আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

ডাকসুতে জিন্নাহর ছবি টানানো, শিক্ষক মূল্যায়নসহ তিন ঘটনা তদন্তে তিন কমিটি

ডাকসু সংগ্রশালায় জিন্নাহ ও আব্দুল মালেকের ছবি টানানো, ওয়েবসাইট চালু করে শিক্ষক মূল্যায়ন এবং নির্ভীক জুলাই নামে স্মৃতিস্তম্ভ স্থাপনের ঘটনা তদন্তে পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অন্যদিকে আগামী নভেম্বর মাসের ১২ তারিখ থেকে থেকে বাংলাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু করার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশের নির্বাচন কমিশন।

সরাসরি কভারেজ

রিপোটিং করছেন জান্নাতুল তানভী, সম্পাদনায় সায়েদুল ইসলাম

  1. সোমবার সারাদিন যা যা হলো:

    • নথ্রপিক নামক এআই কোম্পানির প্রধান দারিও আমোদি, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির উন্নয়নের গতি আরো ধীরে করার আহ্বান জানানোর পর তাকে নিয়ে সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
    • ডাকসু সংগ্রশালায় জিন্নাহ ও আব্দুল মালেকের ছবি টানানো, ওয়েবসাইট চালু করে শিক্ষক মূল্যায়ন এবং নির্ভীক জুলাই নামে স্মৃতিস্তম্ভ স্থাপনের ঘটনা তদন্তে পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
    • ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যপ্রাচ্যে লাগাতার হামলার নিন্দা জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন।
    • শিল্পে গ্যাসের সরবরাহ কাল (মঙ্গলবার) থেকে দেড় মাস আগের অবস্থায় ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
    • সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে নজরুল ইসলাম ছোটন নামে একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে লিখিত আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংসদ সদস্য রুমিন ফারহানা।
    • ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা উত্তর সিটিতে মোহাম্মদ সেলিম উদ্দিন এবং ঢাকা দক্ষিণ সিটিতে আবু সাদিক কায়েমকে মেয়র প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।
    • গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আটজন মারা গেছেন। এদের মধ্যে ছয়জনই বিভিন্ন বয়সী নারী এবং বাকি দুইজন পুরুষ।
    • নভেম্বরের মাঝামাঝি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। সাতটি ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
    • গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আট শিশু মারা গেছে। এর মধ্যে চারজন ঢাকায় এবং সিলেটে মারা গেছে চারজন।

    বিবিসি বাংলার লাইভ পাতা আজকের মতো এখানেই শেষ হলো।

    আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুনবিবিসি বাংলার মূল পাতায়।

  2. এআই এর বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চলছে, বললেন ট্রাম্প

    অ্যানথ্রপিক নামক এআই কোম্পানির প্রধান দারিও আমোদি, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির উন্নয়নের গতি আরো ধীরে করার আহ্বান জানানোর পর তাকে নিয়ে সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন, “এআই এবং ডেটা সেন্টারের বিরুদ্ধে একটি অসুস্থ ষড়যন্ত্র চলছে এবং এআই এর জন্য একমাত্র নিয়ন্ত্রণ বা গার্ডরেল হলো একজন শক্তিশালী ও বুদ্ধিমান প্রেসিডেন্ট।”

    এর আগে, দুইটি বড় এআই কোম্পানির প্রধান আমোদির এই আহ্বানকে সমর্থন জানিয়ে বলেছেন, “কিছু একটা মারাত্মকভাবে ভুল হওয়ার ঝুঁকি কমাতে” এই প্রযুক্তির উন্নয়ন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা উচিত।

    তারা আমোদিকে সমর্থনের পর এশিয়া, ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের টেক স্টক বা প্রযুক্তি খাতের শেয়ারের দাম কমে যায়।

  3. ডাকসুতে জিন্নাহর ছবি টানানো, শিক্ষক মূল্যায়নসহ তিন ঘটনা তদন্তে তিন কমিটি

    ডাকসু সংগ্রশালায় জিন্নাহ ও আব্দুল মালেকের ছবি টানানো, ওয়েবসাইট চালু করে শিক্ষক মূল্যায়ন এবং নির্ভীক জুলাই নামে স্মৃতিস্তম্ভ স্থাপনের ঘটনা তদন্তে পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

    আগামী সাত কর্মদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

    ঢাবির জনসংযোগ দফতরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

    বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সার্বিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ১২ (৩) ধারা অনুযায়ী এসব কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

    সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডাকসু সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ ও ছাত্রসংঘ নেতা আব্দুল মালেকের আলোচিত ছবি টানানোর ঘটনা তদন্তে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) কে আহ্বায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

    কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন আইন অনুষদের ডিন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন এবং প্রক্টর। বিশ্ববিদ্যালয়ের এস্টেট ম্যানেজার এই কমিটিতে সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

    এছাড়া ডাকসু কর্তৃক ‘ডিইউ ইভালুয়েশন’ নামে ওয়েবসাইট চালুর বিষয়টি তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) কে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

    এছাড়া, সুনির্দিষ্ট আইন থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ডাকসু কর্তৃক কলাভবন সংলগ্ন ডাকসু ভবনের পশ্চিম পাশে ও কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ‘নির্ভীক জুলাই’ নামের স্মৃতিস্তম্ভ স্থাপনের ঘটনা তদন্তে প্রো-ভাইস চ্যান্সেলর(প্রশাসন) কে আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

  4. 'ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর অবিরাম হামলায়' ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের নিন্দা

    ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যপ্রাচ্যে লাগাতার হামলার নিন্দা জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন।

    সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স নেটওয়ার্কে তিনি লিখেছেন, “ইরানের প্রক্সিদের অবিরাম হামলার বিরুদ্ধে আমরা পারস্য উপসাগরে আমাদের অংশীদারদের পাশে আছি। এতে আমাদের সবার স্বার্থ জড়িত রয়েছে।”

    এদিকে, ইয়েমেনে যে কোনো ধরনের হস্তক্ষেপের কথা অস্বীকার করেছে ইরান।

    অন্যদিকে, ইরান সমর্থিত হুথিরা সম্প্রতি সৌদি আরব সমর্থিত সরকারি বাহিনীকে পিছু হটিয়ে বড় ধরনের অগ্রগতি অর্জন করেছে।

  5. শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী

    শিল্পে গ্যাসের সরবরাহ কাল থেকে দেড় মাস আগের অবস্থায় ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    একই সঙ্গে তিনি বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী নেতৃবৃন্দ ও গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন।

    প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সবাইকে অস্থিতিশীলতা সৃষ্টি থেকে বিরত থেকে সরকারের মেয়াদে এসব পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ করে দেওয়ার আহ্বান জানান।

    সোমবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্যবসায়ী নেতা ও মিডিয়া ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

    বাংলাদেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এই খবর প্রকাশ করেছে।

    তিন ঘণ্টার এই আলোচনায় তারা বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু এ কথা জানান।

    তিনি আরো জানান, সভায় ‘বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক একটি উপস্থাপনা করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

    প্রধানমন্ত্রী দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান সংকটকে ‘উত্তরাধিকারসূত্রে পাওয়া সমস্যা’ হিসেবে উল্লেখ করেছেন।

    তিনি বলেন, এই সংকট ছয় মাস বা এক বছরের মধ্যে পুরোপুরি সমাধান করা সম্ভব নয়। তবে সরকার সমস্যা চিহ্নিত করে পরিকল্পনা তৈরি করেছে এবং এখন সেগুলো বাস্তবায়নের পর্যায়ে রয়েছে।

    তারেক রহমান বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক করতে সরকার একটি নির্দিষ্ট সময়সীমা ধরে কাজ করছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি সামগ্রিক অর্থনীতিও উপকৃত হবে।

    বর্তমান গ্যাস সংকটের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, দেশের দুটি ভাসমান এলএনজি টার্মিনালের একটিতে দুর্ঘটনার কারণে সরবরাহ ব্যাহত হয়েছে। এর প্রভাব পড়েছে শিল্পকারখানাসহ বিভিন্ন খাতে। তবে দুর্ঘটনাজনিত সমস্যাটি এরই মধ্যে সমাধান করা হয়েছে।

    প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা আশা করছি, আগামীকাল সন্ধ্যা থেকে গ্যাসের সরবরাহ এক থেকে দেড় মাস আগের অবস্থায় ফিরবে।’

    ঘাটতি মোকাবিলায় তৃতীয় একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগের কথাও জানান প্রধানমন্ত্রী।

    তিনি বলেন, জিটুজি ভিত্তিতে গত এক মাসে আরেকটি টার্মিনাল স্থাপনের প্রস্তুতি মোটামুটি সম্পন্ন হয়েছে। দ্রুতই কাজ শুরু হবে।

  6. কটূক্তির অভিযোগে এক ডিএজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে রুমিন ফারহানার লিখিত অভিযোগ

    সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে নজরুল ইসলাম ছোটন নামে একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে লিখিত আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংসদ সদস্য রুমিন ফারহানা।

    একইসঙ্গে, মি. ছোটন হাইকোর্টের যে বেঞ্চে ডিএজি হিসেবে দায়িত্ব পালন করছেন বিষয়টি সেই বেঞ্চের নজরেও এনেছেন। তবে আদালত এই বিষয়ে কোন আদেশ দেয়নি বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

    ফেসবুকে মি. ছোটন লিখেছেন, “লেডি মীরজাফর রুমিন ফারহানা আফা অতীত খুব দ্রুত ভুলে গেলেন।”

    লিখিত অভিযোগটির বিষয়ে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জানান, এই বিষয়ে মি. ছোটনের বক্তব্য তিনি শুনেছেন।

    “তিনি রুমিন ফারহানার বর্তমান সময়কার বক্তব্য থেকে পূর্ববর্তী বক্তব্যের পার্থক্য বিবেচনা করে একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, লেডি মীরজাফর রুমিন ফারহানা এতো তাড়াতাড়ি ভুলে গেলেন। অর্থাৎ বিগত ফ্যাসিবাদ আমলে তার উপরে পরিচালিত নির্যাতন সেটাকেই আসলে প্রকৃতপক্ষে তাকে মনে করিয়ে দিয়ে বোঝাতে চেয়েছেন যে, আপনি বর্তমানে বিএনপি এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের বিরুদ্ধে যে ধরনের অবস্থান গ্রহণ করেছেন আপনার তো অতীতটা মনে রাখা উচিত” বলেন মি. কাজল।

    অ্যাটর্নি জেনারেল মনে করছেন, “জনাব ছোটন সাহেবের এই বক্তব্যের পর আমার কাছে মনে হয়েছে তিনি ওনার স্বাধীন মতামত প্রকাশের যে অধিকার রাখেন তিনি সেই অধিকারটা এক্সারসাইজ করেছেন।”

    মি. ছোটনের এই বক্তব্যে অ্যাটর্নি জেনারেল সন্তুষ্ট হয়েছেন উল্লেখ করে বলেন, “আমার প্রাথমিকভাবে যেটা বক্তব্য তার এই ভিডিও রুমিন ফারহানার পুরোনো ভিডিও শেয়ার করে একটা স্ট্যাটাস দেয়া কোনভাবেই তার পেশাগত কিংবা এই অফিসের প্রশাসনিক সিদ্ধান্তের আওতায় পড়ে না।”

  7. ঢাকার দুই সিটি কর্পোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা জামায়াতে ইসলামীর

    ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা উত্তর সিটিতে মোহাম্মদ সেলিম উদ্দিন এবং ঢাকা দক্ষিণ সিটিতে আবু সাদিক কায়েমকে মেয়র প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।

    দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এই তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, পরবর্তীতে কেন্দ্রীয়ভাবে একসাথে ১৩টি সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী ঘোষণা করা হবে।

    উত্তর সিটির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন দলটির ঢাকা মহানগর উত্তরের আমির এবং দক্ষিণ সিটির মেয়র প্রার্থী সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি।

  8. গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আটজন মারা গেছে

    গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আটজন মারা গেছেন। এদের মধ্যে ছয়জনই বিভিন্ন বয়সী নারী এবং বাকি দুইজন পুরুষ।

    সোমবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

    যে আটজন মারা গেছেন তাদের মধ্যে চারজন ঢাকায়, তিনজন চট্টগ্রামে এবং ময়মনসিংহে একজন মারা গেছেন।

    গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৭৩৩ জন।

    স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের পহেলা জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৫৭ জন মারা গেছেন।

    একইসময়ে ৫৩ হাজার ৫৭০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

  9. ডাকসুতে জিন্নাহ'র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ

    ডাকসু সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহ এবং তৎকালীন ছাত্রসংঘের নেতা আব্দুল মালেকের ছবি প্রদর্শনের বিষয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

    বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের উপ -পরিচালক ফররুখ মাহমুদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে উল্লেখ করে এই কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

    তবে, দুপুরে পাকিস্তানের তৎকালীন গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবিটি ছিঁড়ে ফেলেন আবু তৈয়ব হাবিলদার নামের একজন শিক্ষার্থী।

    এতে বলা হয়েছে, “ডাকসু সংগ্রহশালায় পাকিস্তানের তৎকালীন গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহ এবং তৎকালীন ছাত্রসংঘের নেতা আব্দুল মালেকের ছবি প্রদর্শনের বিষয়টিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে সাংঘর্ষিক এমন ব্যক্তিদের ছবি বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় প্রদর্শন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধিবিধান অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

    একইসঙ্গে, ডাকসু যেভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মূল্যায়ন করেছে সেটি আইনানুযায়ী শাস্তিমূলক অপরাধ বলেও উল্লেখ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “ডাকসুর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মূল্যায়নের জন্য অনুমোদন ছাড়া ওয়েবসাইট চালু করা হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের নীতিমালা ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। শিক্ষক মূল্যায়ন বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একাডেমিক ও প্রাতিষ্ঠানিক বিষয়। এ ক্ষেত্রে কোনো ব্যক্তি, সংগঠন বা ছাত্র সংসদ নিজেদের উদ্যোগে পৃথক মূল্যায়ন ব্যবস্থা চালু করতে পারে না। একই সঙ্গে এই ওয়েবসাইট চালু করে শিক্ষকদের ব্যক্তিগত তথ্যও বাইরে আনা হয়েছে। যা আইন অনুযায়ী শাস্তিমূলক অপরাধ।”

    ঢাবি কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিচিং ইভালুয়েশনের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নীতিমালা রয়েছে এবং সেটি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পর্যায়ে অনুমোদিত হয়েছে। যা বাস্তবায়নের পথে।

    “ফলে অনুমোদিত নীতিমালার বাইরে গিয়ে পৃথক কোনো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা চালু করার উদ্যোগ গ্রহণযোগ্য নয়। এটি বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ণ করার সামিল। এমতাবস্থায় ডাকসুর এই ধরনের কর্মকাণ্ড অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত এবং অগ্রহণযোগ্য” বলে জানিয়েছে ঢাবি কর্তৃপক্ষ।

    একইসঙ্গে, বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের দ্বৈত প্রশাসন প্রতিষ্ঠার সুযোগ নেই উল্লেখ করে ঢাবি কর্তৃপক্ষ বলছে, “ডাকসু একটি গুরুত্বপূর্ণ ছাত্রপ্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠান হলেও তার সব কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের আইন, বিধি, নীতিমালা ও প্রশাসনিক কাঠামোর মধ্যে থেকেই পরিচালিত হতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্তৃত্বকে পাশ কাটিয়ে কোনো সমান্তরাল কাঠামো বা প্রক্রিয়া প্রতিষ্ঠার চেষ্টা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।”

    একইসঙ্গে, “বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা, বাংলাদেশের ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাসের মর্যাদা রক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ধরনের আপস করবে না। বিশ্ববিদ্যালয়ের অনুমোদন ছাড়া কোনো স্থাপনা নির্মাণ, পৃথক প্রশাসনিক ব্যবস্থা চালুর উদ্যোগ গ্রহণ করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত বিধি অনুযায়ী কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে” বলে জানিয়েছে ঢাবি কর্তৃপক্ষ।

  10. সাতটি ধাপে ১২ই নভেম্বর থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হবে

    সাতটি ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

    সোমবার দুপুরে সাংবাদিকদের এই কথা জানান তিনি।

    তিনি জানিয়েছেন, প্রথম ধাপে ১২ই নভেম্বর ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন।

    "আমরা আজকে নির্বাচন কমিশনে স্থানীয় সরকার নির্বাচন, ইউনিয়ন পরিষদের বিশেষ করে নির্বাচন নিয়ে প্রাক - প্রস্তুতিমূলক সভা করেছি। এখানে কতগুলো প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেয়া হয়েছে। এগুলো ফাইনাল নয়, তবে এটাকে টেনটেটিভ সিদ্ধান্ত হিসেবে নিতে পারেন। আগামী ১৭ তারিখে আমাদের ইন্টার ডিপার্টমেন্টাল প্রস্তুতিমূলক সভা আছে। সেখানে গিয়ে এটা চূড়ান্ত হবে। বাংলাদেশে টোটাল ইউনিয়নের সংখ্যা আছে চার হাজার ৫৮০টি। এর মধ্যে ৪২৭২টি আইন অনুযায়ী আগামী ৩১শে ডিসেম্বরের মধ্যে ইলেকশন শিডিউলের মধ্যে ঢুকে যাবে" বলেন মি. সানাউল্লাহ।

    সাতটি ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি বলেন, "১২ই নভেম্বর প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত করতে পারবো আশা করছি , ১৩ ডিসেম্বর দ্বিতীয় ধাপে, ৩০ শে ডিসেম্বর তৃতীয় ধাপে, ১৭ জানুয়ারি চতুর্থ ধাপে, চৌঠা ফেব্রুয়ারি ২০২৭ পঞ্চম ধাপের নির্বাচন এবং ষষ্ঠ ধাপের নির্বাচন ২২শে এপ্রিল, ২৭শে মে সপ্তম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে।"

    সকল রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশন আলোচনা করবে বলেও উল্লেখ করেছেন তিনি।

    একইসঙ্গে, আইন পরিবর্তন না হলে বিদ্যমান আইনে স্থানীয় সরকার নির্বাচন হবে বলেও জানিয়েছেন এই নির্বাচন কমিশনার।

  11. গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা আট

    গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আট শিশু মারা গেছে। এর মধ্যে চারজন ঢাকায় এবং সিলেটে মারা গেছে চারজন।

    সোমবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

    এতে বলা হয়েছে, গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা ৯৩০। এদের বেশিরভাগই শিশু।

    এছাড়া গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৫৫। এ বছরের ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত ২০ হাজার ১২৪ জন হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

    এছাড়া গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে এক হাজার ১৭৭ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। গত ১৫ই মার্চ থেকে এই সংখ্যা এক লাখ ৭২ হাজারের বেশি।

  12. নভেম্বরের মাঝামাঝি থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা নির্বাচন কমিশনের

    নভেম্বরের মাঝামাঝি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন।

    সোমবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এই কথা জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

    তিনি বলেন, দেশে স্থানীয় সরকার নির্বাচন নভেম্বরের মাঝামাঝি সময় থেকে শুরু করা হবে। প্রাথমিক পর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে যেটি পর্যায়ক্রমে সারা দেশে কয়েকটি ধাপে সম্পন্ন করবে নির্বাচন কমিশন।

    তিনি আরো জানান, যদি এই সময়ের মধ্যে আইন পরিবর্তন না হয় তাহলে বিদ্যমান আইন অনুযায়ীই স্থানীয় নির্বাচন পরিচালনা করা হবে।

    তবে, স্থানীয় নির্বাচনের তফসিল সেপ্টেম্বর বা অক্টোবরে ঘোষণা করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে কোন মন্তব্য করেননি তিনি।

    শিগগিরই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে উল্লেখ করেন তিনি।

  13. রোববার সারাদিন যা যা হয়েছে:

    • ব্রিকস সম্মেলনের শেষদিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যেহেতু ব্রিকস তার তৃতীয় দশকে প্রবেশ করছে তাই বিশ্ব এখন তার কাছ থেকে সুনির্দিষ্ট ফলাফল আশা করে।
    • ঢাকা দক্ষিণ সিটিতে নাসীরুদ্দীন পাটওয়ারী ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। এনসিপির আহবায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন।
    • গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয় জন মারা গেছেন। একই সময়ে দেড় হাজারের বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
    • দুবাই, সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন দেশে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিরুদ্ধে আরেকটি নতুন অভিযোগ অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন বা দুদক। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন আসিফ মাহমুদ। ‘অভিযোগ বনাম বাস্তবতা’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে মি. মাহমুদ এমন দাবি করেছেন।
    • ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গঙ্গা নদীতে (বাংলাদেশ অংশে পদ্মা নাম) প্রবল স্রোতে একটি ট্রলার ডুবে গেলে শিশুসহ ১০ বাংলাদেশিকে উদ্ধার করেছে বিএসএফ। পরে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।
    • আগামী ১৯শে সেপ্টেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন এগারো দলীয় ঐক্যজোটের দ্বিতীয় লংমার্চ অনুষ্ঠিত হবে।
    • আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে যে কোন ধরনের স্ট্রাইক বা হরতাল ডাকাকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট। এ ধরনের কোনো কর্মঘট বা হরতাল ডাকলে বাস মালিক সমিতি, শ্রমিক সংগঠনের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
    • পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক প্রধান হিসেবে ভবিষ্যতে মালদ্বীপের একজন প্রার্থীকে সমর্থন করবে বাংলাদেশ।
    • আওয়ামী লীগসহ সকল অঙ্গ, সহযোগী এবং ভাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া প্রজ্ঞাপনের বৈধতা নিয়ে করা রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
  14. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন:

    গতকালের প্রধান খবরগুলো পড়তে এখানে ক্লিক করুন

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে