পত্রিকা: 'বোয়িং ক্রয়, তুলা আমদানি বৃদ্ধি- কোনো কিছুই যুক্তরাষ্ট্রের শুল্কারোপ থামাতে পারেনি'

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রধান শিরোনাম— Boeings, more cotton imports, nothing could stop US tariff; অর্থাৎ বোয়িং ক্রয়, তুলা আমদানি বৃদ্ধি— কোনো কিছুই যুক্তরাষ্ট্রের শুল্কারোপ থামাতে পারেনি।
এই খবরে বলা হয়েছে, পারস্পরিক শুল্ক চুক্তি স্বাক্ষরের পর গত এপ্রিল-জুন প্রান্তিকে যুক্তরাষ্ট্র থেকে দ্বিগুণেরও বেশি পণ্য আমদানি করেছে বাংলাদেশ। পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক বোয়িংয়ের উড়োজাহাজ কেনার চুক্তি করেছে।
তা সত্ত্বেও মার্কিন তুলা দিয়ে তৈরি পোশাকের ক্ষেত্রে ওয়াশিংটন তাদের দেওয়া শুল্কমুক্ত সুবিধার প্রতিশ্রুতি রক্ষা করেনি। উল্টো 'অতিরিক্ত উৎপাদন সক্ষমতা'র অজুহাত দেখিয়ে তারা এখন বাংলাদেশি পণ্যের ওপর আরও ১৮ শতাংশ শুল্কারোপের প্রস্তাব দিয়েছে।
ট্রাম্প প্রশাসন ঢাকাকে চীন থেকে সুতা আমদানি কমিয়ে যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি সুতা কেনার জন্য চাপ দিচ্ছে।
এ অবস্থায় পোশাক শিল্পের নেতারা সতর্ক করেছেন, সুতা আমদানিতে এমন পরিবর্তন এলে উৎপাদন ব্যয় বাড়বে এবং বাংলাদেশের সংকটাপন্ন বস্ত্র খাত ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাবে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের সামগ্রিক আমদানি মাত্র শুন্য দশমিক ৫০ শতাংশ বাড়লেও যুক্তরাষ্ট্র থেকে আমদানি ব্যয় বেড়েছে ৩২ শতাংশেরও বেশি।
গত অর্থবছরে বাংলাদেশ ৩৩১ কোটি ডলারের সুতা এবং ৩০০ কোটি ডলারের তুলা আমদানি করেছে; এর পাশাপাশি বিপুল পরিমাণ কাপড় ও ফাইবার আমদানি করা হয়েছে, যার বড় অংশই এসেছে চীন থেকে— যেটিকে 'নন মার্কেট ইকোনমি' (অ-বাজার অর্থনীতি) হিসেবে উল্লেখ করে যুক্তরাষ্ট্র।


দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম— A medical college born of admin muscle; অর্থাৎ প্রশাসনিক ক্ষমতার জোরে গড়ে ওঠা এক মেডিকেল কলেজ।
বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।
ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন
বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল
এই খবরে বলা হয়েছে, দেশের নতুন সরকারি মেডিকেল কলেজ 'সরকারি কর্মচারী মেডিকেল কলেজ'-এ আগামী শিক্ষাবর্ষ থেকে ৫০ জন শিক্ষার্থী ভর্তির প্রস্তুতি চলছে।
অথচ, এই কলেজটির অনুমোদন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন রয়েছে এবং একাডেমিক কার্যক্রম পরিচালনার মতো পর্যাপ্ত জায়গা আছে কি না, তা নিয়েও সংশয় দেখা দিয়েছে।
সূত্র জানিয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে থাকা অন্তত দুটি কমিটির মাধ্যমে প্রচলিত যে অনুমোদন প্রক্রিয়া অনুসরণ করার কথা তা এড়িয়ে গত ৯ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় এই কলেজটির অনুমোদন দেয়।
এরপর জনপ্রশাসন মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয়কে ভর্তির প্রক্রিয়া সহজ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলে। এর পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রণালয় কলেজটিকে ভর্তি প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করে নেয়।
এই অনুমোদন নিয়ে দুই মন্ত্রণালয়ের বক্তব্যে তফাৎ রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের দাবি, স্বাস্থ্য মন্ত্রণালয়ই কলেজটির অনুমোদন দিয়েছে; অন্যদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, তারা এখনো কোনো আনুষ্ঠানিক অনুমোদন দেয়নি।
রাজধানীর ফুলবাড়িয়া এলাকায় অবস্থিত ৫০০ শয্যাবিশিষ্ট 'সরকারি কর্মচারী হাসপাতাল'-এর সাথেই হবে কলেজটি। এই হাসপাতালে মূলত সরকারি কর্মচারী ও তাদের আত্মীয়স্বজনদের চিকিৎসা দেওয়া হয়।
অথচ, এই হাসপাতালে একাডেমিক কার্যক্রম পরিচালনার মতো পর্যাপ্ত জায়গা নেই। এছাড়া, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এর দূরত্ব আধা কিলোমিটারেরও কম।
বর্তমানে শ্রেণিকক্ষ ব্যবহারের জন্য কাছাকাছি কোনো ভবন ভাড়া নিতে বাংলাদেশ রেলওয়ের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

দেশ রূপান্তরের প্রধান শিরোনাম— আমলনামার ফাঁদে ৭২ পুলিশ কর্মকর্তা।
এই খবরে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ তথ্য বাইরে চলে যাওয়ার অভিযোগ সামনে আসায় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন সরকারের নীতিনির্ধারকরা।
বিশেষ করে যেসব কর্মকর্তার বিরুদ্ধে অতীতে রাজনৈতিক প্রভাব খাটানো, বিতর্কিত দায়িত্ব পালন কিংবা রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের অভিযোগ রয়েছে, তাদের কর্মকাণ্ড পর্যালোচনার বিষয়টি সামনে এসেছে।
গত ১৪ নভেম্বর থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত চার পুলিশ কর্মকর্তাকে আটকের পাশাপাশি আরও ৭২ কর্মকর্তার আমলনামা প্রস্তুত করা হয়েছে।
তালিকাটি প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারের নীতিনির্ধারকদের 'বিশেষ টেবিলে' পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।
সূত্রটি জানিয়েছে, তালিকাভুক্ত পুলিশকর্তাদের কর্মকাণ্ডে নজরদারি করছে পুলিশ সদর দপ্তর। তাছাড়া পুলিশের সবকটি ইউনিটিও নজরদারি করছে।
এসব পুলিশ কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত আইজিপি, ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার ও ইনসপেক্টর রয়েছেন।

খোলাবাজারে ডলারের দাম ১৩০ টাকা ছাড়ালো— মানবজমিনের প্রথম পাতার খবর এটি।
খবরটিতে বলা হয়েছে, মার্কিন ডলারের বিপরীতে আবারো দুর্বল হচ্ছে দেশীয় মুদ্রা টাকা। আন্তঃব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের পাশাপাশি খোলাবাজারেও ডলারের দাম বেড়েছে।
সরবরাহ সংকটের বিপরীতে চাহিদা বেড়ে যাওয়ায় নগদ ডলারের বিনিময় মূল্য ১৩০ টাকা ছাড়িয়েছে।
গত দু'দিন রাজধানীর বিভিন্ন মানি চেঞ্জারে প্রতি ডলার ১৩০ টাকা ৫০ পয়সা থেকে ১৩০ টাকা ৭০ পয়সা দরে বিক্রি হচ্ছে। যদিও মানি চেঞ্জার অ্যাসোসিয়েশনের নির্ধারিত বিক্রয়মূল্য ১২৯ টাকা ৫০ পয়সা।
দুই সপ্তাহ আগে খোলাবাজারে প্রতি ডলার ১২৮ টাকার আশপাশে লেনদেন হয়েছে। আর এক মাস আগেও খোলাবাজারে প্রতি ডলারের দাম ছিল ১২৫ টাকা ৫০ পয়সা থেকে ১২৬ টাকা ৫০ পয়সার মধ্যে।
খোলাবাজারের পাশাপাশি ব্যাংকিং চ্যানেলেও ডলারের দর ঊর্ধ্বমুখী। বর্তমানে ব্যাংকগুলো প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ডলার ১২৫ থেকে ১২৬ টাকা পর্যন্ত দরে কিনছে। আমদানির জন্য ডলার বিক্রি করা হচ্ছে সর্বোচ্চ ১২৫ টাকা ৩০ পয়সা পর্যন্ত।

কালের কণ্ঠের প্রথম পাতার একটি খবরের শিরোনাম— গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত ভোগান্তিতে গ্রাহক।
এই খবরে বলা হয়েছে, গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ বা সীমিত হয়ে পড়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহক। গত বুধবার রাত থেকে কয়েকটি মোবাইল ব্যাংকিং সেবায় লেনদেন করতে না পারায় বিপাকে পড়েছেন কৃষক, শ্রমজীবী মানুষ, শিক্ষার্থী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।
গতকাল বৃহস্পতিবার সকালে জেলার বিভিন্ন এলাকায় বিকাশ, রকেট, নগদ ও উপায়ের এজেন্ট পয়েন্টে গিয়ে এমন চিত্র দেখা যায়।
সাধারণ গ্রাহকদের অভিযোগ, হঠাৎ লেনদেন বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন সীমিত আয়ের মানুষ।
এ অবস্থায় সাধারণ গ্রাহকদের ভোগান্তি কমাতে জরুরি প্রয়োজনে সীমিত পরিসরে হলেও মোবাইল ব্যাংকিং লেনদেন চালুর দাবি ভুক্তভোগীদের।

নয়া দিগন্তের প্রধান শিরোনাম— বাড়ছে ডলারের দাম, আমদানি ব্যয় উৎপাদন খরচ ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা।
এই খবরে বলা হয়েছে, ডলারের সরবরাহে ঘাটতি, জ্বালানি আমদানির বাড়তি ব্যয়, রফতানি ও বিদেশি বিনিয়োগে প্রত্যাশিত গতি না থাকা এবং নগদ ডলারের চাহিদা বৃদ্ধি সব মিলিয়ে বৈদেশিক মুদ্রাবাজারে আবারো অস্থিরতা দেখা দিয়েছে।
খোলা বাজারে প্রতি ডলারের দাম ১৩০ টাকা ছাড়িয়ে যাওয়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে।
ডলারের এই ঊর্ধ্বগতি আমদানি ব্যয় বাড়ানোর পাশাপাশি শিল্পের উৎপাদন খরচ, পণ্যের বাজারমূল্য এবং সামগ্রিক মূল্যস্ফীতির ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

রপ্তানিতে আবার শুল্কের ভয়— আজকের পত্রিকার প্রধান শিরোনাম এটি।
এই খবরে বলা হয়েছে, মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর) বাংলাদেশের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব করায় দেশটির বাজারে রপ্তানি নিয়ে অনিশ্চয়তা আবার বাড়লো।
এই ঝুঁকি এমন সময়ে এসেছে, যখন ইউরোপের বাজারেও বাংলাদেশের রপ্তানি চাপের মুখে। দেশের মোট রপ্তানির প্রায় ৬১ শতাংশের গন্তব্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭ দেশের বাজার। সেখানে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কমছে, বিপরীতে চীন ও ভিয়েতনামের রপ্তানি বাড়ছে।
ফলে যুক্তরাষ্ট্রে শুল্ক বাড়ার আশঙ্কার পাশাপাশি ইউরোপে বাজার ধরে রাখার প্রতিযোগিতাও কঠিন হয়ে উঠছে। যুক্তরাষ্ট্রের শুল্কঝুঁকিতে প্রতিযোগী দেশগুলো বিকল্প বাজারে আরও সক্রিয় হলে ইউরোপে বাংলাদেশের ওপর চাপ বাড়তে পারে।
এর সঙ্গে উৎপাদন ব্যয়, পণ্যের দাম ও সরবরাহ সক্ষমতার বিদ্যমান দুর্বলতা যুক্ত হলে রপ্তানি ধরে রাখাই বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে।

রাজস্ব আয়ের বড় অংশ ব্যয় হচ্ছে ঋণ ও সুদ পরিশোধে— বণিক বার্তার প্রধান শিরোনাম এটি।
এই খবরে বলা হয়েছে, রাজস্ব আহরণে দীর্ঘদিনের দুর্বলতার কারণে সরকারের আয়ের বড় অংশ এখন ব্যয় হচ্ছে ঋণের আসল ও সুদ পরিশোধে। ফলে প্রশাসনিক ব্যয় নির্বাহ, শিক্ষা-স্বাস্থ্যসহ সামাজিক খাতে বিনিয়োগ এবং উন্নয়ন কর্মকাণ্ডে নিজস্ব অর্থায়নের সক্ষমতা সংকুচিত হচ্ছে।
অন্যদিকে, সরকারের ঋণের স্থিতি ও সুদ ব্যয়— দুটিই বাড়ছে, যদিও সে অনুপাতে বাড়ছে না রাজস্ব আয়। এমন অবস্থায় উন্নয়ন ব্যয় মেটানোর পাশাপাশি পুরনো ঋণের দায় পরিশোধে সরকারকে নতুন ঋণ নিতে হচ্ছে।
এতে ঋণ পরিশোধের সক্ষমতা দুর্বল হওয়ার পাশাপাশি ঋণনির্ভরতার দুষ্টচক্রে আটকে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে।
বিশ্বব্যাংকের সাম্প্রতিক মূল্যায়নে উঠে এসেছে এ সংকটের গভীরতা। সংস্থাটির হিসাবে বাংলাদেশের কর-জিডিপি অনুপাত বিশ্বে সর্বনিম্নে থাকা দেশগুলোর মধ্যে অন্যতম।

ডিসেম্বরে নাশকতার শঙ্কা, আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক— সমকালের প্রধান শিরোনাম এটি।
এই প্রতিবেদনে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ডিসেম্বরে দেশে সহিংসতা ও নাশকতা চালাতে পারে, এ শঙ্কায় কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এজন্য দলটির নেতাকর্মীদের গ্রেপ্তারের পাশাপাশি পুলিশ বাহিনীর ভেতরে নজরদারি চালানো হচ্ছে। গত ১২ দিনে চার পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা কার্যক্রম নিষিদ্ধ দলের সঙ্গে যুক্ত থেকে ষড়যন্ত্র করছেন বলে মনে করছে সরকার।
সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের মাঠ পর্যায়ের সদস্যদের শতক বা থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনা, থানা ও পুলিশ সদস্যদের নিরাপত্তার জন্য বাড়তি পদক্ষেপ নেওয়া হয়েছে।

শ্রমিকদের বাড়িভাড়া বাড়ানো হলে ব্যবস্থা নেবে সরকার— প্রথম আলোর প্রথম পাতার খবর এটি।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, তৈরি পোশাকশিল্পের মজুরি ৩৬ থেকে ৪৩ শতাংশ বৃদ্ধির পর বাড়ির মালিকেরা যাতে শ্রমিকের বাড়িভাড়া বাড়াতে না পারেন, সে বিষয়ে নজর রাখবে সরকার।
পাশাপাশি শ্রমিকদের চিকিৎসার জন্য নির্মিত হবে সাতটি বিশেষায়িত হাসপাতাল। ফ্যামিলি কার্ডের অধীনে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে।
শ্রমিক-অধ্যুষিত এলাকায় বড় আবাসন প্রকল্প ও বহুতল ভবন নির্মাণেও প্রধানমন্ত্রী ইতিবাচক। শ্রমিকদের সন্তানদের শিক্ষার সুযোগ বাড়াতেও কাজ চলছে।
তৈরি পোশাকশিল্পের ন্যূনতম মজুরি চূড়ান্ত হওয়ার পর গতকাল বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের পক্ষ থেকে এসব কথা বলা হয়েছে।









