পত্রিকা: 'ঢাকা-দিল্লি সম্পর্ক: বৈরী থেকে শীতল স্বাভাবিকের অপেক্ষা'

পত্রিকা
Published
পড়ার সময়: ৭ মিনিট

ঢাকা-দিল্লি সম্পর্ক সাম্প্রতিক সময়ে বৈরীতা ও টানাপড়েন পেরিয়ে আবারও ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফেরার চেষ্টা করছে বলে বিশ্লেষকদের পর্যবেক্ষণ। এক-এগারো পরবর্তী সময় এবং ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে দুই দেশের সম্পর্ক ঘনিষ্ঠ থাকলেও পরে রাজনৈতিক বাস্তবতা ও অভ্যন্তরীণ টানাপড়েনে দূরত্ব তৈরি হয়।

বিশ্লেষকদের মতে, অন্তর্বর্তী সরকারের প্রায় ১৮ মাসে সম্পর্কের মধ্যে অবিশ্বাস ও উত্তেজনা বাড়ে। পরে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার পর ভূরাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ বিবেচনায় উভয় দেশই সম্পর্ক পুনর্গঠনে উদ্যোগ নিচ্ছে। বিএনপি সরকারের 'সবার আগে বাংলাদেশ' নীতির আলোকে ভারতের সঙ্গে সম্পর্ক নতুনভাবে সাজানোর চেষ্টা চলছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্র, চীন ও পাকিস্তানের কূটনৈতিক সক্রিয়তা এবং আঞ্চলিক নিরাপত্তা বিবেচনায় ভারতও সতর্ক অবস্থানে রয়েছে। এই পরিস্থিতিতে দুই দেশের সম্পর্ককে অনেকেই 'অ্যাকশন ও রিঅ্যাকশন'-এর ধারায় পরিচালিত বলে মনে করছেন, যেখানে এক পক্ষের পদক্ষেপের প্রতিক্রিয়ায় অন্য পক্ষ অবস্থান নিচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, পারস্পরিক আস্থার সংকটই মূল সমস্যা। রাজনৈতিক বক্তব্য, একে অপরকে দোষারোপ এবং কিছু রাজনৈতিক ইস্যু সম্পর্ককে আরও জটিল করেছে। ফলে সম্পর্ক কিছুটা স্থিতিশীল হলেও পুরোপুরি স্বাভাবিকতা ফিরতে সময় লাগবে বলে তারা মনে করছেন।

মানবজমিন
নিউ এইজ

নিউ এইজ পত্রিকার খবর- More VAT, duty on dozens of items likely অর্থাৎ এক ডজন পণ্যের ওপর বাড়তে পারে ভ্যাট

আসন্ন অর্থবছরের বাজেটে কয়েক ডজন পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) ও সম্পূরক শুল্ক বাড়ানোর পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

অর্থ মন্ত্রণালয় সূত্রের তথ্য অনুযায়ী, চাল, গম, ভোজ্যতেল, আলু, পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, চিনি ও চায়ের মতো নিত্যপণ্যে উৎসে কর ০.৫ শতাংশ থেকে বাড়িয়ে সর্বোচ্চ ১ শতাংশ করা হতে পারে। এছাড়া ব্যাটারিচালিত রিকশা, উচ্চ সিসির মোটরসাইকেল ও গাড়ির ওপর অগ্রিম আয়কর বাড়ানোর প্রস্তাবও রয়েছে।

অনলাইন মার্কেটিং এজেন্টদের কমিশনে ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ এবং প্লাস্টিক পণ্যে ৭.৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার পরিকল্পনা রয়েছে। নির্মাণ খাতে ভ্যাট ৭.৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করার প্রস্তাবও বিবেচনায় আছে।

অর্থনীতিবিদরা বলছেন, রাজস্ব বাড়ানো জরুরি হলেও তা যেন সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ না ফেলে, সে বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। তাদের মতে, দীর্ঘদিন ধরে উচ্চ মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষ চাপে রয়েছে।

অর্থ মন্ত্রণালয় ও এনবিআর সূত্র বলছে, আগামী অর্থবছরে প্রায় ৬ লাখ ৪ হাজার কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণের পরিকল্পনা রয়েছে, যার বড় অংশই ভ্যাট ও শুল্ক থেকে আদায় করার লক্ষ্য নেওয়া হয়েছে।

প্রথম আলো

পুরোনো রাজনৈতিক অবস্থান থেকে সরে আসার কোনো ইঙ্গিত দিচ্ছে না আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব। দলটির ভেতরে 'রিফাইন্ড' বা অপেক্ষাকৃত কম বিতর্কিত নেতৃত্বে নতুনভাবে রাজনীতিতে ফেরার আলোচনা থাকলেও, শেখ হাসিনা এ ধারণার প্রতি অনাগ্রহী বলেই দলীয় সূত্রগুলো জানিয়েছে।

দলটির অনেক নেতা কর্মীর মধ্যেই এখন ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ও হতাশা দেখা যাচ্ছে। কেউ কেউ মনে করছেন, বর্তমান সরকার বড় ধরনের সংকটে পড়লে বা অজনপ্রিয় হয়ে উঠলে আওয়ামী লীগের জন্য আবার রাজনৈতিক সুযোগ তৈরি হতে পারে।

দলীয় সূত্র বলছে, জাতীয় নির্বাচনের আগে ও পরে বন্ধুপ্রতিম দেশ এবং শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে আওয়ামী লীগের নেতৃত্বে পরিবর্তনের পরামর্শ দেওয়া হয়েছিল। তবে শেখ হাসিনা সভাপতি পদ ছাড়তে রাজি নন। তিনি বিকল্প হিসেবে কিছু নেতাকে মুখপাত্রের দায়িত্ব দেওয়ার কথা ভাবলেও সেটি নিয়েও তেমন অগ্রগতি হয়নি।

যুগান্তর
স্কিপ করুন বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল পড়ুন
আপনার হোয়াটসঅ্যাপে বিবিসি বাংলা।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।

ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

যুগান্তর পত্রিকার খবর- ঈদে জমজমাট চাঁদাবাজি

কুরবানির ঈদ সামনে রেখে উত্তরাঞ্চলের বড় পশুর মোকামগুলো থেকে দেশের বিভিন্ন জেলায় গরু পরিবহনের সময় ব্যাপক চাঁদাবাজির অভিযোগ উঠেছে। রাজশাহী থেকে চট্টগ্রাম পর্যন্ত মহাসড়কের অন্তত ২০টি পয়েন্টে পশুবাহী ট্রাক থেকে চাঁদা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চালক ও ব্যবসায়ীরা।

তাদের অভিযোগ, হাইওয়ে ও থানা পুলিশের কিছু সদস্য এবং রাজনৈতিক পরিচয়ে থাকা স্থানীয় লোকজন 'লাইন খরচ' ও টোলের নামে টাকা আদায় করছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হয়রানি, কাগজপত্র তল্লাশি এবং শারীরিক লাঞ্ছনার ঘটনাও ঘটছে। কোথাও কোথাও গভীর রাতে ছিনতাইয়ের ঘটনাও ঘটছে বলে অভিযোগ রয়েছে।

ব্যবসায়ীরা বলছেন, পথে পথে চাঁদা দিতে গিয়ে প্রতিটি ট্রাকে অতিরিক্ত ৭ হাজার থেকে ১০ হাজার টাকা খরচ হচ্ছে। এতে পরিবহণ ব্যয় বেড়ে গিয়ে গরুর দামেও প্রভাব পড়ছে, যার চাপ শেষ পর্যন্ত পড়ছে ক্রেতাদের ওপর।

রাজশাহী সিটি হাটে প্রতিদিন প্রায় ২৫ থেকে ৩০ হাজার পশু কেনাবেচা হয়। সেখান থেকে প্রতিরাতে প্রায় ৫শ ট্রাক দেশের বিভিন্ন এলাকায় যায়। চালকদের অভিযোগ, রাজশাহীর বেলপুকুর, পুঠিয়া, বনপাড়া ও যমুনা সেতু এলাকার বিভিন্ন পয়েন্টে ট্রাক থামিয়ে ধাপে ধাপে চাঁদা আদায় করা হচ্ছে। একই ধরনের অভিযোগ এসেছে সাতক্ষীরা ও রাঙামাটি থেকেও।

কালের কণ্ঠ

কালের কণ্ঠ পত্রিকার আজকে খবর- ঈদ ঘিরে রেমিট্যান্সে ৪১.৩১% প্রবৃদ্ধি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশে প্রবাস আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২৩ মে এক দিনেই দেশে এসেছে ১৭ কোটি ৩৬ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।

মে মাসের প্রথম ২৩ দিনে মোট প্রবাস আয় এসেছে ২ দশমিক ৯৭ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪১ দশমিক ৩১ শতাংশ বেশি। গত বছর একই সময়ে রেমিট্যান্স ছিল ২ দশমিক ১০ বিলিয়ন ডলার।

সংশ্লিষ্টরা বলছেন, ঈদকে কেন্দ্র করে প্রতি বছরই প্রবাস আয় বাড়ে। তবে এবার প্রবৃদ্ধির হার তুলনামূলক বেশি। চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ২৩ মে পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩২ দশমিক ৩১ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ২৬ দশমিক ৬৪ বিলিয়ন ডলার।

অর্থনীতিবিদদের মতে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর অর্থনৈতিক ব্যবস্থাপনায় কিছুটা আস্থা ফিরেছে। পাশাপাশি বৈধ চ্যানেলে অর্থ পাঠাতে উৎসাহ, হুন্ডি নিরুৎসাহে পদক্ষেপ এবং ডলারের বিনিময় হার বাস্তবসম্মত হওয়াও রেমিট্যান্স বাড়ার পেছনে ভূমিকা রাখছে।

ব্যাংকাররা বলছেন, ঈদের আগে পরিবার ও স্বজনদের বাড়তি খরচ মেটাতে প্রবাসীরা সাধারণ সময়ের তুলনায় বেশি অর্থ পাঠিয়ে থাকেন।

বণিক বার্তা

দেশের সমুদ্রসীমায় তেল ও গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে সরকার। 'অফশোর বিডিং রাউন্ড-২০২৬'-এর আওতায় গভীর ও অগভীর সমুদ্রের মোট ২৬টি ব্লকে বিদেশি কোম্পানিগুলো অনুসন্ধান ও বিনিয়োগের সুযোগ পাবে।

সরকার বলছে, বিদেশি প্রতিষ্ঠানগুলোকে আকৃষ্ট করতে এবার গ্যাসের মূল্য নির্ধারণে নমনীয়তা, পাইপলাইন ট্যারিফ সুবিধা, শ্রমিক কল্যাণ তহবিলে অংশ কমানো এবং গ্যাস রফতানির সুযোগ রাখা হয়েছে। আগামী ১ জুন থেকে দরপত্রের নথি সংগ্রহ করা যাবে এবং জমা দেওয়ার শেষ সময় ৩০ নভেম্বর।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, দীর্ঘদিন পর সরকার সমুদ্রের সম্পদ আহরণে কার্যকর উদ্যোগ নিয়েছে। তাঁর মতে, অতীতে সমুদ্রসীমা অর্জন নিয়ে আলোচনা হলেও সম্পদ উত্তোলনে তেমন অগ্রগতি হয়নি।

সরকারের আশা, নতুন এই উদ্যোগ ভবিষ্যতে দেশের জ্বালানি নিরাপত্তা ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নয়া দিগন্ত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিনজন চাকমা শ্রমিক নিহত হয়েছেন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে সীমান্ত পিলার ৪১ ও ৪২-এর মধ্যবর্তী এলাকায়, সীমান্তের কিছুটা বাংলাদেশের অভ্যন্তরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিস্ফোরণের পর এলাকায় তিনজন আহত হওয়ার খবর দ্রুত ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। বেলা আড়াইটার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

নিহতরা হলেন- লেয়ারা, অংকেমং। তাদের সবার বাড়ি ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভালুকিয়াপাড়া গ্রামে।সংবাদ বিশ্লেষণ সেবা

স্থানীয়দের ধারণা, সীমান্তে সে দেশের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির পুঁতে রাখা শক্তিশালী এ স্থলমাইনের বিস্ফোরণেই তাদের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে আরো জানা গেছে, নিহতরা ওই এলাকায় কলাবাগানে কাজ করতে গেলে এ দুর্ঘটনার শিকার হন।

আজকের পত্রিকা

আজকের পত্রিকার শীর্ষ খবর- ভাগাভাগিতে বাদ পুরোনো হকার

রাজধানীর বিভিন্ন ফুটপাতে হকার পুনর্বাসনের তালিকায় পুরোনোদের বাদ দিয়ে নতুনদের জায়গা দেওয়ার অভিযোগ উঠেছে। গুলিস্তান, ফার্মগেট, নিউমার্কেট ও মিরপুরসহ কয়েকটি এলাকায় হকারদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।

গুলিস্তানের মসজিদ মার্কেটের সামনে ফুটপাতে বসা কয়েকজন নতুন হকার জানিয়েছেন, স্থানীয় রাজনৈতিক নেতা, সিটি করপোরেশনের কর্মচারী বা তাদের পরিচিতদের মাধ্যমে তারা জায়গা পেয়েছেন। কেউ কেউ আগে অন্য পেশায় ছিলেন, সম্প্রতি ফুটপাতে ব্যবসা শুরু করেছেন।

হকারদের অভিযোগ, উচ্ছেদের পর পুনর্বাসনের জন্য পুলিশের সহায়তায় যে তালিকা করা হয়েছে, সেখানে দীর্ঘদিনের অনেক হকারের নাম নেই। বরং নতুনদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এ প্রক্রিয়ায় স্থানীয় রাজনৈতিক নেতা, পুলিশ, হকার নেতা এবং সিটি করপোরেশনের কিছু কর্মকর্তা-কর্মচারীর প্রভাব থাকার অভিযোগও উঠেছে।

হকার্স ইউনিয়নের নেতারা বলছেন, পুনর্বাসন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করা প্রয়োজন।

দ্য ডেইলি স্টার

দ্য ডেইলি স্টার পত্রিকার খবর- Between libya and italy: No trace of 23 Bangladeshi men for over 2 years, অর্থাৎ লিবিয়া ও ইতালির পথে দুই বছর ধরে খোঁজ নেই ২৩ বাংলাদেশির

লিবিয়া হয়ে ইতালিতে পাড়ি জমানোর পথে অন্তত ২৩ জন বাংলাদেশি তরুণ দুই বছরেরও বেশি সময় ধরে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। তাদের পরিবারের সদস্যরা এখনো কোনো খোঁজ না পেয়ে চরম অনিশ্চয়তা ও উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন।

শরীয়তপুরের তুলাতলা গ্রামের এক কৃষক পরিবারের গল্পে উঠে এসেছে এমনই এক নিখোঁজ যাত্রার বাস্তবতা। ২০২৩ সালে ২৪ বছর বয়সী রাশেদুল ইসলাম দালালদের প্ররোচনায় লিবিয়া হয়ে ইতালির পথে রওনা দেন, কিন্তু এরপর আর তার কোনো খোঁজ মেলেনি।

পরিবার জানায়, প্রথমদিকে নিয়মিত যোগাযোগ থাকলেও ধীরে ধীরে ফোনকল বন্ধ হয়ে যায়। এখন দালালদের আশ্বাস আর অপেক্ষাই তাদের একমাত্র ভরসা। একইভাবে নিখোঁজ থাকা অন্য বাংলাদেশিদের পরিবারগুলোও দীর্ঘদিন ধরে কোনো তথ্য ছাড়াই অপেক্ষায় আছে।