পত্রিকা: 'স্থানীয় নির্বাচন বর্জন করতে পারে জামায়াত জোট'

Published
পড়ার সময়: ৯ মিনিট

টাইমস অব বাংলাদেশের শিরোনাম 'JAMAAT BLOC MAY BOYCOTT LOCAL POLLS' অর্থাৎ 'স্থানীয় নির্বাচন বর্জন করতে পারে জামায়াত জোট'।

খবরে বলা হচ্ছে, প্রতিশ্রুতি অনুযায়ী সংস্কার বাস্তবায়নে ব্যর্থতা। অনিয়ম, দুর্নীতি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ক্রমবর্ধমান রাজনীতিকরণের অভিযোগ তুলে সরকারের ওপর আস্থা হারাচ্ছে বিরোধী দলগুলো।

নির্বাচন কমিশনে (ইসি) 'পক্ষপাতদুষ্ট ব্যক্তিরা' থাকলে ভবিষ্যতে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হতে পারবে কি না, এ নিয়েও প্রশ্ন তুলেছে তারা।

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোট হুঁশিয়ারি দিয়ে বলেছে, পক্ষপাতমূলক নিয়োগ প্রত্যাহার করা না হলে তারা আসন্ন স্থানীয় সরকার নির্বাচন বয়কট করতে পারে।

ইসি সচিবালয়ে অতিরিক্ত সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া মো. শামসুল আলমকে অপসারণের দাবিতে জোট নেতারা আরও কঠোর কর্মসূচি দিতে চাচ্ছেন। এর মধ্যে প্রয়োজনে ইসি ঘেরাওয়ের মতো পদক্ষেপের কথাও বিবেচনা করছেন তারা।

এই বিষয়টি ক্ষমতাসীন বিএনপি এবং তাদের সাবেক মিত্র জামায়াতের মধ্যকার দূরত্ব আরও বাড়িয়ে দিয়েছে। জামায়াত-জোটের বক্তব্য হলো, সংস্কার, নির্বাচনী বিশ্বাসযোগ্যতা এবং প্রাতিষ্ঠানিক নিরপেক্ষতার প্রশ্নে তারা কোনো আপস করবে না।

আজকের পত্রিকার শিরোনাম 'সরকারিতে বেতন বেড়ে দ্বিগুণ'

খবরে বলা হচ্ছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ১০০ শতাংশ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ল। সচিব (১ নম্বর গ্রেড) থেকে ১১তম গ্রেডের মূল বেতন বেড়ে দ্বিগুণ হলো। ১২তম থেকে ২০ তম গ্রেডের মূল বেতন ১১৫ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বেড়েছে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন এই বেতনকাঠামো গতকাল সোমবার বিকেলে মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করেন।

প্রায় এক যুগ পর সরকারি কর্মকর্তা- কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো অনুমোদন করল সরকার। নতুন বেতনকাঠামো বাস্তবায়িত হলে সচিব পর্যায়ের বা প্রথম গ্রেডের একজন কর্মকর্তার মূল বেতন বর্তমান ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা হবে।

২০তম গ্রেডে কর্মরত ব্যক্তির মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা হবে। বেতনকাঠামো বাস্তবায়ন হলে অর্থনীতিতে বড় প্রভাব পড়ার বিষয়টি বিবেচনায় চলতি অর্থবছরের জুলাই থেকে আগামী ২০২৭-২৮ অর্থবছরের মধ্যে তিন ধাপে তা বাস্তবায়ন করা হবে।

অবসরপ্রাপ্ত পেনশনভোগী কর্মকর্তা - কর্মচারীদের জন্যও বিশেষ সুখবর রয়েছে নতুন বেতনকাঠামোয়। নতুন বেতনকাঠামো বাস্তবায়ন হলে প্রায় ২৪ লাখ বেসামরিক ও সামরিক কর্মকর্তা-কর্মচারী এবং সোয়া ৯ লাখ অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও অন্যান্য যোগ্য সুবিধাভোগীরা উপকৃত হবেন ।

খবরে বলা হচ্ছে, নতুন পে-স্কেল শুধু সরকারি চাকরিজীবীদের বেতন বাড়াবে না, এর ঢেউ ছড়িয়ে পড়তে পারে পুরো অর্থনীতিতে। ভঙ্গুর বেসরকারি খাতে বেতন বৃদ্ধির চাপ বাড়বে। জীবনযাত্রার ব্যয় বাড়বে। বাড়বে মূল্যস্ফীতিও। অথচ গ্যাস-বিদ্যুৎ সংকট ও বৈশ্বিক অস্থিরতায় এমনিতেই চাপে শিল্প-বাণিজ্য।

অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা বলছেন, সরকারি বেতন বৃদ্ধির প্রভাব সামলানোই এখন বড় চ্যালেঞ্জ। প্রশ্ন উঠেছে বেতন বাড়লে দুর্নীতি কমবে, নাকি বাড়বে শুধু ব্যয়ের বোঝা।

জানতে চাইলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএসের সাবেক মহাপরিচালক ড. এম কে মুজেরী যুগান্তরকে বলেন, নতুন পে-স্কেল ধাপে ধাপে বাস্তবায়ন হবে।

এতে সরকারি চাকরিজীবীদের মধ্যে বেতন বৃদ্ধির প্রভাব কিছুটা পড়বে। তবে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির চাপ বাড়বে।

বাংলাদেশ নিটপণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, এই বেতন কাঠামো বেসরকারি খাতে বেতন বাড়ানোর চাপ তৈরি করবে।

কিন্তু সামগ্রিকভাবে বেতন বাড়ানোর ক্ষমতা বেসরকারি খাতের নেই। সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির প্রয়োজন আছে। তবে বর্তমান প্রেক্ষাপটে এটি মূল্যস্ফীতি আরও বাড়াবে।

খবরে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র-ইরান চলমান সংঘাতে হরমুজ প্রণালিতে নিরাপত্তাজনিত উদ্বেগ থাকায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) সরবরাহ নভেম্বর পর্যন্ত বাতিল করল (ফোর্স মেজর) কাতার এনার্জি।

এর আওতায় ইউরোপ ও এশিয়ার বেশকিছু ক্রেতা দেশের এলএনজি সরবরাহ বাতিল অব্যাহত থাকবে। এশিয়ার ক্রেতাদের মধ্যে এই আওতায় রয়েছে পাকিস্তান ও বাংলাদেশ।

'ফোর্স মেজর' হচ্ছে যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা মহামারীর মতো অপ্রত্যাশিত ও অনিবার্য পরিস্থিতিতে চুক্তি পালনের বাধ্যবাধকতা থেকে সাময়িক অব্যাহতি।

দীর্ঘমেয়াদি এলএনজি আমদানি চুক্তিতে বাংলাদেশের সবচেয়ে বড় সরবরাহকারী কাতার। প্রতি বছর দেশটি থেকে অন্তত ৪০ কার্গো এলএনজি আসে দেশে।

সংঘাত না বাধলে দীর্ঘমেয়াদি দুটি চুক্তির আওতায় চলতি অর্থবছরে দেশটি থেকে মোট ৫৬ কার্গো এলএনজি আসার কথা ছিল। যদিও এখন এসব কার্গোর মধ্যে অর্ধেক পাওয়ার প্রত্যাশার কথা জানিয়েছে পেট্রোবাংলা।

ব্লুমবার্গের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম দোহা নিউজ জানিয়েছে, বাংলাদেশের জন্য এলএনজি সরবরাহে ফোর্স মেজরের মেয়াদ সেপ্টেম্বরের পরও বাড়ানো হয়েছে।

খবরে বলা হচ্ছে, গ্যাসের তীব্র সংকটে শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হওয়ায় বিকল্প জ্বালানি হিসেবে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ব্যবহারের দিকে ঝুঁকছেন শিল্পমালিকরা। বাজার থেকে এলপিজি কেনার পাশাপাশি নিজেদের প্রয়োজন মেটাতে সরাসরি আমদানি করতে চান অনেক উদ্যোক্তা।

এরই মধ্যে কয়েকটি শিল্পপ্রতিষ্ঠান এ বিষয়ে জ্বালানি বিভাগে আবেদন করেছে।

শিল্প উদ্যোক্তারা বলছেন, গ্যাসের চাপ কম থাকায় অনেক কারখানায় বয়লার ও উৎপাদনযন্ত্র স্বাভাবিকভাবে চালানো যাচ্ছে না। উৎপাদন বন্ধ রাখার চেয়ে বেশি ব্যয়ে এলপিজি ব্যবহার করে কারখানা সচল রাখার চেষ্টা করছেন তারা।

দেশে এলপিজির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে আমদানিও বাড়ছে। ২০২৩-২৪ অর্থবছরে বেসরকারি খাতে ১৪ লাখ ২৬ হাজার ৮৬০ টন এলপিজি আমদানি হয়েছিল।

২০২৪-২৫ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ১৫ লাখ ৪৮ হাজার ৭৫৭ টনে। অর্থাৎ এক বছরে আমদানি বেড়েছে ৮ দশমিক ৫৪ শতাংশ।

২০২৪-২৫ অর্থবছরে সরকারি উৎপাদন ছিল ২০ হাজার ৩৮৬ টন। সরকারি উৎপাদন ও বেসরকারি আমদানি মিলিয়ে দেশে এলপিজির সরবরাহ ছিল প্রায় ১৫ লাখ ৯৪ হাজার টন। মোট সরবরাহে আমদানির অংশ ছিল ৯৭ দশমিক ১৪ শতাংশ।

'বড় ঋণখেলাপিদের জন্য বড় ছাড়' প্রথম আলোর শিরোনাম।

খবরে বলা হচ্ছে, বড় ঋণখেলাপিদের বড় ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এক হাজার কোটি টাকার বেশি অঙ্কের খেলাপিরা ঋণ পুনঃ তফসিল বা নবায়নের পর ১৫ বছর সময় পাবে তা পরিশোধের জন্য।

ঋণ পুনঃ তফসিলের পর প্রথম দুই বছর কোনো কিস্তি দিতে হবে না। বাংলাদেশ ব্যাংক গতকাল এ সুযোগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। আর এক হাজার কোটি টাকার কম অঙ্কের ঋণখেলাপিদের জন্য কম সুযোগ দেওয়া হয়েছে।

এ সুযোগ নিতে চলতি মাসের মধ্যে আবেদন করতে হবে। আগামী ডিসেম্বরের মধ্যে ব্যাংকগুলোকে এসব আবেদন নিষ্পত্তি করতে বলা হয়েছে।

এদিকে অর্থনীতিতে গতি ফেরাতে ভর্তুকি সুদে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

এ তহবিলে আজ (পহেলা সেপ্টেম্বর) ঋণ বিতরণ শুরু করতে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর-৪ মাসে ৬০ হাজার কোটি টাকা বিতরণের লক্ষ্য দেওয়া হয়েছে ব্যাংকগুলোকে।

খবরে বলা হচ্ছে, সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তে নতুন একটি তথ্য সামনে এসেছে।

তদন্ত-সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, ২০১২ সালে সংঘটিত এই হত্যাকাণ্ডের পরে তৎকালীন র‌্যাব কর্মকর্তা জিয়াউল আহসানের নির্দেশে র‌্যাবের সঙ্গে সংশ্লিষ্ট এক সেনাসদস্য রোকেয়া প্রাচীর বাসা থেকে দু'টি ডিস্ক নিয়ে এসেছিলেন।

পরে ডিস্ক দু'টি জিয়াউল আহসানের কাছে হস্তান্তর করা হয়। তবে ওই ডিস্কে কী ধরনের তথ্য বা উপাত্ত ছিল, সেগুলোর সঙ্গে সাগর-রুনি হত্যাকাণ্ডের আদৌ কোনো সম্পর্ক রয়েছে কি না কিংবা ডিস্ক দুটি গ্রহণে জিয়াউল আহসানের ভূমিকার উদ্দেশ্য কী ছিল এসব বিষয়ে এখনো নিশ্চিত কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন তদন্ত-সংশ্লিষ্ট ব্যক্তিরা।

তদন্ত-সংশ্লিষ্ট সূত্রটির ভাষ্য, তৎকালীন র‌্যাবে কর্মরত ওই সদস্য বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক হিসেবে কর্মরত। সম্প্রতি তদন্ত সংস্থার জিজ্ঞাসাবাদে তিনি জিয়াউল আহসানের সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য দেন। তার দেয়া তথ্যের ভিত্তিতেই ডিস্ক আনা ও হস্তান্তরের বিষয়টি তদন্তকারীদের সামনে আসে।

সূত্রের দাবি, সাগর-রুনি হত্যাকাণ্ডের আগে ওই সেনাসদস্যকে ডেকে জিয়াউল আহসান সতর্ক করে বলেছিলেন, আগামী দুইদিনের মধ্যে 'গুরুত্বপূর্ণ' বা 'বড় কিছু' ঘটতে পারে এবং তাকে প্রস্তুত থাকতে। এর দুই দিন পর সাগর-রুনি হত্যাকাণ্ড ঘটে।

খবরে বলা হচ্ছে, বিশ্ব ফুটবলের অনেক রেকর্ডই নিজের করে নিয়েছেন তিনি। দুই দশকের বেশি সময় ধরে আর্জেন্টিনার জার্সিতে খেলে ৩৬ বছর পর দেশটিকে বিশ্বকাপও জিতিয়েছেন তিনি।

এবারও সেই স্বপ্নের শিরোপা জেতার কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন ৩৯ বছর বয়সী লিওনেল মেসি। শেষ পর্যন্ত তা আর হয়নি। স্পেনের কাছে ফাইনাল হারের বেদনা ফুরানোর কিছুদিন পরই তাঁর সঙ্গী হয় বাবা হারানোর কষ্ট। তখনই আভাস দিয়েছিলেন খুব বেশিদিন খেলবেন না আলবিসেলেস্তে জার্সিতে।

সেটিই সত্য হয়েছে, গতকাল সোমবার নিজের লেখা একটি চিঠিতেই দিয়েছেন আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম ও ফেসবুকে তিন পৃষ্ঠার চিঠির ছবি দিয়ে পোস্টটি করেছেন মেসি।

বিশ্বকাপ ফাইনালে হেরে যাওয়ার পরই অবসরে যাওয়ার পরিকল্পনা করেন মেসি। ১৯শে জুলাই হওয়া ফাইনালের দুই দিন পরেই নিজ শহর রোসারিওতে ফিরে লিখে ফেলেন চিঠিও।

সেই চিঠিতে ছিল নিজের ক্যারিয়ার,আনন্দ-বেদনার মিশেলে আলবিসেলেস্তেদের নিয়ে ছিল আবেগঘন অনেক বার্তা। এর কিছুদিন পর যখন ক্যারিয়ারের সবচেয়ে বড় পথপ্রদর্শক বাবা হোর্হে মেসি চিরনিদ্রায় শায়িত হলেন তখনই তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেন অবসরের।

'মালয়েশিয়ার শ্রমবাজার ফের খুলল নেপথ্যে পুরনো সিন্ডিকেটের ছায়া?' নয়াদিগন্তের শিরোনাম।

খবরে বলা হচ্ছে, দীর্ঘদিনের জটিলতা ও সিন্ডিকেট বিতর্কের পর আবারো খুলছে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মালয়েশিয়ার শ্রমবাজার। কূটনৈতিক তৎপরতায় বন্ধ দরজা খোলার সম্ভাবনা তৈরি হলেও শ্রমবাজার উন্মুক্ত হওয়ার আগেই নতুন করে সামনে এসেছে পুরনো সিন্ডিকেটের ছায়া।

২৫টি রিক্রুটিং এজেন্সির নামের তালিকা প্রকাশ, পরে আরও ৩১২টি এজেন্সিকে যুক্ত করা। এসব এজেন্সির ভূমিকা নিয়ে তৈরি হওয়া অস্পষ্টতা ঘিরে রিক্রুটিং খাতে দেখা দিয়েছে তীব্র অসন্তোষ।

সবচেয়ে গুরুতর অভিযোগ উঠেছে মালয়েশিয়ার বেস্টিনেটের কর্ণধার দাতো শ্রী আমিন নুরের নিয়ন্ত্রণাধীন এফডব্লিউসিএমএসে ২৫টি রিক্রুটিং এজেন্সির নাম অন্তর্ভুক্ত করার পেছনে বিপুল অর্থ লেনদেন হয়েছে।

বায়রার সাবেক এক নেতা দাবি করেছেন, প্রতিটি এজেন্সির নাম অন্তর্ভুক্ত করতে ১৭ কোটি টাকা পর্যন্ত দেয়ার কথা তিনি জানতে পেরেছেন। তবে এই অর্থ লেনদেনের প্রমাণ এখনো প্রকাশ্যে আসেনি।

দ্য ডেইলি স্টারের শিরোনাম 'BPC panel against fuel imports by pvt sector' অর্থাৎ, বেসরকারি খাতের জ্বালানি আমদানির বিপক্ষে বিপিসি।

খবরে বলা হচ্ছে, বিপিসির একটি কমিটি জানিয়েছে, বেসরকারি কোম্পানিগুলোকে পরিশোধিত জ্বালানি তেল সরাসরি আমদানি ও বাজারজাত করার অনুমতি দিলে তা রাজস্ব ক্ষতি, কৃত্রিম সংকট, মজুতদারি, দামের অস্থিরতা, নিম্নমানের জ্বালানি এবং জাতীয় জ্বালানি নিরাপত্তার জন্য ঝুঁকির কারণ হতে পারে।

২৪শে মে বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানির (বিওজিসিএল) আবেদনের পরিপ্রেক্ষিতে কমিটিটি গঠন করা হয়েছিল।

প্রস্তাবটি পর্যালোচনা করার লক্ষ্যে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ১৪ই জুলাই বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের পরিচালক (পরিচালনা) এ কে মোহাম্মদ শামসুল আহসানের নেতৃত্বে ১১ সদস্যের একটি কমিটি গঠন করেছে।

১৯শে জুলাই কমিটি তাদের ৯ পৃষ্ঠার প্রতিবেদনটি জমা দেয়। যেখানে পরিশোধিত জ্বালানি সরাসরি বেসরকারিভাবে আমদানির বিরোধিতা করা হয় এবং জ্বালানিকে জাতীয় স্থিতিশীলতা ও জ্বালানি নিরাপত্তার সাথে সম্পৃক্ত একটি কৌশলগত পণ্য হিসেবে অভিহিত করা হয়।

প্রতিবেদনটি জমা দেওয়ার সাত দিন পর বিপিসির চেয়ারম্যান মো. রেজানুর রহমানকে তাঁর পদ থেকে সরিয়ে 'অফিসার অন স্পেশাল ডিউটি' (ওএসডি) করা হয়।

এরপর ৬ই আগস্ট, জ্বালানি বিভাগ বিপিসি-কে 'বেসরকারি খাতে পরিশোধিত জ্বালানি আমদানি, সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণন নীতিমালা, ২০২৬'-এর খসড়া তৈরির নির্দেশ দেয়।

দেশ রূপান্তরের শিরোনাম 'প্রত্যাশার চাপে বিএনপি'

খবরে বলা হচ্ছে, রাজনীতির নানা চড়াই-উতরাই পেরিয়ে আজ ৪৯ বছরে পা দিচ্ছে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। প্রতিষ্ঠার পর থেকে ইতিহাস, ঐতিহ্যের ধারক-বাহক দলটি একাধিকবার সরকার গঠন করে দেশ পরিচালনা করেছে।

ক্ষমতায় এসে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন, কৃষি, শিক্ষা ও অর্থনৈতিক খাতসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগও নিয়েছে বিএনপি। সেই ধারাবাহিকতায় এবারও তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার নানামুখী ব্যতিক্রমী কর্মসূচি গ্রহণ করেছে।

জাতীয় নির্বাচনের আগে ঘোষণা করা ইশতেহার বাস্তবায়নে শুরু হয়েছে কাজ। জটিল সময়ে নানামুখী প্রত্যাশার চাপ রয়েছে দলটির ওপর।

সর্বশেষ দীর্ঘ ১৭ বছর রাজপথে আন্দোলন ও শত শত নেতাকর্মীর জীবনের বিনিময়ে ২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে বিএনপি।

এরপর থেকেই চলছে নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাওয়ার চেষ্টা। বিশেষ করে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিদ্যুৎ ও জ্বালানি সংকট কাটিয়ে ওঠার জন্য লড়াই করতে হচ্ছে বিএনপি সরকারকে।

এমন প্রেক্ষাপটে দলের প্রতিষ্ঠাবার্ষিকীকে গণমুখী রাজনৈতিক চর্চা ও জাতীয় ঐক্য সুসংহত করার সুযোগ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।