লাইভ, সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ ইসলামী ব্যাংকের

পাঁচশো কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করেছে ইসলামী ব্যাংক। অন্যদিকে হাইকমিশনারের সাথে বৈঠকে ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করবে এমন আশা প্রকাশ করেছে বাংলাদেশ। বিস্তারিত জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের খালাস চেয়ে আপিল আবেদন

    জামায়াতে ইসলামীর সাবেক নেতা আবুল কালাম আযাদ
    ছবির ক্যাপশান, আবুল কালাম আযাদ

    একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জামায়াতে ইসলামীর সাবেক নেতা আবুল কালাম আযাদের খালাস চেয়ে করা আপিল আবেদনের শুনানি আগামী ১৭ই অগাস্ট পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ।

    সোমবার আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকসহ তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

    চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সময় আবেদন করলে আপিল বিভাগ পরবর্তী শুনানির জন্য ওই দিন নির্ধারণ করেন।

    আবুল কালাম আযাদের আইনজীবী এহসান এ সিদ্দিক বিবিসি বাংলাকে জানান, “আপিল আবেদনের সাথে বিলম্ব মার্জনা এবং আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ট্রাইব্যুনালের দেয়া সাজা স্থগিত চাওয়া হয়েছে। জুলাই মাসে আপিল আবেদনটি করা হয়েছে।”

    আইন অনুযায়ী, রায় প্রকাশের একমাসের মধ্যে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করার বিধান রয়েছে।

    সেই সময় শেষ হয়ে যাওয়ার পর বিলম্ব মার্জনার আবেদন করে এই আপিল আবেদনটি করা হয়েছে।

    ২০১৩ সালের ২১শে জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মুক্তিযুদ্ধের সময় ফরিদপুরের বিভিন্ন স্থানে করা মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রমাণিত হলে তাকে মৃত্যুদণ্ড দেয়। সেসময় পলাতক ছিলেন তিনি।

    এই রায়টিই ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার প্রথম রায়।

    শেখ হাসিনার সরকারের পতনের পর রায়ের ১৩ বছর পর এই বছরের ২১শে জানুয়ারি আবুল কালাম আযাদ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন।

    পরে জানা গেছে, আত্মসমর্পণের শর্তে নির্বাহী আদেশে তার সাজা স্থগিত করেছিলেন তখনকার রাষ্ট্রপতি। পরে তিনি আত্মসমর্পণ করলে আপিলের জন্য তাকে নথিপত্র সরবরাহ করার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।

    মি. আযাদ বাংলাদেশের বিভিন্ন বেসরকারি টেলিভিশনে ইসলাম বিষয়ক অনুষ্ঠানের জন্য পরিচিত ছিলেন।

  2. ভারতের ঝাড়খন্ডে ছাত্র আন্দোলনে লাঠিচার্জ পুলিশের

    ঝাড়খন্ড ছাত্র বিক্ষোভে পুলিশের লাঠিচার্জে আহত একাধিক আন্দোলনকারী
    ছবির ক্যাপশান, ঝাড়খন্ড ছাত্র বিক্ষোভে পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন একাধিক আন্দোলনকারী

    দিল্লির পর রাচিঁতে আন্দোলনকারী পড়ুয়াদের ওপর লাঠিচার্জ করল পুলিশ। সরকারি চাকরির পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে বিধানসভা ঘেরাও অভিযানে পুলিশের লাঠির আঘাতে আহত বেশ কয়েকজন আন্দোলনকারী।

    স্বচ্ছ পরীক্ষা পদ্ধতির দাবিতে রাঁচীর জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে চলছে আন্দোলন। অর্নিদিষ্টকালীন অনশনে বসেছেন কয়েকজন আন্দোলনকারী। দিল্লির যন্তর মন্তরের আন্দোলনের পর ঝাড়খন্ড পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় দুর্নীতির অভিযোগে পরীক্ষা বাতিল ও সিবিআই তদন্তের দাবিতে চলা এই আন্দোলনে হাজার হাজার পরীক্ষার্থী সোমবার ঝাড়খন্ড বিধানসভা অভিযান করেন।

    পুরনো বিধানসভা ভবন থেকে নতুন বিধানসভা ভবন পর্যন্ত হবে শান্তিপূর্ণ একটি অভিযানের ডাক দিয়েছিলেন আন্দোলনকারীরা। সেখানে আছেন বিবিসি বাংলার সংবাদদাতা ময়ূরী সোম।

    তিনি জানাচ্ছেন যে মিছিলকারীদের ওপরে পুলিশ জল কামান চালায়। মিছিল যত বিধানসভা ভবনের কাছাকাছি এগোলেই আন্দোলনকারীদের ওপর পুলিশ লাঠি চার্জ করেছে। আন্দোলনকারীদের দাবি, তাদের কয়েকজন পুলিশের লাঠির ঘায়ে আহত হয়েছেন।

    এক সপ্তাহের বেশি সময় ধরে চলা অনশনে অসুস্থ হয়ে পড়েছেন আন্দোলনকারী দেবেন্দ্রনাথ মাহাতো। বিবিসি বাংলাকে তিনি নিজেই তার শারীরিক অবস্থার অবনতির কথা জানান। তাদের বিধানসভা অভিযানে নিয়ে এসেছিলেন অন্য আন্দোলনকারীরা।

    তিনবার রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে বসেছেন আন্দোলনকারীরা।

    ঝাড়খন্ডে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সরকার বলছে যে তারা আন্দোলনকারীদের অধিকাংশ দাবিই মেনে নিয়েছে। তবে আন্দোলনকারীরা জানাচ্ছেন পরীক্ষায় যে বিপুল দুর্নীতি হয়েছে তার জন্য তারা যে সিবিআই তদন্তের দাবী করেছেন তা মানতে নারাজ সরকার। অন্যদিকে এই দুর্নীতির তদন্তে স্বতপ্রণোদিত মামদা দায়ের করেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্ত শাখা এনফোর্সমেন্ট ডিরেক্টেরেট বা ইডি। ইতোমধ্যেই তিনটি পরীক্ষা বাতিল করা হয়েছে।

    রাঁচিতে আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ ঝাড়খন্ড পুলিশের

    ছবির উৎস, ANI

    ছবির ক্যাপশান, রাঁচিতে আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ ঝাড়খন্ড পুলিশের
  3. সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ ইসলামী ব্যাংকের

    সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, পাঁচশো কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ দিয়েছে ইসলামী ব্যাংক

    পাঁচশো কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করেছে ইসলামী ব্যাংক।

    সাবেক এই রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান থাকাকালে এই জালিয়াতির ঘটনা ঘটে বলে অভিযোগ করেছে কর্তৃপক্ষ।

    দুদকে অভিযোগটি দাখিল করে এই বিষয়ে অনুসন্ধানের জন্য অনুরোধ জানিয়েছে ইসলামী ব্যাংক।

    সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সম্প্রতি ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ কর্পোরেট শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াসীন আলী ব্যাংকের পক্ষে এই অভিযোগ জমা দেন।

    অভিযোগে বলা হয়, ২০১৭ সালে এস আলম গ্রুপ ব্যাংকটির নিয়ন্ত্রণ নেওয়ার পর ‘সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেড’ নামের একটি দুর্বল প্রতিষ্ঠানের ঋণ সীমা জালিয়াতির মাধ্যমে একশো কোটি থেকে বাড়িয়ে পাঁচশো কোটি টাকা করা হয়েছে।

    পরবর্তীতে সেই অর্থ উত্তোলন করে আত্মসাৎ করা হয়।

    অভিযোগে আরো বলা হয়, অ্যাননটেক্স গ্রুপের ইউনুস বাদলের সহযোগী প্রতিষ্ঠান সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেডের অনুকূলে অবৈধভাবে ঋণ বরাদ্দ পাইয়ে দিতে ভূমিকা রাখেন ব্যবসায়ী এস আলম।

    আর তৎকালীন পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে মো. সাহাবুদ্দিন, ব্যাংকের সাবেক তিন ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মাওলা, আব্দুল হামিদ মিয়া ও মাহবুব উল আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা এই অনৈতিক কাজের অনুমোদন দিয়ে আর্থিকভাবে লাভবান হয়েছেন।

    চারটি অডিট ফার্মের মাধ্যমে ঘটনার তদন্ত করে এসব অসঙ্গতি খুঁজে পেয়েছে বলেও অভিযোগে উল্লেখ করেছে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ।

  4. এবার এসএসসি বা সমমানের পরীক্ষার খাতা পুনঃপরীক্ষার সুযোগ পাবেন শিক্ষার্থীরা:শিক্ষামন্ত্রী

    শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

    ছবির উৎস, Screen Grab

    ছবির ক্যাপশান, এবার এসএসসি বা সমমানের পরীক্ষার খাতা বা উত্তরপত্র শিক্ষার্থীরা পুনঃপরীক্ষা বা পুনর্মূল্যায়নের সুযোগ পাবেন:শিক্ষামন্ত্রী

    বাংলাদেশে এবার এসএসসি বা সমমানের পরীক্ষার খাতা বা উত্তরপত্র শিক্ষার্থীরা পুনঃপরীক্ষা বা পুনর্মূল্যায়নের সুযোগ পাবেন বলে জানিয়েছেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

    সোমবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণার পরে শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

    শিক্ষামন্ত্রী বলেন, “আগে পদ্ধতি ছিল যদি কোন শিক্ষার্থী রিএক্সামিন করতো তাহলে শুধু টেবুলেশন শিটটা দেখা হত। সত্যিকার অর্থে ওই শিক্ষার্থীর খাতা পাল্টে গিয়েছে কিনা এবং শিক্ষক যথাযথ নাম্বার দিয়েছে কিনা এই পুনঃপরীক্ষা করার ব্যবস্থা ছিল না। এবার আমরা আইনগতভাবে পরিবর্তন এনে সেই ব্যবস্থাটি রেখেছি, প্রত্যেকটি শিক্ষার্থীকে তার খাতা পুনঃপরিক্ষা করার সুযোগ দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে কোন মানবিক বিষয় নেই।”

    “এক্সাক্টলি আবার রিভিউ করা হবে ইনফ্রন্ট অফ এ কমিটি। যদি কেউ কাউকে ভুলভাবে মার্কিং করে থাকে বা যা তার প্রাপ্য সেটা না দিয়ে থাকে, রিভিউ কমিটির সামনে সেই খাতা পুনঃপরীক্ষা করা হবে। এক্সাক্টলি প্রত্যেকটি ছাত্র-ছাত্রীর যার যা প্রাপ্য তাকে তা দিতে হবে,” বলেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।

    এবার সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষায় সব বোর্ডের পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ।

    এই বছর পাসের হার কমেছে তিন দশমিক ৯৯ শতাংশ। ২০২৬ সালে জিপিএ ফাইভ পেয়েছেন এক লাখ ছয় হাজার নয় শিক্ষার্থী।

    এই বছর সাধারণ শিক্ষা বোর্ডে উত্তীর্ণ মোট ছাত্রের চেয়ে এক লাখ সাত হাজার ৯৮২ জন বেশি ছাত্রী উত্তীর্ণ হয়েছে।

    দেশের ১১টি শিক্ষা বোর্ডের ৩১২টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। শূন্য পাসের শিক্ষা প্রতিষ্ঠান এবার বেড়ে দাঁড়িয়েছে ১৭৮টিতে।

    শূন্য পাসের হার এমন শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

  5. ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করবে বলে আশা করে বাংলাদেশ

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সৌজন্য সাক্ষাৎ করেন

    ছবির উৎস, PM Press Wing

    ছবির ক্যাপশান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সৌজন্য সাক্ষাৎ করেন

    ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করবে এমন আশা করে বাংলাদেশ। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতীয় হাইকমিশনারের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে।

    সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের দফতরে প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সৌজন্য সাক্ষাৎ করতে এলে এ আশা প্রকাশ করেন তিনি।

    পরে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

    বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী ভারতীয় হাইকমিশনারকে স্বাগত জানান। ভারতীয় হাইকমিশনার ঢাকায় গত দুই মাসের দায়িত্ব পালনের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।

    বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়৷

    এছাড়া, গণঅভ্যুত্থানের পরে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হত্যাকারীদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়েও ভারতের প্রতি অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়।

    বৈঠকের পরে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সাংবাদিকদের বলেন, "খুবই ভালো আলোচনা হয়েছে। উই আর লুকিং ফরওয়ার্ড। আমাদের ইনভাইটেশন তো আগে থেকে আছে। লাস্ট টাইম অলসো আই মেনশন, পিপল অফ ইন্ডিয়া, প্রাইমিনিস্টার অফ ইন্ডিয়া ইজ লুকিং ফরওয়ার্ড। উই আর পজিটিভ।"

    গণতন্ত্রে সবসময়ই নানা ইস্যু থাকবে উল্লেখ করে মি. ত্রিবেদী বলেন, বাংলাদেশের সাথে ভারতের ঐতিহাসিক সম্পর্ক এবং দুই দেশ একই সীমান্ত শেয়ার করে।

    ভারতীয় হাই কমিশনার বলেন, "ডেমোক্রেসিতে ইস্যুজ থাকবে। ইস্যু না থাকলে ওইটা ডেমোক্রেসি না। আমাদের ইস্যু থাকবে, বাংলাদেশের ইস্যু হবে। কিন্তু মানুষের ইস্যু একটাই, ভালো সম্পর্ক। ভালো সম্পর্ক হলে উইন উইন সিচুয়েশন। আমাদের হিস্টোরিকেল তো বদলাতে পারবেন না। আমাদের নেইবারহুড তো বদলাতে পারবে না।"

    বাংলাদেশ ও ভারত দুই দেশের জন্যই আগামী দিন ভালো যাবে বলে আশাপ্রকাশ করেন ভারতীয় হাইকমিশনার।

    "আমার মনে হচ্ছে আগামী দিন ভালোই হবে। ইস্যুজটা সর্ট আউট করতেই হবে দুই দিক থেকেই। আই এম ভেরি ভেরি কনফিডেন্ট, ওনার সঙ্গে দেখা করে খুবই ভালো লাগলো" বলেন দীনেশ ত্রিবেদী।

    ওই বৈঠকের পরে পাঁচই অগাস্ট নয়াদিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনের বিষয়ে বৈঠকে কথা হয়েছে কিনা সাংবাদিকরা এমন প্রশ্ন করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে।

    তিনি বলেন, “পাঁচ অগাস্টের ব্যাপারে আমাদের যে পজিশন আমরা ক্লিয়ারলি বলে দিয়েছি। এবং সেটা গুরুত্বের সঙ্গে অনুধাবন করেছেন ভারতীয় কর্তৃপক্ষ। সেটা আমাকে গতকালকেও তারা জানিয়েছেন আজকেও তারা প্রধানমন্ত্রীকে সেটা বলেছেন।

    ভারত দুঃখ প্রকাশ করেছে কিনা এমন প্রশ্নে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “দুঃখপ্রকাশের বিষয় নয় জিনিসটা। আপনাদেরকে ভালো করে বুঝতে হবে কি হয়েছে জিনিসটা। একটা রাষ্ট্রের তিনটা স্তম্ভ থাকে, নির্বাহী, আইন প্রণয়ন এবং বিচার বিভাগ, এক্সিকিউটিভ লেজিসলেটিভ এবং জুডিশিয়ারি।”

    শেখ হাসিনার বিচার হয়েছে বাংলাদেশের আদালতে এবং পাঁচই অগাস্ট ভারতের নয়াদিল্লিতে সংবাদ সম্মেলন করে শেখ হাসিনা জুডিশিয়ারির প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

    তিনি বলেন, “দণ্ডপ্রাপ্ত হাসিনা তার জায়গা হচ্ছে জুডিশিয়ারি। বাংলাদেশের একটা কম্পিটেন্ট কোর্ট তার বিচার করেছে, তাকে দণ্ড দিয়েছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির দেশে কী হয়, তাকে কাস্টডিতে নেয়া হয় এবং তার যদি কিছু বক্তব্য থাকে, আত্মপক্ষ সমর্থনের কিছু থাকে সেটা আদালতে বলবে। পাঁচ তারিখে হাসিনা যেই কাজটি করেছে সেটা হচ্ছে বাংলাদেশের জুডিশিয়ারি, রাষ্ট্রের একটি স্তম্ভের প্রতি বৃদ্ধাঙ্গুলি সে দেখিয়েছে এবং সেই কাজটি ভারত সরকার করতে দিয়েছে।”

    বাংলাদেশের কোন স্তম্ভকে ভারত “আন্ডারমাইন বা ছোট করে দেখবে না” বলে আশাপ্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী।

    “সুতরাং আমরা এই কথাটা গতকালকেও বলেছি যে, রাষ্ট্রের পুরো কাঠামোর প্রতি আমরা চাই সারা বিশ্বের সকল দেশ শ্রদ্ধাশীল হোক। আমরা আশা করবো, আমাদের এই বিষয়টি ভারত সরকার অনুধাবন করবেন। তাদের সাথে কথা বলে আমার ধারণা হচ্ছে তারা জিনিসটা বুঝতে পেরেছে। আশা করবো যে, আমাদের রাষ্ট্রের কোন স্তম্ভকে আন্ডারমাইন করার মত কিছু তারা আর কিছু করবেন না, এটা আমাদের প্রত্যাশা। এবং তাদের সাথে আমার যা কথা হয়েছে তাতে আমি কিছুটা হলেও আশ্বস্ত যে এই ঘটনার পুনরাবৃত্তি হবে না” বলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

    ছবির উৎস, Screen Grab

    ছবির ক্যাপশান, আমাদের রাষ্ট্রের কোন স্তম্ভকে আন্ডারমাইন করার মত কিছু তারা আর কিছু করবেন না, এটা আমাদের প্রত্যাশা:পররাষ্ট্রমন্ত্রী
  6. রোববার সারাদিন যা যা হলো

    • বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি থেকে দুইটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি। আগারগাঁওয়ের প্রধান নির্বাচনী কর্মকর্তার কার্যালয় এই মনোনয়ন সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
    • এদিন রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য এলডিপি নেতা অলি আহমদকে প্রার্থী করার কথা জানিয়েছে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।
    • হেফাজতে ইসলামের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে চট্টগ্রামের আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
    • বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে দুই পক্ষ কোনো বক্তব্য দেয় নি। সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দিনেশ ত্রিবেদীর বৈঠক হওয়ার কথা রয়েছে।
    • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত কিছুদিন ধরে কিছু মানুষ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে, যেন তারা কোনোভাবে বিশৃঙ্খলা বা বিভ্রান্তি সৃষ্টির সুযোগ না পায়।
    • বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে আসামি হিসেবে সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার না দেখাতে ও হয়রানি না করতে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।
    • বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ছয় জনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
    • বাংলাদেশের জনপ্রিয় চলচিত্র অভিনেতা সালমান শাহ হত্যা মামলায় খল নায়ক ডন হককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।
    • পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দাবি করেছেন, উত্তর ২৪ পরগনায় এক তৃণমূল কর্মী পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে রোববার ব্যারাকপুরে তাঁর ওপর হামলা চালানো হয়েছে।
    • ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ১৫ দফা পরিকল্পনা প্রত্যাখ্যান করে বলেছেন, “হামাসকে সম্পূর্ণ ও সত্যিকার অর্থে নিরস্ত্র না করা পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনী গাজা থেকে সরে যাবে না”।

    বিবিসি বাংলায় আরও খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  7. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন:

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে