লাইভ, বাংলাদেশে সন্ধ্যায় বজ্রপাতে ১১ জন মারা গেছেন

হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলাকারীকে নিয়ে মার্কিন গণমাধ্যমে বলা হয়েছে, তিনি একটি নামকরা প্রতিষ্ঠান থেকে স্নাতক শেষ করার পর শিক্ষকতা করছিলেন। এদিকে ওই হামলার সঙ্গে ইরানের সম্পৃক্ততা তথ্য নাকচ করেছেন মি. ট্রাম্প। দিনের উল্লেখযোগ্য খবরগুলো জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ‘লঙ্ঘন করছে’ হেজবুল্লাহ:নেতানিয়াহু

    ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ‘লঙ্ঘন করছে’ হেজবুল্লাহ:নেতানিয়াহু

    হেজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েল ও লেবাননের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

    সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, “এটা বুঝতে হবে যে, হেজবুল্লাহর এই কর্মকাণ্ড কার্যত যুদ্ধবিরতি চুক্তিকে অমান্য করছে।”

    রোববার ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের সাতটি গ্রামের বাসিন্দাদের এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।

    তারা জানিয়েছে, হেজবুল্লাহ দুই দেশের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি ‘লঙ্ঘন’ করায় তারা এর পাল্টা জবাব দেবে।

    সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, “হেজবুল্লাহর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের পরিপ্রেক্ষিতে ইসরায়েলি সেনাবাহিনী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছে।”

  2. সারাদেশে বজ্রপাতে ১১ জন মারা গেছেন

    বজ্রপাত

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, বজ্রপাতে সারাদেশের ছয় জেলায় ১১ জন মারা গেছেন

    বজ্রপাতেসারাদেশের ছয় জেলায় ১১ জন মারা গেছে বলে খবর পাওয়া গেছে।

    এর মধ্যে গাইবান্ধায় চারজন মারা গেছেন বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার।

    সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায় বিবিসি বাংলাকে জানিয়েছেন, রায়গঞ্জ এবং তাড়াশ উপজেলায় দুইজন বজ্রপাতে মারা গেছেন।

    এছাড়া জামালপুরে দুইজন, নাটোরের সিংড়ায় একজন, বগুড়ার গাবতলীতে একজন এবং পঞ্চগড়ের আটোয়ারিতে একজন বজ্রপাতে মারা গেছেন বলে জানা গেছে।

  3. যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ ও হত্যার ঘটনায় ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান জানিয়েছে বাংলাদেশ

    যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ ও হত্যার ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করার কথা জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

    এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, ফ্লোরিডার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পরপরই ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল সংশ্লিষ্ট মার্কিন কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং তদন্তকারী সংস্থাসমূহের সাথে ঘনিষ্ঠ ও ধারাবাহিক যোগাযোগ বজায় রেখে আসছে।

    ইতোমধ্যে, জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

    এতে আরো জানানো হয়েছে, মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট মরদেহটি দ্রুততম সময়ে বাংলাদেশে ফিরিয়ে আনার লক্ষ্যে স্থানীয় ফিউনারেল কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবার সাথে সক্রিয়ভাবে কাজ করছে।

    বর্তমান প্রেক্ষাপটে, এই মুহূর্তে ফ্লোরিডার টাম্পা থেকে দুবাই হয়ে মরদেহ পরিবহনে সীমাবদ্ধতা থাকায় বিকল্প রুটসমূহ সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

    এছাড়া, নাহিদা সুলতানা বৃষ্টি সম্পর্কে আরও তথ্য পেতে দূতাবাস সংশ্লিষ্ট মার্কিন কর্তৃপক্ষের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে বলেও জানিয়েছে।

    বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন তদন্তকারী সংস্থা হিলসবোরো কাউন্টি শেরিফ অফিস এই ঘটনার সাথে সংশ্লিষ্ট এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক এবং তার বিরুদ্ধে দুইটি প্রথম-শ্রেণির হত্যা মামলা দায়ের করার কথা বাংলাদেশের দূতাবাসকে জানিয়েছে।

    “বাংলাদেশ সরকার সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সাথে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করছে” বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

  4. মমতা বনাম শুভেন্দু: ভবানীপুর বিধানসভা কেন্দ্রে তুঙ্গে ভোটের প্রচার

    তৃণমূল নিয়ে বিজেপি নেতাদের বক্তব্যের জবাবে বিজেপিকে পাল্টা দুষলেন মমতা ব্যানার্জী। রোববার সন্ধ্যায় কলকাতার এক জনসভায় তিনি বলেন, “ভরসা রাখুন। ১৪ বছর রয়েছি, দেখেছেন এখানে কোনো গড়বড় হয়েছে? জুমলা করেছে কেউ? বিজেপি বলে মহিলারা বাংলায় রাস্তায় চলতে পারে না। এখানে গরিবদের থাকারও অধিকার রয়েছে। আগে দিল্লি সামলাও।”

    প্রসঙ্গত, প্রথম দফা ভোট গ্রহণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ সমস্ত নেতাদেরই বলতে শোনা গিয়েছে যে বিজেপি জিতছে। সেই দাবি উড়িয়ে মমতা ব্যানার্জী বলেছেন, “প্রথম দফায় সেঞ্চুরি করেছি, দ্বিতীয় দফায় আবার করব। বিজেপি ভয় পেয়েছে।”

    এদিকে, বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী পাল্টা দাবি করেছেন। তিনি বলেছেন, “আজ বেলা আড়াইটের সময় আমাদের এখানে (ভবানীপুরে) সভা করার অনুমতি দেওয়া হয়। বলেছে আপনারা একটু তাড়াতাড়ি শেষ করবেন।”

    তার অভিযোগ, বিকেলে মমতা ব্যানার্জীর সভা রয়েছে। তাই তাকে তাড়াতাড়ি সভা শেষ করতে বলা হয়েছে। এর আগে শনিবার ভবানীপুরে তৃণমূল এবং বিজেপি- দুই দলেরই একই সময়ে কর্মসূচি ছিল যাকে পরিস্থিতি উত্তপ্ত হয়।

    মমতা ব্যানার্জী তার সভা চলাকালীন বিজেপির কর্মীদের বিরুদ্ধে স্লোগান দেওয়া এবং মাইকিং-এর অভিযোগ ওঠে। বিজেপির বিরুদ্ধে তার কর্মসূচি ব্যাহত করার অভিযোগ তুলে এক সময় স্টেজ থেকে চলে যান তিনি।

    সেই প্রসঙ্গ টেনে শুভেন্দু রোববার বলেন, “ওর অবস্থা খারাপ। স্টেজ ছেড়ে পালাচ্ছেন।”

    পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে সকলের নজর রয়েছে কলকাতার ভবানীপুর কেন্দ্রের দিকে। এই কেন্দ্রে ভোটের লড়াইয়ে মুখোমুখি হচ্ছেন মমতা ব্যানার্জী এবং তার একদা ঘনিষ্ঠ ও অধুনা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

    রোববারের জনসভায় মমতা ব্যানার্জী ও শুভেন্দু অধিকারী

    ছবির উৎস, Mamata Banerjee and Suvendu Adhikari/Facebook

    ছবির ক্যাপশান, রোববারের জনসভায় মমতা ব্যানার্জী ও শুভেন্দু অধিকারী
  5. ওমানের সুলতানের সাথে সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

    ওমানের সুলতানের সাথে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সাক্ষাৎ

    ছবির উৎস, IRNA

    ছবির ক্যাপশান, ওমানের সুলতানের সাথে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সাক্ষাৎ

    আঞ্চলিক পরিস্থিতি ও যুদ্ধ বন্ধে মধ্যস্থতার প্রচেষ্টা নিয়ে ওমানের সুলতান এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আলোচনা হয়েছে।

    ওমান নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, সুলতান হাইথাম বিন তারিক আল সাঈদ মাস্কাটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সাথে দেখা করেন।

    সেখানে তারা বর্তমান আঞ্চলিক পরিস্থিতি এবং যুদ্ধ বন্ধে মধ্যস্থতার প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন।

    উভয় পক্ষই পরিস্থিতি কতখানি ভালো হয়েছে সে বিষয়ে মতামত তুলে ধরেন এবং একটি স্থায়ী রাজনৈতিক সমাধানের ওপর গুরুত্ব দেন।

    ওই অঞ্চলের জনগণের ওপর সংকটের প্রভাব কমানোর প্রয়োজনীয়তা এবং সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টাকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টির প্রতি গুরুত্বারোপ করেন তারা।

    বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় মধ্যস্থতার প্রচেষ্টা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে ওমান যে ভূমিকা পালন করছে সেটির প্রশংসা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

  6. চারদিনের রাষ্ট্রীয় সফরে সোমবার যুক্তরাষ্ট্রে যাবেন ব্রিটেনের রাজা এবং রানি

    ২০২৫ সালে যুক্তরাজ্যে গিয়েছিলেন ট্রাম্প ও ফার্ষ্ট লেডি, ব্রিটেনের রাজা ও রানির সাথে তোলা সেসময়ের এই ছবি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, চারদিনের রাষ্ট্রীয় সফরে সোমবার যুক্তরাষ্ট্রে যাবেন ব্রিটেনের রাজা এবং রানি

    ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস এবং রানি ক্যামিলা পার্কারের সোমবার চার দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে।

    এই সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে হোয়াইট হাউজে তারা সাক্ষাৎ করবেন বলেও নির্ধারিত রয়েছে।

    ২০০৭ সালে প্রয়াত রানি এলিজাবেথের সফরের পর এটিই হবে যুক্তরাষ্ট্রে যুক্তরাজ্যের প্রথম রাষ্ট্রীয় সফর।

    এখন এই সফরকে ঘিরে ওয়াশিংটনের এই গুলির ঘটনা নিরাপত্তা পরিকল্পনায় কোনো প্রভাব ফেলবে কি না সেটি নিয়ে প্রশ্ন উঠেছে।

    কয়েক মিনিট আগে বাকিংহাম প্যালেস জানিয়েছে, এই ঘটনার ফলে “অপারেশনাল প্ল্যানিং বা কার্যকরী পরিকল্পনায়” কোনো প্রভাব পড়বে কি না তা খতিয়ে দেখছে তারা।

    ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের এই সফরসূচিতে রয়েছে, কংগ্রেসের উভয় কক্ষে ভাষণ, নিউইয়র্কে ৯/১১ স্মৃতিসৌধ পরিদর্শন এবং ভার্জিনিয়ায় নিহত মার্কিন ও ব্রিটিশ সেনাদের সম্মানে পুষ্পস্তবক অর্পণের কথা রয়েছে।

    এর আগে, ব্রিটিশ প্রধানমন্ত্রীর চিফ সেক্রেটারি ড্যারেন জোনস বলেছেন, “ঝুঁকি বিবেচনা করে সেখানে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে।” অন্যদিকে শ্যাডো বা ছায়া হোম সেক্রেটারি ক্রিস ফিলিপ বলেছেন, এই সফর ‘অবশ্যই’ হওয়া উচিত।

    তিনি আরো বলেন, সহিংসতাকে কখনো কূটনৈতিক সম্পর্কে বাধা হতে দেওয়া ঠিক হবে না।

  7. হোয়াইট হাউজ করেসপনডেন্টস ডিনারে গুলির ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্ব নেতারা

    সোমবার রাতে হোয়াইট হাউজ করেসপনডেন্টস ডিনারে ট্রাম্প ও ফার্স্ট লেডি

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, হোয়াইট হাউজ করেসপনডেন্টস ডিনারে সোমবার রাতে গুলির ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্ব নেতারা

    হোয়াইট হাউজ করেসপনডেন্টস ডিনারে সোমবার রাতে গুলির ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্ব নেতারা।

    কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প, ফার্স্ট লেডি এবং উপস্থিত সবাই নিরাপদ থাকায় ‘স্বস্তি’ প্রকাশ করেছেন। তিনি বলেন, “এই বিরক্তিকর ঘটনায় যারা আতঙ্কিত হয়েছেন, তাদের প্রতি আমার সমবেদনা রইল।”

    অন্যদিকে, সবাই নিরাপদ থাকার খবরে সন্তোষ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। তিনি বলেন, “আমরা সিক্রেট সার্ভিস এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কাজের প্রশংসা করি।”

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, ফার্স্ট লেডি এবং উপস্থিত সবার প্রতি সমর্থন জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কাজা কালাস। তিনি বলেন, “গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই।”

    ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এই “হামলার চেষ্টার তীব্র নিন্দা” জানিয়ে ওই অনুষ্ঠানে উপস্থিত সবার মঙ্গল কামনা করেন।

    হোয়াইট হাউজ করেসপনডেন্টদের নৈশভোজে এমন গুলির ঘটনায় “গভীরভাবে স্তম্ভিত” পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য “দোয়া ও শুভকামনা” জানিয়েছেন তিনি।

    অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি এবং ভাইস-প্রেসিডেন্টের “নিরাপত্তা ও সুস্বাস্থ্য কামনা করে” শুভেচ্ছা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    “আমরা শ্রদ্ধা জানাই” উল্লেখ করে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম বলেছেন, “সহিংসতা কখনোই কোনো পথ হতে পারে না।”

  8. মতুয়াদের নাগরিকত্বের প্রতিশ্রুতি মোদীর; তৃণমূলকে কটাক্ষ

    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফা ভোট গ্রহণের আগে চূড়ান্ত ব্যস্ততায় সবকটি রাজনৈতিক দল।

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন পশ্চিমবঙ্গে রয়েছে। রোববার তার প্রথম সভা ছিল মতুয়া অধ্যুষিত বনগাঁর ঠাকুরনগরে। উত্তর ২৪ পরগণার অন্তর্গত এই অঞ্চলে আয়োজিত সভায় মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার বিষয়ে আশ্বাস দেন।

    এসআইআর-এর পর মতুয়া অধ্যুষিত অঞ্চল থেকে বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে বলে অভিযোগ।

    প্রধানমন্ত্রী বলেন, “দেশভাগ থেকে আজ পর্যন্ত সমস্ত শরণার্থীর দায়িত্ব আমাদের। তাদের জন্য চিন্তা করা ভারতের ঐতিহাসিক দায়িত্ব। সেই জন্য মোদী সিএএ এনেছিল। মতুয়া, নমশূদ্রদের বলব আপনাদের নাগরিকত্ব, স্থায়ী ঠিকানা, কাগজ দেওয়া হবে সব অধিকার দেওয়া হবে, যা ভারতের নাগরিকরা পান।”

    পাশাপাশি তৃণমূলকে কটাক্ষ করেছেন তিনি। তিনি বলেছেন, “তৃণমূল মিথ্যা প্রচার করছে। এটা থেকে সাবধান হতে হবে আপনাদের। এরা প্রকাশ্যে সিএএ-র বিরোধিতা করে। এরা কি আপনাদের ভাল চায়?”

    পরে হরিপালের জনসভা থেকে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেছেন, “নবান্ন থেকে সরকার চলে না। হয় এই সরকার চালায় তৃণমূলের গুন্ডা, মস্তানরা। হাই কোর্ট, সুপ্রিম কোর্টের নির্দেশের পর সরকার কাজ করে।”

    আইপ্যাক মামলার প্রসঙ্গও টানেন তিনি। মি. মোদী বলেন, “তৃণমূল সরকার কেন্দ্রীয় তদন্তকারীর কাজে বাধা সৃষ্টি করছিল। প্রমাণ লোপাটের চেষ্টাও হয়। কিন্তু সুপ্রিম কোর্ট এই বিষয়ে কড়া নির্দেশ দিয়েছে।”

    অন্যদিকে, অমিত শাহেরও একাধিক কর্মসূচি রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যে। নদীয়া জেলার রানাঘাটের জনসভা থেকে মুর্শিদাবাদের বাসিন্দা এবং ‘আম জনতা উন্নয়ন পার্টির’ হুমায়ুন কবীরকে তীব্র সমালোচনা করেন তিনি। তিনি ঘোষণা দেন যে, বাবরি মসজিদের অনুকরণে মসজিদ তিনি হতে দেবেন না।

    রাজ্যে ভোট প্রচারে নরেন্দ্র মোদী।

    ছবির উৎস, Narendra Modi/Facebook

    ছবির ক্যাপশান, রাজ্যে ভোট প্রচারে নরেন্দ্র মোদী।
  9. হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে গুলির ঘটনার ছবি

    গুলির ঘটনার আগে ডোনাল্ড ট্রাম্প, মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প হোয়াইট হাউস করেসপনডেন্টস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট উইজিয়া জিয়াং এর পাশে বসেছিলেন

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, গুলির ঘটনার আগে ডোনাল্ড ট্রাম্প, মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট উইজিয়া জিয়াং এর পাশে বসেছিলেন

    ওয়াশিংটন ডিসির হিলটন হোটেলের ভেতর হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে শনিবার রাতে গুলির শব্দ শোনা গেলে বিশৃঙ্খলা দেখা দেয়।

    এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় রাজনীতিবিদ, কূটনৈতিক এবং সাংবাদিকরা। গোলাগুলির ঘটনার পরের বেশ কিছু ছবি এখানে দেওয়া হলো।

    সিক্রেট সার্ভিস এজেন্টরা প্রেসিডেন্ট ট্রাম্পকে দ্রুত মঞ্চ থেকে নামিয়ে নিয়ে যায় এবং ভারী অস্ত্রে সজ্জিত কর্মকর্তারা ঘটনাস্থল পর্যবেক্ষণ করেন

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, সিক্রেট সার্ভিস এজেন্টরা প্রেসিডেন্ট ট্রাম্পকে দ্রুত মঞ্চ থেকে নামিয়ে নিয়ে যায় এবং ভারী অস্ত্রে সজ্জিত কর্মকর্তারা ঘটনাস্থল পর্যবেক্ষণ করেন
    হাউস স্পিকার মাইক জনসনসহ অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের বলরুম থেকে নিরাপদে বের করে নিয়ে যাওয়া হচ্ছে

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, হাউস স্পিকার মাইক জনসনসহ অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের বলরুম থেকে নিরাপদে বের করে নিয়ে যাওয়া হচ্ছে
    পরে ট্রাম্প একটি ছবি প্রকাশ করে জানান, ইনিই অভিযুক্ত বন্দুকধারী। ছবিটিতে দেখা যাচ্ছে, সিক্রেট সার্ভিস এজেন্টদের মেঝেতে হাতকড়া পরা এক ব্যক্তিকে ঘিরে আছেন

    ছবির উৎস, @realDonaldTrump/ Truth Social

    ছবির ক্যাপশান, ট্রাম্পের প্রকাশ করা ছবিতে অভিযুক্ত বন্দুকধারী ব্যক্তি
    গুলির ঘটনায় আটক অভিযুক্ত ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর জিম্মায়

    ছবির উৎস, Handout via REUTERS

    ছবির ক্যাপশান, গুলির ঘটনায় আটক অভিযুক্ত ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর জিম্মায়
    হোয়াইট হাউসের প্রেস ব্রিফিং কক্ষে নৈশভোজের অনেক অতিথি সাংবাদিক ট্রাম্পের কাছ থেকে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানছিলেন

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, হোয়াইট হাউসের প্রেস ব্রিফিং কক্ষে নৈশভোজের অনেক অতিথি সাংবাদিক ট্রাম্পের কাছ থেকে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানছিলেন
    এফবিআই এবং আইন প্রয়োগকারী অন্যান্য সংস্থার কর্মকর্তারা ক্যালিফোর্নিয়ার টরেন্সে একটি বাড়িতে তল্লাশি চালায়, যেটি নৈশভোজে গুলির ঘটনায় সন্দেহভাজন ব্যক্তির সাথে সম্পর্কিত বলে মনে করা হচ্ছে

    ছবির উৎস, EPA/Shutterstock

    ছবির ক্যাপশান, এফবিআই এবং আইন প্রয়োগকারী অন্যান্য সংস্থার কর্মকর্তারা ক্যালিফোর্নিয়ার টরেন্সে একটি বাড়িতে তল্লাশি চালায়
    রয়টার্সের একটি ভিডিওতে দেখা যাচ্ছে, অভিযুক্ত ব্যক্তিকে হাত পেছনে বেঁধে ফেলে রাখা হয়েছে

    ছবির উৎস, Handout via REUTERS

    ছবির ক্যাপশান, অভিযুক্ত ব্যক্তি কোল টমাস অ্যালেনের হাত পেছনে বেঁধে রাখা হয়েছে
  10. শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করে সংসদে বিল পাস

    আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সংসদে বিলটি উত্থাপন করেন

    ছবির উৎস, Screen Grab

    ছবির ক্যাপশান, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সংসদে বিলটি উত্থাপন করেন

    সংসদ সদস্যদের শুল্কমুক্ত সুবিধা বাতিল করে গাড়ি আমদানির সুবিধা বাতিল করে জাতীয় সংসদে বিল পাস হয়েছে।

    আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সংসদে বিলটি উত্থাপন করেন।

    পরে সংসদ সদস্যদের কন্ঠভোটে বিলটি পাস করা হয়।

    এর আগে, গত বৃহস্পতিবার মন্ত্রিসভায় এই সুবিধা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

  11. জরুরি সেবাদানকারী সকলের এখন থেকে জ্বালানির সমস্যা হবে না:প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান

    ছবির উৎস, Screen Grab

    ছবির ক্যাপশান, আশা করি এই সমস্যাটি (জ্বালানি) আর হওয়ার কথা না, বলে সংসদে জানান প্রধানমন্ত্রী।

    আইনশৃঙ্খলা বাহিনীর তেল ও জ্বালানি সংকটের বিষয়ে একজন সংসদ সদস্য উদ্বেগ প্রকাশ করলে বাংলাদেশের সংসদের নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, “এই বিষয়টি এরই মধ্যে আমরা এড্রেস করেছি।”

    জরুরি সেবাদানকারী সকল প্রতিষ্ঠানের এখন থেকে জ্বালানির সমস্যা হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

    “পুলিশসহ ইমারজেন্সি বাহিনী যারা আছে পুলিশ হোক, অ্যাম্বুলেন্স হোক, ফায়ার ব্রিগেড হোক এই জাতীয় যারা আছে তাদের ওপর থেকে এই যে অ্যাম্বারগো ছিল এটা সরিয়ে নেওয়া হয়েছে। এটা আরো দুইদিন আগে এই সিদ্ধান্তটি আমরা গ্রহণ করেছি। দুইদিন আগে এটা ক্লিয়ার করে দেওয়া হয়েছে। আশা করি এই সমস্যাটি আর হওয়ার কথা না” সংসদে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

  12. গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে মারা গেছে আটজন

    ঢাকার একটি হাসপাতালে হাম ওয়ার্ডে চিকিৎসা চলছে আক্রান্ত শিশুদের

    ছবির উৎস, Mamunur Rashid/NurPhoto via Getty Images

    ছবির ক্যাপশান, হাম ও হাম সন্দেহে গত ২৪ ঘণ্টায় আটজন মারা গেছে

    হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আটজন মারা গেছে।

    স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

    এর মধ্যে নিশ্চিত হাম রোগে একজন এবং বাকি সাতজন সন্দেহজনক হাম রোগে মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

    এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৪৩ জন এবং সন্দেহজনক হামে ২১৬ জন মারা গেছেন।

    গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হাম রোগীর সংখ্যা ১৪৩ জন, এবং সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক হাজার ৪২১ জন।

  13. ইরান যুদ্ধের সঙ্গে এই হামলার সম্পর্ক আছে বলে মনে হচ্ছে না:ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, নৈশভোজে গুলির ঘটনা ইরান যুদ্ধে জয়ী হওয়া থেকে থামাতে পারবে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    হোয়াইট হাউজ করেসপনডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে গুলির ঘটনা ইরান যুদ্ধে জয়ী হওয়া থেকে থামাতে পারবে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    ওয়াশিংটনের হিলটন হোটেলে শনিবার দিবাগত রাতে এই গুলির ঘটনা ঘটে। এরই মধ্যে অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

    এই ঘটনার পর এক সংবাদ সম্মেলনে ওই কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি সাংবাদিকদের নানা প্রশ্নেরও জবাব দেন।

    এই হামলার সাথে জড়িত ব্যক্তিকে একজন ‘লোন উলফ বা একক হামলাকারী’ বলে অভিহিত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

    তিনি বলেন, “আমি মনে করি তদন্তকারীরা তাকে একজন একক হামলাকারী হিসেবেই দেখছেন এবং আমারও তাই মনে হয়।”

    প্রেসিডেন্ট ট্রাম্প তার নিজের নিরাপত্তা এবং এই ঘটনার সাথে ইরানের যুদ্ধের কোনো সম্পর্ক আছে কি না একজন সাংবাদিকের এমন প্রশ্ন করেন।

    জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমি তেমনটা মনে করি না, তবে নিশ্চিত করে বলা যায় না। খুব শীঘ্রই আমরা আরো তথ্য জানতে পারব। বিশ্বের সেরা কর্মী রয়েছে আমাদের এবং তারা এই বিষয়টি নিয়ে কাজ করছেন।”

    ইরান প্রসঙ্গে ট্রাম্প বলেন, “আমাদের ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে, নাহলে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলবে। আমরা বি-২ বোমারু বিমান দিয়ে ব্যবস্থা নিয়েছি। আমি আমার প্রথম মেয়াদে ওবামা আমলের ইরান পারমাণবিক চুক্তি বাতিল করেছিলাম, যেটা ছিল একটা বিপর্যয়কর চুক্তি এবং তাদের পারমাণবিক অস্ত্র পাওয়ার পথ তৈরি করে দিচ্ছিল। তারা অবশ্যই সেই অস্ত্র ব্যবহার করত।”

    “আপনি যখন এই ধরনের পদক্ষেপ নেবেন, তখন আপনি নিজেও লক্ষ্যবস্তু হয়ে উঠবেন। আমি যদি এসব না করতাম, তবে হয়তো আমি লক্ষ্যবস্তু কম হতাম। কিন্তু আমি যা করছি তার জন্য আমি গর্বিত” বলেন তিনি।

    নিজের মানসিক অবস্থা নিয়ে তিনি বলেন, “এমন পরিস্থিতিতে অনেকে হতাশ হয়ে পড়েন বলে শোনা যায়, কিন্তু সত্যি বলতে আমি তেমন নই। এই ঘটনা আমাকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হওয়া থেকে থামাতে পারবে না।”

    “আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী, এই ঘটনার সাথে অন্য কিছুর সরাসরি সংযোগ নেই বলেই আমি মনে করি। আমরা আমাদের কাজ চালিয়ে যাব” জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

  14. সন্দেহভাজন হামলাকারী সম্পর্কে যা জানা যাচ্ছে

    অভিযুক্ত ব্যক্তি কোল টমাস অ্যালেন

    ছবির উৎস, Donald Trump

    ছবির ক্যাপশান, হোয়াইট হাউজ করেসপনডেন্টস ডিনারে গুলি চালানোর জন্য অভিযুক্ত ব্যক্তির নাম কোল টমাস অ্যালেন

    হোয়াইট হাউজ করেসপনডেন্টস ডিনারে গুলি চালানোর জন্য অভিযুক্ত ব্যক্তির নাম কোল টমাস অ্যালেন বলে মার্কিন গণমাধ্যমে বলা হচ্ছে।

    লস অ্যাঞ্জেলেসের দক্ষিণপশ্চিম শহরতলী টরেন্সের বাসিন্দা ৩১ বছর বয়সী এই ব্যক্তি।

    বিবিসির সহযোগী প্রতিষ্ঠান সিবিএস নিউজ জানিয়েছে, অ্যালেন নামকরা শিক্ষাপ্রতিষ্ঠান ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক শেষ করার পর টরেন্সে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

    পুলিশ জানিয়েছে, যেই ওয়াশিংটন হিলটন হোটেলে নৈশভোজ চলছিল, অ্যালেন সেখানে একজন অতিথি হিসেবে ছিলেন। তার কাছে বন্দুক ও ছুরিসহ একাধিক অস্ত্র ছিল।

    গুলির এই ঘটনার পর অ্যালেন এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে সোমবার আদালতে অভিযোগ আনা হবে বলে ধারণা করা হচ্ছে।

  15. গতকাল যা যা ঘটেছে:

    • পাকিস্তান সফর শেষে রাজধানী ইসলামাবাদ ত্যাগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে তিনি বৈঠক করেছেন।
    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের ইসলামাবাদ সফর বাতিল করে বলেছেন, "বসে বসে অযথা কথা বলার জন্য আর ১৮ ঘণ্টার ফ্লাইট দিতে হবে না”। ইরান "যখন ইচ্ছে আমাদের ফোন করতে পারে" বলেও মন্তব্য করেছেন তিনি।
    • ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধ অব্যাহত থাকায় দেশজুড়ে জ্বালানি ও বিদ্যুৎ সংকট তীব্র হচ্ছে। এই পরিস্থিতিতে বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে জনগণকে সর্বোচ্চ নিয়ন্ত্রণ বজায় রাখার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
    • যুক্তরাষ্ট্র যদি হরমুজ প্রণালিতে তাদের আরোপিত অবরোধ অব্যাহত রাখে, তাহলে পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী।
    • পঞ্চগড়ের দেবীগঞ্জে পেট্রোল পাম্পে হামলার শিকার হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক। এসময় তার সঙ্গে থাকা আনসার সদস্যদেরও মারধর করা হয় বলে জানিয়েছে পুলিশ।
    • এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক করলো ঢাকা শিক্ষা বোর্ড।
    • ইরানজুড়ে চলমান অস্থিরতার সময় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা ‘মোসাদ’-এর হয়ে কাজ করার অভিযোগে এরফান কিয়ানি নামের এক বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
  16. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন:

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে