আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

লাইভ, রাজবাড়ীর পাংশায় হবে ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ, একনেকে অনুমোদন

প্রায় ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন দিয়েছে বাংলাদেশের সরকার। ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের সময় আরব আমিরাতের পাশাপাশি সৌদি আরবও ইরানের ভেতরে হামলা চালিয়েছিল বলে রয়টার্স জানিয়েছে। এদিকে চীন সফরের আগে এক পোস্টে ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১জন অঙ্গরাজ্য বলে স্ট্যাটাস দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দিনের প্রধান খবরগুলো জানতে নজর রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. মুলায়ম সিং ইয়াদভের ছোট ছেলের মৃত্যু

    সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা তথা উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী মুলায়ম সিং ইয়াদভের ছোট ছেলে প্রতীক ইয়াদভের মৃত্যু হয়েছে বুধবার।

    পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, স্বাস্থ্যের হঠাৎ অবনতি হওয়ায় প্রতীক ইয়াদভকে লক্ষ্ণৌয়ের সিভিল হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। বছর ৩৮-এর মি. ইয়াদভের মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়।

    সিভিল হাসপাতালের চিফ মেডিকেল সুপারিনটেনডেন্ট ডা. দেবেশ চন্দ্র পান্ডে বার্তা সংস্থা এএনআই-কে বলেছেন, “ওর শারীরিক অবস্থা হয়ত ভাল ছিল না তাই এখানে (হাসপাতালে) আনা হয়েছিল। সকাল পাঁচটা পঞ্চান্ন মিনিটে তাকে আনা হয়। চিকিৎসকেরা পরীক্ষা করে দেখেন তার ইতোমধ্যে মৃত্যু হয়েছে।”

    "পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাদতন্তের পরই মৃত্যুর কারণ জানা সম্ভব।”

    প্রতীক ইয়াদভ উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী মুলায়ম সিং ইয়াদভের দ্বিতীয় স্ত্রী সাধনা গুপ্তার ছেলে এবং অখিলেশ ইয়াদভের সৎভাই। মুলায়ম সিং ইয়াদভ ও তার দ্বিতীয় স্ত্রী দু’জনেরই ২০২২ সালে মৃত্যু হয়।

    রাজনীতি থেকে অবশ্য দূরেই থাকতেন প্রতীক ইয়াদভ। পেশায় ব্যবসায়ী মি ইয়াদভের শরীরচর্চার বিষয়ে বেশ আগ্রহী ছিল। তার স্ত্রী অপর্ণা ইয়াদভ একজন বিজেপি নেত্রী। সম্প্রতি তার দাম্পত্য জীবনে সমস্যা প্রকাশ্যে আসে।

  2. তামিলনাডু বিধানসভায় আস্থা ভোটে জিতলেন ভিজয়

    তামিলনাডু বিধানসভায় আস্থা ভোটে জয়ী হলেন মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর জোসেফ ভিজয়। ফলে সরকার গড়ার ক্ষেত্রে তার আর কোনো সমস্যা নেই। বুধবার আস্থা ভোটের সময় তার পক্ষে ১৪৪ জন বিধায়ক ভোট দিয়েছেন।

    যদিও 'থালাপতি' ভিজয় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন, কিন্তু ২৩৪টি আসনের বিধানসভায় স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ১১৮টি আসন তার হাতে ছিল না। তাই অন্যান্য দলের সমর্থনের প্রয়োজন ছিল তার।

    কংগ্রেস সহ আরও কয়েকটি দল তাকে সমর্থন দেওয়ার কথা বললেও এধরনের পরিস্থিতিতে বিধানসভায় 'আস্থা ভোট'এর নির্দেশ দিয়ে থাকেন রাজ্যপাল।

    সেই অনুযায়ীই বিধানসভায় বুধবার আস্থা ভোট নেন মি. ভিজয়। ভোট গ্রহণের পর দেখা যায় মি. ভিজয়ের পক্ষে ম্যাজিক ফিগার বা প্রয়োজনীয় আসনের চেয়ে বেশি ভোট পড়েছে। ভোটাভুটির আগেই বিধানসভা কক্ষ ত্যাগ করেন এমকে স্ট্যালিনের দল দ্রাবিড় মুনেত্র কাজগম-এর ৫৯ জন বিধায়ক।

    আস্থা ভোটে বিপক্ষে ভোট দিয়েছেন ২২জন বিধায়ক।

    জোসেফ ভিজয়ের দল তামিলাগা ভেট্টিরি কাজাগাম (টিভিকে)-এর কাছে ১০৮ জন বিধায়ক ছিল। যদিও কংগ্রেস, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ ও বামসহ একাধিক দল তাদের সমর্থন করবে বলে আগেই জানিয়েছিল। সেই অনুযায়ী, বুধবার তারা আস্থা ভোটের সময় টিভিকে-র পক্ষেই ভোট দেন।

  3. হাম উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

    বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরো ৮টি শিশু। এর মধ্যে একজন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ৪৩২ জনের।

    বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিবৃতিতে জানানো হয়, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে এক জন আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৭ জন।

    বিবৃতিতে বলা হয়, গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ৬৯ জন এবং সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা ৩৬৩ জন।

    এ পর্যন্ত সারাদেশে নিশ্চিত হাম আক্রান্ত সংখ্যা ৭,১৫০ এবং সন্দেহজনক হাম আক্রান্তের সংখ্যা ৫৩ হাজার ৫৬ জন।

  4. রাজবাড়ীর পাংশায় হবে ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ, একনেকে অনুমোদন

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রায় ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

    “এ প্রকল্পের সাথে দেশের তিনভাগের এক ভাগ অঞ্চল, ২৪টি জেলার ৭ কোটি মানুষ উপকারভোগী হবে। জনস্বার্থে জনগুরুত্বপূর্ণ বিধায় প্রকল্পটি আজ অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চলের মানুষ উপকার পাবে,” একনেক সভার পর সাংবাদিকদের জানিয়েছেন তিনি।

    পানিসম্পদমন্ত্রী বলেন, ফারাক্কা বাঁধের কারণে ব্যাপক খরা পরিস্থিতি তৈরি হয়, পদ্মার সাথে জড়িত নদীগুলো শুকিয়ে যায়, লবনাক্ততা ও জলাবদ্ধতা তৈরি হয়।

    “এই সব দিক বিবেচনা করে এটিকে মাস্টারমাইন্ড প্রকল্প বলা হয়। এটি আমাদের নির্বাচনী অঙ্গীকার ছিল। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী সমাবেশে এ অঙ্গীকার করেছেন,” বলেছেন তিনি।

    জানা গেছে, পদ্মা ব্যারাজ প্রকল্পের আওতায় রাজবাড়ীর পাংশা উপজেলায় ২ দশমিক ১ কিলোমিটার মূল বাঁধ নির্মাণ করা হবে, যার মাধ্যমে ২৯০ কোটি ঘনমিটার পানি সংরক্ষণ করা যাবে। এ ছাড়া ১১৩ মেগাওয়াট ক্ষমতার একটি জলবিদ্যুৎকেন্দ্র স্থাপন করার পরিকল্পনা রয়েছে।

    প্রকল্প পরিকল্পনা মোতাবেক, সংরক্ষিত পানি দিয়ে পাঁচটি নদীর পানিপ্রবাহ পুনরুজ্জীবিত করা সম্ভব হবে। শুষ্ক মৌসুমে এসব নদীতে প্রায় ৮০০ কিউসেক মিটার পানি সরবরাহ করা যাবে বলে প্রকল্প পরিকল্পনায় বলা হয়েছে।

    প্রসঙ্গত, ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত সরকার এ প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করেছিল। পরে আওয়ামী লীগ সরকারের সময়ে পানি উন্নয়ন বোর্ড প্রকল্পটির নকশা প্রণয়নের কাজ সম্পন্ন করে।

  5. বিধানসভার সদস্য হিসাবে শপথ গ্রহণ শুভেন্দু অধিকারীর

    পশ্চিমবঙ্গের বিধানসভার সদস্য হিসাবে বুধবার শপথ গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী।

    যদিও নন্দীগ্রাম এবং কলকাতার ভবানীপুর - দুটি আসন থেকেই জয়ী হয়েছেন মি. অধিকারী, তবে আজ ভবানীপুরের বিধায়ক হিসাবেই তিনি শপথ নেন।

    এই আসন থেকেই মমতা ব্যানার্জী তিনবার জয়ী হয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন।

    নিয়ম অনুযায়ী, তার জেতা দুটি আসনের মধ্যে থেকে যে কোনো আসনের বিধায়ক হিসাবে তাকে পদত্যাগ করতে হবে।

    নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে এখনো পদত্যাগ না করলেও তিনি বলেছেন, “আমি ভবানীপুর থেকে শপথ নিয়েছি। নিয়ম অনুযায়ী আমাকে একটি আসন ছাড়তে হবে। তবে, আমি নন্দীগ্রাম কেন্দ্রের দেখাশোনা চালিয়ে যাব।"

    অন্যান্য নবনির্বাচিত বিধায়করাও বুধবার শপথ গ্রহণ করেন। এদের মধ্যে ছিলেন ইতোমধ্যেই মন্ত্রী হিসাবে দায়িত্বপ্রাপ্ত দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, ক্ষুদিরাম টুডু, নিশীথ প্রামাণিক ও অশোক কীর্তনিয়া। বৃহস্পতিবারও বেশ কয়েকজন বিধায়কের শপথ নেওয়ার কথা রয়েছে।

    এর আগে মঙ্গলবার প্রোটেম স্পিকার হিসাবে শপথ গ্রহণ করেছেন বিজেপি বিধায়ক তাপস রায়। পশ্চিমবঙ্গের রাজ্যপাল আরএন রভি তাকে শপথবাক্য পাঠ করান।

    লোকভবনে (আগেকার রাজভবন) আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিষদীয় রীতি অনুযায়ী, নতুন বিধায়কদের শপথ গ্রহণ করানোর দায়িত্ব পালন করেন প্রোটেম স্পিকার।

  6. যুদ্ধের সময় সৌদি আরবও গোপনে ইরানে হামলা করেছিল, রয়টার্স

    বার্তা সংস্থা রয়টার্স বলছে, যুদ্ধের সময় সৌদি আরবে ইরানের হামলার জবাবে সৌদি আরবও কোনো ঘোষণা ছাড়াই ইরানে অসংখ্যবার হামলা করেছে। এর আগে সংযুক্ত আরব আমিরাতও ইরানে বিমান হামলা চালিয়েছিল বলে খবর এসেছিল ।

    এদিকে চীন সফরের আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “হয় আমরা ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাবো নয়তে তারা ধ্বংস হয়ে যাবে”।

    ওদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন যুদ্ধ শেষ না হওয়ার একমাত্র কারণ হলো আমেরিকার ‘অসততা’।

    রয়টার্স সোমবারই রিপোর্ট করেছিল যে সংযুক্ত আরব আমিরাত যুদ্ধের সময় গোপনে ইরানে বিমান হামলা চালিয়েছিল।

    ওই রিপোর্টের একদিন পর ১২ইমে মঙ্গলবার রয়টার্সের আরেক খবরে বলা হয়েছে, সৌদি আরবে ইরানের হামলার জবাবে সৌদি আরবও গোপনে বেশ কয়েকবার ইরানে হামলা করেছিল।

    এ তথ্য দিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত দুইজন পশ্চিমা কর্মকর্তা এবং দুইজন ইরানি কর্মকর্তা।

    রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এ হামলাগুলোর খবর আগে প্রকাশ্যে আসেনি। এ থেকে বোঝা যায় যে এই প্রথমবারের মতো সৌদি আরব সরাসরি ইরানের ভূখণ্ডে সামরিক পদক্ষেপ নিয়েছে।

    এর মাধ্যমে আরও একটি বিষয় প্রকাশ পেয়েছে যে, রিয়াদ এখন তার প্রধান আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে আত্মরক্ষায় আরও সাহসী হয়ে উঠেছে। দুইজন পশ্চিমা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, হামলাগুলো সৌদি বিমানবাহিনী পরিচালনা করেছিল এবং সম্ভবত মার্চের শেষ দিকে এসব হামলা চালানো হয়।

    কর্মকর্তাদের একজন বলেন, “সৌদি আরবকে লক্ষ্য করে হামলা চালানোর প্রতিক্রিয়াতেই এই পাল্টা হামলা করা হয়েছিল”।

    তবে তারা এসব হামলার নির্দিষ্ট লক্ষ্যবস্তু নিশ্চিত করতে পারেনি বলে রয়টার্স উল্লেখ করেছে।

    রয়টার্স এ বিষয়ে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তার সাথে যোগাযোগ করলেও তিনি সরাসরি কিছু বলেননি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও রয়টার্সকে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

    যুক্তরাষ্ট্রের সঙ্গে গভীর সামরিক সম্পর্ক থাকা সৌদি আরব ঐতিহ্যগতভাবে নিরাপত্তার জন্য মার্কিন সামরিক শক্তির ওপর নির্ভরশীল। তবে সাম্প্রতিক ১০ সপ্তাহের যুদ্ধ দেশটিকে এমন হামলার মুখে ফেলেছে, যা আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থাকেও অতিক্রম করে গিয়েছে।

    গতকাল ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল যে, সংযুক্ত আরব আমিরাত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার প্রাথমিক মুহূর্তগুলোতে পারস্য উপসাগরে ইরানের তেল স্থাপনাগুলোর ওপর বিমান হামলা চালায়।

    এর মধ্যে লাভান দ্বীপে অবস্থিত ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির অফশোর স্থাপনাতেও অন্তত একটি হামলাটি ছিল।

  7. গতকাল মঙ্গলবার যা যা ঘটেছে

    • ব্রিটিশ মন্ত্রিসভা থেকে চারজন জুনিয়র মন্ত্রী পদত্যাগ করে প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমারকেও পদত্যাগের জন্য আহ্বান জানিয়েছেন।প্রধানমন্ত্রীর পদত্যাগ বা সরে যাওয়ার সময়সূচি ঘোষণার জন্য লেবার পার্টির অন্তত ৮৬ জন এমপি আহ্বান জানিয়েছেন।
    • অন্যদিকে ১০০ জনের বেশি এমপি এক বিবৃতি প্রকাশ করে প্রধানমন্ত্রীর পক্ষে দাঁড়িয়েছেন। তারা বলেছেন, এখন নেতৃত্বের লড়াইয়ের সময় নয়।
    • মঙ্গলবার ব্রিটিশ মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার বলেছেন, তিনি সরকারের দায়িত্ব চালিয়ে যাবেন। দলে নেতৃত্ব নিয়ে কোন লড়াই শুরু হয়নি বলেও তিনি মন্তব্য করেছেন।
    • ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের নৌবাহিনীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ আকবরজাদেহ বলেন, "যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের পর হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ এলাকার পরিধি বাড়ানো হয়েছে।"
    • ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ২৪ জনকে কারাদণ্ড দিয়েছে বাহরাইন। তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
    • পশ্চিমবঙ্গের পৌরসভা নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হওয়া তৃণমূল কংগ্রেস নেতা ও সাবেক দমকলমন্ত্রী সুজিত বসুকে দশদিনের জন্য নিজেদের হেফাজতে চেয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মঙ্গলবার আদালত তা মঞ্জুর করেছে।
    • ভারতের জাতীয়স্তরে আয়োজিত ডাক্তারি পড়ার জন্য প্রবেশিকা পরীক্ষা আন্ডার গ্র্যাজুয়েট ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (এনইইটি), ২০২৬ বাতিল করা হয়েছে।
    • কলকাতার তিলজলা অঞ্চলে মঙ্গলবার দুপুরে একটি পাঁচতলা ভবনে অগ্নিকাণ্ডে দু’জনের মৃত্যু এবং তিনজনের আহত হওয়ার ঘটনায় কলকাতা পুলিশকে মামলা রুজু করার নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
    • শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী হিসাবে কর্মরত চন্দ্রনাথ রথের হত্যার তদন্ত সিবিআই-এর হাতে তুলে দেওয়া হয়েছে। এই ঘটনার তদন্তের জন্য কেন্দ্রীয় সংস্থাটি সাত সদস্যের বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন করেছে।
    • ভারতের অঙ্গরাজ্যের নির্বাচন বা অভ্যন্তরীণ বিষয় নিয়ে বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক প্রভাব পড়ার শঙ্কা আছে কিনা, এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, “বাংলাদেশ সার্বভৌম সমতার ভিত্তিতে বন্ধুপ্রতিম দেশগুলোর সাথে সম্পর্ক বজায় রাখে। সীমান্ত দিয়ে কোনো প্রকার অবৈধ অনুপ্রবেশ বা 'পুশ-ইন' রোধে বিজিবি সর্বদা জাগ্রত রয়েছে।"
    • ‘বাংলা পক্ষ’-এর গর্গ চ্যাটার্জীকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। ইলেক্ট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম-নিয়ে ‘গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর’ অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
    • মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপরীতে ঢাকায় প্রথম টেস্টে ক্রিকেটে জয় লাভ করেছে বাংলাদেশ।
    • বিজেপি ক্ষমতায় আসার পর থেকে আসাম ও ত্রিপুরাতে অনুপ্রবেশ-সংক্রান্ত সমস্যা মিটেছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
    • আসামের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের জন্য শপথ নিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা।
    • দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় গতকাল সোমবার ১১ই মে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এই ঘটনায় তীব্র নিন্দা এবং নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ সরকার।
    • শুধু পুঁথিগত শিক্ষাই নয়, বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা এবং উদ্ভাবনের দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
  8. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন: