের ভেতরে ও বাইরে ওঠা সমালোচনার মুখে তিনি অঙ্গীকার করেছেন যে, যারা তাঁর নেতৃত্ব নিয়ে ‘সন্দেহ’ পোষণ করছেন, তিনি তাঁদের ভুল প্রমাণ করবেন।
  18. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন:

    তকালের প্রধান খবরগুলো জানতে এখানে ক্লিক করুন

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে