সোমবার সারাদিন যা যা হলো:
- ভারতের কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির হাতে আটক হয়েছেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সাবেক দমকল মন্ত্রী ও বিধাননগর বিধানসভার সাবেক বিধায়ক সুজিত বসু।
- পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়ালকে নবনির্বাচিত সরকারের রাজ্যের মুখ্যসচিব নিযুক্ত করা হয়েছে।
- ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়ে সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বিএসএফকে জমি হস্তান্তরের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ৪৫দিনের মধ্যে এই জমি হস্তান্তর করা হবে।
- পশ্চিমবঙ্গে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, এ নিয়ে প্রয়োজনে 'যথাযথ জায়গায়' আলোচনা করবেন। তিনি বলেছেন, ''কাঁটাতার দিয়ে বাংলাদেশের মতো দেশকে এখন ডর দেখানোর মতো কোন জায়গা নাই।''
- বাংলাদেশের তিন বিভাগে বুধবার থেকে ৭২ ঘণ্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। বাংলাদেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি হতে পারে এবং সেটি অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
- পশ্চিমবঙ্গের বিজেপি নেতা ও বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা সহকারী চন্দ্রনাথ রথকে খুনের মামলায় গ্রেফতার হওয়া তিন জনকে সোমবার আদালতে তোলা হলে তাদের ১৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বারাসাত আদালত।
- গর্ভাবস্থায় সন্তান ছেলে নাকি মেয়ে পরীক্ষা করে সেটি নির্ধারণ ও প্রকাশ করাকে অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ হয়েছে।
- আসন্ন ঈদুল আজহায় ঈদযাত্রা নিরাপদে, নির্বিঘ্ন করার জন্য সরকার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এ বছর ধাপে ধাপে গার্মেন্টস কারখানায় ছুটি দেওয়া হবে উল্লেখ করে মি. আলম বলেন, “তিনটি ধাপে গার্মেন্টস কর্মীদের ছুটি দেওয়া হবে।”
- নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী দ্বিতীয় পদ্মা সেতুর বিষয়ে সরকার অগ্রসর হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। একইসঙ্গে, দ্বিতীয় যমুনা সেতু, বরিশাল-ভোলা সেতুর ক্ষেত্রেও সরকার অগ্রসর হচ্ছে তিনি জানিয়েছেন।
- শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পদোন্নতির দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সোমবারও ক্লাস-পরীক্ষা বর্জন করে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করা হয়েছে।
- ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ইরানের দাবিগুলোকে 'যুক্তিসঙ্গত, দায়িত্বশীল এবং উদার' হিসেবে উল্লেখ করেছেন। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে 'একতরফা ও অযৌক্তিক' দৃষ্টিভঙ্গি বজায় রাখার অভিযোগ তুলেছেন তিনি।
- পুলিশ কর্মকর্তাদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে অপরাধীদের অপরাধী হিসেবেই দেখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে তিনি দুর্নীতি, সন্ত্রাস ও দুঃশাসনের বিরুদ্ধে সরকারের আপসহীন অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেন।
- গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ছয় শিশু মারা গেছে।
- বৃহস্পতিবারের নির্বাচনে ভরাডুবির পর নিজের নেতৃত্ব টিকিয়ে রাখতে মরিয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। দলের ভেতরে ও বাইরে ওঠা সমালোচনার মুখে তিনি অঙ্গীকার করেছেন যে, যারা তাঁর নেতৃত্ব নিয়ে ‘সন্দেহ’ পোষণ করছেন, তিনি তাঁদের ভুল প্রমাণ করবেন।
বিবিসি বাংলা'র লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরও খবর জানতে বিবিসি বাংলার মূল পাতায় ক্লিক করুন।














