লাইভ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে 'ফুয়েল লোডিং' আজ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে আজ। এদিকে, যুদ্ধ বন্ধে ইরানের দেওয়া প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্প অসন্তুষ্ট বলে রয়টার্সকে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়…

সরাসরি কভারেজ

  1. ‘ফুয়েল লোডিং’ কী?

    রূপপুর পারমাণবিক কেন্দ্রের জন্য রাশিয়ায় তৈরি ফুয়েল অ্যাসেম্বলি

    ছবির উৎস, Rosatom

    ছবির ক্যাপশান, রূপপুর পারমাণবিক কেন্দ্রের জন্য রাশিয়ায় তৈরি ফুয়েল অ্যাসেম্বলি

    পারমাণবিক শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন গোটা বিশ্বেই অত্যন্ত সংবেদনশীল একটি প্রক্রিয়া। এই ধরনের স্থাপনা নির্মাণে নিরাপত্তামূলক নানা ধাপ পার করতে হয়। যার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্যায় ‘ফুয়েল লোডিং’।

    এর মাধ্যমে রিঅ্যাক্টর বা চুল্লিতে পারমাণবিক জ্বালানি স্থাপন করা হয় এবং ধাপে ধাপে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি সম্পন্ন করা হয়।

    বিশেষজ্ঞরা বলছেন, 'ফুয়েল লোডিং' একটিঅত্যন্ত সংবেদনশীল প্রক্রিয়া, যা সম্পন্ন হতে প্রায় ৪০ থেকে ৪৫ দিন সময় লাগতে পারে।

    তাদের মতে, এই বিদ্যুৎকেন্দ্রটি মূলত 'নিউক্লিয়ার ফিশন' প্রক্রিয়ায় কাজ করবে। পারমাণবিক চুল্লিতে ইউরেনিয়ামের নিউক্লিয়াস বিভাজনের মাধ্যমে প্রচুর তাপশক্তি উৎপন্ন হয়।

    এই তাপশক্তি দিয়ে পানিকে উচ্চচাপে বাষ্পে পরিণত করে টারবাইন ঘোরানো হয়, যা থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। এটি একটি স্বয়ংক্রিয় ও নিয়ন্ত্রিত চেইন রিঅ্যাকশন প্রক্রিয়ার মাধ্যমে চলে।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক মো. শফিকুল ইসলাম বিবিসি বাংলাকে জানান, ফুয়েল লোডিংয়ের পর বিভিন্ন ধাপে পরীক্ষা করে ফাইনাল সেফটি অ্যানালিসিস রিপোর্ট করা হবে, যেটি পুনরায় পর্যালোচনা করবে নিয়ন্ত্রক সংস্থা।

    মি. ইসলাম বলছেন, "এটা একটা পাইলট অপারেশন। এটা সময় নিতে পারে অন্তত ছয়মাস থেকে এক বছর। এই সময়ে পাওয়ার তৈরির মাধ্যমে সিনক্রোনাইজেশন, টারবাইন জেনারেটর কাজ করছে কি না, ইমার্জেন্সি সব সাপোর্ট কাজ করছে কি না এগুলো সব দেখা হয়।"

    এরপর কমার্শিয়াল অপারেশনাল ডেট বা সিওডি দেওয়ার আগে চূড়ান্ত উৎপাদনে যাওয়ার জন্য আরেক দফা অনুমোদনের প্রয়োজন হয়।

    মি. ইসলাম বলছেন, "পূর্ণাঙ্গ বাণিজ্যিক অপারেশন শুরুর পর রিঅ্যাক্টর ৯০ শতাংশ ক্যাপাসিটিতে পুরোদমে চলতে শুরু করবে। টানা ১৮ মাস চলার পর ফুয়েল রিপ্লেসমেন্টসহ রক্ষণাবেক্ষণ কাজ শেষে আবারো ১৮ মাসের সাইকেল নতুন করে শুরু হবে।"

  2. রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ‘ফুয়েল লোডিং’ আজ

    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুই ইউনিটের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৪০০ মেগাওয়াট

    ছবির উৎস, Corbis via Getty Images

    ছবির ক্যাপশান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুই ইউনিটের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৪০০ মেগাওয়াট

    পাবনার রূপপুরে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের চুল্লিতে ‘ফুয়েল লোডিং’ শুরু হচ্ছে। এর মধ্য দিয়ে এই বিদ্যুৎকেন্দ্রটি উৎপাদনে যাওয়ার চূড়ান্ত পর্যায়ে এসেছে বলেই মত বিশেষজ্ঞদের।

    মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি এই কার্যক্রমের উদ্বোধন করবেন বলে জানানো হয়েছে।

    ফুয়েল লোডিংয়ের পর আরও কিছু পরীক্ষার মাধ্যমে ধাপে ধাপে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র।

    দেশের বিদ্যুতের চাহিদা পূরণে এই বিদ্যুৎকেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। চলতি বছরের ডিসেম্বরেই এখান থেকে উৎপাদিত এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা প্রকাশ করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

    যদিও চূড়ান্ত বিদ্যুৎ উৎপাদনে যেতে আরও অন্তত ছয় মাস থেকে এক বছর সময় লাগতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, বিদ্যুৎ উৎপাদনের আগে আরও বেশ কিছু পরীক্ষা নিরিক্ষার প্রয়োজন রয়েছে।

  3. গতকালের উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা

    • যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণে ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রাশিয়ায় পৌঁছে স্থানীয় সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি।
    • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সেন্ট পিটার্সবার্গে সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। প্রেসিডেন্ট পুতিন বলেন, ইরান এবং এই অঞ্চলের অন্যান্য দেশগুলোর জন্য সম্ভাব্য সবকিছুই করবে রাশিয়া।
    • রুশ সরকারের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতির যেভাবে পরিবর্তন ঘটছে, তাতে ইরান ইস্যুর গুরুত্ব উপেক্ষা করা কঠিন।
    • আগামী ৩০শে এপ্রিলের পরে ত্রয়োদশ জাতীয় সংসদের চলমান অধিবেশন শেষ হলে সারাদেশে মাদক, জুয়ার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
    • বাংলাদেশে নতুন হাইকমিশনার হিসাবে বিজেপি নেতা ও সাবেক মন্ত্রী দিনেশ ত্রিবেদিকে নিয়োগ দিয়েছে ভারত।
    • দক্ষিণ লেবাননে রোববার অভিযানের সময় হেজবুল্লাহর তিন সদস্যকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এছাড়া সোমবার পূর্ব লেবাননে তাদের সামরিক হামলার পরিধি বাড়িয়েছে আইডিএফ।
    • ইরান যুদ্ধের প্রসঙ্গে জরুরি একটি বৈঠক করতে যাচ্ছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার।
    • রাজনৈতিক স্বার্থে গণভোট ও জুলাই সনদকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এমন ব্যক্তিদের প্রশ্রয় না দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
    • ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত মহিলা আসনে বিভিন্ন দলের ৪৯ জন বৈধ প্রার্থীর নামের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
    • জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
    • ঘুষ গ্রহণ, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগে করা পৃথক তিন মামলায় গত পাঁচ বছর ধরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে শুনানি চলছে। সোমবার শুনানি শুরু হওয়ার প্রায় ৯০ মিনিট আগে তার আইনজীবীর অনুরোধে শুনানি “হঠাৎ বাতিল” করা হয়েছে।
  4. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে