লাইভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে পদে রেখে দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক হবে না: নাহিদ ইসলাম

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে পদে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

বিবিসি বাংলার লাইভ পাতায় আজ রিপোর্টিং করছেন মরিয়ম সুলতানা, সম্পাদনা করছেন সাইয়েদা আক্তার।

  1. তৃণমূল কংগ্রেসের প্রতীক জোড়াফুল কে পাবে - তিন মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ ভারতের সুপ্রিম কোর্টের

    ঋতব্রত ব্যানার্জী ও মমতা ব্যানার্জীর মধ্যে জোড়াফুল প্রতীকের মালিকানা নিয়ে দ্বন্দ্ব।
    ছবির ক্যাপশান, কে পাবেন জোড়াফুল প্রতীক? নির্বাচন কমিশনকে তিন মাসের সময় দিল ভারতের সুপ্রিম কোর্ট

    ভারতের তৃণমূল কংগ্রেস দলের নির্বাচনী প্রতীক জোড়াফুল কোন দল পাবে - তিন মাসের মধ্যে এ বিবাদ নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত।

    সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ সোমবার জানিয়েছে, চার সপ্তাহের মধ্যে দুই পক্ষকে সব তথ্যপ্রমাণ ও নথি জমা দিতে হবে।

    এজন্য উভয় পক্ষকে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে।

    প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনার বেঞ্চ মামলাটির শুনানি করছে। এতে মমতা ব্যানার্জীর হয়ে আইনজীবী কপিল সিবাল এ মামলা লড়ছেন।

    অন্তর্বর্তী নির্দেশে ফ্রিজ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের নাম ও জোড়াফুল প্রতীক। তার বদলে মমতা ব্যানার্জীর দল পেয়েছে ফুটবল খেলোয়াড় চিহ্ন ও ঋতব্রত ব্যানার্জীর দল পেয়েছে খাম চিহ্ন।

    আসন্ন দুর্গাপূজার মরসুম শেষ হলেই রাজ্যে পৌরসভা ভোটের জন্য প্রস্তুতি নেওয়া হবে বলে জানিয়েছে শাসকদল বিজেপি।

    পৌরসভা নির্বাচন যদি পরবর্তী তিন মাসের মধ্যে অনুষ্ঠিত হয়, তাহলে মমতা ব্যানার্জীকে জোড়াফুল চিহ্ন ছাড়াই লড়তে হতে পারে।

  2. স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফেরানো সম্ভব নয়: নাহিদ ইসলাম

    সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
    ছবির ক্যাপশান, সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

    দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক নেই এবং এজন্য বর্তমান সরকার, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী দায়ী বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

    সোমবার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ঢাকায় এনসিপির জরুরি বৈঠকের পর আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

    নাহিদ ইসলাম বলেন, "স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে দায়িত্বে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত ফিরিয়ে আনা সম্ভব নয়।"

    “স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছেন, তিনি তার দায়িত্ব পালনে ইতোমধ্যে ব্যর্থ হয়েছেন। তিনি বিভিন্ন সময় অসংলগ্ন কথা বলছেন। সংস্কার ইস্যুতেও তিনি জাতির সাথে প্রতারণামূলক কথা বলেছেন এবং আইনশৃঙ্খলা পরিবেশ ইস্যুতেও পরিস্থিতিকে কেন্দ্র করে সংসদে যখন তাকে প্রশ্ন করা হয়, তাকে জবাবদিহিতার আওতায় আনা হতো, তিনি তখন এটা পল্টনের বক্তব্য, এটা রাজপথের বক্তব্য এবং নানা কিছু বলে তিনি কথা এড়িয়ে যেতেন, এক ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করতেন।”

    “আজকে জনগণের কাছে স্পষ্ট যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক নেই,” বলেন মি. ইসলাম।

    সাম্প্রতিক সময়ে মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর এবং কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাংচুরের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, “এই দু’টি ঘটনা হয়তো মিডিয়া বা নানা কারণে, রাজধানীতে হওয়ার কারণে আমাদের সামনে এসেছে। সারা দেশের পরিস্থিতি কিন্তু এইটা।”

  3. রোববার সারাদিন যা যা ঘটেছে

    • কওমি ধারার সাতটি ইসলামি দল বৈঠক করে নিজেদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠায় একটি লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে।
    • মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্র, কিশোরগঞ্জের জলমহাল দখল সংঘর্ষ এবং কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর এবং লুটপাটের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠান টিআইবি।
    • আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা ও লুটপাটের ঘটনায় দায়িত্বে গাফিলতির অভিযোগের শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে।
    • ঢাকায় নিজের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির যে অভিযোগ তুলেছেন, সেটিকে ‘ঢালাও অভিযোগ’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
    • 'ফেসবুকে এসে অভিযোগ করলেও হামলার ঘটনায় থানায় মামলা কেন করেননি?' স্বরাষ্ট্রমন্ত্রীর এমন প্রশ্নের জবাবে মি. মুক্তাদির অভিযোগ করেছেন, হামলার ঘটনার পরপরই তিনি ক্যান্টনমেন্ট থানায় যান এবং রোববার ভোর পর্যন্ত সেখানে ছিলেন। তার দাবি, সে সময় তার মামলা নেওয়া হয়নি।
    • বাংলাদেশে হাম ও এর উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও অন্তত নয় শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামে অকালে প্রাণ হারানো শিশুর সংখ্যা এক হাজার ৯৬-তে দাঁড়িয়েছে।
    • ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় অন্ততপক্ষে দুই হাজার ১৫৮ জন রোগী হাসপাতালে হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছর এখন পর্যন্ত এটাই একদিনে হাসপাতালে সর্বোচ্চ রোগী ভর্তি হওয়ার রেকর্ড।
    • যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারে মার্কিন সেনাদের ব্যবহৃত একটি বিমানঘাঁটির কাছে 'বড় ঘটনা' ঘটেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর সন্দেহে ইতোমধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।
    • যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতের সমাধান কেবলমাত্র 'আলোচনার মাধ্যমেই সম্ভব' বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
    • দক্ষিণ আফ্রিকায় কয়েক ঘণ্টার ব্যবধানে দু'টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। সেখানে এলোপাথাড়ি গুলিতে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ২৬ জন।
    • বিদেশে পাচার করার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশীয় প্রজাতির ১১৬৩টি ‘কড়ি কাইট্টা’ কচ্ছপ উদ্ধার করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এসময় পাচারকারী সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
    • কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে রোববার দুপুরে হিন্দুত্ববাদী সংগঠন অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের সদস্যদের সঙ্গে ফিল্ম ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে।

    বিবিসি বাংলার অন্যান্য খবর পড়ার জন্য মূলপাতায় ক্লিক করুন।

  4. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে।