নেপালি প্রধান শিক্ষকের সিদ্ধান্তে বন্যা থেকে রক্ষা পেয়েছে ৯০০ শিক্ষার্থী

নেপালে আকস্মিক বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯৪ জনে। এখনো নিখোঁজ রয়েছে আড়াই হাজার মানুষ, যাদের মধ্যে বহু বিদেশি পর্যটক রয়েছেন। অন্যদিকে সংসদ ভবনের সামনে ছিনতাইয়ের সময় স্কুলশিক্ষিকা নিহত হওয়ার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

সরাসরি কভারেজ

রিপোর্টিং করেছেন জান্নাতুল তানভী, সম্পাদনায় সায়েদুল ইসলাম

  1. রোববার সারাদিন যা যা হলো

    • আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপালে স্বজনের খোঁজে মরিয়া মানুষ ফোনের টর্চলাইট জ্বালিয়ে জীবিতদের তালিকা দেখছেন। দেশটিতে বন্যার পঞ্চম দিনে নিহতের সংখ্যা বেড়ে প্রায় আটশোতে পৌঁছেছে।
    • নেপালি একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন, এলাকায় বন্যার ঝুঁকি সম্পর্কে একের পর এক ফোন কল পাওয়ার পর তিনি প্রায় ৯০০ শিক্ষার্থীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন।
    • গুম প্রতিরোধ ও প্রতিকারে সরকার নতুন যে বিলের অনুমোদন দিয়েছে সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন গুমের শিকার ব্যক্তি ও আন্তর্জাতিক গুম প্রতিরোধ জাতীয় কমিটি। তবে রোববার ওই আইনটি পরীক্ষা শেষে সংসদে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
    • উত্তর সাইপ্রাসের কাছে একটি যাত্রীবাহী নৌকা ডুবে যাওয়ার ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বঘোষিত টার্কিস রিপাবলিক অফ নর্দার্ন সাইপ্রাসের প্রধানমন্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে সবশেষ এক আপডেটে তিনি জানিয়েছেন, নিখোঁজ ২৩ জনকে উদ্ধারে বর্তমানে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে।
    • ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে যারা ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করেছেন এবং যাদের সন্তান ও নাতি-পুতিরা চাকরি নিয়েছেন তাদের বিরুদ্ধে সরকার কী ধরনের ব্যবস্থা নেবে জাতীয় সংসদে এমন প্রশ্ন করেছেন নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী।
    • শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের থার্ড টার্মিনালের নয়শো দুই কোটি টাকা ব্যয় বৃদ্ধির উদ্যোগ নিয়ে সরকার ঠিকাদারকে আরেকবার দুর্নীতি করার সুযোগ করে দিচ্ছে কীনা জাতীয় সংসদে এমন প্রশ্ন তোলেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ।
    • জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইয়ের সময় স্কুল শিক্ষিকা রনজিনা পারভীন নিহতের ঘটনায় সন্দেহভাজন আসামি মো. মোশাররফ হোসেন পনিসহ দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব-২।
    • বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে জিজ্ঞাসাবাদের জন্য সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন।
    • ত্রিশূলি-তিন এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের কাছে পৌঁছাতে উদ্ধারকর্মীরা সুড়ঙ্গের উপরের অংশে একটি ছোট ছিদ্র করে ভেতরে পাম্প করে বাতাস ভরছেন।
    • নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার দুই দিন পর শুক্রবার উদ্ধার হওয়া এক শিশুকন্যা হাসপাতালে তার বাবা-মায়ের সঙ্গে পুনর্মিলিত হয়েছে।
    • চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, কয়েকদিন আগে তিব্বতের একটি হ্রদে আরেকটি ভূমিধসের কারণে নতুন একটি বাঁধ তৈরি হয়েছে, যা আরেকটি বন্যার ঝুঁকি তৈরি করেছে। এ ধরনের আরেকটি বন্যা ছোট আকারে হলেও তা এই বিপর্যয়ে গুরুতর প্রভাব ফেলতে পারে বলে বিশেষজ্ঞরা বলছেন।

    বিবিসি বাংলার লাইভ পাতা আজকের মতো এখানেই শেষ হলো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

    আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুনবিবিসি বাংলার মূল পাতায়।

  2. নেপালে স্বজনদের খোঁজে মানুষ ফোনের টর্চলাইট জ্বালিয়ে জীবিতদের তালিকা দেখছেন

    মৈথিলী ব্যারাক সেনা প্রশিক্ষণ কেন্দ্রের বাইরে লোকজন বেঁচে যাওয়াদের তালিকা দেখছে

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, মৈথিলী ব্যারাক সেনা প্রশিক্ষণ কেন্দ্রের বাইরে লোকজন বেঁচে যাওয়াদের তালিকা দেখছে

    নেপালে রাত নেমে এসেছে, তবুও স্বজনের খোঁজে মরিয়া মানুষ ফোনের টর্চলাইট জ্বালিয়ে জীবিতদের তালিকা দেখছেন।

    দিনভর উদ্ধার ও ত্রাণ তৎপরতা চললেও নিহতের সংখ্যা বাড়ার সাথে সাথে পুলিশকে গণকবরস্থানের দিকে মরদেহ নিয়ে যেতে দেখা গেছে।

    এছাড়া অনেকে নিজেদের বাড়িতে ফিরে ক্ষয়ক্ষতির পরিমাণও খতিয়ে দেখছেন।

    নিরাপত্তাকর্মী ও একজন স্বেচ্ছাসেবক ত্রাণ সামগ্রী বাছাই করছেন

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, নিরাপত্তাকর্মী ও একজন স্বেচ্ছাসেবক ত্রাণ সামগ্রী বাছাই করছেন
    দেবঘাট শহরে গণকবরস্থানে মৃতদেহ স্থানান্তরের কাজ করার সময় পুলিশ পানি নেওয়ার জন্য থামে

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, দেবঘাট শহরে গণ কবরস্থানে মৃতদেহ স্থানান্তরের কাজ করার সময় পুলিশ পানি নেওয়ার জন্য থামে
    বন্যার পরে এক ব্যক্তি তার ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করছেন

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, বন্যার পরে এক ব্যক্তি তার ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করছেন
  3. যাত্রীবাহী নৌকা ডুবে উত্তর সাইপ্রাসের কাছে সাতজনের মৃত্যু

    উত্তর সাইপ্রাসের কাছে একটি যাত্রীবাহী নৌকা ডুবে যাওয়ার ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বঘোষিত টার্কিস রিপাবলিক অফ নর্দার্ন সাইপ্রাসের প্রধানমন্ত্রী উনাল উস্তেল।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে সবশেষ এক আপডেটে প্রধানমন্ত্রী জানিয়েছেন, নিখোঁজ ২৩ জনকে উদ্ধারে বর্তমানে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে।

    প্রধানমন্ত্রী জানান, নৌকাটিতে আটজন নাবিকসহ মোট ২৬৭ জন যাত্রী ছিলেন। যাদের মধ্যে ২৩৭ জনকে উদ্ধার করা হয়েছে।

    তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কিরেনিয়া বন্দর থেকে চার নটিক্যাল মাইল দূরে নৌকাটিতে পানি ঢুকতে শুরু করে এবং এটি ডুবে যাওয়ার ঝুঁকিতে পড়ে।

    মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, রোববার স্থানীয় সময় বেলা ১১টা ৫৮ মিনিটে নৌকাটি উত্তর সাইপ্রাসের বন্দর ছেড়ে চলে যায়।

    উদ্ধারকৃতদের লাইফ জ্যাকেট পরা অবস্থায় অন্য একটি নৌকায় করে বন্দরে পৌঁছাতে দেখা গেছে। তবে নৌকায় থাকা ব্যক্তিদের জাতীয়তা এবং আহতদের আঘাত কতখানি গুরুতর, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

  4. থার্ড টার্মিনাল নির্মাণে ঠিকাদারকে দুর্নীতির সুযোগ দিচ্ছে কিনা সরকার প্রশ্ন হান্নান মাসউদের

    বিমানমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত

    ছবির উৎস, Screen Grab

    ছবির ক্যাপশান, একটি ভবন করা এবং মেশিন আনা ছাড়া থার্ড টার্মিনালের অন্যান্য কাজকর্ম এগোয়নি তৎকালীন সরকার:বিমানমন্ত্রী

    শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের থার্ড টার্মিনালের নয়শো দুই কোটি টাকা ব্যয় বৃদ্ধির উদ্যোগ নিয়ে সরকার ঠিকাদারকে আরেকবার দুর্নীতি করার সুযোগ করে দিচ্ছে কীনা জাতীয় সংসদে এমন প্রশ্ন তোলেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ।

    রোববার সংসদে বিমানমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাতের উদ্দেশ্যে এই প্রশ্ন করেন তিনি।

    এর উত্তরে বিমানমন্ত্রী বলেন, “থার্ড টার্মিনাল তৈরি করার সময়ে তিনবার এটা সংশোধনী আনা হয়েছে। ১৩ হাজার কোটি টাকা ঠিকই বলেছেন তিনি। তারপরে সংশোধিত ব্যয় পাঁচশো কোটি টাকা বাড়ানো হয়েছে। তারপর ৬০০ কোটি টাকা বাড়িয়ে ২১ হাজার ৬০০ কোটি টাকাতে সমাপ্ত করা হয়েছিল।”

    কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে দেখে একটি ভবন করা এবং মেশিন আনা ছাড়া অন্যান্য কাজকর্ম এগোয়নি তৎকালীন সরকার।

    “এই দুই পয়েন্ট ওয়ান বিলিয়ন ডলারের সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছিল। এটাকে শুরু করার জন্য, যত তাড়াতাড়ি শুরু করা যাবে মাননীয় স্পিকার তত তাড়াতাড়ি উপার্জন করা যাবে। আগের বকেয়াসহ স্বচ্ছতার ভিত্তিতে হিসাব করে ৯০২ কোটি টাকা হিসাব করা হয়েছে যে এই ৯০২ কোটি টাকা পেমেন্ট করলে তারপরে থার্ড টার্মিনালটা চালু করবো।”

  5. নেপালি প্রধান শিক্ষকের সিদ্ধান্তে বন্যা থেকে রক্ষা পেয়েছে ৯০০ শিক্ষার্থী, শোক দাহাল ও কমল পরিয়ার বিবিসি নেপালি, নুয়াকোট জেলা থেকে প্রতিবেদন

    রাজেন্দ্র দাওয়াদি হালকা নীল রঙের শার্ট পরিহিত অবস্থায়
    ছবির ক্যাপশান, রাজেন্দ্র দাওয়াদি হালকা নীল রঙের শার্ট পরিহিত অবস্থায়

    বন্যায় বিধ্বস্ত একটি নেপালি বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন, এলাকায় বন্যার ঝুঁকি সম্পর্কে একের পর এক ফোন কল পাওয়ার পর তিনি প্রায় ৯০০ শিক্ষার্থীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন।

    নুয়াকোটের ত্রিভুবন ত্রিশূলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজেন্দ্র দাওয়াদি বলেন, মাত্র কয়েক মিনিটের মধ্যে ভিন্ন ভিন্ন ব্যক্তির কাছ থেকে তিনি চারটি সতর্কবার্তা পেয়েছিলেন। বিদ্যালয়টিতে মোট শিক্ষার্থী সংখ্যা ১,৬০০-এর কিছু বেশি।

    এই ফোনকলগুলোর মধ্যে এমন খবরও ছিল যে উজানের বেত্রাবতী বসতি দিয়ে বন্যার পানি ইতোমধ্যে নামতে শুরু করেছে।

    সেই সময়ই তিনি সিদ্ধান্ত নেন।

    তিনি বিবিসিকে বলেন, “আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আর দেরি করা উচিত হবে না। বন্যা না এলেও, সর্বোচ্চ এক দিনের ক্লাসই শুধু নষ্ট হতো।”

    তারা যখন উঁচু স্থানে সরে যাচ্ছিলেন, তখন দাওয়াদি দেখতে পান নদী থেকে প্রায় ১০০ মিটার (৩২৮ ফুট) দূরে থাকা একটি হোস্টেল ভবন বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে।

    তিনি বলেন, “আমরা যদি ১০ মিনিট পরে এই সিদ্ধান্ত নিতাম, তাহলে শিক্ষার্থীদেরসহ আমি নিজেও আজ আপনাদের সঙ্গে কথা বলতে পারতাম না।”

    -বাবার সঙ্গে ইউনিশা। ছবির একেবারে ডান পাশে রয়েছেন তার মা সাবিনা।
    ছবির ক্যাপশান, -বাবার সঙ্গে ইউনিশা। ছবির একেবারে ডান পাশে রয়েছেন তার মা সাবিনা।

    প্রধান শিক্ষকের সিদ্ধান্তে রক্ষা পাওয়া ৯০০ শিক্ষার্থীর একজন ১৬ বছর বয়সী ইউনিশা। তিনি বলেন, বন্যার আঘাত হানার মাত্র কিছু মুহূর্ত আগে তিনি সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন।

    তিনি বিবিসিকে বলেন, “আমি এবং আমার বন্ধুরা মাত্র ১০ সেকেন্ডের ব্যবধানে বেঁচে গেছি।”

    ইউনিশা জানান, তিনি অন্য শিক্ষার্থীদের সঙ্গে স্কুলের পেছনের সরু ও কাদাময় পথ দিয়ে দৌড়ে উঁচু স্থানে উঠেছিলেন। তিনি বলেন, “চোখের পলকে আমার সামনেই পুরো বাজার ভেসে গেল।”

    মা সাবিনা শ্রেষ্ঠার সঙ্গে দেওয়া সাক্ষাৎকারে ইউনিশা বলেন, বন্যার খবর শোনার পর তার পরিবারের সদস্যরা ঘণ্টার পর ঘণ্টা মরিয়া হয়ে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন।

    সাবিনা শ্রেষ্ঠা বলেন, “আমি আতঙ্কিত হয়ে পড়েছিলাম। মেয়েকে এবং তার বাবাকে বহুবার ফোন করেছি, কিন্তু কারও সঙ্গেই যোগাযোগ করতে পারছিলাম না।”

    অবশেষে যোগাযোগ করতে সক্ষম হলে কিছুটা স্বস্তি পান বলে জানান শ্রেষ্ঠা। তবে ইউনিশা তিন দিন পর বাড়ি ফিরে না আসা পর্যন্ত পরিবারটির উদ্বেগ কাটেনি।

    তিনি বলেন, “আমি খুবই খুশি এবং স্বস্তি অনুভব করছি। ঈশ্বর আমার মেয়েকে রক্ষা করেছেন।”

  6. নেপালে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯৪ জনে

    নেপালে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৭৯৪ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে নেপাল পুলিশ।

    রোববার দেশটির পুলিশের দেয়া সবশেষ তথ্যে জানানো হয়েছে, স্থানীয় সময় বিকাল পৌনে ছয়টায় পর্যন্ত বুধবার থেকে উদ্ধার হওয়া মরদেহের সংখ্যা বেড়ে ৭৯৪ জনে দাঁড়িয়েছে।

    পৃথক আরেকটি তথ্যে জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ(এনডিআরআরএমএ) জানিয়েছে, ৭৮১ জন নিহত হয়েছেন এবং দুই হাজার ৫০২ জন এখনো নিখোঁজ রয়েছেন।

    তবে এটি উল্লেখ্য যে, গত কয়েকদিন ধরে নেপালের একাধিক সংস্থা থেকে নানা ধরনের তথ্য পাওয়া যাচ্ছে এবং সরকারি পরিসংখ্যানের সাথে সবসময় সেই তথ্যের মিল থাকে না।

  7. ভুয়া মুক্তিযোদ্ধাদের ব্যাপারে সরকারের পদক্ষেপ জানতে সংসদে প্রশ্ন

    নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী

    ছবির উৎস, Screen Grab

    ছবির ক্যাপশান, ভুয়া মুক্তিযোদ্ধাদের ব্যাপারে সরকারের পদক্ষেপ জানতে সংসদে প্রশ্ন করেছেন নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী

    ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে যারা ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করেছেন এবং যাদের সন্তান ও নাতি-পুতিরা চাকরি নিয়েছেন তাদের বিরুদ্ধে সরকার কী ধরনের ব্যবস্থা নেবে জাতীয় সংসদে এমন প্রশ্ন করেছেন নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী।

    রোববার জাতীয় সংসদের অধিবেশনে এই প্রশ্নের উত্তর জানতে চান তিনি।

    তিনি বলেন, “আমার নির্বাচনি এলাকায় একজন সরকারি কর্মকর্তা ছিলেন যিনি ভুয়া মুক্তিযোদ্ধা সনদের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন এবং ওই ভাতা, সুযোগ-সুবিধা গ্রহণ করেছেন, সেইক্ষেত্রে অভিযোগ দাখিলের পর প্রমাণিত হলে সরকারের পক্ষ থেকে যে সকল সুযোগ-সুবিধা উনি পেয়েছেন এগুলা উদ্ধারের লক্ষ্যে প্রয়োজনীয় কী পদক্ষেপ গ্রহণ করবেন পাশাপাশি ভুয়া মুক্তিযোদ্ধাদের সন্তান-সন্ততি, নাতি-পুতি যারা সেই সুযোগ গ্রহণ করে চাকরি গ্রহণ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য কোনো তদন্ত কমিটি হয়েছে কিনা এবং হয়ে থাকলে কী অবস্থায় আছে সেটি একটু জানতে চাচ্ছি।”

    পরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এই প্রশ্নের উত্তর দেন।

    মি. খান জানান, গত ১৮ বছরে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নিয়ে ফ্যাসিবাদের আমলে চাকরি নেয়া হত। এই ধরনের অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।

    “আমাদের এই দেশপ্রেমিক নির্বাচিত সরকার আসার পর সকল মন্ত্রণালয়ে, সকল অধিদপ্তর, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান সকল জায়গায় আমরা চিঠি দিয়েছি কে কে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নিয়ে চাকরি নিয়েছে এবং কাদের কাদের সন্তানেরা মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নিয়ে চাকরি নিয়েছে। এই চিঠির জবাব আসতে শুরু করেছে” বলেন মি. খান।

    এই চিঠির জবাব আসার পর যাচাই-বাছাই সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

  8. সীমান্ত অঞ্চলে এখনও শত শত বিদেশি নাগরিক নিখোঁজ রয়েছেন

    আকস্মিক বন্যার পরে বিধ্বস্ত বাড়িঘর

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, আকস্মিক বন্যায় নেপালে শত শত পর্যটক নিখোঁজ রয়েছেন

    বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা নেপালে আসেন। আকস্মিক বন্যায় শত শত পর্যটক নিখোঁজ রয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ভারতীয় নাগরিক।

    বিভিন্ন দেশের দেওয়া তথ্য অনুযায়ী নিখোঁজের তালিকা:

    ভারত: দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অন্তত ৩২০ জন ভারতীয় নিখোঁজ।

    চীন: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রায় ১০০ জন চীনা নাগরিক নিখোঁজ রয়েছেন।

    যুক্তরাষ্ট্র: ৯০ জন মার্কিন নাগরিক নিখোঁজের তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

    ইউক্রেন: নেপাল পুলিশের তথ্য অনুযায়ী ৬২ জন ইউক্রেনীয় নাগরিক বন্যার পর থেকে নিখোঁজ রয়েছেন।

    মালয়েশিয়া: ফিশটেইল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস নামক একটি কোম্পানির সাথে ভ্রমণরত ৫১ জন মালয়েশীয় নাগরিক নিখোঁজ রয়েছে কর্মকর্তারা জানিয়েছে।

    অস্ট্রেলিয়া: ৪১ জন অস্ট্রেলিয় নাগরিকের খোঁজ এখনো মেলেনি বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার এসিসটেন্ট ইমিগ্রেশন মিনিস্টার।

    যুক্তরাজ্য: নেপাল পুলিশের তথ্য অনুযায়ী, ৩৩ জন ব্রিটিশ নাগরিক এখনো নিখোঁজ। এছাড়া চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভির প্রতিবেদন অনুযায়ী, তিব্বতে ১৫ জন ব্রিটিশ নাগরিক নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়েছে। যার মধ্যে নেপালের তালিকায় কতজন অন্তর্ভুক্ত সেটি স্পষ্ট নয়।

    কানাডা: কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৩০ কানাডিয়ান নাগরিক নিখোঁজ রয়েছেন।

    এছাড়াও দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, পর্তুগাল, নেদারল্যান্ডস এবং নিউজিল্যান্ডের কিছু পর্যটকও নিখোঁজদের তালিকায় রয়েছেন।

  9. সংসদ ভবনের সামনে ছিনতাই, স্কুলশিক্ষিকা নিহতের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব

    র‍্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান

    ছবির উৎস, Screen Grab

    ছবির ক্যাপশান, হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলসহ আসামিদের গ্রেফতার করা হয়েছে।

    জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইয়ের সময় স্কুল শিক্ষিকা রনজিনা পারভীন নিহতের ঘটনায় সন্দেহভাজন আসামি মো. মোশাররফ হোসেন পনিসহ দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব-২।

    রোববার এক সংবাদ সম্মেলনে র‍্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান এই তথ্য জানিয়েছেন।

    “র‍্যাব-২ নিজস্ব গোয়েন্দা তথ্য এবং প্রযুক্তির সহায়তায় জানতে পারে যে, রনজিনা পারভীন হত্যা মামলার সন্দিগ্ধ ছিনতাইকারীদ্বয় তেজগাঁও থানাধীন পূর্ব তেজতুরী বাজার এলাকায় অবস্থান করছে” বলেন তিনি।

    পরে র‍্যাব-২ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

    র‍্যাবের এই কর্মকর্তা জানান, হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলসহ আসামিদের গ্রেফতার করা হয়েছে। আসামি পনির বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

    শনিবার জাতীয় সংসদ ভবনের সামনে রিক্সায় থাকা রনজিনা পারভীনের ব্যাগ ধরে টান দেয় মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা। পরে রিকশা থেকে তিনি পড়ে গিয়ে মাথায় আঘাত পান।

    সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় তার স্বামী আব্দুল মতিন বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেন।

  10. দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদকে তলব করেছে দুদক

    দুর্নীতি দমন কমিশন
    ছবির ক্যাপশান, দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে জিজ্ঞাসাবাদের জন্য সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে তলব

    বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে জিজ্ঞাসাবাদের জন্য সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন।

    মি. আহমেদের কাছে এ বিষয়ে একটি চিঠি পাঠিয়েছে দুদক।

    দুদকের পরিচালক মো. আবুল হাসনাতের স্বাক্ষর করা ওই চিঠিতে, সাবেক এই সেনাপ্রধানকে আগামী ১৪ই সেপ্টেম্বর, বেলা সাড়ে বারোটায়, তার বক্তব্য দেয়ার জন্য জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ দুদকের প্রধান কার্যালয়ের হাজির হতে বলা হয়েছে।

  11. গুম প্রতিরোধের নতুন আইন নিয়ে প্রশ্ন গুম দিবসের পদযাত্রায়

    সংসদ ভবনের সামনে পদযাত্রায় কথা বলছেন গুমের শিকার সাবেক সেনা কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাসিনুর রহমান

    ছবির উৎস, Screen Grab

    ছবির ক্যাপশান, গুম প্রতিরোধের নতুন আইন নিয়ে প্রশ্ন তুলেছেন গুমের শিকার সাবেক সেনা কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাসিনুর রহমান

    গুম প্রতিরোধ ও প্রতিকারে সরকার নতুন যে বিলের অনুমোদন দিয়েছে সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন গুমের শিকার ব্যক্তি ও আন্তর্জাতিক গুম প্রতিরোধ জাতীয় কমিটি।

    রোববার আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আন্তর্জাতিক গুম প্রতিরোধ জাতীয় কমিটির উদ্যোগে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা অনুষ্ঠান করেছে। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের অনেক নেতা এই পদযাত্রায় অংশ নিয়েছেন।

    রোববার বিকেল পৌনে পাঁচটায় এই পদযাত্রা সংসদের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে পৌঁছায়। সেখানে ছয়টা পর্যন্ত এই অনুষ্ঠান চলে। এই পদযাত্রা থেকে স্পিকারের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।

    পদযাত্রায় অংশ নিয়ে সাবেক সেনা কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাসিনুর রহমান গুম প্রতিরোধের নতুন আইন নিয়ে প্রশ্ন তোলেন। বিষয়টি তিনি স্পিকারকে জানিয়েছেন বলে উল্লেখ করেন।

    তিনি বলেন, “যে আইনটা করা হইছে এই আইনে স্বরাষ্ট্রমন্ত্রীর সম্মানিত স্ত্রী কী প্রমাণ করতে পারবেন যে স্বরাষ্ট্রমন্ত্রী গুম ছিলেন, চ্যালেঞ্জ পারবেন না। আমরা এই ধরনের আইন চাই না।”

    গত ২৭ শে অগাস্ট জাতীয় সংসদে 'গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬' উত্থাপন করেছেন বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী। যদিও উত্থাপিত বিলটির খসড়া মন্ত্রিসভায় অনুমোদনের পর থেকেই এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছিল।

    বিশেষ করে, গুমসংক্রান্ত অভিযোগ তদন্তের দায়িত্ব পৃথক স্বাধীন প্রতিষ্ঠানের হাতে দেওয়ার বদলে আইনশৃঙ্খলা বাহিনীর অধীনে রাখার বিষয়টি নিয়ে সমালোচনা করছেন অনেকে।

  12. সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের জন্য বাইরে থেকে বাতাস দেওয়া হচ্ছে

    সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের সহায়তার জন্য হেলিকপ্টারে করে ভারী যন্ত্রপাতি আকাশপথে পরিবহন করছে নেপালি সেনাবাহিনী

    ছবির উৎস, Nepali Army / X

    ছবির ক্যাপশান, সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের সহায়তার জন্য হেলিকপ্টারে করে ভারী যন্ত্রপাতি আকাশপথে পরিবহন করছে নেপালি সেনাবাহিনী

    ত্রিশুলি-থ্রি এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের কাছে পৌঁছাতে উদ্ধারকর্মীরা সুড়ঙ্গের উপরের অংশে একটি ছোট ছিদ্র করে ভেতরে পাম্প করে বাতাস ভরছেন।

    এই সুড়ঙ্গ এলাকায় উদ্ধার অভিযানে সহায়তার জন্য নেপালি সেনাবাহিনী হেলিকপ্টার দিয়ে ভারী যন্ত্রপাতি বা সরঞ্জাম নিয়ে যাচ্ছেন এমন একটি ভিডিও তারা এক্সে প্রকাশ করেছে।

    ভিডিওতে লম্বা দড়ির নিচে ভারী যন্ত্রাংশ ঝুলিয়ে নিতে দেখা গেছে।

    এছাড়া সেনাবাহিনীর প্রকাশিত অন্য একটি ভিডিওতে শ্রমিকদের ত্রিশুলি-থ্রিএ সুড়ঙ্গের আশেপাশের ধ্বংসাবশেষ ও জঞ্জাল পরিষ্কার করতে দেখা গেছে।

    নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং শনিবার ফেসবুকে জানান, উদ্ধারকর্মীরা সুড়ঙ্গের “ক্রাউন বা শীর্ষভাগে” পৌঁছেছেন।

    তিনি জানান, “তারা এখন খনন কাজ শুরু করে ভেতরে উদ্ধারকারী দল পাঠাবেন।”

    অন্যদিকে, জ্বালানিমন্ত্রী বিরাজ ভক্ত শ্রেষ্ঠ জানিয়েছেন, এখনও আটকে থাকা শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

    তবে এই উদ্ধার কার্যক্রমকে জটিল করে তুলেছে বৃষ্টি এবং এই কারণে “পানির প্রবাহ বেড়ে যাওয়ায়” অভিযান সাময়িকভাবে স্থগিত রাখার আশঙ্কা করছেন তিনি।

    এই সুড়ঙ্গ অভিযানে সহায়তার জন্য ভারত ও চীন উভয় দেশ থেকেই বিশেষজ্ঞ দল পাঠানো হয়েছে।

    নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নিখোঁজ দুই হাজার পাঁচশো দুইজনের মধ্যে একটি বড় অংশই দেশের বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পের শ্রমিক।

    নিখোঁজ এক শ্রমিকের ছোট ভাই রয়টার্সকে জানান, তিনি গত কয়েক দিন ধরে না ঘুমিয়ে ভাইকে খুঁজে বেড়াচ্ছেন।

    তিনি আরো বলেন, “আমি বিশ্বাস করি, আমার পরিবারের মতো আরো অনেক পরিবার চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে।”

  13. ধ্বংসস্তূপ থেকে নাটকীয় উদ্ধারের পর বাবা-মায়ের সঙ্গে পুনর্মিলন পাঁচ বছরের শিশুর, আজাদেহ মোশিরি ও অ্যান্ড্রু ক্ল্যারেন্স, কাঠমান্ডু থেকে

    ধ্বংসস্তুপের ভেতর থেকে শিশুটিকে উদ্ধার করে নেপালের পুলিশ সদস্যরা

    ছবির উৎস, Armed Police Force of Nepal

    ছবির ক্যাপশান, ধ্বংসস্তুপের ভেতর থেকে শিশুটিকে উদ্ধার করে নেপালের পুলিশ সদস্যরা

    নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার দুই দিন পর শুক্রবার উদ্ধার হওয়া এক শিশুকন্যা হাসপাতালে তার বাবা-মায়ের সঙ্গে পুনর্মিলিত হয়েছে।

    কাঠমান্ডুর টিচিং হাসপাতালের এক কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, পাঁচ বছর বয়সী মানিশার অবস্থা এখন স্থিতিশীল।

    রাসুয়া জেলার সিয়াব্রুবেসির কাছে উদ্ধারকর্মীরা জীবিত কাউকে খুঁজছিলেন।

    এ সময় তারা মনে করেন, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা একটি বিড়ালের শব্দ শুনতে পেয়েছেন।

    নেপালের আর্মড পুলিশ ফোর্সের পুলিশ কর্মকর্তা সঞ্জু খাত্রি জানান, দলগুলো এলাকায় তল্লাশি চালায় এবং ধ্বংসাবশেষ সরানো শুরু করে। তখনই তারা মানিশাকে খুঁজে পান, যিনি ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে ছিলেন।

    তাকে উদ্ধার করতে প্রায় দুই ঘণ্টা সময় লাগে। একটি ভিডিওতে ধ্বংসস্তূপের ভেতর থেকে তাকে জীবিত উদ্ধার করার মুহূর্ত দেখা যায়।

    কর্মকর্তা জানান, শিশুটি জীবিত ছিল, তবে খুব সামান্য নড়াচড়া করছিল। উদ্ধারকারী দল একটি হেলিকপ্টার চেয়েছিল, কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে তাকে সেখান থেকে সরিয়ে নেওয়া সম্ভব হয়নি।

    এরপর দলগুলো তাকে বাহিনীর উদ্ধার শিবিরে নিয়ে যায় এবং পানি দেয়। কিছুক্ষণ পর মানিশার জ্ঞান ফিরে আসে এবং তাকে চেতনা ফিরিয়ে আনতে সেদ্ধ ভাতের মাড় খাওয়ানো শুরু হয়।

    শিশুটি মানসিকভাবে আঘাতপ্রাপ্ত ছিল।

    তবে শনিবার বিকেলে তাকে হেলিকপ্টারে করে কাঠমান্ডুর টিচিং হাসপাতালের শিশু জরুরি বিভাগে নেওয়া হয়।

    রোববার হাসপাতাল থেকে জানানো হয়েছে, মানিশা সুস্থ হয়ে উঠছেন।

  14. গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে চারজন মারা গেছে

    হামে আক্রান্ত শিশুকে অক্সিজেন দিয়ে হাসপাতালে নেয়া হচ্ছে

    ছবির উৎস, NurPhoto via Getty Images

    ছবির ক্যাপশান, গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৮৬৮ জন

    গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে চারজন মারা গেছে। এর মধ্যে বরিশাল বিভাগেই দুইজন মারা গেছে।

    রোববার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

    গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৮৬৮ জন। আর একই সময়ে হামে ৯৯ জন মারা গেছে।

    গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ৩৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

    আর এই বছরের ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত হামে ১৯ হাজার ২১৮ জন চিকিৎসা নিয়েছেন।

    এছাড়া গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে এক হাজার ১৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

    একইসঙ্গে গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত এক লাখ ৫৬ হাজার ৮২৯ জন হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

  15. তিব্বতে 'ভূমিধসে নদী অবরুদ্ধ হয়ে আরেকটি হ্রদের সৃষ্টি হয়েছে'

    উদ্ধারকারীদের দেখা যাচ্ছে

    ছবির উৎস, Xinhua/RSS

    ছবির ক্যাপশান, চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, কয়েকদিন আগে তিব্বতের একটি হ্রদে আরেকটি ভূমিধসের কারণে নতুন একটি বাঁধ তৈরি হয়েছে

    চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, কয়েকদিন আগে তিব্বতের একটি হ্রদে আরেকটি ভূমিধসের কারণে নতুন একটি বাঁধ তৈরি হয়েছে।

    ভূমিধসের কারণে কোনো ঝর্ণা বা নদীর প্রবাহ বন্ধ হয়ে গেলে অনেক সময় পানি জমে হ্রদের সৃষ্টি হয়ে যায়।

    বুধবার আকস্মিক বন্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞের পর নেপালের রাসুয়ার সাথে সংযুক্ত তিব্বতের কেরুং এ একটি হ্রদ সৃষ্টি হয়েছে।

    ফলে এমন আশঙ্কা করা হচ্ছিল যে, হ্রদটি ভেঙে পড়ে আরেকটি বড় বন্যা ঘটাবে।

    তবে, নতুন হ্রদটি এখন ভরে গেছে এবং নিজে থেকেই শুকিয়ে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে।

    চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন সিসিটিভির তথ্য অনুযায়ী, নজরদারির একটি ড্রোন বুধবার সৃষ্ট হ্রদটির দুই দশমিক আট কিলোমিটার ভাটিতে “প্রুকপু চিয়াং ঝাংবু” নদীতে একটি ভূমিধস শনাক্ত করেছে।

    চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়, দ্রুত পরিস্থিতি বিশ্লেষণ করতে বিশেষজ্ঞদের নির্দেশ দিয়েছে।

    তবে, সিসিটিভি আরও জানিয়েছে, কেরুং বন্দরের উদ্ধার কর্মীদের আপাতত একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

    শুক্রবার পাহাড় থেকে পড়া বরফ ও তুষারে হ্রদটি ভরে যাওয়ায় জল উপচে পড়ে।

    এরপর নেপালের ভাটিতে অবস্থিত ভোটেকোশী এবং ত্রিশূলী নদীর পানির প্রবাহও বাড়তে দেখা যায়।

    এরপর থেকে চীনা বিশেষজ্ঞরা, ক্রমাগত হ্রদের পানির স্তর পর্যবেক্ষণ করছেন।

    যদি হ্রদটি থেকে পানি উপচে পড়তে দেখা যায় তাহলে চীনা কর্তৃপক্ষ সতর্কবার্তা জারির ব্যবস্থাও নিয়েছে বলে জানা গেছে।

    ক্রমাগত হ্রদের পানির স্তর পর্যবেক্ষণ করছেন চীনা বিশেষজ্ঞরা

    ছবির উৎস, Xinhua/RSS

    ছবির ক্যাপশান, ক্রমাগত হ্রদের পানির স্তর পর্যবেক্ষণ করছেন চীনা বিশেষজ্ঞরা
  16. আরেকটি বন্যা ছোট আকারে হলেও গুরুতর প্রভাব ফেলতে পারে, সতর্ক করলেন বিশেষজ্ঞ

    নেপালে আরেকটি বন্যা হলে তা গুরুতর বিপর্যয় তৈরি করতে পারে বলে বিশ্লেষকরা বলছেন

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, নেপালে আরেকটি বন্যা হলে তা গুরুতর বিপর্যয় তৈরি করতে পারে বলে বিশ্লেষকরা বলছেন

    বন্যা বিষয়ক একজন বিশেষজ্ঞ সতর্ক করেছেন, নেপাল ও তিব্বতে এখন প্রধান উদ্বেগের বিষয় হলো, এই আকস্মিক বন্যা আরো নতুন ঝুঁকি তৈরি করেছে। সেখানে আরেকটি বন্যা ছোট আকারে হলেও তা বিপর্যয়ে গুরুতর প্রভাব ফেলতে পারে।

    রিডিং বিশ্ববিদ্যালয়ের বন্যা পূর্বাভাস ও দুর্যোগ ঝুঁকি গবেষক জেফ দা কস্তা আমাকে জানান, এই দুর্যোগের ফলে ধ্বংসাবশেষগুলো বিভিন্ন নদী আটকে দিয়ে উজানে নতুন করে হ্রদ তৈরি করেছে।

    আকস্মিক বন্যায় ওই এলাকার অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে তার ভাষায়, “প্রথমটির মতো বড় না হলেও দ্বিতীয় আরেকটি বন্যা হলে সেখানে বিপর্যয়ে গুরুতর প্রভাব তৈরি করতে পারে। ”

    তিনি বলেন, এলাকার হ্রদ ও প্রাকৃতিক বাঁধগুলোর পরিবর্তন পর্যবেক্ষণ করা এবং সেগুলো কোথায় ভেঙে যেতে পারে তা নজরে রাখা এখন “অত্যন্ত গুরুত্বপূর্ণ”।

    গবেষক আরও বলেন, চীন ও নেপালের মধ্যে পর্যবেক্ষণ তথ্য বিনিময় গুরুত্বপূর্ণ, কারণ “উজানে যা ঘটে তা সীমান্তের ওপারের মানুষকে খুব দ্রুত প্রভাবিত করতে পারে।”

    তিনি যোগ করেন, “তথ্যকেও একই গতিতে প্রবাহিত হতে হবে এবং মাটিতে বাস্তব সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করতে হবে।”

    দা কস্তা আরও বলেন, জলবায়ু পরিবর্তন এই দুর্যোগের একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট, কারণ উষ্ণতা হিমবাহ, পারমাফ্রস্ট এবং হিমালয়ের ঢালের স্থিতিশীলতা পরিবর্তন করছে।

    তবে তিনি বলেন, আরও বিশ্লেষণ ছাড়া এই দুর্যোগকে সরাসরি জলবায়ু পরিবর্তনের ফল বলা যাবে না।

  17. নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৫২, নিখোঁজ ২৫০০

    বন্যায় বিধ্বস্ত বাড়িঘর দেখছেন একজন

    ছবির উৎস, EPA/Shutterstock

    ছবির ক্যাপশান, আকস্মিক বন্যায় নেপালে ৭৫২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে দেশটির পুলিশ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ

    আকস্মিক বন্যায় নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৭৫২ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিআরআরএমএ)।

    স্থানীয় সময় বেলা একটায় এই তথ্য জানানো হয়েছে।

    নেপালের পুলিশ জানিয়েছে, এখনো দুই হাজার ৪৯৮ জন নিখোঁজ রয়েছেন। তবে দুপুরে নিখোঁজের সংখ্যা আগের থেকে বেড়ে ২,৫০২ জন হয়েছে।

    এছাড়া উদ্ধার করা হয়েছে আট হাজার ১৮৬ জনকে। প্রায় ২০ হাজার নিরাপত্তা কর্মী এই উদ্ধার কার্যক্রমে নিয়োজিত রয়েছেন।

    নেপাল ট্যুরিজম বোর্ডের তথ্য অনুযায়ী, ২৬১ জন বিদেশি নাগরিককে উদ্ধার করা হলেও এখনো ৩২০ পর্যটকের খোঁজ মেলেনি।

    অন্যদিকে, চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, তিব্বতের ভূমিধসে ১৬ জন নিহত হয়েছে। আগে সাতজন নিহত হওয়ার খবর প্রকাশিত হয়েছিল।

    চীনের কঠোর নিয়ন্ত্রণের কারণে সেখানকার প্রকৃত পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানা কঠিন বলে জানিয়েছেন বিবিসির সংবাদদাতারা।

    সিসিটিভি জানিয়েছে, তিব্বতে ৫৪৬ জন এখনও নিখোঁজ আছেন, যাদের মধ্যে ২৩ দেশের ২৬১ জন বিদেশি নাগরিক রয়েছেন। এদের মধ্যে ১৫ জন ব্রিটিশ নাগরিক।

    নেপালি কর্তৃপক্ষ ইতিমধ্যে ৩৩ জন ব্রিটিশ নাগরিকের নিখোঁজ থাকার কথা জানিয়েছে।

    তবে তিব্বতমুখী সীমান্ত পারাপারের পথে থাকা এসব নিখোঁজ ব্রিটিশ নাগরিকদের মধ্যে কতজন চীনের তালিকায় অন্তর্ভুক্ত, তা এখনও স্পষ্ট নয়।

  18. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন:

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে