পশ্চিম তীরে ফিলিস্তিনির আক্রমণে তিন ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা নিহত

ইসরায়েল ফিলিস্তিন
ছবির ক্যাপশান, ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর তৎপরতা
Published

অধিকৃত পশ্চিম তীরে একজন ফিলিস্তিনির আক্রমণে তিন জন ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছে।

এর পর পাল্টা গুলিতে আক্রমণকারী নিজেও নিহত হয়।

পুলিশ বলছে, ওই আক্রমণকারী হার আদার নামে একটি ইসরায়েলি বসতিতে কাজ করতো, এবং বসতিতে ঢোকার গেটের দিকে এগিয়ে যাবার সময় তার গতিবিধি সন্দেহের উদ্রেক করে।

ফিলিস্তিনি লোকটিকে থামতে বলা হলে সে খুব কাছে থেকে গুলি চালায়, তাতে দুজন ইসরায়েলি নিরাপত্তা রক্ষী এবং একজন সীমান্ত পুলিশ নিহত হয় । এর পর নিরাপত্তা রক্ষীদের পাল্টা গুলিতে সে নিজেও মারা যায়।

তার নাম নিমার জামাল বলে ইসরায়েলি সংবাদ মাধ্যম বলছে। আরো জানা গেছে তার বয়েস ৩৭ এবং সে নিকটবর্তী একটি গ্রামের বাসিন্দা।

তার ইসরায়েলি বসতিতে এসে কাজ করার পারমিট ছিল। প্রায় ৩৬ হাজার ফিলিস্তিনির এরকম পারমিট রয়েছে। পশ্চিম তীরএবং পূর্ব জেরুসালেমে ১৪০টি বসতিতে ৬ লাখের বেশি ইহুদি বাস করে। আন্তর্জাতিক আইনে এসব বসতি অবৈধ।

ইসরায়েল ফিলিস্তিন
ছবির ক্যাপশান, পশ্চিম কীরে ইহুদি বসতি (মেরুন রঙে) - যা আন্তর্জাতিক আইনে অবৈধ

এমন এক সময় এ ঘটনা ঘটলো, যখন মার্কিন দূত জেসন গ্রিনব্লাট জেরুসালেমে এসেছেন, ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করতে।

ইসরায়েলি একজন মন্ত্রী বলেছেন, আলোচনা শুরু হবার আগে 'ফিলিস্তিনি সন্ত্রাসী আক্রমণ' বন্ধ হতে হবে।

তবে ফিলিস্তিনিরা বলছে, ইসরায়েলি দখলদারির প্রতিক্রিয়া হিসেবেই এ গুলির ঘটনা ঘটেছে।

২০১৫ সাল থেকে ইসরায়েল ও অধিকৃত এলাকাগুলোয় এরকম আক্রমণের ঘটনা বেড়েছে - যাতে প্রায় ৫০ জন ইসরায়েলি, ৫ চর বিদেশী এবং প্রায় ৩০০ ফিলিস্তিনি নিহত হয়েছে, বলছে বার্তা সংস্থা এ এফ পি।

বিবিসি বাংলায় আরো পড়ুন: