রোববার সারাদিন যা যা ঘটেছে
- বাংলাদেশের রাজধানী ঢাকার পল্লবীর সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত।
- রায়ের পরে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, উচ্চ আদালতে এই মামলার নিষ্পত্তি যাতে দ্রুততম সময়ে করা যায় সেজন্য তিনি ও অ্যাটর্নি জেনারেল মিলে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করবেন।
- পুশইনের বিষয়টি ডিপ্লোমেটিক চ্যানেলে আলাপ-আলোচনা করে সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
- রোববার থেকে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের ২০২৬ সালের বাজেট অধিবেশন। এটি বর্তমান বিএনপি সরকারের প্রথম বাজেট অধিবেশন। আগামী ১১ই জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
- সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ, সাবেক টেকনোক্রেট মন্ত্রী শফিক আহমেদ এবং ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনসহ ১৬ জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্যের মৃত্যুতে শোক প্রকাশ করেছে জাতীয় সংসদ।
- নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার আপিল দ্রুত নিষ্পত্তি করতে হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
- রাজধানীর মগবাজারে বেসরকারি আদ্-দ্বীন হাসপাতালে কর্তৃপক্ষের অবহেলাজনিত কারণে মারা যাওয়া ছয় নবজাতকের পরিবারকে ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।
- বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে সাত শিশু মারা গেছে।
- সরকারের একশ দিনের কাজের মধ্যে সুশাসন ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। টিআইবি জানিয়েছে, এ বছরের মার্চ ও এপ্রিল দুই মাসে হত্যার ঘটনা ঘটেছে ৬০৫টি, অপহরণ ১৯৬টি, ছিনতাইয়ের ৯০টি ঘটনা ঘটেছে।
- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল।
- ঢাকায় মতিঝিলে এক ব্যক্তিকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। তবে, অস্ত্রধারীরা পালিয়ে গিয়েছে।
- গত ১৬ মাসের মধ্যে বাংলাদেশে সর্বোচ্চ মূল্যস্ফীতি হয়েছে মে মাসে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ হিসেব অনুযায়ী, মে মাসে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে নয় দশমিক ৪২ শতাংশ।
- ঈদুল আজহার সময় সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৪০২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক হাজার ২৯৪ জন।
বিবিসি বাংলা'র লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরও খবর জানতে বিবিসি বাংলার মূল পাতায় ক্লিক করুন।