স্পেনে ট্রেন দুর্ঘটনায় অন্তত ৬৮ জনের মৃত্যু, তিন দিনের শোক ঘোষণা

স্পেনে মাদ্রিদের কাছে দুটি দ্রুতগামী ট্রেনের মধ্যে সংঘর্ষে নিহতের সংখ্যা বাড়ছে। এদিকে, ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচনের বেশিরভাগ ভোট গণনায় বেনিয়ামিন নেতানিয়াহু বা তার প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের জোট কোনোটিই সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্টতা পায়নি।

সরাসরি কভারেজ

রিপোর্টিংয়ে মরিয়ম সুলতানা, সম্পাদনায় ফৌজিয়া সুলতানা

  1. বুধবার সারাদিন যা যা ঘটেছে:

    • স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৮ জনে পৌঁছেছে বলে স্প্যানিশ গণমাধ্যমকে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। দেশটিতে তিন দিনের শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
    • ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ফ্লাভিও বলসোনারো।
    • ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচনের বেশিরভাগ ভোট গণনার পরও বেনিয়ামিন নেতানিয়াহু বা গাদি আইজেনকোটের জোট কোনোটিই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্টতা পায়নি।
    • বাংলাদেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালকের ওপর হামলা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
    • 'শব্দচয়ন' নিয়ে আইজিপিকে সতর্ক করেছেন জানিয়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আইনের কঠোরতা বোঝাতে আইজিপি "অসতর্কভাবে 'ক্রসফায়ার' শব্দটি ব্যবহার করেছেন"।
    • পশ্চিমবঙ্গের সাবেক তথ্য প্রযুক্তি মন্ত্রী, গায়ক ইন্দ্রনীল সেনকে গ্রেফতার করলো কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা। অভিযোগ দূর্গাপুজোর প্যান্ডেলের পাস বিক্রিতে বেহিসাবী টাকার লেনদেন হয়, এর সাথে জড়িত ছিলেন তিনি।
    • ঢাকার শেরে বাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে ভাঙচুর চালিয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
    • বাংলাদেশের বিভিন্ন সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে (টিএসসি) ছাত্র-ছাত্রী ভর্তির হার অত্যন্ত কম থাকায় ২৫টি প্রতিষ্ঠানে আগামী শিক্ষাবর্ষ থেকে দ্বিতীয় শিফটের শিক্ষা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
    • নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভার 'বন্ধ ছিল না', বরং রক্ষণাবেক্ষণ ও কিছু কারিগরি উন্নয়নের কাজের কারণে আজ প্রায় দেড় ঘণ্টা সার্ভার 'ধীরগতির' ছিল বলে জানিয়েছেন এনআইডি অনুবিভাগের সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন।
    • ইসরায়েলের নির্বাচনে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান বদলে দেওয়ার পেছনে নিজের ভূমিকা রয়েছে বলে ইঙ্গিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
    • ‘বিএনপি সরকারকে ভোট দিয়ে আজ ভুক্তভোগী’ বলা ময়মনসিংহের ভালুকার সেই নারী আজ জামিন পেয়েছেন। বিষয়টি বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন ময়মনসিংহ আদালত পরিদর্শক পিএসএম মোস্তাছিনুর রহমান।

    বিবিসি বাংলার লাইভপাতা আজ এখানেই শেষ হলো।

    অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।

    এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

  2. স্পেনে হাসপাতালে ভর্তি প্রায় ৮০ জন, গুরুতর আহত ১৫

    স্বজনের খবরের অপেক্ষায় থাকা এক নারীকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন স্প্যানিশ রেড ক্রসের একজন সদস্য
    ছবির ক্যাপশান, স্বজনের খবরের অপেক্ষায় থাকা এক নারীকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন স্প্যানিশ রেড ক্রসের একজন সদস্য

    স্পেনে আজকের ট্রেন দুর্ঘটনায় আহতদের সম্পর্কে আরও তথ্য সামনে আসছে।

    জরুরি সেবা কর্তৃপক্ষ জানিয়েছে, ৭৭ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। আর স্পেনের স্বাস্থ্যমন্ত্রী মোনিকা গার্সিয়া বলেছেন, তাদের মধ্যে ১৫ জনের অবস্থা “গুরুতর”।

    এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “সব হাসপাতাল তাদের জরুরি পরিস্থিতি মোকাবিলার পরিকল্পনা সক্রিয় করেছে। জরুরি সেবা ও অপারেশন থিয়েটারের সক্ষমতা বাড়ানো হয়েছে এবং চিকিৎসাসেবা কার্যক্রম পুনর্গঠিত করা হয়েছে।”

    প্রসঙ্গত, দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষের এই ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৬৮ জনের মৃত্যু নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

  3. স্পেনে ট্রেন দুর্ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

    স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ
    ছবির ক্যাপশান, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ

    স্পেনে ট্রেন দুর্ঘটনার পর বৃহস্পতিবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

    একই সঙ্গে রেলওয়ের নিরাপত্তাব্যবস্থায় কোনো ত্রুটি পাওয়া গেলে তা সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি।

    চলতি বছরের শুরুতে স্পেনের একই রেলপথে আরেকটি দুর্ঘটনায় ৪৮ জন নিহত হওয়ার প্রসঙ্গ টেনে সানচেজ বলেন, “এখন পর্যন্ত মনে হচ্ছে, দু'টি দুর্ঘটনার কারণের মধ্যে কোনো মিল নেই। তবে তদন্তের মাধ্যমেই তা নিশ্চিত করতে হবে।”

    তিনি আরও বলেন, “উচ্চগতির রেলব্যবস্থার ওপর মানুষের আস্থা ফিরিয়ে আনতে আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। স্পেনের মতো একটি দেশে একই বছরে উচ্চগতির ট্রেনের দু'টি দুর্ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

  4. প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ব্রাজিলের ফ্লাভিও বলসোনারো

    ফ্লোরিডায় আজ সকালে বলসোনারোর সঙ্গে তার স্ত্রী ফার্নান্দা ও দুই মেয়েকে দেখা যাচ্ছে।
    ছবির ক্যাপশান, ফ্লোরিডায় আজ সকালে বলসোনারোর সঙ্গে তার স্ত্রী ফার্নান্দা ও দুই মেয়েকে দেখা যাচ্ছে

    ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ফ্লাভিও বলসোনারো।

    ব্রাজিল কর্তৃপক্ষ তার পাসপোর্ট বাতিল করার একদিন পর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় তাকে দেখা গেছে।

    রোববার ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে হেরে যান বলসোনারো। তবে নির্বাচনের ফলাফল নিয়ে আপত্তি জানিয়েছেন তিনি।

    ফ্লোরিডার মায়ামি-ওপা লোকা এক্সিকিউটিভ বিমানবন্দরে পৌঁছানোর পর বিমানের সিঁড়ি দিয়ে নেমে আসেন বলসোনারো।

    এ সময় তাকে ঘিরে ধরেন আলোকচিত্রীরা। তখন তাকে আড়াল করতে তার সহযোগীরা ছাতা ধরে রাখেন।

    ফ্লাভিও বলসোনারো ব্রাজিল থেকে সরাসরি যুক্তরাষ্ট্রে যাননি। সেখানে পৌঁছানোর আগে তাকে বেশ কয়েকটি জায়গা হয়ে যেতে হয়েছে। তিনি প্রথমে ব্রাজিলের সীমান্ত পেরিয়ে আর্জেন্টিনায় গেছেন।

    আর্জেন্টিনার অভিবাসন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মঙ্গলবার স্থানীয় সময় রাত ১০টা ৫০ মিনিটে পরিবারের সদস্যদের সঙ্গে স্থলপথে ব্রাজিলের সীমান্ত পেরিয়ে আর্জেন্টিনায় প্রবেশ করেন বলসোনারো। এরপর তাদের বহনকারী বিমানটি জ্বালানি নিতে ইকুয়েডরের বৃহত্তম শহর গুয়ায়াকিলে থামে।

    সেখান থেকে বলসোনারো ও তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রের মায়ামির উদ্দেশে রওনা হন।

    আজ বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে ফ্লোরিডায় দেখা গেছে বলসোনারোকে।

    আর্জেন্টিনার অভিবাসন কর্তৃপক্ষ এক্সে একটি পোস্ট দিয়ে জানিয়েছে, সীমান্ত পার হওয়ার সময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী ফার্নান্দা এবং তার দুই মেয়ে লুইজা ও ক্যারোলিনা।

    ফ্লোরিডার বিমানবন্দরে ধারণ করা ছবি ও ভিডিওতেও বলসোনারোর পেছনে তার এক মেয়েকে বিমান থেকে নামতে দেখা গেছে।

    তবে ফ্লোরিডাই তার চূড়ান্ত গন্তব্য কি না, নাকি সেখান থেকে তিনি অন্য কোথাও যাবেন, তা এখনো স্পষ্ট নয়।

    রোববার নির্বাচনে পরাজয়ের পর থেকে দুই দিন তাকে প্রকাশ্যে দেখা যায়নি। ফলে তিনি কোথায় আছেন, তা নিয়ে নানা জল্পনা চলছিল। ফ্লোরিডায় পৌঁছানোর পর তার অবস্থান নিয়ে সেই অনিশ্চয়তার অবসান হয়েছে।

    এদিকে, তার দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা ছিল। ব্রাজিলের সুপ্রিম কোর্ট বলসোনারোকে তার পাসপোর্টগুলো জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তবে তিনি সেই নির্দেশ মানেননি।

    আর তার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে তদন্ত চলছে। কিন্তু তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন।

    ফ্লাভিও বলসোনারোকে আড়াল করতে ছাতা ধরে রাখতে হয়।
    ছবির ক্যাপশান, ফ্লাভিও বলসোনারোকে আড়াল করতে ছাতা ধরে রাখতে হয়
    এই প্রাইভেট জেটেই মায়ামিতে পৌঁছেছেন বলসোনারো।
    ছবির ক্যাপশান, একটি প্রাইভেট জেটে মায়ামিতে পৌঁছেছেন বলসোনারো
    বুধবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামিতে এসেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত প্রার্থী ফ্লাভিও বলসোনারো।
    ছবির ক্যাপশান, ফ্লাভিও বলসোনারোর দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা ছিল
  5. ‘কয়েকটি সেকেন্ড ছিল ভয়ংকর’

    দুর্ঘটনার শিকার ট্রেন

    স্পেনে যে দুটি ট্রেন দুর্ঘটনার শিকার হয়েছে, তার একটিতে ছিলেন সাংবাদিক রবার্তো গোমেজ। সেই অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন তিনি।

    গোমেজ জানান, দ্রুতগতির ট্রেনটি থেমে যাওয়ার সময় তিনি ঘুমিয়ে ছিলেন। পরে যাত্রীদের জানানো হয় যে লাইনে যানজট রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, কিছুক্ষণ পর ট্রেনটি আবার চলতে শুরু করে এবং এরপরই সংঘর্ষ ঘটে।

    তিনি ওন্দা সেরো রেডিওকে বলেন, “ধাক্কাটা ছিল ভয়াবহ। আপনি কল্পনা করতে পারেন, বগিটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে; ভেঙে যাওয়া বগির ভেতরে সব স্যুটকেস ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে!”

    গোমেজ নিজে সামান্য আহত হন। তবে তিনি জানান, আরেক যাত্রী তার ওপর পড়ে যান এবং ওই যাত্রীর মাথায় গভীর ক্ষত সৃষ্টি হয়।

    তিনি বলেন, “আমরা বুকে ও পাঁজরে গুরুতর আঘাত পাওয়া মানুষদের সহায়তা করতে পেরেছি।”

    তিনি আরও জানান, পরিস্থিতি ছিল অত্যন্ত বিশৃঙ্খল ও মানসিকভাবে খুবই কষ্টদায়ক। কয়েক মিনিট পর তিনি এবং অন্যরা শেষ পর্যন্ত জানালা দিয়ে বের হতে সক্ষম হন।

    এদুয়ার্দা নামের একজন তার দুটি বিড়াল নিয়ে ভ্রমণ করছিলেন। তিনি স্প্যানিশ রেডিও অনুষ্ঠান ‘হয় পর হয়’কে বলেন, সংঘর্ষের ধাক্কায় তিনি সামনে ছিটকে পড়েন এবং তার আসনের সামনের টেবিলটি ভেঙে যায়। আশপাশের অনেক যাত্রী আঘাত পান।

    ট্রেন থেকে বেরিয়ে আসার পর তিনি চিৎকারের শব্দ শুনতে পান এবং একটি বগিতে আগুন জ্বলতে দেখেন। তিনি আরও বলেন, ট্রেনের নিচে নিহত ব্যক্তিদেরও তিনি দেখতে পান।

    অন্যদিকে, মিগেল আঞ্জেল পেরেজ উচ্চগতির ট্রেনটিতে ছিলেন যখন তিনি “একটি ভয়ংকর সংঘর্ষের শব্দ” শুনতে পান।

    তিনি স্প্যানিশ টেলিভিশন অনুষ্ঠান ‘লা ওরা দে লা ১’-কে বলেন, “বগিটি আংশিকভাবে উল্টে গিয়েছিল।”

    তিনি আরও বলেন, “খোলা ট্রে-টেবিলের আঘাতে কিছু যাত্রী জখম হন। তবে সৌভাগ্যবশত খুব কম মানুষই দাঁড়িয়ে ছিলেন।”

    “আমরা ট্রেনটিকে নড়তে, লাইনচ্যুত হতে এবং একদিকে হেলে পড়তে অনুভব করেছি। কয়েক সেকেন্ড ছিল ভয়ংকর।”

    দুর্ঘটনার শিকার ট্রেনে কাজ করছেন উদ্ধারকর্মীরা
    ছবির ক্যাপশান, এই ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা ক্রমশ বাড়ছে
  6. ব্রেকিং, স্পেনে ট্রেন দুর্ঘটনায় ৬৮ জনের মৃত্যু নিশ্চিত করেছে কর্তৃপক্ষ

    উল্টে পড়ে আছে ট্রেনের কয়েকটি বগি

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৮ জনে পৌঁছেছে বলে স্প্যানিশ গণমাধ্যমকে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

    এর আগে জানানো হয়েছিল যে, গুরুতর আহত অবস্থায় আরও বহু মানুষ চিকিৎসাধীন রয়েছেন।

    এদিকে, “আজ পুরো স্পেন শোকাচ্ছন্ন” বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

    দুর্ঘটনাস্থলের কাছাকাছি স্থাপিত জরুরি কেন্দ্র পরিদর্শনের সময় তিনি বলেন, “অনেক জীবন চুরমার হয়ে গেছে, পরিবারগুলো ছিন্নভিন্ন হয়ে পড়েছে; এই যন্ত্রণা অপরিসীম।”

  7. স্পেনে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার কিছু ছবি

    স্পেনের সিভিল গার্ডের প্রকাশ করা ড্রোনের ছবিতে দুর্ঘটনাস্থলে ব্যাপক উদ্ধার তৎপরতা দেখা গেছে।

    লাইনচ্যুত ট্রেনের বগিগুলোর চারপাশে অসংখ্য গাড়ি ও অ্যাম্বুলেন্স রয়েছে।

    উদ্ধারকাজে হেলিকপ্টারও ব্যবহার করা হচ্ছে। সেখানে মাটিতে শুয়ে থাকা আহত ব্যক্তিদেরও দেখা গেছে।

    স্পেনে দ্রুতগামী দু'টি ট্রেনের সংঘর্ষ
    ছবির ক্যাপশান, দু'টি ট্রেনে ৫০০ জনের বেশি যাত্রী ছিলেন
    স্পেনে দ্রুতগামী দু'টি ট্রেনের সংঘর্ষ
    ছবির ক্যাপশান, নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে
    উদ্ধারকাজে হেলিকপ্টারও ব্যবহার করা হচ্ছে।
    ছবির ক্যাপশান, উদ্ধারকাজে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে

    ট্রেন দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। সেগুলো যাচাই করেছে বিবিসি ভেরিফাই।

    যাচাই করা একটি ভিডিওতে দেখা যায়, একটি ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে রেললাইনের পাশের ঢালে উল্টে পড়ে আছে।

    প্রথম বগিটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে হচ্ছে। এর চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ভাঙা অংশ।

    সেখানে জরুরি সেবার বেশ কয়েকটি গাড়ি ও উদ্ধারকর্মীদের দেখা গেছে।

    একটি ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে রেললাইনের পাশের ঢালে উল্টে পড়ে আছে।
    ছবির ক্যাপশান, একটি ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে রেললাইনের পাশের ঢালে উল্টে পড়ে আছে

    দুর্ঘটনার পরের ছবি ও ভিডিও যাচাই করে বিবিসি ভেরিফাই দেখেছে, রেললাইনের একটি লম্বা লোহার পাত ট্রেনের একটি বগি ভেদ করে ছাদ দিয়ে বেরিয়ে গেছে।

    ছাদের বাইরে বেরিয়ে থাকা অংশটি প্রায় ১০ মিটার লম্বা। তবে রেললাইনের ওই অংশটি কীভাবে বগির ভেতর ঢুকল, তা এখনো স্পষ্ট নয়।

    রেললাইনের একটি লম্বা লোহার পাত দুর্ঘটনাকবলিত ট্রেনের একটি বগি ভেদ করে ছাদ দিয়ে বেরিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
    ছবির ক্যাপশান, রেললাইনের একটি লম্বা লোহার পাত দুর্ঘটনাকবলিত ট্রেনের একটি বগি ভেদ করে ছাদ দিয়ে বেরিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে

    স্পেনের মাদ্রিদ, সিউদাদ রিয়াল ও আন্দালুসিয়ার মধ্যে ট্রেন চলাচল এখনো বন্ধ রয়েছে বলে জানিয়েছে দেশটির রেল সংস্থা রেনফে।

    প্রকাশিত ছবিতে দেখা গেছে, দেশটির দক্ষিণাঞ্চলের সেভিয়া সান্তা হুস্তা রেলস্টেশনে অপেক্ষা করছেন বহু যাত্রী।

    ট্রেন চলাচল বন্ধ, তথ্যের অপেক্ষায় স্টেশনে যাত্রীদের ভিড়
    ছবির ক্যাপশান, ট্রেন চলাচল বন্ধ, তথ্যের অপেক্ষায় স্টেশনে যাত্রীদের ভিড়
  8. আইইডিসিআরের পরিচালকের ওপর ঘটনায় তদন্ত কমিটি গঠন

    বাংলাদেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (ফাইল ছবি)
    ছবির ক্যাপশান, বাংলাদেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (ফাইল ছবি)

    বাংলাদেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালকের ওপর হামলা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

    আজ বুধবার স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-১ অধিশাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ কথা জানানো হয়।

    আদেশে বলা হয়েছে, বুধবার বেলা ১১টার দিকে আইইডিসিআরের পরিচালকের ওপর হামলা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির পরিপ্রেক্ষিতে বিভিন্ন সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সংবাদের সত্যতা যাচাই এবং প্রকৃত ঘটনা উদঘাটনের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

    স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (বাজেট) আরিফ আহমেদকে কমিটির আহ্বায়ক করা হয়েছে।

    কমিটির অন্য দুই সদস্য হলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান এবং স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব (প্রশাসন-১ শাখা) ইমতিয়াজ হোসেন।

    তাদের মধ্যে ইমতিয়াজ হোসেন সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

    অফিস আদেশ অনুযায়ী, কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করে সুস্পষ্ট পর্যবেক্ষণ, তথ্য-প্রমাণ, দায়দায়িত্ব নিরূপণ ও প্রয়োজনীয় সুপারিশসহ একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করতে হবে।

    তদন্তের প্রয়োজনে স্বাস্থ্য অধিদপ্তর বা এর আওতাধীন প্রতিষ্ঠান থেকে কর্মকর্তাদের কো-অপ্ট করতে পারবে কমিটি।

    স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ইমতিয়াজ হোসেনের সই করা আদেশে কমিটি গঠনের কথা জানানো হয়েছে।

  9. স্পেনে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬৪

    উল্টে পড়ে আছে ট্রেনের একটি বগি
    ছবির ক্যাপশান, দুটি ট্রেনে ৫০০ জনের বেশি যাত্রী ছিল

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬৪ জনে পৌঁছেছে।

    কাস্তিয়া লা মাঞ্চা আঞ্চলিক সরকার জানিয়েছে, ট্রেন দুর্ঘটনায় এখন পর্যন্ত ৬৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

    দুর্ঘটনার শিকার দুটি ট্রেনে ৫০০ জনের বেশি যাত্রী ছিল বলেও জানা যাচ্ছে।

    ২০১৩ সালের জুলাই মাসের পর স্পেনে এমন ভয়াবহ রেল বিপর্যয় আর ঘটেনি। উত্তর-পশ্চিম স্পেনের সান্তিয়াগো দে কম্পোস্তেলা শহরের উপকণ্ঠে একটি বাঁকের ওপর ঘটা সেই ট্রেন দুর্ঘটনায় ৮০ জন মানুষ প্রাণ হারিয়েছিলেন।

  10. 'শব্দচয়ন' নিয়ে আইজিপিকে সতর্ক করার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
    ছবির ক্যাপশান, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    'শব্দচয়ন' নিয়ে আইজিপিকে সতর্ক করেছেন জানিয়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আইনের কঠোরতা বোঝাতে আইজিপি "অসতর্কভাবে 'ক্রসফায়ার' শব্দটি ব্যবহার করেছেন"।

    আজ বুধবার বিকেলে সংবিধান সংশোধন কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

    তিনি তখন বলেন, বর্তমান সরকারের মেয়াদে এখন পর্যন্ত কোনো ক্রসফায়ার বা গুম হয়নি।

    "এ সরকারের মেয়াদ আট মাস পার হলো। কোনো ক্রসফায়ার, কাস্টডিয়াল ডেথ হয়েছে? গুমের শিকার হয়েছে কেউ? হয়নি। একটা অভিযোগ আছে, আমরা তদন্ত করছি তা নিয়ে," সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন।

    তিনি আরও জানান, যে ঘটনায় অভিযোগ আছে, তা নিয়ে সরকার মানবাধিকার সংস্থাগুলোকেও স্বাধীনভাবে তদন্ত করার আহ্বান জানিয়েছে, কেউ কোনো অভিযোগ দেয়নি এখনো।

    "তাই, এটা যথেষ্ট সময় একটি সরকারকে বিশ্লেষণ করার জন্য," যোগ করেন তিনি।

    এরপর তিনি আইজিপির বক্তব্য প্রসঙ্গে বলেন, "আজিজিপির মন্তব্যের ব্যাখ্যা পরবর্তীতে দেওয়া হয়েছে। আইনের কঠোর প্রয়োগ করার ক্ষেত্রে বক্তব্য রাখতে গিয়ে হয়তো অসতর্কভাবে এই শব্দচয়নটা হয়েছে।”

    "ওখানে সে বলে নাই কিন্তু যে ক্রসফায়ারের নির্দেশনা উনি পেয়েছেন বা উনি নিজে করতে চান। তারপরও আমি বলেছি, এই জাতীয় শব্দচয়ন করা তার সঠিক হয়নি," যোগ করেন তিনি।

    মূলত, গত ২৬শে অক্টোবর বাংলাদেশ পুলিশ প্রধান আলী হোসেন ফকির পুরান ঢাকার চকবাজারে কমিউনিটি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং সেবা চালুর উদ্বোধনী অনুষ্ঠানে কথা প্রসঙ্গে বলেন, "কে আসবে, আপা কবে আসবে, কী হবে, ওইটা আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর দেখার বিষয় না।"

    "আমাদের দায়িত্ব আইন-সংবিধান অনুযায়ী যখন যেখানে যা প্রয়োগ করা দরকার, সেটাই আমরা করবো। যেখানে ক্রসফায়ার যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাও করে আমরা সেটাই করবো," বলেন আইজিপি।

    তার ওই মন্তব্য ঘিরে পরবর্তীতে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। এরপর ওইদিন সন্ধ্যাই একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে পুলিশ সদর দপ্তর থেকে বলা হয়, "আইজিপি ক্রসফায়ার শব্দটিকে আইন প্রয়োগের কঠোরতা বোঝাতে উল্লেখ করেছেন।"

  11. গ্রেফতার সাবেক মন্ত্রী, গায়ক ইন্দ্রনীল সেন

    তৃণমূল সরকারের তথ্য সংস্কৃতি দফতরের মন্ত্রী ছিলেন ইন্দ্রনীল সেন
    ছবির ক্যাপশান, গ্রেফতার সাবেক মন্ত্রী ইন্দ্রনীল সেন

    পশ্চিমবঙ্গের সাবেক তথ্য প্রযুক্তি মন্ত্রী, গায়ক ইন্দ্রনীল সেনকে গ্রেফতার করলো কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা। অভিযোগ দূর্গাপুজোর প্যান্ডেলের পাস বিক্রিতে বেহিসাবী টাকার লেনদেন হয়, এর সাথে জড়িত ছিলেন তিনি। সেই অভিযোগেই লাগাতার পুলিশি জেরার মুখে পড়েছিলেন সাবেক এই মন্ত্রী। বুধবার তাকে গ্রেফতার করে পুলিশ।

    বুধবার পুজোর পাস বিতরণে অনিয়মের অভিযোগে মামলায় সল্টলেকে সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে তাকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তারপর সেখান থেকে বেরোতেই চন্দননগরের প্রাক্তন তৃণমূল বিধায়ককে গাড়িতে তুলে নেয় পুলিশ।

    পুলিশ সূত্রে স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলে তাকে গ্রেফতার করা হয়েছে। লালবাজার অর্থাৎ কলকাতা পুলিশের সদর দফতরে নিয়ে যাওয়া হবে বলেও জানানো হচ্ছে।

    এর আগে ইউনেস্কোর নাম করে দুর্গাপুজোর পাস বিক্রি করে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছিল। তাতেই নাম জড়িয়েছিল এই সাবেক মন্ত্রীর বলে জানাচ্ছে তদন্তকারী সংস্থা।

    ইন্দ্রনীলের বিরুদ্ধে পুজোর পাসে দুর্নীতি সংক্রান্ত মূল অভিযোগে এফআইআর দায়ের করা হয় বৌবাজার থানায় কলকাতা পুলিশের কাছে। পরে ইডি-ও তদন্ত শুরু করে।

    স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, প্রাথমিক তদন্তে ইডি-র অনুমান, ৫০ থেকে ৬০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। সাবেক মন্ত্রীর কসবার বাড়ি এবং সিঙ্গুরের বাগানবাড়িতেও ইতিমধ্যেই তল্লাশি চালানো হয়েছে। অভিযোগকারীদের দাবি, ভুয়ো পাস বিক্রি করে দুর্গাপুজোর টাকা তুলতেন অভিযুক্ত।

  12. পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে শেকৃবি শিক্ষার্থীদের ভাঙচুর

    ঢাকার শেরে বাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে ভাঙচুর চালিয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

    শেরেবাংলা নগর থানার ইন্সপেক্টর (তদন্ত) আজিজুর রহমান বিবিসি বাংলাকে বলেন, আজকে সকালের ঘটনা এটা। এখন পরিস্থিতি স্বাভাবিক।

    কী নিয়ে শিক্ষার্থীদের অসন্তোষ, তার ব্যাখ্যায় তিনি জানান, ওই মাঠে সচিবালয় স্থানান্তরের ঘোষণা হয়েছে। কিন্তু শিক্ষার্থীরা তা মানছেন না। তারা বলছেন যে ওই মাঠ তাদের বিশ্ববিদ্যালয়ের, আবার গণপূর্ত বলছে মাঠ তাদের। শিক্ষার্থীদের দাবি, মাঠটি বিশ্ববিদ্যালয়ের গবেষণাকাজে ব্যবহারের জন্য ফিরিয়ে দিতে হবে।

    মাঠটিতে ‘এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা’ আয়োজনের প্রস্তুতি চলছিলো। পাশেই ‘যুব মেলা’ নামে আরেকটি মেলার আয়োজন চলছে। এই দুই মেলা উপলক্ষে মাঠটিতে বিভিন্ন স্টল নির্মাণ করা হচ্ছিলো।

    "শিক্ষার্থীরা ভাঙচুর করেছে বলতে ওই মেলার বিভিন্ন স্টল, বেড়া ভেঙে ফেলেছে," বলছিলেন আজিজুর রহমান।

  13. ২৫টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের দ্বিতীয় শিফট স্থগিত

    বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড

    বাংলাদেশের বিভিন্ন সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে (টিএসসি) ছাত্র-ছাত্রী ভর্তির হার অত্যন্ত কম থাকায় ২৫টি প্রতিষ্ঠানে আগামী শিক্ষাবর্ষ থেকে দ্বিতীয় শিফটের শিক্ষা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

    কারিগরি শিক্ষা অধিদপ্তরের গতকালের এক আদেশে এ কথা জানানো হয়। খবর রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস-এর।

    আদেশে বলা হয়েছে, বিগত তিন বছরে সংযুক্ত তালিকাভুক্ত ২৫টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে দ্বিতীয় শিফটে শিক্ষার্থী ভর্তির হার সন্তোষজনক নয়, এমনকি কিছু-কিছু ক্ষেত্রে ভর্তির সংখ্যা একেবারেই শূন্য। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোতে প্রথম শিফটেও ছাত্র-ছাত্রী ভর্তির হার বেশ কম। সার্বিক বিষয় বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    আদেশে আরও বলা হয়, তালিকাভুক্ত ২৫টি প্রতিষ্ঠানে আগামী শিক্ষাবর্ষ বা সেশন থেকে দ্বিতীয় শিফটের শিক্ষা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে। তবে ভবিষ্যতে ছাত্র-ছাত্রী ভর্তি বৃদ্ধি সাপেক্ষে এই শিফটগুলো পুনরায় চালুর বিষয়টি বিবেচনা করা হবে।

    এছাড়া, স্থগিতকৃত ২৫টি প্রতিষ্ঠানের দ্বিতীয় শিফটে কর্মরত জনবলকে যে সমস্ত প্রতিষ্ঠানে দ্বিতীয় শিফট চালু রয়েছে, সেখানে বদলি বা পদায়ন করা হবে যাতে মানসম্মত পাঠদান নিশ্চিত করা যায়।

    দ্বিতীয় শিফট স্থগিত করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে— জয়পাড়া, টাঙ্গাইল, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর, ভৈরব, বান্দরবান, পিরোজপুর, ঝালকাঠি, ভোলা, পটুয়াখালী, বরগুনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, হোসেনাবাদ, ঝিনাইদহ, শেরপুর, মৌলভীবাজার, নওগাঁ, নাটোর, জয়পুরহাট এবং সিরাজগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ।

  14. এনআইডি সার্ভারে দেড় ঘণ্টা 'ধীরগতির' কারণ জানালো নির্বাচন কমিশন

    নির্বাচন কমিশন
    ছবির ক্যাপশান, নির্বাচন কমিশন

    নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভার 'বন্ধ ছিল না', বরং রক্ষণাবেক্ষণ ও কিছু কারিগরি উন্নয়নের কাজের কারণে আজ প্রায় দেড় ঘণ্টা সার্ভার 'ধীরগতির' ছিল বলে জানিয়েছেন এনআইডি অনুবিভাগের সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন।

    আজ বুধবার বিবিসি বাংলাকে তিনি বলেন, “আমাদের সিস্টেম বন্ধ ছিল না। রক্ষণাবেক্ষণের কাজের কারণে ঘণ্টা দেড়েক সেবা পেতে কিছুটা ধীরগতি ছিল। দুপুর ১২টার আগে থেকে ১টা পর্যন্ত এই সমস্যা ছিল। আমাদের কিছু বিষয় আপগ্রেড করার প্রয়োজন হয়েছিল। এ ধরনের কাজ মাঝেমধ্যেই করা হয়।”

    সার্ভারে প্রবেশ করতে না পারায় অনেকের কাছে সেটি বন্ধ বলে মনে হতে পারে উল্লেখ করে তিনি বলেন, “কেউ যদি সার্ভারে অ্যাক্সেস করতে না পারেন, তাহলে তার মনে হতে পারে সার্ভার ডাউন। কিন্তু বাস্তবে সেটি বন্ধ ছিল না।”

    সম্প্রতি পিএইচপির নিরাপত্তাগত ত্রুটি নিয়ে তৈরি হওয়া শঙ্কার সঙ্গে এই সমস্যার কোনো সম্পর্ক নেই বলেও জানান তিনি।

    মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, “পিএইচপির ওই শঙ্কা থেকে আমরা মুক্ত। কারণ আমাদের কোনো তথ্যই পাবলিক নেটওয়ার্কে নেই। আমাদের সব যোগাযোগ হয় ইন্টার্নাল নেটওয়ার্কের মাধ্যমে। ফলে ইন্টারনেট ব্যবহার করে বাইরের কেউ চাইলেই আমাদের সিস্টেমে প্রবেশ করতে বা তথ্য পরিবর্তন করতে পারবেন না।”

    এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলেও আশ্বস্ত করেন এনআইডি অনুবিভাগের এই কর্মকর্তা।

  15. স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত

    স্পেনে দুই ট্রেনে সংঘর্ষ
    ছবির ক্যাপশান, এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বাড়তে পালে বলে আশঙ্কা করা হচ্ছে

    স্পেনে দ্রুতগামী দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। তবে হতাহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    মাদ্রিদের দক্ষিণে উরদার কাছে স্থানীয় সময় আজ সকালে ঘটে যাওয়া ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৩০ জনে দাঁড়িয়েছে বলে আঞ্চলিক সরকারি সূত্রগুলো স্পেনের বার্তা সংস্থা ‘এফে’-কে জানিয়েছে।

    কাস্তিয়া-লা মানচার কর্মকর্তারা জানিয়েছেন, বেসরকারি অপারেটর ‘ইরিয়ো’ -এর একটি ট্রেনে ১৪৭ জন এবং অন্য একটি ট্রেনে ৩৯৭ জন যাত্রী ছিলেন। তবে এখন পর্যন্ত তারা নিশ্চিত করতে পারেননি যে, ‘ইরিয়ো’ ট্রেনটি থেমে থাকা অবস্থায় দ্রুতগামী ট্রেনটি সেটির পেছনে ধাক্কা দিয়েছিল কি না।

    উরদা শহরটি মাদ্রিদ থেকে প্রায় ১৪০ কিলোমিটার (১০০ মাইল) দক্ষিণে অবস্থিত।

    জরুরি সেবা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের সহায়তা করছেন এবং জীবিতদের খোঁজে উদ্ধার অভিযান চালাচ্ছেন।

    ট্রেনের এক যাত্রী স্থানীয় গণমাধ্যমকে জানান, যাত্রা শুরুর প্রায় ৪০ মিনিট পর একটি তীব্র ধাক্কা অনুভূত হয়।

    ঘটনাস্থলে দমকলকর্মী, প্যারামেডিক ও অন্যান্য জরুরি সেবা কর্মীদের পাশাপাশি তিনটি হেলিকপ্টারও মোতায়েন করা হয়েছে।

    প্রতিবেদন অনুযায়ী, সরকার মনে করছে সিগন্যালিং-সংক্রান্ত ত্রুটি এই দুর্ঘটনার সম্ভাব্য কারণ।

    দেশটির জাতীয় রেল পরিচালনা প্রতিষ্ঠান রেনফে ট্রেন দুটিতে থাকা যাত্রীদের স্বজনদের জন্য একটি সহায়তা হটলাইন চালু করেছে।

    এদিকে, পার্লামেন্ট দিনের নির্ধারিত সব কর্মসূচি বাতিল করেছে। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানান, এ খবরে তিনি “মর্মাহত”। তিনি আহত ব্যক্তিদের এবং তাদের পরিবারের প্রতি সংহতি ও সমর্থনও প্রকাশ করেন।

    গত জানুয়ারিতে একই রুটে দুটি ট্রেনের সংঘর্ষে ৪৬ জন নিহত হয়েছিলেন।

  16. ট্রাম্পের ইঙ্গিত- তার ‘সমর্থনেই নেতানিয়াহুর নির্বাচনী অবস্থা পাল্টে গেছে’

    বেনিয়ামিন নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্প (ফাইল ছবি)
    ছবির ক্যাপশান, বেনিয়ামিন নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্প (ফাইল ছবি)

    ইসরায়েলের নির্বাচনে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান বদলে দেওয়ার পেছনে নিজের ভূমিকা রয়েছে বলে ইঙ্গিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে আরভিং জি. শোয়ার্টজ নামে একজনের একটি বক্তব্য পোস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে বলা হয়েছে, ট্রাম্পের সমর্থন পাওয়ার পরই নির্বাচনে নেতানিয়াহুর অবস্থানের পরিবর্তন এসেছে।

    সেখানে বলা হয়েছে, “প্রেসিডেন্ট ট্রাম্প যখন বিবি নেতানিয়াহুকে সমর্থন দেন, তখনই নির্বাচনের পরিস্থিতি পুরোপুরি পাল্টে যায়। আগে যেখানে এই প্রধানমন্ত্রীর বড় ব্যবধানে পরাজয়ের আশঙ্কা ছিল, সেখানে এখন হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। এমনকি পিছিয়ে পড়া অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে নেতানিয়াহু জয়ীও হতে পারেন।”

    “প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থনের পরই এসব পরিবর্তন এসেছে। তিনি কেবল মধ্যপ্রাচ্য, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মঙ্গল চান।”

    এদিকে, মঙ্গলবার ইসরায়েলের সাধারণ নির্বাচনে ৭৭ দশমিক সাত শতাংশ ভোট পড়েছে।

    দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ১৯৯৯ সালের পর এটিই সর্বোচ্চ ভোটদানের হার।

    ভোটগ্রহণ শেষে প্রকাশিত তিনটি বুথফেরত জরিপের দু'টিতে দেখা গেছে, গাদি আইজেনকটের নেতৃত্বাধীন জোটের সঙ্গে নেতানিয়াহুর শিবিরের হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে।

    তবে তৃতীয় জরিপে নেতানিয়াহুর দল সামান্য ব্যবধানে এগিয়ে থাকতে পারে বলে আভাস দেওয়া হয়েছে।

    সর্বশেষ পাওয়া তথ্যেও নেতানিয়াহুর দল নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

    ট্রুথ সোশ্যালে দেওয়া ট্রাম্পের পোস্ট
    ছবির ক্যাপশান, ট্রুথ সোশ্যালে দেওয়া ট্রাম্পের পোস্ট
  17. ‘বিএনপিকে ভোট দিয়ে আজ ভুক্তভোগী’ বলা ময়মনসিংহের সেই নারীর জামিন

    সাথী আক্তার
    ছবির ক্যাপশান, ফেসবুক লাইভে এমন মন্তব্য করেছিলেন সাথী আক্তার

    ‘বিএনপি সরকারকে ভোট দিয়ে আজ ভুক্তভোগী’ বলা ময়মনসিংহের ভালুকার সেই নারী আজ জামিন পেয়েছেন। বিষয়টি বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন ময়মনসিংহ আদালত পরিদর্শক পিএসএম মোস্তাছিনুর রহমান।

    তিনি জানান, এদিন দুপুর সাড়ে ১২টার দিকে ওই নারীর জামিন দিয়েছে আদালত।

    ওই নারীর নাম সাথী আক্তার। গত রোববার তিনি তার ফেইসবুক পাতা থেকে লাইভ করেন। সেখানে তার নিজের ব্যবসা প্রতিষ্ঠানের বৈদ্যুতিক তার চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, "বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী"।

    তিনি তখন অভিযোগ করেন যে তার দু’টি ব্যবসায়িক প্রতিষ্ঠানের আনুমানিক ২৪ হাজার টাকা মূল্যের কারেন্টের তার এবং তার বাড়ি থেকে মোবাইল, স্যান্ডেলসহ নানা জিনিস চুরি হয়েছে।

    তিনি দু'টি লাইভ করেছিলেন। একটি আট মিনিট নয় সেকেন্ড এবং আরেকটি পাঁচ মিনিট ২২ সেকেন্ডের।

    একটি ভিডিওতে তাকে বলতে শোনা গেছে, অনেক পরিশ্রম করে ব্যবসা পরিচালনা করছেন, কিন্তু চুরি-ডাকাতির জন্য রাত হলে নিরাপদে থাকতে পারছেন না। শুধু ব্যবসায়ীরাই না, "দেশে এখন কেউই নিরাপদে নেই" বলেও দাবি করেন তিনি।

    ওই লাইভের পর সাথী আক্তারের প্রতিষ্ঠানের সামনে অনেক মানুষ জড়ো হয়ে তার লাইভে বলা কথার প্রতিবাদ করেন।

    পরে ভালুকা মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সাথী আক্তারকে থানায় নিয়ে যায়। পরদিন ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় তাকে গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়।

    এদিকে, ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে আজ একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে দাবি করা হয়, “সরকারবিরোধী বক্তব্য প্রদান বা মতপ্রকাশের কারণে নয়; বরং উদ্ভূত পরিস্থিতিতে সংশ্লিষ্ট ব্যক্তির দ্বারা ধর্তব্য অপরাধ সংঘটনের আশঙ্কায় আইনানুগ প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছিল”।

    যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বা গুজব প্রচার না করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয় এতে।

  18. ইসরায়েলে ৭০ শতাংশ ভোট গণনা শেষেও সংখ্যাগরিষ্ঠতা নেই কারো

    বেনিয়ামিন নেতানিয়াহু ও তার প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোট
    ছবির ক্যাপশান, বেনিয়ামিন নেতানিয়াহু ও তার প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোট

    ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে কোনো দলই কখনও এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি, ফলে সবসময়ই জোট সরকার গঠিত হয়েছে। এবারও সম্ভবত তার ব্যাতিক্রম হচ্ছে না দেশটিতে।

    ৭০ শতাংশেরও বেশি ভোট গণনা শেষে দেখা যাচ্ছে যে, বেনিয়ামিন নেতানিয়াহু বা তার অন্যতম প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের জোট কোনোটিরই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের কোটা পূরণ করতে পারার সম্ভাবনা দেখা যাচ্ছে না।

    রাতভর নেতানিয়াহু ও আইজেনকোট দুজনই সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন এবং পরবর্তী সরকার গঠনের অঙ্গীকার করেন।

    উল্লসিত সমর্থকদের উদ্দেশে নেতানিয়াহু বলেন, “ডানপন্থি জোটের পক্ষে জায়নবাদী জনসমর্থন, ইহুদি জনসমর্থন এবং ইহুদি রাষ্ট্রকে সমর্থনকারী সবার মধ্যে একটি স্পষ্ট ও নির্ধারক সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। সেটাই এখন পরিষ্কার হয়েছে।”

    তবে তিনি সরাসরি বিজয় দাবি করা থেকে বিরত থাকেন।

    তিনি আরও বলেন, “আমাদের একটি শক্তিশালী, জাতীয়তাবাদী, ডানপন্থি সরকার গঠন করতে হবে। সেটাই করা প্রয়োজন।”

    এক্সিট পোল প্রকাশের পর, যার বেশিরভাগই শুরুতে বিরোধীদের পক্ষে ইঙ্গিত দিয়েছিল, আইজেনকোট তার ইয়াশার পার্টির সমর্থকদের বলেন, “জনগণ পরিবর্তনকে বেছে নিয়েছে। ব্যর্থতার জোট জনগণের আস্থা হারিয়েছে। ইসরায়েলের জনগণ বেনিয়ামিন নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী হিসেবে অব্যাহত রাখার বিরুদ্ধে ভোট দিয়েছে।”

    তিনি আরও বলেন, “আমি আমার সহযোগীদের সঙ্গে কাজ করব যাতে জনগণের রায় একটি জায়নবাদী সরকারে প্রতিফলিত হয়, যা হবে স্থিতিশীল এবং ইসরায়েলের সব নাগরিকের জন্য কল্যাণকর। আর তা দ্রুতই করতে হবে, কারণ এই সময়ের দাবি সেটাই এবং দেশকে আবারও একত্রিত করা প্রয়োজন।”

    ভোট গণনা শেষ হওয়ার পর সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে। ইসরায়েলের প্রেসিডেন্ট বিভিন্ন দলের নেতাদের সঙ্গে পরামর্শ করবেন এবং এরপর যার সরকার গঠনের সম্ভাবনা সবচেয়ে বেশি বলে তিনি মনে করবেন, তাকেই সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন।

    এরপর ওই প্রার্থীর হাতে জোট গঠনের জন্য ২৮ দিন সময় থাকবে। তবে অতিরিক্ত সময়ের প্রয়োজন হলে তিনি আরও ১৪ দিনের মেয়াদ বাড়ানোর আবেদন করতে পারবেন।

    এই সময়ের মধ্যে আলোচনা ব্যর্থ হলে প্রেসিডেন্ট অন্য একজন প্রার্থীকে নিজস্ব জোট গঠনের চেষ্টা করার সুযোগ দিতে পারেন।

    সেটিও ব্যর্থ হলে নেসেটের সদস্যরা প্রেসিডেন্টকে তৃতীয় একজন নেতাকে সুযোগ দেওয়ার অনুরোধ করতে পারেন। আর তাতেও সফলতা না এলে নতুন নির্বাচনের ঘোষণা দেওয়া হবে।

    ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে দলগুলোর বারবার সহযোগিতায় ব্যর্থতার কারণে ইসরায়েলে পাঁচটি পৃথক নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

    ২০২২ সালের নির্বাচনে বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ দল ১২০ আসনের মধ্যে ৩২টি জিতে সবচেয়ে বড় দলে পরিণত হয়। পরে তিনি কয়েকটি কট্টর ডানপন্থি দলের সঙ্গে জোট গঠন করেন, যার ফলে তিনি ও তার মিত্ররা ৬৪ আসনের সংখ্যাগরিষ্ঠতা পান।

  19. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে।