আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

বাংলাদেশে নতুন পে স্কেল অনুমোদন, সরকারি চাকরিজীবীদের বেতন বেড়েছে ১৪২ শতাংশ পর্যন্ত

বাংলাদেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় পে-স্কেল অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা। রংপুরে সপরিবারে স্কুলশিক্ষক হত্যা মামলায় আটককৃত দুইজন অভিযুক্তের ডোপ টেস্টে মাদকের উপস্থিতি মেলেনি। অন্যদিকে নেপালে আকস্মিক বন্যায় ৯০০ জনের বেশি মানুষের মৃত্যুর তথ্য জানিয়েছে নেপালি কর্তৃপক্ষ, নিখোঁজ বেড়ে প্রায় সাড়ে চার হাজারে পৌঁছৈছে।

সরাসরি কভারেজ

রিপোর্টিং করেছেন মুকিমুল আহসান, সম্পাদনায় সায়েদুল ইসলাম

  1. সোমবার সারাদিন যা যা হলো:

    • আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজের একটি পোস্টে এই ঘোষণা দেন তিনি।
    • নেপালের রাসুয়ায় নতুন করে আরেকটি হিমবাহ হ্রদ ভাঙনের ঝুঁকি দেখা দিয়েছে। চীনের পানিসম্পদ মন্ত্রণালয়ের বরাত দিয়ে নেপালি কর্মকর্তারা বিবিসিকে এই তথ্য জানিয়েছে।
    • নেপালের আকস্মিক বন্যায় এখন পর্যন্ত ৯০০শ’রও বেশি মৃত্যুর খবর নিশ্চিত করেছে নেপালি কর্তৃপক্ষ। এর মধ্যে অনেকেরই মৃতদেহ শনাক্ত করা যায়নি। যে কারণে মৃতদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা সম্ভব হচ্ছে না।
    • বাংলাদেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় পে-স্কেল অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা। নতুন বেতনস্কেলে সর্বনিম্ন প্রারম্ভিক মূল বেতন ২০তম গ্রেডের জন্য ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ নির্ধারিত বেতন ১ম গ্রেডের জন্য ১,৫৬,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
    • ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় প্রবাসীর কাছ থেকে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
    • দেশে গত একদিনে হামের উপসর্গ নিয়ে ছয় জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ সময়ে ৯৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
    • রংপুরের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চার সদস্যের হত্যা মামলায় আটককৃত দুইজন আসামির ডোপ টেস্টে মাদকের উপস্থিতি মেলেনি।
    • স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। চূড়ান্ত ভোটার তালিকায় ভোটার দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।

    বিবিসি বাংলার লাইভ পাতা আজকের মতো এখানেই শেষ হলো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

    আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  2. ব্রেকিং, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন লিওনেল মেসি

    আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি।

    সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজের একটি পোস্টে এই ঘোষণা দেন তিনি।

    এর ফলে আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসি অবসর নিলেন। তবে ক্লাব ফুটবলে তাকে দেখা যাবে কিনা, সেই সম্পর্কে মেসি কিছু লেখেননি।

    সেখানে তিনি লেখেন, ‘ফাইনালের পর এতটা সময় পেরিয়ে গেছে। অনেক ভেবেচিন্তে আমি সবাইকে জানাতে চাই যে, আমি জাতীয় দল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

    পোস্টে মেসি আরো লিখেন, “এই সিদ্ধান্ত নেওয়া খুব কষ্টের ছিল, এখনও হৃদয়ের গভীরে সেই কষ্ট রয়েছে। কিন্তু আমি বুঝতে পারছি, এখনই সেই সময়। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি সবসময় আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করেছি। শুধু গত কয়েক বছরে নয়, তারও অনেক আগে থেকে। সবসময় এই জার্সির জন্য লড়েছি, নিজেকে উজাড় করে দিয়েছি—আপনাদের আনন্দ দিতে এবং ফুটবলের মাধ্যমে যেন আপনারা আর্জেন্টাইন হওয়ার জন্য গর্ববোধ করেন, সেই চেষ্টা করেছি”।

    এবারের বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর মেসি অবসর নিতে পারেন এমন গুঞ্জন ছিল। শেষ পর্যন্ত সেই ঘোষণা আসলো সোমবার।

  3. নেপালের রাসুয়ায় নতুন করে আরেকটি হিমবাহ হ্রদ ভাঙনের ঝুঁকি

    চীনের পানিসম্পদ মন্ত্রণালয়ের বরাত দিয়ে নেপালি কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন যে, রাসুয়ার ‘লেক টু’ হিমবাহে পানি জমতে শুরু করেছে।

    নেপালের বন্যা পূর্বাভাস বিভাগের প্রধান বিনোদ পরাজুলি বলেছেন যে, চীনের তথ্য অনুযায়ী হিমবাহ হ্রদটিতে আনুমানিক সাড়ে ছয় লাখ ঘনমিটার পানি জমেছে।

    "ধীরে ধীরে এই হিমবাহ হ্রদটি ভরাট হয়ে যাচ্ছে পানিতে। তাই সেটিতে ফাটল দেখা দেওয়ার ঝুঁকিও রয়েছে," বিবিসি নেপালিকে বলছিলেন তিনি।

    এদিকে, ধারণা করা হচ্ছে যে বন্যার পর বিভিন্ন বিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গগুলোতে প্রায় ৯৩৩ জন মানুষ আটকা পড়েছেন। আটকা পড়াদের উদ্ধারে বিদেশ থেকে বিশেষজ্ঞ দল এসে যোগ দিয়েছে।

    তবে এখনো পর্যন্ত একাধিক জলবিদ্যুৎ কেন্দ্রের সুরঙ্গ থেকে নতুন করে কাউকে উদ্ধারের খবর পাওয়া যায়নি।

    রাসুয়া বিদ্যুৎ কেন্দ্রে উদ্ধারকারী দল ড্রোন ব্যবহার করে সুড়ঙ্গটির শেষ প্রান্তে পৌঁছালেও কারো খোঁজ পায়নি।

    সুড়ঙ্গে অনেক শ্রমিক আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হলেও নতুন করে সেখান থেকে কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।

  4. মরদেহ নিয়ে হিমশিম খাচ্ছে নেপালি কর্তৃপক্ষ

    নেপালের আকস্মিক বন্যায় এখন পর্যন্ত ৯০০শ’রও বেশি মৃত্যুর খবর নিশ্চিত করেছে নেপালি কর্তৃপক্ষ।

    এর মধ্যে অনেকেরই মৃতদেহ শনাক্ত করা যায়নি। যে কারণে মৃতদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা সম্ভব হচ্ছে না।

    নেপালের কর্মকর্তারা জানিয়েছেন, আকস্মিক এই বন্যার পর উদ্ধার হওয়া ৯০০টিরও বেশি মৃতদেহের মধ্যে এখন পর্যন্ত মাত্র প্রায় চার শতাংশ মরদেহ শনাক্ত করা সম্ভব হয়েছে।

    স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৭৯৬টি মৃতদেহের মধ্যে মাত্র ৩৭টি শনাক্ত করা হয়েছে।

    রোববার সন্ধ্যার পরিসংখ্যান উপস্থাপন করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র ডা. সমীর কুমার অধিকারী এ কথা জানান।

    কর্তৃপক্ষ বলছে, যে মৃতদেহগুলো অক্ষত ও শনাক্তযোগ্য ছিল, সেগুলো আত্মীয়স্বজনরা শনাক্ত করে নিয়ে গেছেন।

    আর যে মৃতদেহগুলো শনাক্ত করা সম্ভব হচ্ছে না সেগুলো আপাতত সৎকার করা হবে। বাকিগুলো

    নেপালের কর্মকর্তারা জানিয়েছেন, বন্যার প্রথম বা দ্বিতীয় দিন পর্যন্ত কিছু অক্ষত মৃতদেহ পাওয়া গেলেও, দিন বাড়ার সাথে সাথে পচনশীল মৃতদেহের পরিমাণ বাড়ছে। ফলে কর্তৃপক্ষ মনে করছে সেগুলো এখন আর ডিএনএ নমুনা ছাড়া শনাক্ত করা সম্ভব না।

    যে কারণে যে মৃতদেহগুলোতে পচন ধরে শনাক্ত করা সম্ভব হচ্ছে না সেগুলো অস্থায়ীভাবে সৎকারের কাজ শুরু হয়েছে।

  5. ব্রেকিং, মন্ত্রিসভায় পে স্কেল অনুমোদন, সরকারি চাকরিজীবীদের বেতন বেড়েছে ১৪২ শতাংশ পর্যন্ত

    বাংলাদেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় পে-স্কেল অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা।

    নতুন বেতনস্কেলে সর্বনিম্ন প্রারম্ভিক মূল বেতন ২০তম গ্রেডের জন্য ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ নির্ধারিত বেতন ১ম গ্রেডের জন্য ১,৫৬,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

    এর আগে বিকাল পাঁচটায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের এই বৈঠক শুরু হয়।

    বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, নতুন বেতন স্কেল তিন ধাপে বাস্তবায়ন করা হবে। এর কার্যকারিতা ধরা হয়েছে চলতি বছরের পহেলা জুলাই থেকে। অর্থাৎ জুলাই মাস হিসাবে ধরেই কর্মকর্তা-কর্মচারীরা পে-স্কেলের সুবিধা পাবেন।

    সশস্ত্র বাহিনীর জন্য আলাদাভাবে যৌথবাহিনী নির্দেশাবলী ২০২৬ অনুমোদন করা হয়েছে মন্ত্রিসভায়।

    বৈঠক শেষে সন্ধ্যায় পিআইডি সম্মেলনকক্ষে এ নিয়ে বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।

    অনুমোদিত জাতীয় বেতনস্কেল ২০২৬-এ সরকারি কর্মচারীদের বিদ্যমান ২০টি বেতন গ্রেড বহাল রেখে মূল বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে।

    তিনি জানান, নতুন বেতন কাঠামো অনুযায়ী, গ্রেড-১ থেকে ১১ পর্যন্ত একশো শতাংশ পর্যন্ত বেতন বাড়ানো হয়েছে। আর সর্বনিম্ন গ্রেড বা ২০তম গ্রেডে বেতন বাড়ানো হয়েছে ১৪২ শতাংশ পর্যন্ত।

    অষ্টম জাতীয় বেতন কমিশন গঠনের প্রায় এক যুগ পর ২০২৫ সালের ২৭ জুলাই অন্তর্বর্তী সরকার ২৩ সদস্যের নবম জাতীয় বেতন কমিশন গঠন করে।

    নতুন পে-স্কেল বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত করতে চলতি বছরের ২১শে এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে সভাপতি করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা করে নতুন বেতন কাঠামোর খসড়া চূড়ান্ত করে এই কমিটি।

    সরকারি একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন বেতনস্কেল বাস্তবায়নের ফলে প্রায় ২৪ লাখ সামরিক ও অসামরিক কর্মচারী এবং সোয়া ৯ লাখ অবসরপ্রাপ্ত কর্মচারী ও অন্যান্য যোগ্য সুবিধাভোগী উপকৃত হবেন। এ জন্য সরকারের অতিরিক্ত বার্ষিক আর্থিক ব্যয়ের পরিমাণ আনুমানিক ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি।

  6. ছিনতাইয়ের অভিযোগে আটকের পর বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক বহিষ্কার

    ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় প্রবাসীর কাছ থেকে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

    সোমবার ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

    এতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদেরকে বহিষ্কার করা হয়েছে।

    এর আগে স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগের এক মামলায় বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

    বিমানবন্দর থানায় গত ২৯শে অগাস্ট আটক ছাত্রদল নেতাসহ কয়েকজনের নামে মামলা দায়ের করেন মো. সুমন নামের এক ব্যক্তি।

    মামলার এজাহারে তিনি জানান, তাঁর বড় ভাই মালয়েশিয়াপ্রবাসী। গত ২৮ আগস্ট তিনি বোনের বিয়ে ও পরিবারের ব্যবহারের জন্য মালয়েশিয়া থেকে ২০০ গ্রাম স্বর্ণালংকার পাঠান। পরবর্তী সময়ে তিনি তার বন্ধুকে নিয়ে বিমানবন্দর থেকে বড় ভাইয়ের পরিচিত লোকের কাছ থেকে তা গ্রহণ করেন। সেখান থেকে মাইক্রোবাসে করে যাওয়ার সময় ওই আসামিরা স্বর্ণালঙ্কার ছিনতাই করেন বলেও অভিযোগ করা হয় মামলার এজহারে।

    ওই ঘটনার পর অভিযান চালিয়ে ছাত্রদলের ওই দুইজন নেতাসহ কয়েকজনকে আটক করে পুলিশ।

  7. দেশে হামের উপসর্গ নিয়ে একদিনে ছয় জনের মৃত্যু

    দেশে গত একদিনে হামের উপসর্গ নিয়ে ছয় জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ সময়ে ৯৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

    সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হাম ও উপসর্গ নিয়ে মোট প্রাণ গেছে ৯৭৩ জনের। এর মধ্যে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৯ জনের। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে ৮৭৪ জন প্রাণ হারিয়েছে।

    গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হাম ও উপসর্গ নিয়ে মোট প্রাণ গেছে ৯৭৩ জনের। এর মধ্যে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৯ জনের। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে ৮৭৪ জন প্রাণ হারিয়েছে।

    স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, অনুযায়ী, গেল ২৪ ঘণ্টায় আরও এক হাজার ১৬২ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছে এক হাজার ৯৮ জন।

  8. রংপুরের চার খুন মামলার দুই আসামির ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব মেলেনি, পুলিশ কী বলছে?

    রংপুরের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চার সদস্যের হত্যা মামলায় আটককৃত দুইজন আসামির ডোপ টেস্টে মাদকের উপস্থিতি মেলেনি।

    ওই হত্যা মামলায় আটক দুইজন আসামি মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসের ডোপ টেস্টের জন্য নমুনা রোববার রংপুরের জেলগেট থেকে সংগ্রহ করা হয়।

    সোমবার ডোপ টেস্টে তাদের শরীরে মাদকের অস্তিত্ব পাওয়া যায়নি বলে বিবিসি বাংলাকে জানিয়েছে পুলিশ।

    রংপুর মহানগর ডিবির উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বিবিসি বাংলাকে বলেন, “রিপোর্টে ওই দুইজনের শরীরে মাদকের কোনো অস্তিত্ব নেই বলে উল্লেখ করা হয়েছে”।

    তিনি বলেন, “এটা আট নয়দিন আগের ঘটনা। এত দিন পর এসে মূত্রের পরীক্ষা করা হলে মাদকের অস্তিত্ব পাওয়া যাবে না এটাই স্বাভাবিক। আগে করালে হয়তো রেজাল্ট ভিন্ন হতো”।

    মি. চক্রবর্তী বলেন, এই ধরনের মাদকের ক্ষেত্রে শুধুমাত্র ইউরিন টেস্টে করে সঠিক ফলাফল পাওয়া যাবে না। এজন্য রক্তসহ অন্যান্য পরীক্ষা করতে হয়। এখন যদি বিজ্ঞ আদালত দেশে বা দেশের বাইরে টেস্ট করাতে বলে প্রয়োজনে আলোচনা করে সেটা করা হবে”।

    এর আগে ওই দুই আসামীকে আটকের পর পুলিশের পক্ষ থেকে আগে বলা হয়েছিল, চারজনকে হত্যার আগে দুইজন আসামি মাদক সেবন করেছিলেন।

    ২২শে অগাস্ট রাতে রংপুরের দাসপাড়া মাছুয়াপাড়া এলাকা থেকে জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার করে পুলিশ।

  9. স্থানীয় সরকার নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে ইসি

    শিগগিরই ধাপে ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

    নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ সোমবার নির্বাচন ভবনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন।

    চূড়ান্ত ভোটার তালিকায় ভোটার দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। শুধুমাত্র এই ভোটাররাই আগামী স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারবেন।

    ইসি সচিব জানান, ৩১শে জুলাই পর্যন্ত যাদের বয়স ১৮ হয়েছে, তাদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সব মিলিয়ে ভোটার দাঁড়াচ্ছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।

    চূড়ান্ত তালিকায় মোট ভোটারের মধ্যে পুরুষ ছয় কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী ছয় কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৬৭ জন।

    গত ১৪ই মে প্রকাশিত ভোটার তালিকায় দেশে মোট ভোটার ছিল ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এরপর স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ৩১ জুলাই পর্যন্ত নতুন ভোটার হওয়ার সুযোগ দেওয়া হয়।

  10. নেপালের আকস্মিক বন্যায় নিখোঁজ ও মৃতের সংখ্যা আরো বেড়েছে

    নেপালের আকস্মিক বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে, সেই সাথে ক্রমশই বাড়ছে নিখোঁজের সংখ্যাও।

    এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা নয়শো ছাড়িয়েছে। অন্যদিকে বাড়ছে নিখোঁজ মানুষের সংখ্যাও।

    এর আগে রোববার নিখোঁজের সংখ্যা ২৫০২ জন বলা হলেও এখন সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪,২৪৭ জনে।

    নিখোঁজদের মধ্যে ৩৬৫৫ জন নেপালি নাগরিক, বাকি ৫৯২ জন বিদেশি নাগরিক। নিখোঁজ যারা রয়েছেন তাদেরকে উদ্ধারে সন্ধান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

    এদিকে, সেখানকার জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গের ভেতরে আটকে পড়া শত শত মানুষকে উদ্ধারে তৎপরতা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

    অন্যদিকে, চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে তিব্বতে এখন পর্যন্ত সরকারিভাবে মৃত্যুর সংখ্যা ১৬ জন। আর নিখোঁজ রয়েছে ৫৪৬ জন।

    নেপালের বন্যা দুর্গতদের জন্য এরই মধ্যে অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের সাহায্য আসতে শুরু করেছে।

  11. গতকালের কিছু খবর:

    • আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপালে স্বজনের খোঁজে মরিয়া মানুষ ফোনের টর্চলাইট জ্বালিয়ে জীবিতদের তালিকা দেখছেন। দেশটিতে বন্যার পঞ্চম দিনে নিহতের সংখ্যা বেড়ে প্রায় আটশোতে পৌঁছেছে।
    • নেপালি একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন, এলাকায় বন্যার ঝুঁকি সম্পর্কে একের পর এক ফোন কল পাওয়ার পর তিনি প্রায় ৯০০ শিক্ষার্থীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন।
    • গুম প্রতিরোধ ও প্রতিকারে সরকার নতুন যে বিলের অনুমোদন দিয়েছে সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন গুমের শিকার ব্যক্তি ও আন্তর্জাতিক গুম প্রতিরোধ জাতীয় কমিটি। তবে রোববার ওই আইনটি পরীক্ষা শেষে সংসদে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
    • উত্তর সাইপ্রাসের কাছে একটি যাত্রীবাহী নৌকা ডুবে যাওয়ার ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বঘোষিত টার্কিস রিপাবলিক অফ নর্দার্ন সাইপ্রাসের প্রধানমন্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে সবশেষ এক আপডেটে তিনি জানিয়েছেন, নিখোঁজ ২৩ জনকে উদ্ধারে বর্তমানে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে।
    • ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে যারা ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করেছেন এবং যাদের সন্তান ও নাতি-পুতিরা চাকরি নিয়েছেন তাদের বিরুদ্ধে সরকার কী ধরনের ব্যবস্থা নেবে জাতীয় সংসদে এমন প্রশ্ন করেছেন নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী।
    • শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের থার্ড টার্মিনালের নয়শো দুই কোটি টাকা ব্যয় বৃদ্ধির উদ্যোগ নিয়ে সরকার ঠিকাদারকে আরেকবার দুর্নীতি করার সুযোগ করে দিচ্ছে কীনা জাতীয় সংসদে এমন প্রশ্ন তোলেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ।
    • জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইয়ের সময় স্কুল শিক্ষিকা রনজিনা পারভীন নিহতের ঘটনায় সন্দেহভাজন আসামি মো. মোশাররফ হোসেন পনিসহ দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব-২।
    • বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে জিজ্ঞাসাবাদের জন্য সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন।
    • ত্রিশূলি-তিন এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের কাছে পৌঁছাতে উদ্ধারকর্মীরা সুড়ঙ্গের উপরের অংশে একটি ছোট ছিদ্র করে ভেতরে পাম্প করে বাতাস ভরছেন।
    • নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার দুই দিন পর শুক্রবার উদ্ধার হওয়া এক শিশুকন্যা হাসপাতালে তার বাবা-মায়ের সঙ্গে পুনর্মিলিত হয়েছে।
    • চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, কয়েকদিন আগে তিব্বতের একটি হ্রদে আরেকটি ভূমিধসের কারণে নতুন একটি বাঁধ তৈরি হয়েছে, যা আরেকটি বন্যার ঝুঁকি তৈরি করেছে। এ ধরনের আরেকটি বন্যা ছোট আকারে হলেও তা এই বিপর্যয়ে গুরুতর প্রভাব ফেলতে পারে বলে বিশেষজ্ঞরা বলছেন।
  12. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    লাইভ পাতায় রিপোটিং করছেন মুকিমুল আহসান, সম্পাদনায় সায়েদুল ইসলাম।

    আরো পড়তে পারেন:

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে