লাইভ, নভেম্বরের মাঝামাঝিতে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে, জানাল নির্বাচন কমিশন

আগামী নভেম্বর মাসের মাঝামাঝি থেকে বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। এরপর কয়েকটি ধাপে নির্বাচন সম্পন্ন করা হবে। বিস্তারিত বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

রিপোটিং করছেন জান্নাতুল তানভী, সম্পাদনায় সায়েদুল ইসলাম

  1. সাতটি ধাপে ১২ই নভেম্বর থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হবে

    নির্বাচন কমিশন
    ছবির ক্যাপশান, সাতটি ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে

    সাতটি ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

    সোমবার দুপুরে সাংবাদিকদের এই কথা জানান তিনি।

    তিনি জানিয়েছেন, প্রথম ধাপে ১২ই নভেম্বর ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন।

    "আমরা আজকে নির্বাচন কমিশনে স্থানীয় সরকার নির্বাচন, ইউনিয়ন পরিষদের বিশেষ করে নির্বাচন নিয়ে প্রাক - প্রস্তুতিমূলক সভা করেছি। এখানে কতগুলো প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেয়া হয়েছে। এগুলো ফাইনাল নয়, তবে এটাকে টেনটেটিভ সিদ্ধান্ত হিসেবে নিতে পারেন। আগামী ১৭ তারিখে আমাদের ইন্টার ডিপার্টমেন্টাল প্রস্তুতিমূলক সভা আছে। সেখানে গিয়ে এটা চূড়ান্ত হবে। বাংলাদেশে টোটাল ইউনিয়নের সংখ্যা আছে চার হাজার ৫৮০টি। এর মধ্যে ৪২৭২টি আইন অনুযায়ী আগামী ৩১শে ডিসেম্বরের মধ্যে ইলেকশন শিডিউলের মধ্যে ঢুকে যাবে" বলেন মি. সানাউল্লাহ।

    সাতটি ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি বলেন, "১২ই নভেম্বর প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত করতে পারবো আশা করছি , ১৩ ডিসেম্বর দ্বিতীয় ধাপে, ৩০ শে ডিসেম্বর তৃতীয় ধাপে, ১৭ জানুয়ারি চতুর্থ ধাপে, চৌঠা ফেব্রুয়ারি ২০২৭ পঞ্চম ধাপের নির্বাচন এবং ষষ্ঠ ধাপের নির্বাচন ২২শে এপ্রিল, ২৭শে মে সপ্তম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে।"

    সকল রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশন আলোচনা করবে বলেও উল্লেখ করেছেন তিনি।

    একইসঙ্গে, আইন পরিবর্তন না হলে বিদ্যমান আইনে স্থানীয় সরকার নির্বাচন হবে বলেও জানিয়েছেন এই নির্বাচন কমিশনার।

  2. গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা আট

    হামে আক্রান্ত হয়ে এক শিশু হাসপাতালে চিকিৎসাধীন

    ছবির উৎস, NurPhoto via Getty Images

    ছবির ক্যাপশান, গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা ৯৩০

    গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আট শিশু মারা গেছে। এর মধ্যে চারজন ঢাকায় এবং সিলেটে মারা গেছে চারজন।

    সোমবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

    এতে বলা হয়েছে, গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা ৯৩০। এদের বেশিরভাগই শিশু।

    এছাড়া গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৫৫। এ বছরের ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত ২০ হাজার ১২৪ জন হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

    এছাড়া গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে এক হাজার ১৭৭ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। গত ১৫ই মার্চ থেকে এই সংখ্যা এক লাখ ৭২ হাজারের বেশি।

  3. নভেম্বরের মাঝামাঝি থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা নির্বাচন কমিশনের

    নির্বাচন কমিশন
    ছবির ক্যাপশান, প্রাথমিক পর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে

    নভেম্বরের মাঝামাঝি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন।

    সোমবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এই কথা জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

    তিনি বলেন, দেশে স্থানীয় সরকার নির্বাচন নভেম্বরের মাঝামাঝি সময় থেকে শুরু করা হবে। প্রাথমিক পর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে যেটি পর্যায়ক্রমে সারা দেশে কয়েকটি ধাপে সম্পন্ন করবে নির্বাচন কমিশন।

    তিনি আরো জানান, যদি এই সময়ের মধ্যে আইন পরিবর্তন না হয় তাহলে বিদ্যমান আইন অনুযায়ীই স্থানীয় নির্বাচন পরিচালনা করা হবে।

    তবে, স্থানীয় নির্বাচনের তফসিল সেপ্টেম্বর বা অক্টোবরে ঘোষণা করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে কোন মন্তব্য করেননি তিনি।

    শিগগিরই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে উল্লেখ করেন তিনি।

  4. রোববার সারাদিন যা যা হয়েছে:

    • ব্রিকস সম্মেলনের শেষদিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যেহেতু ব্রিকস তার তৃতীয় দশকে প্রবেশ করছে তাই বিশ্ব এখন তার কাছ থেকে সুনির্দিষ্ট ফলাফল আশা করে।
    • ঢাকা দক্ষিণ সিটিতে নাসীরুদ্দীন পাটওয়ারী ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। এনসিপির আহবায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন।
    • গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয় জন মারা গেছেন। একই সময়ে দেড় হাজারের বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
    • দুবাই, সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন দেশে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিরুদ্ধে আরেকটি নতুন অভিযোগ অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন বা দুদক। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন আসিফ মাহমুদ। ‘অভিযোগ বনাম বাস্তবতা’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে মি. মাহমুদ এমন দাবি করেছেন।
    • ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গঙ্গা নদীতে (বাংলাদেশ অংশে পদ্মা নাম) প্রবল স্রোতে একটি ট্রলার ডুবে গেলে শিশুসহ ১০ বাংলাদেশিকে উদ্ধার করেছে বিএসএফ। পরে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।
    • আগামী ১৯শে সেপ্টেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন এগারো দলীয় ঐক্যজোটের দ্বিতীয় লংমার্চ অনুষ্ঠিত হবে।
    • আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে যে কোন ধরনের স্ট্রাইক বা হরতাল ডাকাকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট। এ ধরনের কোনো কর্মঘট বা হরতাল ডাকলে বাস মালিক সমিতি, শ্রমিক সংগঠনের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
    • পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক প্রধান হিসেবে ভবিষ্যতে মালদ্বীপের একজন প্রার্থীকে সমর্থন করবে বাংলাদেশ।
    • আওয়ামী লীগসহ সকল অঙ্গ, সহযোগী এবং ভাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া প্রজ্ঞাপনের বৈধতা নিয়ে করা রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
  5. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন:

    গতকালের প্রধান খবরগুলো পড়তে এখানে ক্লিক করুন

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে