লাইভ, বাংলাদেশে সয়াবিন তেলের দাম বাড়ল

বাংলাদেশে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে, যুক্তরাষ্ট্রের জব্দ করা জাহাজগুলো মুক্তির দাবিতে জাতিসংঘকে চিঠি দিয়েছে ইরান। আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন, তারা ইরানকে 'সামরিকভাবে পরাজিত করেছেন’। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়…

সরাসরি কভারেজ

  1. সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের গেজেট বৃহস্পতিবার

    সংসদ ভবন

    ছবির উৎস, BBC/MUKIMULA AHSAN

    বাংলাদেশের বর্তমান সংসদের সংরক্ষিত নারী আসনে বিভিন্ন দল থেকে মনোনিতদের কেউ তাদের প্রার্থিতা প্রত্যাহার না করায় ৪৯ জনের সবাই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

    বৃহস্পতিবার তাদের নামে গেজেট প্রকাশ করা হবে। এরপর শপথ আয়োজনের জন্য সংসদ সচিবালয়ে সেটি পাঠানো বলে বলে সাংবাদিকদের জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন।

  2. সয়াবিন তেলের দাম বাড়ল

    সয়াবিন তেল

    ছবির উৎস, Getty Images

    বাংলাদেশে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি চার টাকা বাড়িয়ে ১৯৯ টাকা করা হয়েছে। সেইসঙ্গে, লিটারে দুই টাকা করে বাড়ানো হয়েছে খোলা সয়াবিন তেলের দাম।

    এখন থেকে খোলা তেলের লিটার ১৭৯ টাকা দরে বিক্রি করার ঘোষণা দেওয়া হয়েছে।

    তবে পাম তেলের দাম আগের মতোই রয়েছে।

    বুধবার সচিবালয়ে ভোজ্যতেলের মূল্য পর্যালোচনা বৈঠক শেষে সরকারের এই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

  3. যুদ্ধ শুরুর পর থেকে ইরানে অন্তত ২১ জনের মৃত্যুদণ্ড: জাতিসংঘ

    জাতিসংঘের পতাকা

    ছবির উৎস, Getty Images

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইরানে অন্তত ২১ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়।

    এর মধ্যে বিক্ষোভের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অন্তত নয়জন, বিরোধী দলের সদস্য অভিযোগে দশ জনকে এবং গুপ্তচরবৃত্তির অভিযোগে দুই জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

    একই সঙ্গে, ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে জাতীয় নিরাপত্তা হুমকির অভিযোগে চার হাজারেরও বেশি মানুষকে ইরানের সরকার গ্রেফতার করেছে বলেও জানানো হয়েছে।

    এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।

    সংস্থাটি মনে করেন, যে বিচার প্রক্রিয়ায় দণ্ডাদেশ দেওয়া হয়েছে, সেটি যথাযথ হয়নি।

    বেশিরভাগ ক্ষেত্রে ভিন্নমত দমনের হাতিয়ার হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে মনে করেন কর্মকর্তারা।

    ফলে গ্রেফতার ও মৃত্যুদণ্ডের ঘটনায় মানবাধিকারের লঙ্ঘন হয়ে থাকতে পারে বলেও মনে করছেন তারা।

  4. সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব সংসদে

    আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

    ছবির উৎস, Sangsad TV

    ছবির ক্যাপশান, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

    জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনে সংসদে প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

    বুধবার জাতীয় সংসদের দ্বিতীয় সেশনের শুরুতে তিনি এ প্রস্তাব উত্থাপন করেন।

    এসময় ১৭ সদস্য বিশিষ্ট কমিটির প্রস্তাব করা হয়। এর মধ্যে সরকারি দল থেকে ১২ জন এবং বিরোধিদল থেকে পাঁচ জনের নাম আহ্বান করেন আইনমন্ত্রী।

  5. ইরানি নেতাদের সতর্ক করলেন ট্রাম্প

    ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোস্ট করা ছবি

    ছবির উৎস, Truth Social

    ছবির ক্যাপশান, ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোস্ট করা ছবি

    ইরানি নেতাদের সতর্ক করে দ্রুত তাদের 'শুভবুদ্ধি উদয় হওয়ার' প্রত্যাশা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, "ইরান কোনো কিছু ঠিকভাবে করতে পারছে না"।

    "কীভাবে একটি পারমাণবিক অস্ত্রবিরোধী চুক্তিতে স্বাক্ষর করতে হয়, তারা তা জানে না। যত তাড়াতাড়ি সম্ভব তাদের হুঁশ ফেরা উচিত," যোগ করেছেন ট্রাম্প।

    সামাজিক মাধ্যমে তিনি নিজের একটি ছবিও পোস্ট করেছেন, যেখানে তার হাতে অস্ত্র এবং পেছনে গোলা বিস্ফোরণ হতে দেখা যাচ্ছে।

    ছবির শিরোনামে লিখেছেন- "নো মোর মি. নাইস গাই!"

  6. মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা করা হবে: সংসদে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

    মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আযম খান

    ছবির উৎস, Sangsad TV

    ছবির ক্যাপশান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আযম খান

    ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনা ও তাদের সহযোগী রাজাকার, আল বদর এবং আল শামস বাহিনীর হাতে বাংলাদেশের মোট কত মানুষ হত্যা ও গণহত্যার শিকার হয়েছেন, সেটির সঠিক পরিসংখ্যান বের করতে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আযম খান।

    বুধবার সংসদে কথা বলার সময় তিনি এ কথা বলেন।

    স্বাধীনতার ৫৫ বছর পরও মুক্তিযুদ্ধে শহীদ ও গণহত্যার শিকার ব্যক্তিদের পূর্ণাঙ্গ তালিকা করা না হওয়ায় এ নিয়ে এখনও বিতর্ক হতে দেখা যায় বলে মন্তব্য করেন মন্ত্রী।

    "সরকার মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগ বাস্তবায়ন হলে গণহত্যার শিকার ও সব শহীদের একটি ‘নির্ভুল ও গ্রহণযোগ্য’ তালিকা প্রণয়ন করা সম্ভব হবে," বলেন মি. খান।

  7. যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি সংসদে তোলার দাবি রুমিন ফারহানার

    স্বতন্ত্রভাবে নির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানা

    ছবির উৎস, Sangsad TV

    সাবেক অন্তর্বর্তী সরকারের শেষের দিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তিটি জাতীয় সংসদে তোলার দাবি জানিয়েছেন স্বতন্ত্রভাবে নির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানা। বুধবার সংসদে কথা বলার সময় তিনি এই দাবি জানান।

    রুমিন ফারহানা বলেন, মঙ্গলবার মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠক হয়েছে। সে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত বাণিজ্যচুক্তিটির বিষয়ে বেশ কিছু কথা বলেছেন।

    সংসদ নির্বাচনের তিন দিন আগে হওয়া ওই চুক্তি নিয়ে মিজ ফারহানা বলেন, চুক্তির সময় দেশের 'সুশীল সমাজ ও থিংকট্যাংক মহল' থেকে বলা হয়েছিল যে, একটি অনির্বাচিত সরকার এ ধরনের চুক্তি সই করতে পারে না। এই চুক্তিতে অনেকগুলো ক্লজ আছে, যেটা বাংলাদেশের স্বার্থবিরোধী।

    "এই চুক্তি ৬০ দিনের মধ্যে যদি সরকার চায়, তারা এটিকে বাতিল করতে পারে। চুক্তিটি সংসদে আনা হোক," বলেন রুমিন ফারহানা।

    এ সময় রুমিন ফারহানাকে থামিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, "আপনি একটি নতুন প্রশ্ন উত্থাপন করেছেন। আপনি নোটিশ দেন, এটি বিবেচনা করে দেখা হবে।"

  8. হাওড়াঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

    বুধবার জাতীয় সংসদে কথা বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান

    ছবির উৎস, PMO

    ভারী বর্ষণে সুনামগঞ্জের হাওড়াঞ্চলসহ তিন জেলায় যেসব কৃষকদের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে চিহ্নিত করে আগামী তিন মাস সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

    বুধবার জাতীয় সংসদে এক প্রশ্নের উত্তরে একথা জানান তিনি।

    "গত তিনদিন আগে আবহাওয়া রিপোর্টের ওপর ভিত্তি করে আমি সুনামগঞ্জসহ হাওড় অঞ্চলের তিনটি জেলার স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দিয়েছিলাম, আবহাওয়ার পূর্বাভাসের ভিত্তিতে বৃষ্টিপাত হলে তারা যেন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়," বলেন তারেক রহমান।

    বুধবার সকালে পুনরায় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

    "আজ সকালে অধিবেশন শুরু হওয়ার আগে আমি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর সঙ্গে কথা বলে এসেছি এবং নির্দেশনা দিয়েছি, এ তিন জেলাসহ ময়মনসিংহের কিছু এলাকা প্রবল বর্ষণে সমস্যার সম্মুখীন হয়েছে।"

    "এসব এলাকার যেসব কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাদের ফসল নষ্ট হয়েছে, তাদের লোকেট করে আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়ার চেষ্টা করবো," বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

    তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ইতোমধ্যে একটি সমীক্ষা সমাপ্ত করেছে বলেও জানান প্রধানমন্ত্রী।

  9. ইয়েমেনিরা বাব এল-মান্দেব প্রণালি বন্ধ করার অপেক্ষা করছে- ইরানি কর্মকর্তার দাবি

    ইরানের শূরা কাউন্সিলের জাতীয় নিরাপত্তা কমিশনের ডেপুটি চেয়ারম্যান আলায়েদ্দিন বোরুজেরদি

    ছবির উৎস, Corbis via Getty Images

    ইরানের শূরা কাউন্সিলের জাতীয় নিরাপত্তা কমিশনের ডেপুটি চেয়ারম্যান আলায়েদ্দিন বোরুজেরদি বলেছেন, “আমাদের অবস্থান এখনো শক্ত” এবং “আমরা এখনো আমাদের নতুন তাস খেলিনি”।

    ইরানি টেলিভিশনে প্রকাশিত একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, “বাব এল-মান্দেবের গুরুত্ব হরমুজ প্রণালির চেয়ে কোনো অংশে কম নয়, আর ইয়েমেনিরা এই প্রণালি অবরোধ করে আমেরিকাকে আরেকটি আঘাত দেওয়ার জন্য অপেক্ষা করছে”।

    এমন এক সময়ে এই বক্তব্য এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরান উভয়েই হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ তাদের হাতে রয়েছে বলে দাবি করছে।

    আলাউদ্দিন বোরুজেরদি আরও বলেন, আলোচনায় তার উপস্থিতি ছিল “সর্বোচ্চ নেতার নির্দেশ অনুযায়ী”।

    এর আগে, গত সপ্তাহে ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের সদস্য আলি খাজারিয়ান বলেছিলেন, ইসলামি প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাড়ানোর “বিরোধী”।

    এদিকে, বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সঙ্গে সম্পৃক্ত তাসনিম সংবাদ সংস্থা এর আগে এক ইরানি সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে জানায়, “বাব এল-মান্দেব প্রণালিকে বিশ্বের অন্যতম কৌশলগত প্রণালি হিসেবে বিবেচনা করা হয় এবং এ বিষয়ে বিশ্বাসযোগ্য ও পূর্ণাঙ্গ হুমকি তৈরি করার ক্ষেত্রে ইরানের ইচ্ছা ও সক্ষমতা—দুটিই রয়েছে।”

    বাব এল-মান্দেব প্রণালিটি লোহিত সাগরের তীরে ইয়েমেন এবং আফ্রিকার তীরে জিবুতি ও ইরিত্রিয়ার মাঝখানে অবস্থিত।

    ভারত মহাসাগর ও এডেন উপসাগর থেকে আসা সামুদ্রিক যানগুলোকে সুয়েজ খালে পৌঁছাতে এই প্রণালি দিয়েই যেতে হয়।

    ১১৫ কিলোমিটার দীর্ঘ ও ৩৬ কিলোমিটার প্রশস্ত এই প্রণালিটি বৈশ্বিক বাণিজ্যে এক অবিচ্ছেদ্য সংযোগস্থলে পরিণত হয়—যার মাধ্যমে ইউরোপ ও এশিয়ার মধ্যে সবচেয়ে সংক্ষিপ্ত সমুদ্রপথ নিশ্চিত হয়।

    বাব এল-মান্দেব

    ছবির উৎস, Gallo Images via Getty

    ছবির ক্যাপশান, বাব এল-মান্দেব
  10. যুদ্ধে ইরানকে 'সামরিকভাবে পরাজিত' করার দাবি ট্রাম্পের

    ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসকে আপ্যায়নকালে বক্তব্য রাখেন ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, PA Media

    ছবির ক্যাপশান, ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসকে আপ্যায়নকালে বক্তব্য রাখেন ডোনাল্ড ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র সামরিকভাবে বিজয় লাভ করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    যুক্তরাষ্ট্রে সফররত ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসকে আপ্যায়নকালে তিনি এমন দাবি করেন।

    যদিও কথা বলার সময় সরাসরি ইরানের নাম উল্লেখ করেননি ট্রাম্প, বরং 'প্রতিপক্ষ' বলে সম্বোধন করেছেন।

    “আমরা সেই নির্দিষ্ট প্রতিপক্ষকে সামরিকভাবে পরাজিত করেছি,” বলেন ডোনাল্ড ট্রাম্প।

    ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র বানাতে দেওয়া হবে না বলেও জানান তিনি।

    “আমরা ওই প্রতিপক্ষকে, চার্লস আমার সঙ্গে একমত, পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না,” যোগ করেন ট্রাম্প।

    ‘কমিউনিজম, ফ্যাসিবাদ ও স্বৈরাচার’ শক্তির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও যুক্তরাষ্ট্র একজোট হয়ে লড়বে বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

  11. জাহাজ জব্দের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে জবাব দেওয়ার অধিকার আমাদের আছে- জাতিসংঘকে ইরানের চিঠি

    মার্কিন নৌ বাহিনীর হাতে ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটকের মুহূর্ত

    ছবির উৎস, US Central Command/X

    ছবির ক্যাপশান, গত সপ্তাহে মার্কিন নৌ বাহিনীর হাতে ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটকের মুহূর্ত

    গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সেনারা ইরানের পতাকাবাহী যে কার্গো জাহাজ আটক করেছে, সেটি ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে জাতিসংঘের কাছে চিঠি পাঠিয়েছে তেহরান।

    জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে মঙ্গলবার ওই চিঠি পাঠান জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি।

    সেখানে ইরানের পতাকাবাহী পণ্যবাহী জাহাজ আটকের ঘটনাকে ‘জলদস্যুতা’ অভিহিত করে সেটির বিরুদ্ধের ‘কঠোর নিন্দা’ জানিয়েছে তেহরান।

    যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের বিরুদ্ধে ব্যবস্থার নেওয়ার কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

    “আন্তর্জাতিক আইন অনুযায়ী, এই নির্লজ্জ কর্মকাণ্ড মোকাবিলা করার পূর্ণ অধিকার ইরানের ইসলামী প্রজাতন্ত্রের রয়েছে,” চিঠিতে বলেছে তেহরান।

  12. গতকালের উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা

    • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রকে জানিয়েছে যে দেশটি এখন “ভঙ্গুর অবস্থায়” রয়েছে এবং অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছে।
    • তেল উৎপাদনকারী দেশের জোট ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। প্রায় ৬০ বছর ধরে ওপেকের সদস্য থাকার পর এই জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিল দেশটি।
    • “বিরোধী দলের নেতা বলেছেন উনি মুক্তিযোদ্ধা পরিবারের লোক এবং উনি শহীদ পরিবারের লোক এবং উনি জামায়াতে ইসলামী করেন, এটা ডাবল অপরাধ। মুক্তিযোদ্ধার পরিবারের কেউ জামায়াত করতে পারে না," মঙ্গলবার জাতীয় সংসদে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা ফজলুর রহমানের এই বক্তব্য নিয়ে হট্টগোল হয়েছে।
    • উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া, মাত্র কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকা পানিতে নিমজ্জিত হয়ে গেছে।
    • মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে গত মার্চ মাসের শুরুর দিকে বন্ধ হয়ে যাওয়ার দীর্ঘ দুই মাস পর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি বোঝাই একটি ট্যাংকার বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পার হয়েছে। এছাড়া, অবরোধের মধ্যে হরমুজ প্রণালি অতিক্রম করেছে রাশিয়ান একটি নৌযান। এই সুপারইয়টটি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ একজন মিত্রের সঙ্গে সংশ্লিষ্ট।
    • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের রিঅ্যাক্টরে ফুয়েল লোডিং কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্য দিয়ে এই বিদ্যুৎকেন্দ্রটি উৎপাদনে যাওয়ার কার্যক্রম শুরু হলো।
    • ২৪ ঘণ্টায় হাম উপসর্গে অন্তত নয় জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত ২৭৩ জন রোগী হাম উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে।
    • সরবরাহ ঘাটতি থাকায় সারাদেশে এখনো প্রায় দুই হাজার মেগাওয়াট লোডশেডিং দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
    • ইরান যুদ্ধবিরতি সংক্রান্ত যে প্রস্তাব দিয়েছে, তাতে দেশটির পারমাণবিক কর্মসূচির বিষয়টি অন্তর্ভুক্ত না থাকায় অসন্তুষ্ট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মার্কিন একজন কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানায় রয়টার্স।
  13. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে