লাইভ, সংরক্ষিত মহিলা আসনে ৪৯ বৈধ প্রার্থীর নামের তালিকা প্রকাশ

বাংলাদেশের জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত মহিলা আসনে বিভিন্ন দলের ৪৯ জন বৈধ প্রার্থীর নামের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। অন্যদিকে ওমান এবং পাকিস্তান সফরের পর রাশিয়ায় গিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি, যেখানে তিনি শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন। দিনের প্রধান খবরগুলো জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. আবারো ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তিন মামলা স্থগিত

    ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

    একটি ফৌজদারি মামলায় শুনানি শুরু হওয়ার প্রায় ৯০ মিনিট আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আইনজীবীর অনুরোধে শুনানি “হঠাৎ বাতিল” করা হয়েছে।

    সংবাদ সংস্থা দ্য জেরুজালেম পোস্ট এই তথ্য জানিয়েছে বলে বিবিসি উর্দুতে একটি খবর প্রকাশিত হয়েছে।

    প্রায় ছয় সপ্তাহ পর সোমবার নেতানিয়াহুর বিরুদ্ধে করা একটি ফৌজদারি মামলায় সাক্ষ্য দেওয়ার কথা ছিল তার।

    গাজায় ইসরায়েলি অভিযান এবং হেজবুল্লাহর সাথে যুদ্ধের কারণে এই নিয়ে তৃতীয়বারের মতো শুনানি স্থগিত করা হলো।

    কিন্তু আজকের শুনানি বিলম্ব এবং বাতিলের বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক কারণ জানানো হয়নি।

    ঘুষ গ্রহণ, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগে করা পৃথক তিন মামলায় গত পাঁচ বছর ধরে নেতানিয়াহুর বিরুদ্ধে শুনানি চলছে।

    ইসরায়েলি এই প্রধানমন্ত্রী গত শরতে এ বিষয়ে দেশটির প্রেসিডেন্টের কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন।

  2. ৩০শে এপ্রিলের পর সারাদেশে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    ছবির উৎস, Screen Grab

    ছবির ক্যাপশান, ত্রয়োদশ জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    আগামী ৩০শে এপ্রিলের পরে ত্রয়োদশ জাতীয় সংসদের চলমান অধিবেশন শেষ হলে সারাদেশে মাদক, জুয়ার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    সোমবার জাতীয় সংসদ অধিবেশনে এ কথা জানান তিনি।

    মি. আহমদ বলেন, “নির্বাচনি ইশতেহার অনুযায়ী জাতির কাছে প্রদত্ত প্রতিশ্রুতি অনুযায়ী জুয়া, অনলাইন জুয়া এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি।”

    “আগামী ৩০শে এপ্রিলের পরে এই মহান সংসদের সেশন শেষ হলে আমরা সমন্বিতভাবে এ বিষয়ে সারাদেশে একটি অভিযান পরিচালনা করবো” বলেন মি. আহমদ।

    একইসঙ্গে, অনুমোদনবিহীন সিসা লাউঞ্জ পরিচালনাকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি।

    কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিক সহযোগীতার মাধ্যমে এ ধরনের অভিযোগ পাওয়া গেলে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    অবৈধ সিসা লাউঞ্জ সম্পূর্ণরূপে বন্ধে ঢাকা সিটি করপোরেশন সম্পূর্ণ তৎপর রয়েছে বলেও জানান তিনি।

    অবৈধ সিসা বার বন্ধে পুলিশও বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে সংসদে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

  3. হেজবুল্লাহর তিন সদস্য হামলায় নিহত হয়েছে বলে দাবি ইসরায়েলি সামরিক বাহিনীর

    ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে দক্ষিণ লেবাননে

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, দক্ষিণ লেবাননে রোববার অভিযানের সময় হেজবুল্লাহর তিন সদস্যকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী

    দক্ষিণ লেবাননে রোববার অভিযানের সময় হেজবুল্লাহর তিন সদস্যকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

    টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, “প্রতিরক্ষা লাইনের অগ্রভাগে দক্ষিণে” ইসরায়েলি সৈন্যদের দিকে এগিয়ে আসার সময় হেজবুল্লাহর তিনজন যোদ্ধাকে শনাক্ত করা হয়।

    লেবাননের ভেতরে প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত এলাকাকে একটি ‘বাফার জোন’ হিসেবে ঘোষণা করেছে ইসরায়েল।

    হেজবুল্লাহর হুমকি কমানোর জন্য এটা প্রয়োজন বলে জানিয়েছে আইডিএফ।

    এর অর্থ হলো, লেবাননের প্রায় পাঁচ শতাংশ এলাকা এখন ইসরায়েলি সামরিক বাহিনীর দখলে রয়েছে।

    আইডিএফ জানিয়েছে, “হুমকি প্রতিরোধ করতে শনাক্ত করার পরই ইসরায়েলি বিমান বাহিনী হামলা চালিয়ে সন্ত্রাসীদের নির্মূল করেছে।”

    বিনত জেবিলে হেজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

    লেবানন ও ইসরায়েলের মধ্যে বর্তমানে একটি যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।

    হেজবুল্লাহ এই চুক্তিতে স্বাক্ষরকারী না হলেও, ইসরায়েল ও এই গোষ্ঠীর মধ্যে লড়াই বন্ধ করাই এই চুক্তির উদ্দেশ্য ছিল।

    এরপরেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননে হেজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালানোর নির্দেশ দিয়েছেন।

    তিনি দাবি করেছেন, হেজবুল্লাহর কর্মকাণ্ড “যুদ্ধবিরতি ভঙ্গ করছে।”

    এই চুক্তি ইসরায়েলকে “কাজের স্বাধীনতা দেয়, কেবল হামলার জবাব দেওয়ার জন্য নয় বরং তাৎক্ষণিক হুমকি ঠেকাতে এবং নতুনভাবে তৈরি হওয়া হুমকি নসাৎ করার জন্যও” বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।

    লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার ইসরায়েলের হামলায় ১৪ জন নিহত হয়েছে।

  4. সংরক্ষিত মহিলা আসনে ৪৯ বৈধ প্রার্থীর নামের তালিকা প্রকাশ

    নির্বাচন কমিশন
    ছবির ক্যাপশান, ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত মহিলা আসনে বিভিন্ন দলের ৪৯ জন বৈধ প্রার্থীর নামের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন

    ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত মহিলা আসনে বিভিন্ন দলের ৪৯ জন বৈধ প্রার্থীর নামের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

    এর মধ্যে বিএনপির ৩৬ জন, জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের ১২ জন এবং স্বতন্ত্র একজন রয়েছেন তালিকায়।

    বিএনপির সংরক্ষিত নারী আসনের তালিকায় সেলিমা রহমান, নিপুন রায় চৌধুরী, নিলোফার চৌধুরী মনি, ফাহমিদা হক এবং আন্না মিনজসহ ৩৬ জন নারীর নাম রয়েছে।

    মারজিয়া বেগম, সাবিকুন্নাহার, মারদিয়া মমতাজ, তাসমিয়া প্রধান, মাহমুদা আলম মিতুসহ ১২ জন জামায়াতে ইসলামী ও তাদের জোটের পক্ষ থেকে মনোনীত হয়েছেন।

    তবে, জামায়াতের এই জোটের পক্ষে মনোনীত প্রার্থীর তালিকায় মনিরা শারমীনের নাম নেই।

    এছাড়া সুলতানা জেসমিন নামে একজন স্বতন্ত্রভাবে মনোনয়ন পেয়েছেন।

    যাদের প্রার্থিতা বৈধ হয়েছে:

    নারী প্রার্থী তালিকা

    ছবির উৎস, Bangladesh Election Commission

    নারী প্রার্থী তালিকা

    ছবির উৎস, Bangladesh Election Commission

    নারী প্রার্থী তালিকা

    ছবির উৎস, Bangladesh Election Commission

    নারী প্রার্থী তালিকা

    ছবির উৎস, Bangladesh Election Commission

    নারী প্রার্থী তালিকা

    ছবির উৎস, Bangladesh Election Commission

  5. ঢাবি শিক্ষার্থীর মিমোর আত্মহত্যা, অভিযুক্ত শিক্ষককে কারাগারে পাঠিয়েছে আদালত

    প্রতীকী ছবি
    ছবির ক্যাপশান, ঢাবি শিক্ষার্থীর মিমোর আত্মহত্যা, অভিযুক্ত শিক্ষককে কারাগারে পাঠিয়েছে আদালত

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় গ্রেফতার সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে ঢাকার একটি বিচারিক আদালত।

    সোমবার তাকে আদালতে হাজির করে মামলাটির তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ও বাড্ডা থানার উপ-পরিদর্শক কাজী ইকবাল হোসেন।

    গ্রেফতার মি. চক্রবর্তীর আইনজীবী ফুল মোহাম্মদ জামিনের আবেদন করেছেন।

    তবে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন।

    পুলিশের করা আবেদনে বলা হয়, তদন্তকালে এজাহারনামীয় আসামি সুদীপ চক্রবর্তীকে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টার সময় গোপন সংবাদের ভিত্তিতে রোববার তিনটা ২০ মিনিটে উত্তর বাড্ডা থেকে আটক করে হেফাজতে নেওয়া হয়। তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে মামলার ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

    প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে ঘটনায় জড়িত থাকার তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে।

    এমতাবস্থায় মামলাটির সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে তদন্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত তাকে জেলহাজতে আটক রাখা একান্ত প্রয়োজন।

    মামলা তদন্তের স্বার্থে ভবিষ্যতে তার রিমান্ডের প্রয়োজন হতে পারে বলেও তদন্ত কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন।

    উল্লেখ্য, রোববার রাজধানীর উত্তর বাড্ডায় নিজ বাসায় ঢাবি শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় একটি চিরকুট পাওয়া যায়।

    এটিতে লেখা ছিল, ‘সুদীপ স্যারকে ৫০ হাজার টাকা দিতে হবে। হানি আর সুদীপ স্যার ভালো থাকো। স্যারের দেওয়া গিফটগুলো ফেরত দেওয়া...।’

    পরে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তার বাবা মোহাম্মদ গোলাম মোস্তফা বাদী হয়ে সুদীপ চক্রবর্তীকে আসামি করে মামলা করেন।

  6. চলমান যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি হামলায় লেবাননে ১৪ জন নিহত: স্বাস্থ্য মন্ত্রণালয়

    রোববার দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানের পর ধোঁয়া উড়তে দেখা গেছে

    ছবির উৎস, EPA/Shutterstock

    ছবির ক্যাপশান, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার দেশটিতে ইসরায়েলি হামলায় দুইজন শিশু ও দুইজন নারীসহ ১৪ জন নিহত হয়েছেন

    অনিশ্চিত যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে হেজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে হামলা অব্যাহত ছিল গত সপ্তাহে।

    যুদ্ধবিরতি চুক্তিটি ১৬ এপ্রিল কার্যকর হয় এবং পরবর্তীতে এর মেয়াদ আরো তিন সপ্তাহ বাড়ানো হয়েছে।

    লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার দেশটিতে ইসরায়েলি হামলায় দুইজন শিশু ও দুইজন নারীসহ ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৭ জন।

    দক্ষিণ লেবানন থেকে নাগরিকদের সরে যাওয়ার জন্য ইসরায়েলি সামরিক বাহিনীর সতর্কবার্তার পর ওই এলাকাগুলোতে বিমান হামলা চালানো হয়।

    ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দাবি, এই স্থানগুলো “আইডিএফ সৈন্যদের ওপর হামলা চালানোর জন্য ব্যবহার করা হচ্ছিল।”

    পৃথক আরেকটি আপডেটে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, লেবাননে হেজবুল্লাহর ড্রোন হামলায় ১৯ বছর বয়সী একজন ইসরায়েলি সামরিক বাহিনীর সৈন্য নিহত হয়েছেন এবং আরো ছয়জন আহত হয়েছেন।

  7. শান্তি আলোচনা বাতিল, ইরান কথা বলতে চাইলে ‘কল’ করতে পারে, বলেছেন ট্রাম্প

    শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে যাওয়ার জ্যারেড কুশনার (বাম) এবং স্টিভ উইটকফের (ডান) পূর্বনির্ধারিত সফর বাতিল করা হয়

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, শান্তি আলোচনা বাতিল, ইরান কথা বলতে চাইলে ‘কল’ করতে পারে, বলেছেন ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন কর্মকর্তাদের পূর্বনির্ধারিত পাকিস্তান সফর বাতিল করলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনা ব্যর্থ হয়েছে গত সপ্তাহে।

    তেহরানের প্রতিনিধি দল ইসলামাবাদ ছেড়ে চলে যাওয়ার পরেই শনিবার ট্রাম্প ঘোষণা করেন, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের পাকিস্তানের রাজধানীতে বিমানযোগে যাওয়া হবে শুধুমাত্র “সময়ের অপচয়।”

    গত সপ্তাহে মধ্যস্থতাকারী পাকিস্তানের সাথে আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

    এরপর তিনি জানান, যুদ্ধ শেষ করার বিষয়ে ইরানের অবস্থান তুলে ধরেছেন তিনি, তবে যুক্তরাষ্ট্র “কূটনীতির বিষয়ে আসলে কতটা আন্তরিক” তা এখনও দেখার বিষয়।

    শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লেখেন, “যদি তারা কথা বলতে চায়, তাহলে তাদের শুধু একটা ফোন করলেই হবে।”

    যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট ইঙ্গিত দেন যে, আলোচনার ‘সব কার্ড’ এখন যুক্তরাষ্ট্রের হাতে, অন্যদিকে ইরানের “‘নেতৃত্বের’ মধ্যে প্রচণ্ড অন্তর্দ্বন্দ্ব ও বিভ্রান্তি বিরাজ করছে।”

  8. যুক্তরাষ্ট্রের বিভিন্ন দাবিই শান্তি আলোচনার ব্যর্থতার জন্য দায়ী, রাশিয়ায় বললেন আরাঘচি

    সোমবার সকালে আলোচনার জন্য রাশিয়ায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

    ছবির উৎস, Iranian Foreign Ministry/Getty Images

    ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণে ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণে ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

    রাশিয়ায় পৌঁছে স্থানীয় সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি।

    আরাঘচির টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা একটি ফারসি সাক্ষাৎকারে দেখা যায়, সেন্ট পিটার্সবার্গে নেমে তিনি জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে রুশ মিত্রদের সাথে আলোচনা করবেন তিনি।

    ইসলামাবাদে মধ্যস্থতাকারীদের সাথে আলোচনার পর আরাঘচি রাশিয়ায় পৌঁছেছেন।

    রাশিয়ায় তিনি সাংবাদিকদের বলেন, কোন কোন শর্তসাপেক্ষে আলোচনা অব্যাহত থাকতে পারে সেটি নিয়েও কথা হয়েছে।

    বর্তমানে ইরানের হরমুজ প্রণালি বন্ধ রাখার বিষয়টিরও উল্লেখ করেন ইরানের এই পররাষ্ট্রমন্ত্রী।

    তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে নিরাপদ চলাচল একটি বৈশ্বিক ইস্যু এবং ওমানসহ প্রতিবেশী দেশগুলোকে এই প্রণালিতে তাদের পারস্পরিক স্বার্থ রক্ষায় ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানান।

    ইরান ও ওমানের মধ্যে অনেক বিষয়ে মিল রয়েছে বলে ইঙ্গিত দেন আরাঘচি। এই প্রণালি নিয়ে দুই দেশের মধ্যে পরবর্তী আলোচনার বিষয়ে একটি চুক্তিও হয়েছে বলে জানান তিনি।

  9. গতকালের প্রধান খবরগুলো:

    • সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করে বাংলাদেশের জাতীয় সংসদে বিল পাস হয়েছে।
    • হোয়াইট হাউজ করেসপনডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে গুলির ঘটনা ইরান যুদ্ধে জয়ী হওয়া থেকে থামাতে পারবে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গুলি চালানোর জন্য অভিযুক্ত ব্যক্তি কোল টমাস অ্যালেন পেশায় একজন শিক্ষক।
    • হোয়াইট হাউজ করেসপনডেন্টস ডিনারে সোমবার রাতে গুলির ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্ব নেতারা।
    • ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস এবং রানি ক্যামিলা পার্কারের সোমবার চার দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে।
    • যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ ও হত্যার ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
    • বজ্রপাতেবাংলাদেশের ছয় জেলায় অন্তত ১১ জন মারা গেছে বলে খবর পাওয়া গেছে।
    • যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লানচে বলেছেন, সন্দেহভাজন হামলাকারীর উদ্দেশ্য এখনো তদন্তাধীন রয়েছে। তবে ‘প্রাথমিক’ তথ্য অনুযায়ী, প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করেছিলেন তিনি। যার মধ্যে “সম্ভবত” প্রেসিডেন্টও ছিলেন।
    • হেজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েল ও লেবাননের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
    • আঞ্চলিক পরিস্থিতি ও যুদ্ধ বন্ধে মধ্যস্থতার প্রচেষ্টা নিয়ে ওমানের সুলতান এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আলোচনা হয়েছে। একদিনের ওমান সফর শেষে আবার ইসলামাবাদে ফিরেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
    • জরুরি সেবাদানকারী সকলের জন্য জ্বালানির রেশনিং ব্যবস্থা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
    • বাংলাদেশে হাম এবং হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আটটি শিশু মারা গেছে।
    • পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফা ভোট গ্রহণের আগে চূড়ান্ত ব্যস্ততায় সবকটি রাজনৈতিক দল, মতুয়াদের নাগরিকত্বের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  10. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন:

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে