১৬ মাসে সর্বোচ্চ মূল্যস্ফীতি মে মাসে নয় দশমিক ৪২ শতাংশ

গত ১৬ মাসের মধ্যে বাংলাদেশে সর্বোচ্চ মূল্যস্ফীতি হয়েছে মে মাসে। বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বসেছে রোববার। এদিকে, শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা-স্বপ্না দম্পতিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

সরাসরি কভারেজ

  1. রোববার সারাদিন যা যা ঘটেছে

    • বাংলাদেশের রাজধানী ঢাকার পল্লবীর সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত।
    • রায়ের পরে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, উচ্চ আদালতে এই মামলার নিষ্পত্তি যাতে দ্রুততম সময়ে করা যায় সেজন্য তিনি ও অ্যাটর্নি জেনারেল মিলে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করবেন।
    • পুশইনের বিষয়টি ডিপ্লোমেটিক চ্যানেলে আলাপ-আলোচনা করে সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
    • রোববার থেকে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের ২০২৬ সালের বাজেট অধিবেশন। এটি বর্তমান বিএনপি সরকারের প্রথম বাজেট অধিবেশন। আগামী ১১ই জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
    • সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ, সাবেক টেকনোক্রেট মন্ত্রী শফিক আহমেদ এবং ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনসহ ১৬ জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্যের মৃত্যুতে শোক প্রকাশ করেছে জাতীয় সংসদ।
    • নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার আপিল দ্রুত নিষ্পত্তি করতে হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
    • রাজধানীর মগবাজারে বেসরকারি আদ্-দ্বীন হাসপাতালে কর্তৃপক্ষের অবহেলাজনিত কারণে মারা যাওয়া ছয় নবজাতকের পরিবারকে ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।
    • বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে সাত শিশু মারা গেছে।
    • সরকারের একশ দিনের কাজের মধ্যে সুশাসন ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। টিআইবি জানিয়েছে, এ বছরের মার্চ ও এপ্রিল দুই মাসে হত্যার ঘটনা ঘটেছে ৬০৫টি, অপহরণ ১৯৬টি, ছিনতাইয়ের ৯০টি ঘটনা ঘটেছে।
    • বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল।
    • ঢাকায় মতিঝিলে এক ব্যক্তিকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। তবে, অস্ত্রধারীরা পালিয়ে গিয়েছে।
    • গত ১৬ মাসের মধ্যে বাংলাদেশে সর্বোচ্চ মূল্যস্ফীতি হয়েছে মে মাসে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ হিসেব অনুযায়ী, মে মাসে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে নয় দশমিক ৪২ শতাংশ।
    • ঈদুল আজহার সময় সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৪০২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক হাজার ২৯৪ জন।

    বিবিসি বাংলা'র লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরও খবর জানতে বিবিসি বাংলার মূল পাতায় ক্লিক করুন।

  2. বৈরুত হামলার জবাব না দিয়ে আমরা ছাড়ব না:খাতাম আল-আনবিয়া

    বৈরুতের দক্ষিণ শহরতলি দাহিয়াহতে হামলা করেছে ইসরায়েল।

    এই হামলার খবর প্রকাশের পরপরই, ইরানের ইসলামিক রেভোলুশনারি গার্ড কোরের কেন্দ্রীয় সদর দফতর খাতাম আল আনবিয়া জানিয়েছে, এই হামলার জবাব না দিয়ে ছাড়া হবে না।

    এর আগে ইসরায়েল বলেছিল, হেজবুল্লাহর হামলার জবাবে তারা দক্ষিণ শহরতলিতে দলটির একটি ‘কমান্ড সেন্টার’ লক্ষ্য করে এই হামলা চালিয়েছে।

    গত সপ্তাহেও ইসরায়েল দাহিয়াহ এলাকায় হামলার হুমকি দিয়েছিল।

    কিন্তু খাতাম আল আনবিয়া সদর দফতর থেকে ইসরায়েলে পাল্টা আঘাতের হুমকি দেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করেন।

    ট্রাম্প জানান, তিনি নেতানিয়াহুকে বৈরুতে “বড় ধরনের হামলা” না চালানোর অনুরোধ করেছিলেন এবং বেনিয়ামিন নেতানিয়াহু “তার সৈন্যদের ফিরে আসার” নির্দেশ দিয়েছিলেন।

  3. মার্চ ও এপ্রিল দুই মাসে হত্যার ঘটনা ঘটেছে ৬০৫টি: টিআইবি

    টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, “এই সরকার গঠনের পর বেশ কিছু নিয়োগ এমনভাবে হয়েছে যেটি আসলে পরিষ্কারভাবে দলীয়করণের আগের চর্চারই একটি প্রতিফলন। যেটি প্রত্যাশিত ছিল না” বলেন তিনি

    সরকারের একশ দিনের কাজের মধ্যে সুশাসন ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ।

    রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সরকারের ১০০ দিন: সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়ন পর্যবেক্ষণ’ শীর্ষক এক প্রতিবেদনে এ উদ্বেগ প্রকাশ করা হয়।

    টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “সরকার গঠনের একশ দিনের মধ্যে দুর্নীতি দমন কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন, তথ্য কমিশনের মতো গুরুত্বপূর্ণ কমিশনগুলো গঠনের লক্ষ্যে এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ নেই, যা দুঃখজনক। অন্তর্বর্তী সরকার যেই দৃষ্টান্ত স্থাপন করে গেছে জাতীয় মানবাধিকার কমিশন এবং তথ্য অধিকার কমিশন স্থবির করে রাখা সেই ধারাবাহিকতায় আবার নতুন যুক্ত হয়েছে দুর্নীতি দমন কমিশনে স্থবিরতার অবস্থা। যেটি কোনো অবস্থাতেই সরকারের অঙ্গীকারের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।”

    প্রশাসনিক নিয়োগে দলীয়করণের সমালোচনা করেন তিনি।

    “এই সরকার গঠনের পর বেশ কিছু নিয়োগ এমনভাবে হয়েছে যেটি আসলে পরিষ্কারভাবে দলীয়করণের আগের চর্চারই একটি প্রতিফলন। যেটি প্রত্যাশিত ছিল না” বলেন তিনি।

    টিআইবি জানিয়েছে, এ বছরের মার্চ ও এপ্রিল দুই মাসে হত্যার ঘটনা ঘটেছে ৬০৫টি, অপহরণ ১৯৬টি, ছিনতাইয়ের ৯০টি ঘটনা ঘটেছে।

    এছাড়াও গত দুই মাসে পুলিশের ওপর হামলার ১২৯টি এবং ডাকাতির ৯০টি ঘটনা ঘটেছে।

    একইসঙ্গে, মার্চ ও এপ্রিলে বেড়েছে ৭৮ থেকে ১০২ জন ধর্ষণ, ৩০ থেকে ৩৬ জন গণধর্ষণের শিকার হয়েছেন বলে টিআইবি জানিয়েছে।

    এছাড়া ৪৯ থেকে ৭১ জন শিশু এই দুই মাসে ধর্ষণের শিকার হয়েছে।

    মব সংস্কৃতি ও মানবাধিকার লঙ্ঘন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।

    তিনি বলেন, “গণপিটুনি ও মব সহিংসতার বিরুদ্ধে সরকারের শীর্ষ পর্যায় থেকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হলেও মাঠপর্যায়ে কার্যকরভাবে তা নিয়ন্ত্রণ করা যায়নি। বিভিন্ন স্থানে মাজার এবং ধর্মীয় ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা অব্যাহত রয়েছে।”

  4. বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল

    তামিম ইকবাল

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত হয়েছেন বর্তমান অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন বর্তমান অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল।

    বিসিবির ১৭ তম সভাপতি হয়েছেন সাবেক এই অধিনায়ক।

    সহসভাপতি হয়েছেন ফাহিম সিনহা।

    যদিও বোর্ডে দুইজন সহ সভাপতি নির্বাচন করার নিয়ম থাকলেও একজনের নাম ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

    এর আগে মি. ইকবাল সহ ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন ১২ জন পরিচালক।

    বিসিবি নির্বাচনে ঈদের আগেই তিন প্রার্থী নাম প্রত্যাহার করে। তখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আট পরিচালক।

    চট্টগ্রাম ও ঢাকা থেকে দুজন করে এবং রাজশাহী, রংপুর ও সিলেট থেকে একজন করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হয়েছেন।

  5. মতিঝিলে এক ব্যক্তিকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে

    ঢাকায় মতিঝিলে এক ব্যক্তিকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। তবে, অস্ত্রধারীরা পালিয়ে গিয়েছে।

    মতিঝিল থানার ওসি কামরুজ্জামান তালুকদার এই তথ্য নিশ্চিত করেছেন।

    রোববার বেলা তিনটার দিকে জনতা ব্যাংকের করপোরেট শাখার সামনে এ ঘটনা ঘটেছে।

    মি. তালুকদার জানান, “ওনি(আহত ব্যক্তি) আলহামদুলিল্লাহ আশঙ্কামুক্ত। ওনার পায়ে ও হাতে গুলি লেগেছে। মুগদা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।”

    তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা যায়নি বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

    পুলিশ অপরাধীদের গ্রেফতারে কাজ করছে বলে জানিয়েছেন তিনি।

    “উনি বলতেছেন যেটা, লোকমুখে শুনলাম, ওনার সাথে যেহেতু এখনো কথা হয়নি, ১৭ হাজার ডলার। ইনজুরড, হাসপাতালে এখনো” বলেন মি. তালুকদার।

    ঘটনাস্থল থেকে পুলিশ দুইটি গুলির খোসা উদ্ধার করেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

  6. ১৬ মাসে সর্বোচ্চ মূল্যস্ফীতি মে মাসে নয় দশমিক ৪২ শতাংশ

    গত ১৬ মাসের মধ্যে বাংলাদেশে সর্বোচ্চ মূল্যস্ফীতি হয়েছে মে মাসে।

    বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ হিসেব অনুযায়ী, মে মাসে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে নয় দশমিক ৪২ শতাংশ।

    রোববার বিবিএস মে মাসের মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করেছে।

    গত বছর অর্থাৎ ২০২৫ সালের ফেব্রুয়ারির পর এটাই সর্বোচ্চ মূল্যস্ফীতির রেকর্ড। এপ্রিল ও মে দুইমাসই মূল্যস্ফীতি নয় শতাংশের বেশি রয়েছে।

    এপ্রিলে মূল্যস্ফীতির হার ছিল নয় দশমিক শূন্য চার শতাংশ এবং মে মাসে অর্থাৎ পরের মাসে এই হার আরো বেড়ে নয় দশমিক ৪২ শতাংশে পৌঁছায়।

    বিবিএস এর হালনাগাদ তথ্য বলছে, খাদ্য ও খাদ্য বর্হিভূত উভয় খাতে মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী হওয়ায় একমাসের ব্যবধানে এ সূচক বেড়েছে দশমিক ৩৮ শতাংশীয় পয়েন্ট।

  7. তোফায়েল আহমেদ, মোশাররফ হোসেনসহ ১৬ জন মন্ত্রী ও সংসদ সদস্যদের মৃত্যুতে শোক প্রকাশ সংসদের

    মন্ত্রী, সংসদ সদস্য ও বিশিষ্টজনদের মৃত্যুতে শোক জানিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, মন্ত্রী, সংসদ সদস্য ও বিশিষ্টজনদের মৃত্যুতে শোক জানিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ।

    মন্ত্রী, সংসদ সদস্য ও বিশিষ্টজনদের মৃত্যুতে শোক জানিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ।

    রোববার বেলা তিনটায় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এই সংসদের বাজেট ও দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে।

    অধিবেশনের প্রথম দিনে স্পিকার মি. আহমেদ ১৬ জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্যের কথা উল্লেখ করে শোক প্রস্তাব উত্থাপন করেছেন। পরে সংসদে সেটি গৃহীত হয়।

    মৃতদের স্মরণে এক মিনিট শোক প্রকাশ করে জাতীয় সংসদ।

    অধিবেশনে সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ, সাবেক টেকনোক্রেট মন্ত্রী শফিক আহমেদ এবং ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে জাতীয় সংসদ।

    অধিবেশনে আওয়ামী লীগ নেতা এবিএম আনোয়ারুল হক, দবিরুল ইসলাম, মো. মোসলেম উদ্দিন, এ কে এম রহমত উল্লাহর মৃত্যুতেও শোক জানিয়েছে সংসদ।

    জাতীয় সংসদের রীতি অনুযায়ী প্রয়াত মন্ত্রী, সংসদ সদস্য এবং দেশি-বিদেশি বিশিষ্টজনদের মৃত্যুতে অধিবেশনের প্রথম দিন শোক প্রকাশ করা হয়।

  8. গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে সাত শিশুর মৃত্যু

    ঢাকার একটি হাসপাতালে হাম ওয়ার্ডে চিকিৎসা চলছে আক্রান্ত শিশুদের, ফাইল ছবি

    ছবির উৎস, Mamunur Rashid/NurPhoto via Getty Images

    ছবির ক্যাপশান, ঢাকার একটি হাসপাতালে হাম ওয়ার্ডে চিকিৎসা চলছে আক্রান্ত শিশুদের, ফাইল ছবি

    গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে সাত শিশু মারা গেছে।

    রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৬৬ জন হামে আক্রান্ত হয়েছে এবং এক হাজার ২২১ জন হামের উপসর্গজনিত রোগে আক্রান্ত হয়েছেন।

    গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ঢাকায় চার, চট্টগ্রামে এক, ময়মনসিংহে এক, খুলনায় এক শিশু মারা গেছে।

    গত ১৫ই মার্চ থেকে হামে ৯১ জন এবং হামের উপসর্গে ৫২৯ জন মারা গিয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

  9. নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার আপিল দ্রুত নিষ্পত্তি করতে হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠনের উদ্যোগ

    অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল

    নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার আপিল দ্রুত নিষ্পত্তি করতে হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

    রোববার আপিল বিভাগের এজলাসে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলের একটি প্রস্তাবে প্রধান বিচারপতি এই সিদ্ধান্ত দেন।

    মি. কাজল জানান, “মাননীয় প্রধান বিচারপতি নারী এবং শিশু নির্যাতন দমন আইনের অধীনে এই জাতীয় মামলা, অর্থাৎ শিশু রামিসা, আছিয়া এবং রসু খাঁ, এ মামলাগুলো শুনানির জন্য হাই কোর্টে একটি সুনির্দিষ্ট বেঞ্চ গঠন করবেন, যেটি আগামী রবিবার থেকে কার্যকর হবে।”

    এই বিশেষ বেঞ্চটি শুধুমাত্র নারী ও শিশু নির্যাতন দমন মামলার জন্যই নির্ধারিত থাকবে বলে জানিয়েছেন তিনি।

    এমন উদ্যোগের ফলে আপিল নিষ্পত্তিতে বছরের পর বছর ধরে চলা বিলম্বের অবসান ঘটবে বলেও আশাপ্রকাশ করেছেন তিনি।

  10. আদ্-দ্বীন হাসপাতালে মারা যাওয়া ছয় নবজাতকের পরিবারকে ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে হাসপাতাল

    সদ্যোজাত সন্তান হারিয়ে আহাজারি করছেন এক মা

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, রাজধানীর মগবাজারে বেসরকারি আদ্-দ্বীন হাসপাতালে কর্তৃপক্ষের অবহেলাজনিত কারণে মারা যাওয়া ছয় নবজাতকের পরিবারকে ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে

    রাজধানীর মগবাজারে বেসরকারি আদ্-দ্বীন হাসপাতালে কর্তৃপক্ষের অবহেলাজনিত কারণে মারা যাওয়া ছয় নবজাতকের পরিবারকে ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।

    রোববার হাসপাতাল কর্তৃপক্ষের আইনজীবী শিশির মনির এ কথা জানিয়েছেন।

    মি. মনির জানান, “প্রত্যেক পরিবারকে ৮০ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদানের সিদ্ধান্ত হয়েছে। পূর্বে ঘোষিত অন্যান্য সুযোগ সুবিধাও বহাল থাকবে। পরিবার ও কর্তৃপক্ষের যৌথ আলোচনায় এই ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে।”

    এর আগে, গত বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি পাওয়ার কথা জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন।

    এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছিলেন, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ওই সময়ে চিকিৎসক না থাকা, নার্স, স্টাফ ও হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলাজনিত কারণ স্পষ্টভাবে প্রমাণিত।

    উল্লেখ্য, ঈদের ছুটির মধ্যে আদ্-দ্বীন হাসপাতালে ২৭ মে ভোরে হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে।

  11. উচ্চ আদালতে দ্রুততম সময়ে রামিসা হত্যা মামলাটি নিষ্পত্তিতে চেষ্টা করবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী

    আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, উচ্চ আদালতে দ্রুততম সময়ে রামিসা হত্যা মামলাটি নিষ্পত্তিতে চেষ্টা করবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী

    আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, উচ্চ আদালতে এই মামলার নিষ্পত্তি যাতে দ্রুততম সময়ে করা যায় সেজন্য তিনি ও অ্যাটর্নি জেনারেল মিলে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করবেন।

    রোববার রায়ের পর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

    তিনি বলেন, “রামিসাকে আমরা তার বাবা-মার কাছে ফিরিয়ে আনতে পারবো না। কিন্তু আমাদের যতটুকু করার সেটা আমরা চেষ্টা করেছি। ১৯শে মের ঘটনা, ২৪শে মের মধ্যে তদন্ত সম্পন্ন করে চার্জশিট দিতে সক্ষম হয়েছি।”

    সচিবালয়ে নিজের দপ্তরে এক সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, কার্যত ছয় কার্যদিবসের মধ্যে রামিসা হত্যার মতো বেদনাদায়ক একটি ঘটনার বিচার করতে সক্ষম হয়েছেন তারা।

    তিনি বলেন, “এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম। আমরা আইনের প্রতিটি ধাপ পেরিয়ে ৬ কার্যদিবসে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে পেরেছি। এ রায়ে আমরা আপাতত সন্তুষ্ট। আশা করি উচ্চ আদালতে গেলেও এ রায় কার্যকর থাকবে।”

    মামলার পরবর্তী প্রক্রিয়া সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাত দিনের মধ্যে ডেথ রেফারেন্স কনফার্মেশনের জন্য হাইকোর্ট ডিভিশনে যাওয়ার বাধ্যবাধকতা আছে।

    “এসব মামলায় পেপারবুক প্রস্তুত করতে হয়। পেপার বুক সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হয়। এরপর সুপ্রিম কোর্ট সিরিয়ালি মৃত্যুদণ্ডগুলোর মামলা নিষ্পত্তি করেন। রামিসার বিষয়ে প্রধান বিচারপতির সাথে কথা বলেছি। তিনি বলেছেন সব ডেথ রেফারেন্স খুব দ্রুত নিষ্পত্তি করার জন্য আরও বেশি ফোকাসড সিদ্ধান্ত নিবেন” বলে জানান তিনি।

    রামিসা হত্যাসহ নিষ্পত্তির অপেক্ষায় থাকা এ ধরনের অন্য মামলাগুলোও দ্রুত নিষ্পত্তির চেষ্টা করবেন বলে জানান আইনমন্ত্রী।

  12. পুশ ইনের বিষয়টি কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    পুশইনের বিষয়টি ডিপ্লোমেটিক চ্যানেলে আলাপ-আলোচনা করে সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    রোববার সচিবালয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।

    সোমবার থেকে শুরু হতে যাচ্ছে চারদিন ব্যাপী বাংলাদেশ ও ভারত দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের বৈঠক।

    মি. আহমদ বলেন, “বিজিবি ও বিএসএফের ডিজি লেভেলে মিটিংটা একবার বাংলাদেশে হয়, একবার ভারতে হয়। এবার আমাদের যাওয়ার পালা।”

    “ওখানে সমস্ত বিষয়গুলা আলোচনা হবে। এটাকে ডিজিএলটি বলা হয়। ডিজি লেভেলের টক। সেই টকের সিদ্ধান্তগুলো ওখানে সামারাইজ করে সিগনেচারের বিষয় আছে। সেটা আগে আলোচনা হোক, দেখি” বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

    বিএসএফ প্রতিদিনই পুশইনের চেষ্টা করছে সরকারের পদক্ষেপ কী? এমন প্রশ্নে মি. আহমদ বলেন, সমস্ত কিছু আলোচনা হবে।

    স্বরাষ্ট্রমন্ত্রী মি. আহমদ বলেন, “আমরা ডিপ্লোমেটিক চ্যানেলে এগুলো আলাপ-আলোচনা করে সমাধানের চেষ্টা করছি এবং আমাদের বর্ডার গার্ড সতর্ক আছে। আমরা সমস্ত অবৈধ পুশ ইনের চেষ্টাকে আমরা বাধা দেবো ইনশাল্লাহ, এ পর্যন্ত তাই হয়েছে। তবে এ বিষয়গুলো ডিপ্লোমেটিক চ্যানেলে আলোচনার মাধ্যমে সমাধান করা প্রাথমিকভাবে আমাদের প্রয়োজন।”

  13. ঈদের সময় সড়ক দুর্ঘটনায়ই সবচেয়ে বেশি মানুষ, ৪০২ জন নিহত হয়েছেন

    মহাসড়কে দুর্ঘটনার পেছনে সবচেয়ে বড় কারণ গতিসীমা মেনে না চলা

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, সড়ক, রেল ও নৌপথের মোট ৪৪২টি দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত হয়েছে

    ঈদুল আজহার সময় সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৪০২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক হাজার ২৯৪ জন।

    ৩৯৪টি সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতের এই সংখ্যা জানিয়েছে যাত্রীকল্যাণ সমিতি।

    রোববার সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক।

    ঈদের ওই সময়ে রেলপথে ৩১টি দুর্ঘটনায় ২৩ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন।

    এছাড়া নৌপথে ১৭টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৩জন ও আহত হয়েছেন ১৬ জন।

    সড়ক, রেল ও নৌপথের মোট ৪৪২টি দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত হয়েছে। আহত হয়েছেন এক হাজার ৩৪০ জন।

    যাত্রী কল্যান সমিতির মহাসচিব বলেন, প্রতিবছর বিপুলসংখ্যক মানুষ দুই ঈদে সারাদেশে যাতায়াত করে। ঈদকে কেন্দ্র করে সরকারের ১০-১২ দিনের তৎপরতা নয়, বরং ঈদযাত্রায় এত বিপুলসংখ্যক মানুষের জীবন বাঁচাতে, যাতায়াতের ভোগান্তি কমাতে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন।

  14. ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন বসেছে আজ, বাজেট উপস্থাপন ১১ই জুন

    জাতীয় সংসদ

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, রোববার থেকে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের ২০২৬ সালের বাজেট অধিবেশন

    রোববার থেকে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের ২০২৬ সালের বাজেট অধিবেশন। এটি বর্তমান বিএনপি সরকারের প্রথম বাজেট অধিবেশন।

    একইসঙ্গে, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন এটি। এটিই হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের প্রথম বাজেট।

    আগামী ১১ই জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

    বেলা তিনটার দিকে এই অধিবেশন শুরু হয়।

    শনিবার বিকেলে চিফ হুইপ নুরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, ১১ই জুন বাজেট উপস্থাপন করা হবে। ৩০ জুন বাজেট পাস করতে হবে। তাই প্রতিদিন সকাল-বিকেল দুইবেলা বৈঠক হতে পারে।

    এ ছাড়া এ অধিবেশনে কিছু বিল আসবে বলেও জানান তিনি।

  15. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন:

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে