গাদ্দাফি কীভাবে মারা গেলেন?

বিদ্রোহীদের হাতে জীবিত কর্ণেল গাদ্দফি
ছবির ক্যাপশান, বিদ্রোহীদের হাতে জীবিত কর্নেল গাদ্দফি
Published

অগাষ্ট মাসে রাজধানী ত্রিপোলির পতনের পর, সিয়ার্ত-এ গড়ে ওঠে ক্ষমতাচ্যুত নেতা মুয়াম্মার গাদ্দাফির অনুগত বাহিনীর শেষ প্রতিরোধ৻

গাদ্দাফি সমর্থকদের শেষ ঘাঁটি ছিলো শহরের উত্তর-পশ্চিমে ডিস্ট্রিক্ট-২৻

বৃহস্পতিবার ভোরের দিকে কয়েকজন ঘনিষ্ঠ সহযোগিকে নিয়ে কর্নেল গাদ্দাফি একটি গাড়িবহরে ডিস্ট্রিক্ট-২ থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন৻

কর্নেল গাদ্দাফির ছেলে মুতাসসিমসহ গাড়িবহরটি লড়াই করে বিরোধী ন্যাশনাল ট্রান্সিশনাল কাউন্সিলের যোদ্ধাদের প্রতিরোধ অতিক্রম করার চেষ্টা করে৻

স্থানীয় সময় সকাল সাড়ে আটটার দিকে শহর থেকে ৩-৪ কিলোমিটার পশ্চিমে কয়েকটি ফরাসী জঙ্গী বিমান গাড়িবহরের উপর আক্রমণ শুরু করে৻

বিদ্রোহী সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, ফরাসী বিমান হামলায় গাড়িবহরের অন্তত ১৫টি সশস্ত্র পিকআপ ট্রাক বিধ্বস্ত হয়৻

কর্নেল গাদ্দাফিসহ কয়েকজন দুটি বড় কনক্রিটের পাইপের ভেতরে আশ্রয় নেন৻

কর্ণেল গাদ্দাফির শেষ যাত্রা
ছবির ক্যাপশান, কর্ণেল গাদ্দাফির শেষ যাত্রা
কর্ণেল গাদ্দাফির মরদেহ
ছবির ক্যাপশান, কর্নেল গাদ্দাফির মরদেহ

বিদ্রোহীরা তখন কাছাকাছি চলে আসে৻

বিদ্রোহী যোদ্ধাদের একজন রয়টার্সকে বলেন, প্রথমে তারা কামানের গোলা ছুঁড়তে থাকে কিন্তু সেটাতে কাজ হচ্ছিলো না৻

‘‘এর পর আমরা হেঁটে হেঁটে অগ্রসর হতে থাকি৻ গাদ্দাফির একজন লোক তখন বেরিয়ে আসে এবং আমাকে দেখেই গুলি শুরু করে‘‘, তিনি বলেন৻

‘‘আমার মনে হয় গাদ্দাফি সম্ভবত তাকে গুলি বন্ধ করতে বলেন৻

‘‘ঐ লোক তখন বলতে থাকে, ‘আমার নেতা এখানে আছেন, আমার নেতা এখানে আছেন‘, সে বলতে থাকে, ‘মুয়াম্মার গাদ্দাফি এখানে আছেন এবং তিনি আহত‘‘‘৻

বেলা ১২টার দিকে কর্নেল গাদ্দাফিকে জীবিত কিন্তু গুরুতর আহত অবস্থায় আটক করা হয়৻

টেলিভিশন চ্যানেল আল-জাজিরায় যে ভিডিও প্রচার করা হয় সেখানে দেখা যায় দৃশ্যত: বিভ্রান্ত মিঃ গাদ্দাফিকে বিদ্রোহী যোদ্ধারা টানা-হেঁচড়া করছে৻

তবে এর পরের ঘটনাবলী পরিস্কার না৻

লিবিয়ার ট্রান্সিশনাল কাউন্সিল বা এনটিসি-র প্রধানমন্ত্রী মাহমুদ জিবরিল সাংবাদিকদের বলেন ‘ফোরেন্সিক‘ রিপোর্টে বলা হয়েছে, যে কর্নেল গাদ্দাফি গুলির আঘাতে মারা গেছেন৻

মিঃ জিবরিল বলেন এনটিসি বাহিনী মিঃ গাদ্দাফিকে আটক করে, তিনি কোন কোন বাধা দেননি এবং তারপর তাঁকে গাড়ি করে নিয়ে যাওয়া হয়৻

‘‘গাড়ি চলাকালে বিপ্লবী বাহিনী আর গাদ্দাফি বাহিনীর গোলাগুলির ক্রসফায়ারে পরে যে সময় তাঁর মাথায় গুলি লাগে,‘‘ ঐ রিপোর্ট উদ্ধৃত করে মিঃ জিবরিল বলেন৻

‘‘তবে ফোরেন্সিক ডাক্তাররা বলতে পারেন নি গুলিটি বিপ্লবী না গাদ্দাফি বাহিনীর দিক থেকে এসেছিলো,‘‘ তিনি বলেন৻

যুদ্ধ-বিধ্বস্ত সিয়ার্তের একটি সড়ক
ছবির ক্যাপশান, যুদ্ধ-বিধ্বস্ত সিয়ার্তের একটি সড়ক

তবে একজন নিজেকে প্রত্যক্ষদর্শী হিসেবে দাবি করে বিবিসিকে বলেন তিনি স্বচক্ষে দেখেছেন বেলা সাড়ে ১২টার দিকে কর্নেল গাদ্দাফিকে একটি ৯মিমি বন্দুক দিয়ে তলপেটে গুলি করা হয়৻

এনটিসি কর্মকর্তা আব্দেল মাজিদ ম্লেগতা রয়টার্সকে বলেন গাদ্দাফি দু‘পায়েই গুলিবিদ্ধ হন৻

‘‘তিনি মাথায়ও আঘাত পেয়েছিলেন,‘‘ তিনি বলেন৻ ‘‘তার দলকে লক্ষ্য করে প্রচুর গুলি ছোঁড়া হয়েছিলো, এবং তিনি মারা যান‘‘৻

ঘটনার অস্পষ্ট ভিডিও ছবি দ্রুত বিদ্রোহী যোদ্ধাদের মাঝে হাত বদল হতে থাকে৻

আল-জাজিরায় দেখানো আরেকটি ভিডিওতে কর্নেল গাদ্দাফির মৃতদেহ মাটিতে টেনে নিতে দেখা যায়৻

এনটিসি-র একজন মন্ত্রী রয়টার্সকে বলেন মিঃ গাদ্দাফির মরদেহ মিসরাতায় নিয়ে যাওয়া হয়েছে৻