যুক্তরাজ্যে পাঁচ বছরের মাথায় তৃতীয়বারের মতো সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ চলছে

ভোটকেন্দ্রের দিক নির্দেশনা।
ছবির ক্যাপশান, ভোটকেন্দ্রের দিক নির্দেশনা।
Published

যুক্তরাজ্য পাঁচ বছরেরও কম সময়ের মধ্যে তৃতীয়দফা সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। দেশটিতে প্রায় ১০০ বছরের ইতিহাসে এই প্রথম ডিসেম্বর মাসে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে ২০১৭ সালে ৮ই জুন এবং ২০১৫ সালে ৭ই মে ভোটগ্রহণ হয়েছিল।

ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ড জুড়ে থাকা ৬৫০ টি নির্বাচনী কেন্দ্রে স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। যা চলবে স্থানীয় সময় রাত ১০টা পর্যন্ত।

ভোটগ্রহণ শেষ হওয়ার সাথে সাথে গণনা শুরু হবে। স্থানীয় সময় শুক্রবার ভোরের দিকে বেশিরভাগ ফলাফল ঘোষণার কথা রয়েছে।

সাধারণ নির্বাচনের মতো এবারও ফার্স্ট পাস্ট পোস্ট সিস্টেমের অধীনে মোট ৬৫০ জন এমপি নির্বাচন করা হবে।

এই পদ্ধতির আওতায়, একটি আসনে যে প্রার্থী সর্বাধিক ভোট অর্জন করেন, তিনিই এমপি নির্বাচিত হন।

২০১৭ সালে, নিউক্যাসল সেন্ট্রাল প্রথম কোন নির্বাচনী এলাকা যেখানে ভোটগ্রহণ শেষ হওয়ার এক ঘণ্টার মাথায় ফলাফল ঘোষণা করে।

যুক্তরাজ্যে ঐতিহ্যগতভাবে প্রতি চার বা পাঁচ বছরে একবার নির্বাচন অনুষ্ঠিত হয়।

তবে, অক্টোবরে, এমপিরা দ্বিতীয় দফার নির্বাচনের পক্ষে ভোট দেন।

আরও পড়তে পারেন:

অডিওর ক্যাপশান, ব্রিটেনের নির্বাচনকে কেন বলা হচ্ছে 'ব্রেক্সিট ইলেকশন'
স্কুল, গীর্জা, টাউন হল এবং লন্ড্রি পরিষেবাকেন্দ্রের মতো স্থানে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে
ছবির ক্যাপশান, স্কুল, গির্জা, টাউন হল এবং লন্ড্রি পরিষেবাকেন্দ্রের মতো স্থানে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে

১৯৭৪ সালের পর এই প্রথম ব্রিটেনে শীতকালে নির্বাচন হল। সবশেষ ডিসেম্বরে নির্বাচন হয়েছিল ১৯২৩ সাল।

ব্রিটেনের আইনানুযায়ী, ১৮ বছর বা তার বেশি বয়সের যে কোন ব্রিটিশ নাগরিক, কমনওয়েলথ নাগরিক বা আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের নাগরিক, যারা কিনা ভোট দেয়ার জন্য নাম নিবন্ধন করেছেন, তারা ভোট দেওয়ার জন্য উপযুক্ত।

তবে একজন ভোটার একজন প্রার্থীকে ভোট দিতে পারবেন, না হলে ব্যালট বাতিল হয়ে যাবে।

এরইমধ্যে প্রধানমন্ত্রী বরিস জনসন তার ভোট দিয়েছেন - তিনি কুকুর ডিলিনকে সাথে নিয়ে ওয়েস্টমিনস্টারের একটি ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

লেবার পার্টির নেতা জেরেমি করবিন, লিবারেল ডেমোক্র্যাট নেতা জো সুইনসন, এসএনপি নেতা নিকোলা স্টারজন, গ্রিন পার্টির সহ-নেতা জোনাথন বার্টলে এবং প্লেইড সিমরুর নেতা অ্যাডাম প্রাইস সকলেই ভোটকেন্দ্রে আসবেন বলে আশা করা হচ্ছে।

ব্রেক্সিট পার্টির নেতা নাইজেল ফ্যারাজ ডাক ভোটের মাধ্যমে তার ভোট দিয়েছেন।

বরিস জনসন তার কুকুরটিকে সাথে নিয়ে ভোট দেয়ার জন্য ভোটকেন্দ্রে গিয়েছিলেন।
ছবির ক্যাপশান, বরিস জনসন তার কুকুরটিকে সাথে নিয়ে ভোট দেয়ার জন্য ভোটকেন্দ্রে গিয়েছিলেন।

ভোট গ্রহণকে সামনে রেখে, নির্বাচনী পর্যবেক্ষকরা ভোটারদের মনে করিয়ে দিয়েছেন যে ভোটকেন্দ্রগুলোর ভেতরে সেলফি এবং কোন ধরণের ছবি তোলার কোন অনুমতি নেই এবং এতে আইনের লঙ্ঘন হতে পারে।

ইতিমধ্যে অনেকে তাদের পছন্দের প্রার্থীর নামের পাশে ক্রস চিহ্ন দিয়ে ডাকের মাধ্যমে ভোট দিয়েছেন - দু'বছর আগে ৭০ লাখেরও বেশি মানুষ ডাকের মাধ্যমে ভোট দিয়েছিল।

যারা একটি ডাক ভোটের জন্য আবেদন করেছেন এবং যেটা এখনও তাদের নির্বাচনী অফিসে ফেরত দেওয়া হয়নি তাদেরকে সেটা অবশ্যই স্থানীয় সময় রাত ১০টার মধ্যে করতে হবে।

অন্যথায়, তারা পোল বন্ধ হওয়ার আগ মুহূর্তে এটি তাদের স্থানীয় ভোটকেন্দ্রে হস্তান্তর করতে পারে।

বিবিসির আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ভোটের দিন বৃহস্পতিবার ব্রিটেনের বেশিরভাগ অঞ্চলের আবহাওয়া কিছুটা আর্দ্র থাকবে, এডিনবরায় তাপমাত্রা থাকবে সর্বোচ্চ পাঁচ ডিগ্রি সেলসিয়াস, কার্ডিফে নয় ডিগ্রী সেলসিয়াস, বেলফাস্টে সাত ডিগ্রী সেলসিয়াস এবং লন্ডনে আট ডিগ্রী সেলসিয়াস থাকবে।

নির্বাচনের দিন বৃষ্টি হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানা গেছে।
ছবির ক্যাপশান, নির্বাচনের দিন বৃষ্টি হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানা গেছে।