লাইভ, ভেনেজুয়েলায় ভূমিকম্পের পর ২০টিরও বেশি আফটারশক, 'মৃতের সংখ্যা ভয়াবহ' বলছেন ট্রাম্প

ভূমিকম্পে মৃতের সংখ্যা সম্পর্কে প্রাথমিকভাবে জানাতে গিয়ে অন্তত ৩২ জন নিহত এবং প্রায় ৭০০ জন আহত হওয়ার খবর জানিয়েছেন ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালিন প্রেসিডেন্ট। দেশটিকে সাহায্যের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. যুক্তরাষ্ট্র ও লাতিন আমেরিকার দেশগুলোর সহায়তার প্রতিশ্রুতি

    একটি ধসে পড়া ভবনের সামনে দাঁড়িয়ে আছেন একজন উদ্ধারকর্মী

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, অনেক ভবন ধসে পড়েছে রাজধানী কারাকারে

    যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় অনুসন্ধান ও উদ্ধার দল এবং চিকিৎসা ও মানবিক সহায়তার সরঞ্জাম পাঠাবে বলে জানিয়েছেন দেশটির বৈদেশিক সহায়তা বিষয়ক আন্ডার সেক্রেটারি জেরেমি লিউইন।

    তিনি জানান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বা স্টেট ডিপার্টমেন্টের একটি দুর্যোগ সহায়তা দল ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকারের অংশীদারদের সঙ্গে কাজ করছে।

    লাতিন আমেরিকার বিভিন্ন দেশও সহায়তার প্রস্তাব দিয়েছে।

    এল সালভাদরের প্রেসিডেন্ট নাইয়িব বুকেলে বলেছেন, তার দেশ ৫০ টন সরঞ্জাম ও সরবরাহ প্রস্তুত করেছে, পাশাপাশি ৩০০ উদ্ধারকর্মী “কারাকাসের উদ্দেশে রওনা দেওয়ার জন্য প্রস্তুত” আছে।

    ইকুয়েডরের প্রেসিডেন্ট দানিয়েল নোবোয়া আজিন জানিয়েছেন, তার দেশও ভেনেজুয়েলায় তাৎক্ষণিকভাবে পাঠানোর জন্য সহায়তা প্রস্তুত করেছে।

    এদিকে, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বলেছেন, তার দেশ তাদের ‘ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র’কে সহায়তা দিতে কী ধরনের পদক্ষেপ নিতে পারে, তা তারা মূল্যায়ন করবে।

    মেক্সিকোর পররাষ্ট্র সচিব রবার্তো ভেলাস্কো আলভারেজও ভেনেজুয়েলাকে “তার প্রয়োজন অনুযায়ী পূর্ণ সংহতি ও সহায়তা” দেওয়ার প্রস্তাব করেছেন।

  2. ভেনেজুয়েলায় ভূমিকম্পের কারণ কী ছিল?

    ভেনেজুয়েলার একটি শহরের ছবি যেখানে অনেক ভবন এবং পেছনে পাহাড়ের সারি দেখা যাচ্ছে

    ছবির উৎস, Getty Images

    ভেনেজুয়েলা এমন একটি ভূকম্পন সক্রিয় অঞ্চলে অবস্থিত, যেখানে ক্যারিবীয় ও দক্ষিণ আমেরিকান– এই দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থল রয়েছে।

    মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, বুধবার আঘাত হানা দুটি ভূমিকম্পের মধ্যে দ্বিতীয় এবং তুলনামূলকভাবে বড় ভূমিকম্পটি এই প্লেটগুলোর সীমান্তসংলগ্ন অঞ্চলে “অগভীর স্ট্রাইক-স্লিপ ফল্টিং”-এর ফলে ঘটেছে।

    এটি এমন একটি পরিস্থিতি, যখন ফল্ট বা প্লেটগুলোর মধ্যকার ফাটলগুলো অনুভূমিকভাবে সরে যায়। এই সরে যাওয়া দ্রুত ঘটলে ভূমিকম্প সৃষ্টি হয়।

    ইউএসজিএস বলেছে, আজকের এই দুটি ভূমিকম্প “সম্ভবত একটি জটিল ভঙ্গুরতা-বিস্তার প্রক্রিয়ার ইঙ্গিত দেয়”।

    তারা আরও যোগ করেছে, বড় ধরনের আফটারশকের শঙ্কা এখনো রয়েছে।

  3. ২০টিরও বেশি আফটারশক

    ভূমিকম্পের পর আতঙ্কে ঘরবাড়ি থেকে রাস্তায় বের হয়ে আসেন বাসিন্দারা

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ভূমিকম্পের পর আতঙ্কে ঘরবাড়ি থেকে রাস্তায় বের হয়ে আসেন বাসিন্দারা

    ভেনেজুয়েলার প্রেসিডেন্টের কার্যালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বুধবার প্রথম ভূমিকম্প আঘাত হানার পর থেকে ভেনিজুয়েলায় ২০টিরও বেশি আফটারশক অনুভূত হয়েছে।

    সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে দেশটির উত্তরাঞ্চলীয় উপকূল, যার মধ্যে লা গুয়াইরা, আরাগুয়া, কারাবোবো এবং ফ্যালকন।

  4. মৃতের সংখ্যা ‘ভয়াবহ’- ট্রাম্পের পোস্ট

    ডোনাল্ড ট্রাম্প
    ছবির ক্যাপশান, ডোনাল্ড ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, “ভেনেজুয়েলার মহান জনগণের ওপর যে দুটি বড় ভূমিকম্প আঘাত হেনেছে, তা উভয়ই ব্যাপক মাত্রার এবং এতে প্রাণহানির সংখ্যা ভয়াবহ”।

    “যুক্তরাষ্ট্র সাহায্যের জন্য প্রস্তুত, আগ্রহী এবং সক্ষম!”

    ট্রাম্প বলেছেন, তিনি তার দেশের “সরকারের সব সংস্থাকে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন।”

    তিনি আরও বলেন, “আমরা আমাদের নতুন ও মহান বন্ধুদের পাশে থাকব। প্রাথমিক প্রতিবেদন ভালো নয়!!!”

  5. ভূমিকম্পে নিহত অন্তত ৩২ জন

    একটি ভবনে ফাটল দেখা যাচ্ছে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে ভূমিকম্পে

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা সম্পর্কে প্রাথমিক তথ্য দিয়েছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ।

    অন্তত ৩২ জন নিহত এবং প্রায় ৭০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

    উল্লেখ্য, স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় এক মিনিটের ব্যবধানে ভেনেজুয়েলায় দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। প্রথমটির মাত্রা ছিল ৭ দশমিক ২ এবং ৩৯ সেকেন্ড পর যে ভূমিকম্প হয় সেটির মাত্রা ৭ দশমিক ৫ ছিল বলে যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে।

  6. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে