রোববার সারাদিন যা যা হলো
- আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপালে স্বজনের খোঁজে মরিয়া মানুষ ফোনের টর্চলাইট জ্বালিয়ে জীবিতদের তালিকা দেখছেন। দেশটিতে বন্যার পঞ্চম দিনে নিহতের সংখ্যা বেড়ে প্রায় আটশোতে পৌঁছেছে।
- নেপালি একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন, এলাকায় বন্যার ঝুঁকি সম্পর্কে একের পর এক ফোন কল পাওয়ার পর তিনি প্রায় ৯০০ শিক্ষার্থীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন।
- গুম প্রতিরোধ ও প্রতিকারে সরকার নতুন যে বিলের অনুমোদন দিয়েছে সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন গুমের শিকার ব্যক্তি ও আন্তর্জাতিক গুম প্রতিরোধ জাতীয় কমিটি। তবে রোববার ওই আইনটি পরীক্ষা শেষে সংসদে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
- উত্তর সাইপ্রাসের কাছে একটি যাত্রীবাহী নৌকা ডুবে যাওয়ার ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বঘোষিত টার্কিস রিপাবলিক অফ নর্দার্ন সাইপ্রাসের প্রধানমন্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে সবশেষ এক আপডেটে তিনি জানিয়েছেন, নিখোঁজ ২৩ জনকে উদ্ধারে বর্তমানে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে।
- ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে যারা ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করেছেন এবং যাদের সন্তান ও নাতি-পুতিরা চাকরি নিয়েছেন তাদের বিরুদ্ধে সরকার কী ধরনের ব্যবস্থা নেবে জাতীয় সংসদে এমন প্রশ্ন করেছেন নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী।
- শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের থার্ড টার্মিনালের নয়শো দুই কোটি টাকা ব্যয় বৃদ্ধির উদ্যোগ নিয়ে সরকার ঠিকাদারকে আরেকবার দুর্নীতি করার সুযোগ করে দিচ্ছে কীনা জাতীয় সংসদে এমন প্রশ্ন তোলেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ।
- জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইয়ের সময় স্কুল শিক্ষিকা রনজিনা পারভীন নিহতের ঘটনায় সন্দেহভাজন আসামি মো. মোশাররফ হোসেন পনিসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-২।
- বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে জিজ্ঞাসাবাদের জন্য সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন।
- ত্রিশূলি-তিন এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের কাছে পৌঁছাতে উদ্ধারকর্মীরা সুড়ঙ্গের উপরের অংশে একটি ছোট ছিদ্র করে ভেতরে পাম্প করে বাতাস ভরছেন।
- নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার দুই দিন পর শুক্রবার উদ্ধার হওয়া এক শিশুকন্যা হাসপাতালে তার বাবা-মায়ের সঙ্গে পুনর্মিলিত হয়েছে।
- চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, কয়েকদিন আগে তিব্বতের একটি হ্রদে আরেকটি ভূমিধসের কারণে নতুন একটি বাঁধ তৈরি হয়েছে, যা আরেকটি বন্যার ঝুঁকি তৈরি করেছে। এ ধরনের আরেকটি বন্যা ছোট আকারে হলেও তা এই বিপর্যয়ে গুরুতর প্রভাব ফেলতে পারে বলে বিশেষজ্ঞরা বলছেন।
বিবিসি বাংলার লাইভ পাতা আজকের মতো এখানেই শেষ হলো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুনবিবিসি বাংলার মূল পাতায়।