লাইভ, রাষ্ট্রপতির আদেশে এনবিআর আন্দোলনে অংশ নেওয়া ২০ কর্মকর্তার শাস্তি বাতিল

অন্তর্বর্তী সরকারের সময় জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরে আন্দোলনে অংশ নেওয়ার ফলে শাস্তি পাওয়া ২০ জন কর্মকর্তার শাস্তি বাতিল করেছেন রাষ্ট্রপতি। আরো কয়েকজন কর্মকর্তার শাস্তি মওকুফ হতে পারে বলে ধারণা পাওয়া যাচ্ছে। বিস্তারিত বিবিসি বাংলার লাইভ পাতায়....

সরাসরি কভারেজ

  1. খেলার নিয়ম বদলে গেছে, পাল্টা প্রতিক্রিয়ার যুগ শেষ: বাঘের গালিবাফ

    ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ

    ছবির উৎস, NurPhoto via Getty Images

    ছবির ক্যাপশান, ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ

    ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, পাল্টা প্রতিক্রিয়ার যুগ শেষ হয়ে গেছে এবং খেলার নিয়ম বদলে গেছে।

    রোববার সংসদের বৈঠক শুরু হওয়ার আগে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ইরান এখন “পুরো বিধর্মী শক্তির বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধের” মধ্যে রয়েছে।

    কিন্তু “মার্কিন ঘাঁটিগুলোতে সামরিক বাহিনীর তীব্র হামলার কারণে দেশটির নেতারা হতাশায় ভুগছেন এবং ফাঁকা বুলি ও স্লোগানের পাশাপাশি যুদ্ধক্ষেত্রের কৃত্রিম ছবি এবং ভিডিও তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছেন,” বলেন তিনি।

    যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নেওয়া এই জ্যেষ্ঠ আলোচক আরো বলেন, “আমেরিকানদের এটা বুঝে নেওয়া উচিত যে, পাল্টা প্রতিক্রিয়ার দিন শেষ এবং আগ্রাসনকারীদের ঘাঁটিতে আমাদের সাম্প্রতিক অভিযানটি ছিল কেবল এর শুরু মাত্র।”

    “যদি তারা এখনও সেটি না বুঝে থাকে, তাহলে তাদের অনেক দেরি হওয়ার আগেই সেটি বুঝে নেওয়া উচিত যে, খেলার নিয়ম বদলে গেছে। এখন থেকে ইরানের স্বার্থ ও নিরাপত্তার ওপর যে কোনো আঘাতের জবাব দেয়া হবে আরো দ্রুত, কঠোর এবং বেদনাদায়কভাবে” বলেন ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

  2. রাষ্ট্রপতির আদেশে এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ

    গত বছর এনবিআরের সামনে অবস্থান করেছিল আন্দোলনকারীরা

    ছবির উৎস, National Board of Revenue (NBR) officials

    ছবির ক্যাপশান, গত বছর আন্দোলনে অংশগ্রহণকারী জাতীয় রাজস্ব বোর্ডের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ করেছেন রাষ্ট্রপতি

    রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ জারির বিরোধিতা করে গত বছর আন্দোলনে অংশগ্রহণকারী জাতীয় রাজস্ব বোর্ডের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ করেছেন রাষ্ট্রপতি।

    এই কর্মকর্তারা তাদের দণ্ড মার্জনা করার আপিল আবেদন করলে সেটি মঞ্জুর করে ওই আদেশ বাতিলের আদেশ দেন রাষ্ট্রপতি।

    রোববার অভ্যন্তরীণ সম্পদ বিভাগ পৃথক ২০টি প্রজ্ঞাপন জারি করেছে।

    যাদের শাস্তি বাতিল হয়েছে তারা হলেন, কমিশনার জাকির হোসেন (চলতি দায়িত্ব), অতিরিক্ত কর কমিশনার হাছান তারেক রিকাবদার, মির্জা আশিক রানা, চাঁদ সুলতানা চৌধুরানী, সুলতানা হাবীব, মুরাদ আহমেদ, সিফাত ই মরিয়ম, আমীমুল ইহসান, সাধন কুমার কুণ্ডু।

    এছাড়া যুগ্ম কর কমিশনার মোনালিসা শাহরীন, মামুন মিয়া, মাসুমা খাতুন, মোরশেদ উদ্দীন খান, সানোয়ারুল কবির, উপ কর কমিশনার জিল্লুর রহমান, ইমাম তৌহিদ হোসেন, সাইদুল ইসলাম, শাহাদাৎ জামিল, রাজস্ব কর্মকর্তা সবুজ মিয়া এবং শফিউল বশর।

    এসব প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত বছর ২৪শে জুন জাতীয় রাজস্ব ভবনের প্রবেশ পথে অবস্থান করে বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলার মাধ্যমে তারা “সরকারি কর্মচারী আচরণ বিধিমালা, ১৯৭৯” লংঘন করেছে।

    ওই আন্দোলনের সময় রাজস্ব বোর্ডের প্রধান কার্যালয় অবরুদ্ধ রাখা হয় এবং সারা দেশে দুইদিনের কর্মবিরতি পালন করা হয়। এর ফলে আমদানি-রপ্তানি স্থবির হয়ে গিয়েছিল।

    পরে তারা চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে নতুন করে আন্দোলন শুরু করেন এবং তাকে সংসথার কার্যালয়ে 'অবাঞ্ছিত’ ঘোষণা করেন। সেই দাবিতে তারা 'কমপ্লিট শাটডাউন' কর্মসূচি ঘোষণা করেছিলেন।

    এমন প্রেক্ষাপটে এনবিআরের সেবাবে 'অত্যাবশকীয়' সেবা বলে ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। সংকট পাঁচ উপদেষ্টাকে নিয়ে একটি কমিটিও গঠন করা হয়।

    পরে ব্যবসায়ী নেতাদের মধ্যস্থতায় তারা আন্দোলন প্রত্যাহার করে কাজে ফেরেন। কিন্তু এরপর তাদের বিরুদ্ধে তদন্ত ও নানা শাস্তিমূলক ব্যবস্থা নিতে শুরু করে সরকার।

    সেই সময় ১১ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও অনুসন্ধান করেছিল দুদক।

    পরে বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিল এনবিআর।

    এর মধ্যে বাধ্যতামূলক অবসর, সাময়িক বরখাস্ত, এবং বেতন গ্রেড অবনমনও রয়েছে।

  3. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন:

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে