হাম ও উপসর্গ নিয়ে বাংলাদেশে শিশু মৃত্যু এক হাজার ছাড়াল
বাংলাদেশে হাম ও হাম উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে তিন শিশুর মৃত্যুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০০২ জনে।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ই মার্চ থেকে ৯ই সেপ্টেম্বর পর্যন্ত সময়ে হামের উপসর্গে মারা গেছে ৯০২ জন এবং নিশ্চিত হামে মারা গেছে ১০০ শিশু।
তবে, গত ২৪ ঘণ্টায় তিনজনই মারা গেছে হামের উপসর্গে, নিশ্চিত হামে নয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ১১৯ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৬৯ জনের।
১৫ই মার্চ থেকে ৯ই সেপ্টেম্বর পর্যন্ত দেশে উপসর্গ ও নিশ্চিত মিলিয়ে মোট হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৮৭ হাজার ৪৮৪ জনে।