লাইভ, চীনের বেইজিংয়ে লাল গালিচা সম্বর্ধনা ডোনাল্ড ট্রাম্পকে

চীনের বেইজিংয়ে অবতরণের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লালগালিচা সম্বর্ধনা দেওয়া হয়েছে। এদিকে, প্রায় ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন দিয়েছে বাংলাদেশের সরকার। দিনের প্রধান খবরগুলো জানতে নজর রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. ইরান যুদ্ধ বন্ধে চীন কী সহায়তা করতে পারবে?, লরা বাইকের, চীনা সংবাদদাতা, বেইজিং থেকে

    গত সপ্তাহে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ওয়াং ই-র সাথে সাক্ষাৎ করেছিলেন

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, গত সপ্তাহে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ওয়াং ই-র সাথে সাক্ষাৎ করেছিলেন

    চীনের বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর বৈঠকে ইরানের যুদ্ধই প্রাধান্য পাবে।

    ইরানের ওপর নিজেদের অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব ব্যবহার করতে চীনের ওপর ক্রমবর্ধমান চাপ তৈরি হচ্ছে যুক্তরাষ্ট্রের দিক থেকে।

    দুই দেশের মধ্যে কয়েক দশক পুরোনো একটি জোট রয়েছে। অন্যদিকে বেইজিংই তেহরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার।

    এই মাসের শুরুতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠকে চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই বলেছেন, উত্তেজনা কমাতে বেইজিং সহায়তা করতে প্রস্তুত।

    এ নিয়ে কোনো সন্দেহ নেই যে চীন এই যুদ্ধের অবসান চায়। ট্রাম্পের শুল্ক আরোপের আগেই চীনের অর্থনীতি ধীর প্রবৃদ্ধি ও বাড়তি বেকারত্বের সঙ্গে লড়াই করছিল।

    অর্থনীতি স্থিতিশীল দেখালেও মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন নতুন করে চাপ সৃষ্টি করছে। তেলের দাম বৃদ্ধি কারখানা পরিচালনার খরচ ও অর্ডারের ওপর প্রভাব ফেলছে।

    চীন পাকিস্তানের শান্তি পরিকল্পনাকে সমর্থন জানিয়েছে, যা সংঘাত নিরসনে তাদের পরিমিত মধ্যস্থতার প্রচেষ্টার অংশ। একই সঙ্গে তারা এই সংঘাতে সরাসরি জড়িয়ে পড়া এড়ানোরও চেষ্টা করছে।

  2. কোরবানির পশুর চামড়ার দাম ঠিক করলো সরকার

    সরকার ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে।

    ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম দুই টাকা বাড়ানো হয়েছে বলে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির জানিয়েছেন।

    তিনি বাণিজ্য মণ্ত্রণালয়ে এক সভার পর সাংবাদিকদের সাথে কথা বলছিলেন।

    সভার সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছর ঢাকায় গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম ঠিক হয়েছে ৬২ থেকে ৬৭ টাকা। এটি গত বছর ছিল ৬০ থেকে ৬৫ টাকা।

    অন্যদিকে ঢাকার বাইরে গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয় ৫৭ থেকে ৬২ টাকা, যা গত বছর ছিল ৫৫-৬০ টাকা।

    এদিকে এবার খাসির চামড়ার প্রতি বর্গফুট লবণযুক্ত ২৫ থেকে ৩০ টাকা এবং বকরি ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যা ঢাকা এবং ঢাকার বাইরে কার্যকর হবে।

    “চামড়া সংরক্ষণের জন্য ১৭ কোটি ৬০ লাখ টাকার লবণ বিনা মূল্যে দেবে সরকার। এছাড়া প্রতিটি এলাকায় ব্যবসায়ী ও মসজিদ–মাদ্রাসায় চামড়া সংরক্ষণ করা হবে,” বলেছেন বাণিজ্যমন্ত্রী।

    তিনি জানান, কোরবানির ঈদে চামড়া যেন নষ্ট না হয় সে জন্য তারা কাজ করছেন।

    “জেলা ও উপজেলা প্রশাসন সংশ্লিষ্ট মসজিদ-মাদ্রাসার লোকদের ডেকে এনে প্রশিক্ষণ দেবে। তাঁরা কোরবানির পরে চামড়া সংরক্ষণ করার কাজটি করবেন,” বলেছেন তিনি।

  3. ভারতে সোনা ও রুপার উপর আমদানি শুল্ক বৃদ্ধি

    ভারতে সোনা ও রুপার উপর আমদানি শুল্ক বাড়ানো হয়েছে- প্রতীকী ছবি।

    ছবির উৎস, CFOTO/Future Publishing via Getty Images

    ছবির ক্যাপশান, ভারতে সোনা ও রুপার উপর আমদানি শুল্ক বাড়ানো হয়েছে- প্রতীকী ছবি।

    সোনা ও রুপার উপর আমদানি শুল্ক ছয় শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করেছে ভারত সরকার।

    সরকার সোনা ও রুপা আমদানির ওপর ১০% বেসিক কাস্টমস ডিউটি এবং পাঁচ শতাংশ কৃষি পরিকাঠামো ও উন্নয়ন সেস আরোপ করায় কার্যকর আমদানি শুল্ক ছয় শতাংশ থেকে বেড়ে ১৫% হয়েছে। ফলে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম ছয় শতাংশ থেকে বেড়ে প্রতি ১০ গ্রামে এক লক্ষ বাষট্টি হাজার টাকা দাঁড়িয়েছে। একইসঙ্গে, রুপার দামও প্রায় ছয় শতাংশ বেড়ে প্রতি কেজিতে দুই লক্ষ পঁচানব্বই টাকায় পৌঁছেছে।

    বিদেশ থেকে মূল্যবান ধাতু কেনায় লাগাম টানা এবং দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ হ্রাসের উদ্দেশ নিয়েই সরকার আমদানি শুল্ক বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছে।

    পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে বিশ্বজুড়ে অস্থিরতার কথা মাথায় রেখে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে অন্তত এক বছরের জন্য সোনার গয়না না কেনার আহ্বান জানিয়েছিলেন।

    রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ইরান যুদ্ধের কারণে বিনিয়োগকারীরা সোনায় ব্যাপকভাবে বিনিয়োগ করেছেন, ফলে গত কয়েক মাসে আন্তর্জাতিক বাজারে সোনার দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং দেশের আমদানি সংক্রান্ত ব্যয় বেড়েছে।

  4. ‘দুর্নীতির প্রতি জিরো টলারেন্স,’ বললেন শুভেন্দু অধিকারী

    নবান্নে শুভেন্দু অধিকারী।

    ছবির উৎস, Suvendu Adhikari/Facebook

    ছবির ক্যাপশান, নবান্নে শুভেন্দু অধিকারী।

    পশ্চিমবঙ্গে সদ্য ক্ষমতায় আসা বিজেপি সরকার দুর্নীতিকে কিছুতেই রেয়াত করবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

    নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমাদের এই সরকার অনেক প্রত্যাশা জাগিয়ে এসেছে। দুর্নীতির ক্ষেত্রে আমরা জ়িরো টলারেন্স নীতি নিচ্ছি। প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপের কথা আমাদের দলের ইস্তেহারেও ছিল। আগামী দিনে সে বিষয়ে আরও পদক্ষেপ দেখতে পাবেন রাজ্যের মানুষ। কাজ আমরা শুরু করে দিয়েছি।”

    রাজ্য সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে সিবিআই বা অন্য কোনও তদন্তকারী সংস্থাকে চার্জশিট দিতে সরকারের অনুমতি নিতে হয়। পূর্বতন সরকার সেই অনুমোদন আটকে রেখেছিল বলে অভিযোগ করেন তিনি। সেই ছাড়পত্র দেওয়ার কথা ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী।

    তিনি বলেছেন, “সিবিআই-এর চারটি মামলা গত চার বছর ধরে রাজ্য সরকার আটকে রেখেছিল।”

    “দুর্নীতিগ্রস্ত আধিকারিকদের বিরুদ্ধে সিবিআই বা কোর্ট নিযুক্ত অন্যান্য তদন্তকারী সংস্থা চার্জশিট দেওয়া বা তাদের প্রসিকিউশনের ক্ষেত্রে আইন অনুযায়ী অনুমোদন নিতে হয়।”

    তার অভিযোগ “দুর্নীতিগ্রস্ত আমলা এবং আধিকারিকদের বাঁচানোর জন্য” পূর্বতন সরকার এই অনুমতি আটকে রেখেছিল।

    “আজ আমরা তিনটি দফতরের দুর্নীতিগ্রস্ত আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপের জন্য প্রয়োজনীয় অনুমোদন সিবিআইকে দিয়ে দিলাম।,” বলেছেন তিনি।

    শিক্ষা দফতরের শিক্ষক নিয়োগ দুর্নীতি, পুরসভায় নিয়োগ দুর্নীতি এবং সমবায় দফতরে দুর্নীতির সঙ্গে নাম জড়িয়েছে এমন কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছিল আদালত। সিবিআইকে সে সংক্রান্ত প্রয়োজনীয় অনুমতি দেওয়া হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী।

  5. চীনের বেইজিংয়ে লাল গালিচা সম্বর্ধনা ডোনাল্ড ট্রাম্পকে

    চীনের বেইজিংয়ে অবতরণের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লালগালিচা সম্বর্ধনা দেওয়া হয়েছে। দুই দিনের এই সফরে তিনি চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকসহ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিবেন।

    ট্রাম্পকে স্বাগত জানালেন চীনের ভাইস প্রেসিডেন্ট

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ট্রাম্পকে স্বাগত জানালেন চীনের ভাইস প্রেসিডেন্ট
    এয়ারফোর্স ওয়ান অবতরণের আগে ট্রাম্পকে স্বাগত জানানোর প্রস্তুতি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, এয়ারফোর্স ওয়ান অবতরণের আগে ট্রাম্পকে স্বাগত জানানোর প্রস্তুতি
    চীনের আকাশে এয়ারফোর্স ওয়ানকে দেখছে লোকজন

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, চীনের আকাশে এয়ারফোর্স ওয়ানকে দেখছে লোকজন
    চীন ও আমেরিকার পতাকা প্রদর্শন

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, চীন ও আমেরিকার পতাকা প্রদর্শন
    বেইজিংয়ে বিমান থেকে নামছেন ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, বেইজিংয়ে বিমান থেকে নামছেন ডোনাল্ড ট্রাম্প
    ডোনাল্ড ট্রাম্পের সফরসঙ্গীদের মধ্যে ইলন মাস্ক ও ট্রাম্পের ছেলে এরিকও রয়েছেন

    ছবির উৎস, Alex Wong/Getty Image

    ছবির ক্যাপশান, ডোনাল্ড ট্রাম্পের সফরসঙ্গীদের মধ্যে ইলন মাস্ক ও ট্রাম্পের ছেলে এরিকও রয়েছেন
  6. ভাইস প্রেসিডেন্টকে সাইবারস্পেস সদরদপ্তরের দায়িত্ব দিলেন ইরানের প্রেসিডেন্ট

    ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফকে দেশের সাইবারস্পেসের বিশেষ সদরদপ্তর এর প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন।

    মি. পেজেশকিয়ানের জারি করা নির্দেশনায় সাইবারস্পেসে ‘সমন্বিত শাসনব্যবস্থা’ প্রতিষ্ঠা, ‘ভিন্নমুখী বক্তব্য’ বন্ধ করা এবং দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ‘সমান্তরাল কার্যক্রম’ প্রতিরোধের ওপর জোর দেওয়া হয়েছে।

    এই নিয়োগ এমন সময়ে এসেছে, যখন আজ ইরানে ব্যাপক ইন্টারনেট বিঘ্ন ও বিধিনিষেধের ৭৫তম দিন চলছে।

    ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার সঙ্গে মিল রেখে ২৮শে ফেব্রুয়ারি ইরানি সরকার আন্তর্জাতিক ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এছাড়া ইরানের বাইরে টেলিফোন কলও গুরুতরভাবে বিঘ্নিত হচ্ছে।

  7. ডোনাল্ড ট্রাম্প দুই দিনের সফরে চীনে পৌঁছেছেন

    ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দিনের সফরে চীনে পৌঁছেছেন। এটি গত দশ বছরে যুক্তরাষ্ট্রের কোনো শীর্ষ নেতার চীন সফর।

    বুধবার এয়ারফোর্স ওয়ানে করে বেইজিং পৌঁছান মি.ট্রাম্প। সফরকালে তিনি চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন।

    যদিও এই সফরটি গত মার্চে হওয়ার কথা ছিল। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ফেব্রুয়ারির শেষে ইরানে হামলা করায় সফরটি পিছিয়ে যায়।

    ইরান যুদ্ধ এবং এর সমাধানে মধ্যস্থতাকারী হিসেবে চীনের ক্রমবর্ধমান ভূমিকা তাদের মধ্যকার আলোচনায় গুরুত্বপূর্ণভাবে উঠে আসতে পারে। তবে যুক্তরাষ্ট্র ছাড়ার আগে ট্রাম্প বলেছিলেন, ইরান ইস্যুতে তার শি জিনপিংয়ের সহায়তার প্রয়োজন নেই।

    বাণিজ্য, প্রযুক্তি এবং তাইওয়ান ইস্যুও ট্রাম্পের এ সফরে আলোচনায় গুরুত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে।

    ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন, তিনি চীনকে বড় মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য তাদের বাজার আরও উন্মুক্ত করার আহ্বান জানাবেন। এসব কোম্পানির শীর্ষ নির্বাহীরাও তার সফরসঙ্গী হিসেবে আছেন।

    অন্যদিকে বেইজিংয়ের পক্ষ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে গত অক্টোবর মাসে হওয়া ‘বাণিজ্য যুদ্ধবিরতি’ চুক্তির মেয়াদ বাড়ানো, যা দুই দেশের মধ্যে শুল্ক বৃদ্ধির উত্তেজনা সাময়িকভাবে কমিয়েছিল।

    ২০১৭ সালের পর এই প্রথম ট্রাম্প বেইজিং সফরে যাচ্ছেন। সফরের সূচিতে রয়েছে গ্রেট হল অব দ্য পিপলে আনুষ্ঠানিক অভ্যর্থনা এবং ঝোংনানহাই সফর — যেখানে চীনের শীর্ষ নেতৃত্ব বসবাস ও কাজ করেন।

  8. মণিপুরে হামলায় নিহত কুকি চার্চের তিন যাজক

    ভারতের মণিপুরে এক অতর্কিত হামলায় কুকি চার্চের তিনজন যাজকের মৃত্যু হয়েছে এবং দু’জন গুরুতর আহত হয়েছে।

    বুধবার সকালে ইম্ফল-তামেংলং মহাসড়কের কোটলেন ও কোটজিম গ্রামের মধ্যবর্তী অঞ্চলে যাতায়াত করা যানবাহনের উপর হঠাৎ হামলা চালানো হয়।

    এরই একটি গাড়িতে সওয়ার হয়ে যাচ্ছিলেন কুকি চার্চের কয়েকজন যাজক। সেই সময় হঠাৎই হামলা চালানো হয় বলে অভিযোগ।

    নিহতদের মধ্যে রয়েছেন মণিপুর ব্যাপটিস্ট কনভেনশনের প্রাক্তন সাধারণ সম্পাদক রেভারেন্ড ডক্টর ভি. সিতলাহু, রেভারেন্ড কাইগোলুন এবং পাস্টর পাওগোলেন।

    ঘটনার নিন্দা জানিয়েছে ‘কুকি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস।’

    ওই মানবাধিকার সংগঠন তার বিবৃতিতে বলেছে, “কুকি চার্চের জ্যেষ্ঠ নেতাদের একটি প্রতিনিধিদলের উপর চালানো এই হামলা এনএসসিএন-আইএম এবং জেডইউএফ-এর ষড়যন্ত্র। প্রতিনিধিদলটি একটি ধর্মীয় সভায় যোগ দিতে চুড়াচাঁদপুর থেকে কাংপোকপি যাচ্ছিল। কিন্তু তাদের হত্যা করা হয়েছে।”

    “প্রতিনিধি দলে থাদু ব্যাপটিস্ট অ্যাসোসিয়েশন এবং ইউনাইটেড ব্যাপটিস্ট কাউন্সিলের সবচেয়ে জ্যেষ্ঠ পাদ্রিরা ছিলেন।”

    গত ফেব্রুয়ারি মাস থেকে থেকে মণিপুরের কুকি ও টাংখুল নাগাদের মধ্যে সহিংস সংঘর্ষের খবর প্রকাশ্যে এসেছে। দুই পক্ষের যুবকদের মধ্যে কথিত মারধরের ঘটনার সূত্র ধরে এই সংঘাত শুরু হয় বলে অভিযোগ।

    কিন্তু সহিংসতা দ্রুত বেশ কয়েকটি গ্রামে ছড়িয়ে পড়ে এবং তখন থেকেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে।

    বুধবার এই হামলার প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে কুকি ছাত্র সংগঠন দুপুর ১২:৩০টা থেকে চুড়াচাঁদপুরে একটানা বন্ধের ডাক দিয়েছে।

    এদিকে, গির্জার নেতাদের হত্যার প্রতিবাদে থাডো সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী সংগঠনগুলি কাংপোকপি জেলার সদর হিলে অবিলম্বে বন্ধের ডাক দিয়েছে।

    হামলার পরে তোলা ছবি।

    ছবির উৎস, DILIP KUMAR SHARMA

    ছবির ক্যাপশান, হামলার পরে তোলা ছবি।
  9. মুলায়ম সিং ইয়াদভের ছোট ছেলের মৃত্যু

    প্রতীক ইয়াদভ।

    ছবির উৎস, @iamprateekyadav/Facebook

    ছবির ক্যাপশান, প্রতীক ইয়াদভ।

    সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা তথা উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী মুলায়ম সিং ইয়াদভের ছোট ছেলে প্রতীক ইয়াদভের মৃত্যু হয়েছে বুধবার।

    পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, স্বাস্থ্যের হঠাৎ অবনতি হওয়ায় প্রতীক ইয়াদভকে লক্ষ্ণৌয়ের সিভিল হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। বছর ৩৮-এর মি. ইয়াদভের মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়।

    সিভিল হাসপাতালের চিফ মেডিকেল সুপারিনটেনডেন্ট ডা. দেবেশ চন্দ্র পান্ডে বার্তা সংস্থা এএনআই-কে বলেছেন, “ওর শারীরিক অবস্থা হয়ত ভাল ছিল না তাই এখানে (হাসপাতালে) আনা হয়েছিল। সকাল পাঁচটা পঞ্চান্ন মিনিটে তাকে আনা হয়। চিকিৎসকেরা পরীক্ষা করে দেখেন তার ইতোমধ্যে মৃত্যু হয়েছে।”

    "পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাদতন্তের পরই মৃত্যুর কারণ জানা সম্ভব।”

    প্রতীক ইয়াদভ উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী মুলায়ম সিং ইয়াদভের দ্বিতীয় স্ত্রী সাধনা গুপ্তার ছেলে এবং অখিলেশ ইয়াদভের সৎভাই। মুলায়ম সিং ইয়াদভ ও তার দ্বিতীয় স্ত্রী দু’জনেরই ২০২২ সালে মৃত্যু হয়।

    রাজনীতি থেকে অবশ্য দূরেই থাকতেন প্রতীক ইয়াদভ। পেশায় ব্যবসায়ী মি ইয়াদভের শরীরচর্চার বিষয়ে বেশ আগ্রহী ছিল। তার স্ত্রী অপর্ণা ইয়াদভ একজন বিজেপি নেত্রী। সম্প্রতি তার দাম্পত্য জীবনে সমস্যা প্রকাশ্যে আসে।

  10. তামিলনাডু বিধানসভায় আস্থা ভোটে জিতলেন ভিজয়

    চন্দ্রশেখর জোসেফ ভিজয়

    ছবির উৎস, R.Satish BABU / AFP via Getty Images

    ছবির ক্যাপশান, চন্দ্রশেখর জোসেফ ভিজয়

    তামিলনাডু বিধানসভায় আস্থা ভোটে জয়ী হলেন মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর জোসেফ ভিজয়। ফলে সরকার গড়ার ক্ষেত্রে তার আর কোনো সমস্যা নেই। বুধবার আস্থা ভোটের সময় তার পক্ষে ১৪৪ জন বিধায়ক ভোট দিয়েছেন।

    যদিও 'থালাপতি' ভিজয় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন, কিন্তু ২৩৪টি আসনের বিধানসভায় স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ১১৮টি আসন তার হাতে ছিল না। তাই অন্যান্য দলের সমর্থনের প্রয়োজন ছিল তার।

    কংগ্রেস সহ আরও কয়েকটি দল তাকে সমর্থন দেওয়ার কথা বললেও এধরনের পরিস্থিতিতে বিধানসভায় 'আস্থা ভোট'এর নির্দেশ দিয়ে থাকেন রাজ্যপাল।

    সেই অনুযায়ীই বিধানসভায় বুধবার আস্থা ভোট নেন মি. ভিজয়। ভোট গ্রহণের পর দেখা যায় মি. ভিজয়ের পক্ষে ম্যাজিক ফিগার বা প্রয়োজনীয় আসনের চেয়ে বেশি ভোট পড়েছে। ভোটাভুটির আগেই বিধানসভা কক্ষ ত্যাগ করেন এমকে স্ট্যালিনের দল দ্রাবিড় মুনেত্র কাজগম-এর ৫৯ জন বিধায়ক।

    আস্থা ভোটে বিপক্ষে ভোট দিয়েছেন ২২জন বিধায়ক।

    জোসেফ ভিজয়ের দল তামিলাগা ভেট্টিরি কাজাগাম (টিভিকে)-এর কাছে ১০৮ জন বিধায়ক ছিল। যদিও কংগ্রেস, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ ও বামসহ একাধিক দল তাদের সমর্থন করবে বলে আগেই জানিয়েছিল। সেই অনুযায়ী, বুধবার তারা আস্থা ভোটের সময় টিভিকে-র পক্ষেই ভোট দেন।

  11. হাম উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

    বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরো ৮টি শিশু। এর মধ্যে একজন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ৪৩২ জনের।

    বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিবৃতিতে জানানো হয়, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে এক জন আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৭ জন।

    বিবৃতিতে বলা হয়, গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ৬৯ জন এবং সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা ৩৬৩ জন।

    এ পর্যন্ত সারাদেশে নিশ্চিত হাম আক্রান্ত সংখ্যা ৭,১৫০ এবং সন্দেহজনক হাম আক্রান্তের সংখ্যা ৫৩ হাজার ৫৬ জন।

  12. রাজবাড়ীর পাংশায় হবে ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ, একনেকে অনুমোদন

    একনেক সভায় সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ছবির উৎস, PMO

    ছবির ক্যাপশান, একনেক সভায় সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রায় ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

    “এ প্রকল্পের সাথে দেশের তিনভাগের এক ভাগ অঞ্চল, ২৪টি জেলার ৭ কোটি মানুষ উপকারভোগী হবে। জনস্বার্থে জনগুরুত্বপূর্ণ বিধায় প্রকল্পটি আজ অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চলের মানুষ উপকার পাবে,” একনেক সভার পর সাংবাদিকদের জানিয়েছেন তিনি।

    পানিসম্পদমন্ত্রী বলেন, ফারাক্কা বাঁধের কারণে ব্যাপক খরা পরিস্থিতি তৈরি হয়, পদ্মার সাথে জড়িত নদীগুলো শুকিয়ে যায়, লবনাক্ততা ও জলাবদ্ধতা তৈরি হয়।

    “এই সব দিক বিবেচনা করে এটিকে মাস্টারমাইন্ড প্রকল্প বলা হয়। এটি আমাদের নির্বাচনী অঙ্গীকার ছিল। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী সমাবেশে এ অঙ্গীকার করেছেন,” বলেছেন তিনি।

    জানা গেছে, পদ্মা ব্যারাজ প্রকল্পের আওতায় রাজবাড়ীর পাংশা উপজেলায় ২ দশমিক ১ কিলোমিটার মূল বাঁধ নির্মাণ করা হবে, যার মাধ্যমে ২৯০ কোটি ঘনমিটার পানি সংরক্ষণ করা যাবে। এ ছাড়া ১১৩ মেগাওয়াট ক্ষমতার একটি জলবিদ্যুৎকেন্দ্র স্থাপন করার পরিকল্পনা রয়েছে।

    প্রকল্প পরিকল্পনা মোতাবেক, সংরক্ষিত পানি দিয়ে পাঁচটি নদীর পানিপ্রবাহ পুনরুজ্জীবিত করা সম্ভব হবে। শুষ্ক মৌসুমে এসব নদীতে প্রায় ৮০০ কিউসেক মিটার পানি সরবরাহ করা যাবে বলে প্রকল্প পরিকল্পনায় বলা হয়েছে।

    প্রসঙ্গত, ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত সরকার এ প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করেছিল। পরে আওয়ামী লীগ সরকারের সময়ে পানি উন্নয়ন বোর্ড প্রকল্পটির নকশা প্রণয়নের কাজ সম্পন্ন করে।

  13. বিধানসভার সদস্য হিসাবে শপথ গ্রহণ শুভেন্দু অধিকারীর

    শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী।

    ছবির উৎস, ANI

    ছবির ক্যাপশান, শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী।

    পশ্চিমবঙ্গের বিধানসভার সদস্য হিসাবে বুধবার শপথ গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী।

    যদিও নন্দীগ্রাম এবং কলকাতার ভবানীপুর - দুটি আসন থেকেই জয়ী হয়েছেন মি. অধিকারী, তবে আজ ভবানীপুরের বিধায়ক হিসাবেই তিনি শপথ নেন।

    এই আসন থেকেই মমতা ব্যানার্জী তিনবার জয়ী হয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন।

    নিয়ম অনুযায়ী, তার জেতা দুটি আসনের মধ্যে থেকে যে কোনো আসনের বিধায়ক হিসাবে তাকে পদত্যাগ করতে হবে।

    নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে এখনো পদত্যাগ না করলেও তিনি বলেছেন, “আমি ভবানীপুর থেকে শপথ নিয়েছি। নিয়ম অনুযায়ী আমাকে একটি আসন ছাড়তে হবে। তবে, আমি নন্দীগ্রাম কেন্দ্রের দেখাশোনা চালিয়ে যাব।"

    অন্যান্য নবনির্বাচিত বিধায়করাও বুধবার শপথ গ্রহণ করেন। এদের মধ্যে ছিলেন ইতোমধ্যেই মন্ত্রী হিসাবে দায়িত্বপ্রাপ্ত দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, ক্ষুদিরাম টুডু, নিশীথ প্রামাণিক ও অশোক কীর্তনিয়া। বৃহস্পতিবারও বেশ কয়েকজন বিধায়কের শপথ নেওয়ার কথা রয়েছে।

    এর আগে মঙ্গলবার প্রোটেম স্পিকার হিসাবে শপথ গ্রহণ করেছেন বিজেপি বিধায়ক তাপস রায়। পশ্চিমবঙ্গের রাজ্যপাল আরএন রভি তাকে শপথবাক্য পাঠ করান।

    লোকভবনে (আগেকার রাজভবন) আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিষদীয় রীতি অনুযায়ী, নতুন বিধায়কদের শপথ গ্রহণ করানোর দায়িত্ব পালন করেন প্রোটেম স্পিকার।

  14. যুদ্ধের সময় সৌদি আরবও গোপনে ইরানে হামলা করেছিল, রয়টার্স

    ২৮শে ফেব্রুয়ারি ইসরায়েল যুক্তরাষ্ট্র ইরানে হামলা শুরু করেছিল
    ছবির ক্যাপশান, ২৮শে ফেব্রুয়ারি ইসরায়েল যুক্তরাষ্ট্র ইরানে হামলা শুরু করেছিল

    বার্তা সংস্থা রয়টার্স বলছে, যুদ্ধের সময় সৌদি আরবে ইরানের হামলার জবাবে সৌদি আরবও কোনো ঘোষণা ছাড়াই ইরানে অসংখ্যবার হামলা করেছে। এর আগে সংযুক্ত আরব আমিরাতও ইরানে বিমান হামলা চালিয়েছিল বলে খবর এসেছিল ।

    এদিকে চীন সফরের আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “হয় আমরা ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাবো নয়তে তারা ধ্বংস হয়ে যাবে”।

    ওদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন যুদ্ধ শেষ না হওয়ার একমাত্র কারণ হলো আমেরিকার ‘অসততা’।

    রয়টার্স সোমবারই রিপোর্ট করেছিল যে সংযুক্ত আরব আমিরাত যুদ্ধের সময় গোপনে ইরানে বিমান হামলা চালিয়েছিল।

    ওই রিপোর্টের একদিন পর ১২ইমে মঙ্গলবার রয়টার্সের আরেক খবরে বলা হয়েছে, সৌদি আরবে ইরানের হামলার জবাবে সৌদি আরবও গোপনে বেশ কয়েকবার ইরানে হামলা করেছিল।

    এ তথ্য দিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত দুইজন পশ্চিমা কর্মকর্তা এবং দুইজন ইরানি কর্মকর্তা।

    রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এ হামলাগুলোর খবর আগে প্রকাশ্যে আসেনি। এ থেকে বোঝা যায় যে এই প্রথমবারের মতো সৌদি আরব সরাসরি ইরানের ভূখণ্ডে সামরিক পদক্ষেপ নিয়েছে।

    এর মাধ্যমে আরও একটি বিষয় প্রকাশ পেয়েছে যে, রিয়াদ এখন তার প্রধান আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে আত্মরক্ষায় আরও সাহসী হয়ে উঠেছে। দুইজন পশ্চিমা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, হামলাগুলো সৌদি বিমানবাহিনী পরিচালনা করেছিল এবং সম্ভবত মার্চের শেষ দিকে এসব হামলা চালানো হয়।

    কর্মকর্তাদের একজন বলেন, “সৌদি আরবকে লক্ষ্য করে হামলা চালানোর প্রতিক্রিয়াতেই এই পাল্টা হামলা করা হয়েছিল”।

    তবে তারা এসব হামলার নির্দিষ্ট লক্ষ্যবস্তু নিশ্চিত করতে পারেনি বলে রয়টার্স উল্লেখ করেছে।

    রয়টার্স এ বিষয়ে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তার সাথে যোগাযোগ করলেও তিনি সরাসরি কিছু বলেননি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও রয়টার্সকে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

    যুক্তরাষ্ট্রের সঙ্গে গভীর সামরিক সম্পর্ক থাকা সৌদি আরব ঐতিহ্যগতভাবে নিরাপত্তার জন্য মার্কিন সামরিক শক্তির ওপর নির্ভরশীল। তবে সাম্প্রতিক ১০ সপ্তাহের যুদ্ধ দেশটিকে এমন হামলার মুখে ফেলেছে, যা আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থাকেও অতিক্রম করে গিয়েছে।

    গতকাল ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল যে, সংযুক্ত আরব আমিরাত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার প্রাথমিক মুহূর্তগুলোতে পারস্য উপসাগরে ইরানের তেল স্থাপনাগুলোর ওপর বিমান হামলা চালায়।

    এর মধ্যে লাভান দ্বীপে অবস্থিত ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির অফশোর স্থাপনাতেও অন্তত একটি হামলাটি ছিল।

  15. গতকাল মঙ্গলবার যা যা ঘটেছে

    • ব্রিটিশ মন্ত্রিসভা থেকে চারজন জুনিয়র মন্ত্রী পদত্যাগ করে প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমারকেও পদত্যাগের জন্য আহ্বান জানিয়েছেন।প্রধানমন্ত্রীর পদত্যাগ বা সরে যাওয়ার সময়সূচি ঘোষণার জন্য লেবার পার্টির অন্তত ৮৬ জন এমপি আহ্বান জানিয়েছেন।
    • অন্যদিকে ১০০ জনের বেশি এমপি এক বিবৃতি প্রকাশ করে প্রধানমন্ত্রীর পক্ষে দাঁড়িয়েছেন। তারা বলেছেন, এখন নেতৃত্বের লড়াইয়ের সময় নয়।
    • মঙ্গলবার ব্রিটিশ মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার বলেছেন, তিনি সরকারের দায়িত্ব চালিয়ে যাবেন। দলে নেতৃত্ব নিয়ে কোন লড়াই শুরু হয়নি বলেও তিনি মন্তব্য করেছেন।
    • ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের নৌবাহিনীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ আকবরজাদেহ বলেন, "যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের পর হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ এলাকার পরিধি বাড়ানো হয়েছে।"
    • ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ২৪ জনকে কারাদণ্ড দিয়েছে বাহরাইন। তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
    • পশ্চিমবঙ্গের পৌরসভা নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হওয়া তৃণমূল কংগ্রেস নেতা ও সাবেক দমকলমন্ত্রী সুজিত বসুকে দশদিনের জন্য নিজেদের হেফাজতে চেয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মঙ্গলবার আদালত তা মঞ্জুর করেছে।
    • ভারতের জাতীয়স্তরে আয়োজিত ডাক্তারি পড়ার জন্য প্রবেশিকা পরীক্ষা আন্ডার গ্র্যাজুয়েট ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (এনইইটি), ২০২৬ বাতিল করা হয়েছে।
    • কলকাতার তিলজলা অঞ্চলে মঙ্গলবার দুপুরে একটি পাঁচতলা ভবনে অগ্নিকাণ্ডে দু’জনের মৃত্যু এবং তিনজনের আহত হওয়ার ঘটনায় কলকাতা পুলিশকে মামলা রুজু করার নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
    • শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী হিসাবে কর্মরত চন্দ্রনাথ রথের হত্যার তদন্ত সিবিআই-এর হাতে তুলে দেওয়া হয়েছে। এই ঘটনার তদন্তের জন্য কেন্দ্রীয় সংস্থাটি সাত সদস্যের বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন করেছে।
    • ভারতের অঙ্গরাজ্যের নির্বাচন বা অভ্যন্তরীণ বিষয় নিয়ে বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক প্রভাব পড়ার শঙ্কা আছে কিনা, এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, “বাংলাদেশ সার্বভৌম সমতার ভিত্তিতে বন্ধুপ্রতিম দেশগুলোর সাথে সম্পর্ক বজায় রাখে। সীমান্ত দিয়ে কোনো প্রকার অবৈধ অনুপ্রবেশ বা 'পুশ-ইন' রোধে বিজিবি সর্বদা জাগ্রত রয়েছে।"
    • ‘বাংলা পক্ষ’-এর গর্গ চ্যাটার্জীকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। ইলেক্ট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম-নিয়ে ‘গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর’ অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
    • মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপরীতে ঢাকায় প্রথম টেস্টে ক্রিকেটে জয় লাভ করেছে বাংলাদেশ।
    • বিজেপি ক্ষমতায় আসার পর থেকে আসাম ও ত্রিপুরাতে অনুপ্রবেশ-সংক্রান্ত সমস্যা মিটেছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
    • আসামের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের জন্য শপথ নিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা।
    • দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় গতকাল সোমবার ১১ই মে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এই ঘটনায় তীব্র নিন্দা এবং নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ সরকার।
    • শুধু পুঁথিগত শিক্ষাই নয়, বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা এবং উদ্ভাবনের দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
  16. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন: