লাইভ, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে পাকিস্তানকে ‘মতামত' জানাল ইরান
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। অন্যদিকে ইসলামাবাদের পথে রওনা দেওয়ার কথা রয়েছে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার। দিনের প্রধান খবরগুলো জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...
সরাসরি কভারেজ
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
ছবির উৎস, Iranian Foreign Ministry
ছবির ক্যাপশান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাঘচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে
যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ অগ্রগতি এবং যুদ্ধ পুরোপুরি বন্ধ করার বিষয়ে
ইরানের 'নীতিগত অবস্থান' ব্যাখ্যা করেছেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে যে, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শোনার পর চলমান আলোচনা
প্রক্রিয়ার ওপর "আস্থা প্রকাশ" করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এই প্রক্রিয়া অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে সন্দিহান ইরান, জিয়ার গল, বিবিসি পার্সিয়ান (ইসলামাবাদ থেকে)
ছবির উৎস, Reuters
ছবির ক্যাপশান, ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও মার্কিন দূত স্টিভ উইটকফ
পাকিস্তান যখন ইরান ও যুক্তরাষ্ট্রের
মধ্যে মধ্যস্থতার চেষ্টা করছে, তখন ইরানের মধ্যে ওয়াশিংটনের উদ্দেশ্য নিয়ে চরম অবিশ্বাস
ও সংশয় বিরাজ করছে। মূলত অতীতে আলোচনা চলাকালীনই মার্কিন হামলার তিক্ত অভিজ্ঞতা এই
আস্থাহীনতার মূল কারণ।
২০২৫ সালের জুন মাসে যখন মার্কিন
দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বাধীন
প্রতিনিধি দলের সাথে আলোচনায় বসেছিলেন, ঠিক তখনই ইরানজুড়ে সামরিক হামলা চালিয়েছিল
যুক্তরাষ্ট্র।
দুই পক্ষের মধ্যে ১২ দিনের যুদ্ধ
চলাকালীন সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বি-টু বোমারু বিমান এবং বাঙ্কার-বাস্টার অস্ত্র
ব্যবহার করে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে।
তখন থেকেই ওয়াশিংটন ও ইসরায়েল দাবি করে আসছে যে, ইরান পুনরায় তাদের পারমাণবিক কর্মসূচি এবং পরমাণু অস্ত্র বহনে সক্ষম
মিসাইল তৈরির চেষ্টা করছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ওমানের
মাস্কাটে উইটকফ ও কুশনার আবারও আরাঘচির সাথে সাক্ষাৎ করেন।
কিন্তু সেই কূটনৈতিক প্রচেষ্টার
মাঝেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। তখন মার্কিন প্রেসিডেন্ট
ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছিলেন যে, আলোচনার অগ্রগতিতে তিনি "সন্তুষ্ট নন"।
এবারও একই মার্কিন দূতরা আলোচনার
জন্য পাকিস্তানের পথে রয়েছেন। ইরানি কর্মকর্তারা বলছেন, তারা যুক্তরাষ্ট্রকে বিশ্বাস
করেন না। আলোচনার চেয়ে তারা এখন 'সামরিক প্রস্তুতি' জোরদার করার ওপর বেশি গুরুত্ব দিচ্ছেন।
ইরানের কিছু কট্টরপন্থি নেতা সাফ
জানিয়ে দিয়েছেন, দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো আলোচনা হবে না। যদিও ইউরেনিয়াম
সমৃদ্ধকরণকেই হামলার প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছিলেন ট্রাম্প।
যুদ্ধবিরতির বিষয়ে পাকিস্তানকে ‘মতামত' জানাল ইরান
ছবির উৎস, EPA
ছবির ক্যাপশান, পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেন ইরানের প্রতিনিধি দল
পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বৈঠক করেছেন এবং এরপর এক বিবৃতিতে যুদ্ধ
বন্ধের বিষয়ে নিজেদের অবস্থান ও প্রস্তাবনাগুলো তুলে ধরেছে তেহরান।
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে যে, বৈঠকে
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য "যুদ্ধবিরতি সংক্রান্ত সাম্প্রতিক অগ্রগতি"
নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, এই রক্তক্ষয়ী যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করার লক্ষ্যে আরাঘচি ইরানের
নিজস্ব "অভিমত ও বিবেচ্য বিষয়গুলো" পাকিস্তানের কাছে হস্তান্তর করেছেন।
বৈঠকে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে আশ্বস্ত
করেছেন যে, মধ্যস্থতার প্রচেষ্টা চালিয়ে যাবে ইসলামাবাদ।
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা নিয়ে উড়ো খবরের ব্যাপারে সতর্কবার্তা পাকিস্তানের
ছবির উৎস, Pakistan Ministry of Foreign Affairs/X
ছবির ক্যাপশান, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও
পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বর্তমান আঞ্চলিক পরিস্থিতি পর্যালোচনা করতে একটি গুরুত্বপূর্ণ
বৈঠক করেছেন।
শনিবারের ওই বৈঠকে বর্তমান ভূ-রাজনৈতিক
উত্তেজনা নিরসনে পাকিস্তানের অবস্থান তুলে ধরা হয়।
বৈঠকে ইসহাক দার আবারও উল্লেখ করেছেন
যে, পাকিস্তান সক্রিয়ভাবে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার আয়োজন করছে। এই উদ্যোগের
মূল লক্ষ্য হলো ওই অঞ্চল এবং এর বাইরে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা।
এছাড়া এই মধ্যস্থতা প্রক্রিয়া নিয়ে
বিভ্রান্তি এড়াতে কঠোর সতর্কবার্তা জারি করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের এক
বিবৃতিতে বলা হয়েছে, "কোনো অননুমোদিত বা বেনামী সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে
মধ্যস্থতা প্রক্রিয়া নিয়ে সংবাদ প্রকাশ করবেন না।"
সকল সংবাদমাধ্যমকে শুধু "অফিসিয়াল
বা দাপ্তরিক বিবৃতির" ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র
মন্ত্রণালয়।
আরও এক বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করলো ইরান
ছবির উৎস, AFP via Getty Images
ছবির ক্যাপশান, গত বছরের শেষ দিকে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভ ইরানের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছিল (ফাইল ছবি)
দেশজুড়ে চলমান অস্থিরতার মধ্যেই-
ইসরায়েলি গোয়েন্দা সংস্থা ‘মোসাদ’-এর হয়ে কাজ করার অভিযোগে এরফান কিয়ানি নামের এক
বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।
দেশটির সুপ্রিম কোর্ট
মৃত্যুদণ্ডের রায় বহাল রাখার পর শনিবার সকালে তার সাজা কার্যকর করা হয়।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড
কোর বা আইআরজিসি এর ঘনিষ্ঠ সংবাদ সংস্থা ফার্স এবং তাসনিম এই খবর নিশ্চিত করেছে।
সরকারি তথ্য মতে, এরফান কিয়ানিকে
২০২৬ সালের জানুয়ারিতে বিক্ষোভ চলাকালীন ‘অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড’ চালানোসহ
বেশ কিছু গুরুতর অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল।
ইসরায়েল এখন পর্যন্ত এই বিষয়ে কোনো
আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
ইরানি মুদ্রার মানে রেকর্ড পতন এবং
জীবনযাত্রার অস্বাভাবিক ব্যয় বৃদ্ধি কারণে গত বছরের ডিসেম্বরে দেশটিতে অস্থিরতা শুরু
হয়েছিল, যা ২০২৬ সালের জানুয়ারিতে তীব্র রূপ নেয়।
ইরানি কর্তৃপক্ষ এই বিক্ষোভ দমনে
কঠোর অবস্থান নিয়েছিল। বিভিন্ন মানবাধিকার সংস্থার দাবি, সহিংস দমন-পীড়নে এখন পর্যন্ত
কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন।
ছবির ক্যাপশান, লেবাননের জনগণকে দেশটির দক্ষিণাঞ্চলের একটি নির্দিষ্ট সীমার বাইরে না যাওয়ার জন্য সতর্ক করেছে ইসরায়েলি সেনাবাহিনী
ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতির
মেয়াদ বাড়ানো হলেও পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।
সবশেষ সংবাদ অনুযায়ী, ইসরায়েলি
প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ এবং সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহর মধ্যে দফায় দফায় গোলাগুলির
ঘটনা ঘটেছে।
আইডিএফ জানিয়েছে, গত রাতে তারা
দক্ষিণ লেবাননের তিনটি ভিন্ন স্থানে হেজবুল্লাহর রকেট লঞ্চার লক্ষ্য করে হামলা চালিয়েছে।
তাদের দাবি, হামলার লক্ষ্যবস্তু
হওয়া লঞ্চারগুলো রকেট ছোড়ার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল এবং ইসরায়েলের বেসামরিক নাগরিক ও আইডিএফ সেনাদের জন্য "তাৎক্ষণিক হুমকি" হিসেবে কাজ করছিল।
এদিকে শনিবার সকালে এক বিবৃতিতে
হেজবুল্লাহ জানিয়েছে যে, তারাও ইসরায়েলি সেনাবাহিনীকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে।
গত ২৩শে এপ্রিল দুই পক্ষ একটি যুদ্ধবিরতি
চুক্তিতে সম্মত হলেও, চুক্তি স্বাক্ষরের পর থেকেই আইডিএফ এবং হেজবুল্লাহ একে অপরের
বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে আসছে।
ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনার জন্য নানা প্রস্তুতি নিয়েছে পাকিস্তান
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান
সংঘাত নিরসনে শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাটছে না।
মঙ্গলবার এই দুই দেশের মধ্যে আলোচনা
অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধের কারণে ক্ষুব্ধ হয়ে,
তেহরান আলোচনায় অংশ নিতে অস্বীকৃতি জানায়।
এই পরিস্থিতিতে, পাকিস্তানের
অনুরোধে যুদ্ধবিরতির মেয়াদ দুই সপ্তাহ বাড়িয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যাতে চলমান সংঘাত অবসানে নিজস্ব পরিকল্পনা তৈরির জন্য আরও কিছুটা সময় পায় ইরান।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি
ক্যারোলিন লেভিট জানিয়েছেন, সম্প্রতি ইরানের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে এবং আলোচনার
পথে কিছুটা অগ্রগতিও হয়েছে।
এই সংকট নিরসনে মার্কিন প্রতিনিধি
দলের সদস্য স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে। তবে তারা
সেখানে কতটুকু সফল হবেন, তা নিয়ে বড় ধরনের সংশয় রয়ে গেছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস
আরাঘচি ইসলামাবাদে পৌঁছে স্পষ্ট করেছেন যে, তিনি মূলত পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক
আলোচনার জন্য সেখানে এসেছেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনায় তিনি অংশ
নেবেন না।
এর অর্থ হলো, ইরান কোনো বার্তা পাঠাতে
চাইলে তা পাকিস্তানের মধ্যস্থতাকারীদের মাধ্যমেই পৌঁছাতে হবে। তাই এই পরোক্ষ যোগাযোগের
মাধ্যমে দ্রুত কোনো বড় ধরনের সাফল্যের সম্ভাবনা খুব কম বলেই মনে করছেন বিশ্লেষকরা।
এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি
করেছেন যে, যুদ্ধ অবসানে চুক্তির জন্য তিনি তাড়াহুড়ো করছেন না। তবে জ্বালানি তেলের
মূল্যবৃদ্ধি এবং নিজ দেশে তার জনপ্রিয়তা কমে যাওয়ার কারণে একটি চুক্তিতে পৌঁছাতে ট্রাম্পের
ওপর অভ্যন্তরীণ চাপ ক্রমশ বাড়ছে।
ছবিতে: শান্তি আলোচনার জন্য নিরাপত্তা বাড়িয়েছে পাকিস্তান
ছবির উৎস, Reuters
ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের সফর ঘিরে ইসলামাবাদের সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে
ছবির উৎস, AFP via Getty Images
ছবির ক্যাপশান, ইসলামাবাদের বিভিন্ন সড়কে তল্লাশি চৌকি বসিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা
ছবির উৎস, AFP via Getty Images
ছবির ক্যাপশান, পাকিস্তান সফর করলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সরাসরি আলোচনা হবে কিনা সেটি এখনও নিশ্চিত করেনি কোনো পক্ষই
পাকিস্তানের সামরিক প্রধানের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ছবির উৎস, Iranian Ministry of Foreign Affairs
ছবির ক্যাপশান, পাকিস্তানের সশস্ত্র বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি
পাকিস্তান সফর করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
আব্বাস আরাঘচি। সফরের অংশ হিসেবে তিনি পাকিস্তানের সশস্ত্র বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল
আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে
আরাঘচি জানিয়েছেন, পাকিস্তান সফর শেষে তিনি ওমান এবং রাশিয়া ভ্রমণ করবেন।
জানানো হয়েছে, তার এই সফরের মূল লক্ষ্য হলো- দ্বিপাক্ষিক
বিভিন্ন বিষয়ে অংশীদার দেশগুলোর সঙ্গে সমন্বয় করা এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা
ও পরামর্শ করা।
তেহরানের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে
যে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি কোনো বৈঠকের পরিকল্পনা নেই। পাকিস্তানের সঙ্গে
আলোচনা করতেই ইরানের প্রতিনিধি দল ইসলামাবাদ সফর করছে।
অবশ্য মার্কিন
প্রতিনিধি দলের সদস্যরাও পাকিস্তানের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।
এদিকে, ১৯শে এপ্রিল ডোনাল্ড ট্রাম্প তার
প্রতিনিধিদের আলোচনার জন্য পুনরায় পাঠানোর ঘোষণা দেওয়ার পর থেকেই ইসলামাবাদে নিরাপত্তা
ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ইরান ‘প্রস্তাব দিচ্ছে, আমাদের দেখতে হবে কী হয়’: ট্রাম্প
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ইরানের সঙ্গে চলমান আলোচনার বিষয়ে
নতুন বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে
দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের কাছে একটি প্রস্তাব পাঠানোর
প্রক্রিয়া চালাচ্ছে ইরান। তবে সেই প্রস্তাবের বিষয়বস্তু সম্পর্কে এখনও তিনি নিশ্চিত
নন।
ফোনে দেওয়া ওই সাক্ষাৎকারে বিস্তারিত
কিছু না জানালেও ট্রাম্প বলেছেন, বর্তমানে ইরানের দায়িত্বে থাকা ব্যক্তিদের সঙ্গেই
মার্কিন প্রতিনিধি দল আলোচনা চালিয়ে যাচ্ছে।
প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষ্যমতে,
ইরান আলোচনার মাধ্যমে একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। যুক্তরাষ্ট্রের দাবিগুলো সমাধানের
লক্ষ্যেই তেহরান এই প্রস্তাব তৈরি করছে বলে তিনি উল্লেখ করেন।
ইসলামাবাদে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন, ইরানি পররাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র পাকিস্তানের শীর্ষপদের কর্মকর্তাদের সাথেই বৈঠক করবেন।
''ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের কোনো বৈঠকের পরিকল্পনা নেই। ইরানের মতামত শুধুমাত্র পাকিস্তানকে জানানো হবে,'' তিনি বলেছেন।
এদিকে এর আগে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কমকর্তারা এখন ''তাদের সাথেই আলোচনা করছেন যারা ইরানের ক্ষমতায় রয়েছে''।
তিনি দাবি করেছেন, ''ইরানিরা একটি প্রস্তাব দিতে যাচ্ছে, আমাদের সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে।'' তবে তিনি বিস্তারিত কিছু জানাননি।
আলোচনায় অংশ নিতে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুুশনারের ইসলামাবাদের পথে রওনা হওয়ার কথা রয়েছে।
শীর্ষ পর্যায়ের এই আলোচনা ঘিরে ইসলামাবাদ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বেশিরভাগ প্রধান সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে ও গণপরিবহন স্থগিত করা হয়েছে।
গতকাল যা যা ঘটেছে:
বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে যে জ্বালানি সংকট দেখা দিয়েছে, তার কিছুটা তৈরি করা।
মধ্যপ্রাচ্যের বাইরে সাইপ্রাসে মিসর, সিরিয়া ও লেবাননের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস বলেছেন, একটি সমন্বিত বা পূর্ণাঙ্গ চুক্তি হলে ইরানের ওপর থেকে ধাপে ধাপে নিষেধাজ্ঞা শিথিল করে নিতে প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন।
যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মঙ্গলবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গিয়ে ইরানের সাথে শান্তি আলোচনায় অংশ নেবেন বলে ধারণা করা হলেও সেটি নিয়ে এখনো অস্পষ্টতা আছে।
ইরানের সরকার নিশ্চিত করেছে যে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি শুক্রবার রাতে ইসলামাবাদ সফরে যাচ্ছেন।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালিতে যে দু'টি জাহাজে ইরান গুলি চালিয়েছে ও জব্দ করেছে, সেগুলো ছিল "সাধারণ জাহাজ", যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের না।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল বৃহস্পতিবার তার প্রচারসভায় মন্তব্য করেন, "আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অরাজকতা নয়, অধ্যয়নের পরিবেশ চাই।" আজ শুক্রবার সেই মন্তব্যের তীব্র সমালোচনা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
ইরানের রাজধানী তেহরানের অন্যতম প্রধান বিমানবন্দর ইমাম খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালুর কথা জানিয়েছে ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি।
রাজশাহীর দূর্গাপুরে একটি কলেজে ঢুকে ভাঙচুর ও শিক্ষিকাকে জুতাপেটা করার ঘটনায় দুর্গাপুর উপজেলাধীন জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আকবর আলীকে বহিষ্কার করা হয়েছে।
ইসলামাবাদে বিভিন্ন সড়ক অবরোধ আজ ষষ্ঠ দিনে গড়িয়েছে। তবে এগুলো কবে খুলে দেওয়া হতে পারে—সে বিষয়ে কোনো খবর নেই।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ও ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ একে অপরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে।
বাংলাদেশের বেশ কয়েকটি বিভাগে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ চলছে। এর মধ্যেই কয়েকটি জেলায় ঝড় ও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।
বিবিসি বাংলার লাইভ
বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।