লাইভ, মনস্তাত্ত্বিক কারণে ইরানের ইউরেনিয়ামের যুক্তরাষ্ট্রের নিয়ে নেওয়া উচিত: ডোনাল্ড ট্রাম্প

ইরান সতর্কতা উচ্চারণ করে বলেছে যে, লেবাননের ওপর ইসরায়েলের যেকোনো হামলাকে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের লঙ্ঘন হিসেবে বিবেচনা করবে। এদিকে, বাংলাদেশে আদ্-দ্বীন হাসপাতালে লাইসেন্স বাতিল করে “কোনো ভুল কাজ করা হয়নি” বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়…

সরাসরি কভারেজ

  1. ছিনতাইকারী ধরতে গেলে ওসিসহ দুই পুলিশকে কুপিয়ে জখম

    ঢাকার আদাবরে চাপাতি ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় সন্দেহভাজনদের ধরতে গিয়ে চাপাতির আঘাতে জখম হয়েছেন থানার ওসিসহ দুই পুলিশ কর্মকর্তা।

    পরে পুলিশ গুলি ছুঁড়লে চারজন 'ছিনতাইকারী' আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    ঢাকার তেজগাঁও থানার এডিসি মোহাম্মদ জুয়েল রানা বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানান, সকাল সাড়ে দশটার দিকে আদাবর থানাধীন তুরাগ হাউজিং এলাকায় একটি দোকানে চাপাতি ঠেকিয়ে ছিনতাই করে একটি চক্র। ওই ঘটনার পরপরই ছিনতাইকারীদের ধরতে অভিযানে নামে আদাবর থানা পুলিশ।

    এডিসি মি. রানা বলেন, “ছিনতাইয়ের ঘটনার খবর পেয়ে আদাবর থানার ওসির নেতৃত্বে একটি টিম অভিযান করে। তখন পুলিশের টিম জানতে পারে তারা একটা ঘরে আছে। তারা আগে থেকেই চাপাতি নিয়ে প্রস্তত ছিল। দরজা খুলতেই তারা চাপাতি নিয়ে ওসি জাহিদুল ইসলামকে কুপিয়ে জখম করে। এসআই বাধা দিতে এলে তাকেও কুপিয়ে জখম করা হয়”।

    “তারা যখন বেশি আত্নঘাতী হয়ে যাওয়ার চেষ্টা করে তখন আমাদের ওসি তার অস্ত্র দিয়ে গুলি করলে দুইজন ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়। এসময় আরো দুইজন আহত অবস্থায় আটক হয়েছে”।

    পুলিশ জানিয়েছে যে ভবনটিতে আশ্রয় নিয়েছিল হামলাকারীরা, সেটি ছিল একটি পরিত্যক্ত ভবন। আসামিদের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে ছিনতাই ও পুলিশের ওপর হামলার ঘটনায় দুইটি মামলা দায়ের করা হবে।

  2. মনস্তাত্ত্বিক কারণে ইরানের ইউরেনিয়ামের যুক্তরাষ্ট্রের নিয়ে নেওয়া উচিত: ডোনাল্ড ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতের খুব বেশি আর্থিক মূল্য না থাকলেও, "মনস্তাত্ত্বিক কারণে" যুক্তরাষ্ট্রের সেই মজুতকৃত ইউরেনিয়াম নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া উচিত।

    তিনি বলেন, ইরানের পুরো পারমাণবিক স্থাপনাই ধ্বংস হয়ে গেছে। সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়া একটি জটিল কাজ।

    প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, এ ধরনের কাজ করার প্রয়োজনীয় সরঞ্জাম শুধু চীনের কাছেই রয়েছে। তবে তার মতে যেভাবেই হোক, এই কাজটি করা প্রয়োজন।

    ফ্রান্সে জি সেভেন সম্মেলনে যোগ দিয়ে কাতারের আমিরের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বলেন, তার বিশ্বাস ইরানের আর পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা নেই। তবে দেশটি যদি আবারও সেই চেষ্টা করে, তাহলে তাদের ওপর "নরক নেমে আসবে"।

    প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “ইরান পারমাণবিক অস্ত্র তৈরির মাত্র দুই সপ্তাহ দূরে ছিল এবং তারা সেই অস্ত্র ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করত। আমার কারণেই এখন ইসরায়েলের অস্তিত্ব রয়েছে”।

    তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ইরানে বিনিয়োগ করার কোনো বাধ্যবাধকতা নেই। আলোচনার মূল লক্ষ্য হলো ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা।

  3. সেপ্টেম্বর বা অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: মির্জা ফখরুল

    স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি)
    ছবির ক্যাপশান, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি)

    চলতি বছরের বর্ষা মৌসুমের পর সেপ্টেম্বর বা অক্টোবরের দিকে পর্যায়ক্রমে বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    তিনি জানান, আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি করপোরেশনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

    মঙ্গলবার জাতীয় সংসদে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের লিখিত প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী।

    স্থানীয় সরকার মন্ত্রী জানান, বাজেটের প্রাপ্যতার ওপর ভিত্তি করে পর্যায়ক্রমে এই নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে প্রথমে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এরপর ধাপে ধাপে অন্যান্য স্থানীয় সরকার সংস্থার নির্বাচন হবে। নবগঠিত বগুড়া সিটি করপোরেশনসহ দেশের ১৩টি সিটি করপোরেশনের নির্বাচনও একই সময়সীমার মধ্যে সম্পন্ন করা হবে।

  4. সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন 'শিরকের কাছে চলে যায়'- দাবি জামায়াত এমপির

    জামায়াতের এমপি মুজিবুর রহমান

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, জামায়াতের এমপি মুজিবুর রহমান

    জাতীয় সংসদে প্রবেশের পর মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করা নিয়ে মঙ্গলবার জাতীয় সংসদে বক্তব্য রাখেন বিরোধী দলীয় সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মো. মুজিবুর রহমান।

    তিনি এসময় বলেন, মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক, শিরকের কাছে চলে যায়।

    বিকেলে অধিবেশন শুরু হওয়ার পরপরই পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি বলেন, “কার্যপ্রণালিবিধিতে সংসদে ঢোকার পরে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করে ঢোকার কথা, এরপরে এটা নিয়ে আলোচনা-পর্যালোচনা হয়েছে, আমিও ছিলাম অতিথি। শেষ পর্যন্ত একটা সংশোধনীর ভেতরে আছে, সেটা হচ্ছে ঝুঁকিয়ে মাথা সম্মান প্রদর্শন করার ব্যাপারটা। এটা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক, শিরকের কাছে চলে যায়। সেজন্য এটাকে বাদ দেওয়া হয়েছে।”

    মি. রহমান বলেন, “আমি মাঝে মাঝে খেয়াল করি সুন্দরভাবে আপনি সালাম দেন, আমরাও জবাবে সালাম দিই। কিন্তু পরবর্তী পর্যায়ে দেখা যায় এরকম করে ওই আগের ঝুঁকুনিটা এখনো আছে। আপনারাও আছেন, মাননীয় ডেপুটি স্পিকারও আছে। সেজন্য আমি অনুরোধ করি কার্যপ্রণালিবিধিতে শিরককে উৎখাত করার জন্য যে বিধি করা হয়েছে, আমার মনে হয় সেটা সবার মেনে চলা উচিত। এতে নেকি হবে। গুনাহ থেকে বাঁচা যাবে। কালকে আমরা উপকার লাভ করবো।”

    পরে স্পিকার এরপর বলেন, “আমি রুলস অব প্রসিডিউর দেখলাম। তারপর এই বিষয়ে, এটা যার যার ব্যক্তিগত বিষয়, কেউ সালাম দেবেন, কেউ ইয়ে করবে। সারা পৃথিবীতে আছে। তাও আমি দেখবো যে বিগত সংসদে এটা বাতিল করা হয়েছে কি না? এটা দেখে পরে আমি জানাবো।”

  5. আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল করে ভুল করিনি: স্বাস্থ্যমন্ত্রী

    স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

    স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ছয়জন নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের করে "কোনো ভুল কাজ করা হয়নি"।

    তিনি বলেছেন, “অবহেলায় ছয় নবজাতকের মৃত্যু ঘটবে আর তাদের কোনো শাস্তি হবে না, তা হতে পারে না। প্রথমে আমরা লাইসেন্সটা বাতিল করেছি। আমি মনে করি না কোনো ভুল সিদ্ধান্ত নিয়েছি”।

    মঙ্গলবার ঢাকার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এই কথা বলেন তিনি।

    এই অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “ঈদের মধ্যে বাড়িতে থাকায় তাৎক্ষণিকভাবে সেখানে যেতে পারিনি। তবে পরে সেখানে গিয়ে দেখি, ওই রুমে কোনো জানালা নেই, একটি মাত্র দরজা ঢোকার জন্য। ছয়জন নবজাতকের সঙ্গে একটি ছোট রুমে ২৫ জনকে রাখা হয়েছে। সেখানে স্বাভাবিকভাবেই অক্সিজেনের পরিমাণ কমে গেছে। আর বাচ্চারা মারা গেছে।”

    হাসপাতালের ‘অবহেলায়’ বিষয়ে মন্ত্রী বলেন, সেখানে ওই সময় কোনো ডাক্তার, নার্স ছিল না। যারা ছিল তারাও বাচ্চাদের মায়েদের কথার গুরুত্ব দেয়নি।

    তিনি বলেন, “ছয়টা বাচ্চাকে কেয়ারলেসভাবে মেরে ফেলবে, আর শান্তিতে ঘুমাবে অথরিটিকে আঙ্গুল দেখিয়ে, এটা হতে পারে না। দেশটাকে তো কিছু পরিবর্তন আনতে হবে। আমাদের ভেতরেও”।

    এর আগে গত ২৭শে মে মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে একে একে ছয় নবজাতক মারা যায়।

    এ ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের ‘অবহেলার’ প্রমাণ পাওয়ার কথা বলা হয়। পরে হাসপাতালটির লাইসেন্সও বাতিল করা হয়।

  6. লেবাননের ওপর হামলাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার লঙ্ঘন হিসেবে দেখবে ইরান

    আব্বাস আরাঘচি

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, আব্বাস আরাঘচি

    ইরান সতর্কতা উচ্চারণ করে বলেছে যে, লেবাননে ইসরায়েলের যেকোনো হামলাকে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতার স্মারকের (মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং) লঙ্ঘন হিসেবে বিবেচনা করবে।

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, তেহরানের দৃষ্টিতে অর্জিত এই চুক্তির একপক্ষে রয়েছে ইরান ও হেজবুল্লাহ এবং অন্যপক্ষে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

    মি. আরাঘচি জোর দিয়ে বলেন, “লেবাননে যুদ্ধের অবসান সম্পূর্ণ যুদ্ধের অবসানের একটি অবিচ্ছেদ্য অংশ এবং যুদ্ধের অবসান মানেই দখলদারিত্বেরও সমাপ্তি”।

    তিনি সতর্ক করেন যে, এখন থেকে লেবাননে ইসরায়েলের যেকোনো হামলা এবং লেবাননের ভূখণ্ডে তাদের দখলদারিত্ব অব্যাহত রাখা “আমাদের দৃষ্টিতে সমঝোতার স্মারক লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে”।

    ইসরায়েলের পক্ষ থেকে বলা হচ্ছে, দক্ষিণ লেবাননে তাদের সেনাদের দিকে এগিয়ে আসা “সন্ত্রাসীদের” ওপর তারা হামলা চালিয়েছে, এমন দাবি করার প্রেক্ষাপটে মি. আরাঘচির এই মন্তব্য এসেছে।

    লেবাননের হেজবুল্লাহও জানিয়েছে, প্রতিক্রিয়া হিসেবে তারা ইসরায়েলি বাহিনীর ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

    ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা চূড়ান্ত হওয়ার ঘোষণা দেওয়ার পর, লেবাননে “নিরাপত্তা অঞ্চল”-এ তাদের বাহিনীর উপস্থিতি অব্যাহত থাকবে বলে জোর দিয়েছে ইসরায়েল।

    ইসরায়েলের বহু কর্মকর্তা এই সমঝোতার নিন্দা জানিয়েছেন।

  7. গতকালের উল্লেখযোগ্য কয়েকটি খবর

    • প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লির বিমানবন্দরে ইমিগ্রশনের বাধা দেওয়ায় ঢাকায় ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ানকুমার বঢ়েকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
    • স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্বাচনী এলাকায় তার দুই ছেলের নামে নতুন দুইটি ইউনিয়নের নামকরণের অভিযোগ নিয়ে নানা আলোচনা- সমালোচনার পর এ নিয়ে সংসদে ব্যাখ্যা দেন তিনি।
    • ঢাকার যানজট সমস্যা নিরসনে সায়েদাবাদ, ফুলবাড়িয়া ও মহাখালী বাস টার্মিনাল নগরীর বাইরে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন নিয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
    • স্থানীয় সংসদ নির্বাচন কবে এবং নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি-না সংসদে রুমিন ফারহানার এমন প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে।
    • ১৬ বছরের কম বয়সীদের জন্য ফেসবুক, টিকটক ও ইনস্টাগ্রামের মতো জনপ্রিয় সামাজিক মাধ্যমগুলো নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার।
    • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে তিনটি ওয়ারেন্ট বা গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
  8. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে