বুধবার সারাদিন যা যা হলো:
- জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে জাইমা রহমানের নিয়োগে বাংলাদেশ সরকারের 'ন্যূনতম কোনো সম্পৃক্ততা নেই' বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
- ঢাকার ইসিবি চত্বরে নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে ঢুকে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় করা মামলায় একজন সাবেক সেনা কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
- বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে 'মন্তব্যের' অভিযোগে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার একজন স্কুলশিক্ষককে ঘিরে উত্তেজনা তৈরি হওয়ার পর তাকে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ নামফলক মুছতে দেখা গেছে।
- ইরাকে যুক্তরাষ্ট্রের সেনাদের শেষ সামরিক ঘাঁটিগুলো থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এ পদক্ষেপের ফলে নিরাপত্তা শূন্যতা সৃষ্টি, ইরান-সমর্থিত শিয়া গোষ্ঠীগুলোর শক্তি বৃদ্ধি এবং আইএসের (ইসলামিক স্টেট) পুনরুত্থানের আশঙ্কা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
- দুবাই থেকে তেল আভিভগামী একটি উড়োজাহাজের গতিপথ পরিবর্তন করে সৌদি আরবে অবতরণ করানো হয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, উড়োজাহাজটির দুই পাইলটের মধ্যে ‘সংঘর্ষ’ বা ‘হাতাহাতি’ হয়েছিল।
- ইরান সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, চলমান যুদ্ধকে ঘিরে সৃষ্ট অচলাবস্থা নিরসনে কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে একটি জবাব পেয়েছে ইরান।
- বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৪০ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করার তথ্য জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বিবিসি বাংলার লাইভ পাতা আজ এখানেই শেষ হচ্ছে।
বিবিসি বাংলার অন্যান্য খবর পড়ার জন্য মূলপাতায় ক্লিক করুন।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।











