৭০ লাখ ইরানি স্বেচ্ছায় যুদ্ধ করতে প্রস্তুত: দেশটির পার্লামেন্ট স্পিকার

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে প্রায় ৭০ লাখ ইরানি দেশটির সামরিক বাহিনীতে স্বেচ্ছাসেবী হিসেবে নাম লিখিয়েছেন। এদিকে লেবাননে ইসরায়েলি হামলায় হাজার হাজার মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়…

সরাসরি কভারেজ

  1. বৃহস্পতিবার দোসরা এপ্রিলের উল্লেখযোগ্য খবর

    • ইরানের তেহরান ও তেহরানের নিকটবর্তী আলবোর্জ প্রদেশের কারাজে নতুন করে হামলার খবর পাওয়া যাচ্ছে। সেই হামলায় অন্তত দুইজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন।
    • ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে প্রায় ৭০ লাখ ইরানি দেশটির সামরিক বাহিনীতে স্বেচ্ছাসেবী হিসেবে নাম লিখিয়েছেন।
    • ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহর ঘাঁটিকে লক্ষ্য করে আজ আবারও লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক ও ধারাবাহিক বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। হাজারো মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন।
    • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন যে, ইরান যুদ্ধ ইস্যুতে ফ্রান্স যুক্তরাষ্ট্রকে কোনো সহযোগিতা করেনি। একইসাথে, ট্রাম্প ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁকে ব্যক্তিগতভাবেও আক্রমণ করে মন্তব্য করেছেন। তার জবাবে আজ ম্যাক্রঁ বলেন, ট্রাম্পের ওই মন্তব্য অশোভন ও এর কোনো জবাব দেওয়ার প্রয়োজন নেই।
    • জেরুজালেমে এসব হামলার বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কাতার-কুয়েতে ইরান থেকে ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানিয়েছে দেশ দুটি।
    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন যে, আসন্ন কয়েক সপ্তাহে ইরানে বড়-সড় হামলা চালানো হবে। এরপরই চীন মধ্যপ্রাচ্যে তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।
    • যুক্তরাষ্ট্রের অ্যাপোলো মিশনের মাধ্যমে ১৯৬৯ সালের জুলাই মাসে প্রথমবার মানুষের চাঁদে অবতরণের পর ৫০ বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। দীর্ঘ পাঁচ দশক পর ফের মানুষকে চাঁদে পাঠিয়েছে নাসা।
    • অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি বলা রাখার, ১৫টি অধ্যাদেশ প্রয়োজনীয় সংশোধনীর মাধ্যমে কার্যকর রাখার পরামর্শ দিয়েছে সংসদীয় বিশেষ কমিটি।
    • সংবিধান সংস্কারে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় জোট সংসদের বাইরে রাজপথে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।
    • গত ২৪ ঘণ্টায়, অর্থাৎ পহেলা এপ্রিল সকাল ৮টা থেকে আজ দোসরা এপ্রিল সকাল ৮টা পর্যন্ত, নতুন করে আরও ২৬ জন হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

    বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরও খবর ও বিশ্লেষণ জানতে ক্লিক করুন বিবিসি বাংলার মূল পাতায়....

  2. ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮টি বহালের সুপারিশ, ২০টি পুনর্বিবেচনায়

    সংসদ অধিবেশন

    অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি বহাল রাখার, ১৫টি অধ্যাদেশ প্রয়োজনীয় সংশোধনীর মাধ্যমে কার্যকর রাখার পরামর্শ দিয়েছে সংসদীয় বিশেষ কমিটি।

    আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বিশেষ কমিটির প্রতিবেদন উপস্থাপন করেন কমিটির সভাপতি জয়নুল আবেদিন।

    কমিটির প্রতিবেদন অনুযায়ী, বাকি ২০টি অধ্যাদেশকে এখনই বিল আকারে উত্থাপন না করে যাচাই-বাছাই করে নতুন বিল উত্থাপনের এবং চারটি অধ্যাদেশকে স্থায়ীভাবে বাতিল ও সংরক্ষণের জন্য সুপারিশও করা হয়েছে।

    সংবিধানের অনুচ্ছেদ ৯৩, কমিটিতে আমন্ত্রিত অতিথিদের মতামত, জনস্বার্থ, জনগুরুত্ব ও সরকারের ধারাবাহিকতা বিবেচনায় এসব সুপারিশ করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

  3. জেরুজালেমে নতুন হামলার শব্দ, কাতার-কুয়েতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত

    ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, দেশটির ওপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার নতুন ঢেউ আঘাত হেনেছে।

    স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জেরুজালেমে এসব হামলার বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

    এদিকে, কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার ইরান থেকে ছোড়া সব ড্রোন প্রতিহত করা হয়েছে।

    কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তারা দু'টি ক্ষেপণাস্ত্র ও ১৩টি ড্রোন ভূপাতিত করেছে।

  4. তেহরান ও কারাজে ফের হামলা, নিহত দুই

    ইরানের তেহরান ও তেহরানের নিকটবর্তী আলবোর্জ প্রদেশের কারাজে নতুন করে হামলার খবর পাওয়া যাচ্ছে।

    আলবোর্জ প্রদেশের গভর্নরের কার্যালয়ের নিরাপত্তা বিষয়ক উপপ্রধান জানিয়েছেন, কারাজে বি-১ সেতুতে হামলা হয়েছে এবং সেই হামলায় অন্তত দুইজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন।

    ইরানি গণমাধ্যম উপপ্রধানকে উদ্ধৃত করে এ খবর জানিয়েছে।

    প্রথম দফায় হামলার পর ওই একই সেতুতে ফের হামলা হয়েছে। আর, হামলার পরপর-ই শহরের কিছু এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে বলে জানিয়েছেন বিবিসি ফার্সির সিনিয়র সংবাদদাতা ঘোনচেহ হাবিবিয়াজাদ।

    কারাজের ওই সেতুতে দুই দফা হামলার বিষয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) কাছে জানতে চাইলে তারা জানায়, এ ধরনের কোনো হামলার বিষয়ে তারা অবগত নয়।

    এদিকে, আজ একই দিনে কারাজে দ্বিতীয়বারের মতো হামলার শব্দ শোনা গেছে বলে বিবিসিকে জানিয়েছে একটি সূত্র। ইরানের গণমাধ্যমগুলোও বলছে যে পূর্ব তেহরানেও বিস্ফোরণ ঘটেছে।

    একইসাথে, উত্তর-পূর্বাঞ্চল থেকেও বিস্ফোরণের শব্দ শোনার কথা বিবিসিকে জানাচ্ছে একাধিক সূত্র।

  5. ৭০ লাখ ইরানি স্বেচ্ছায় যুদ্ধ করতে প্রস্তুত: পার্লামেন্ট স্পিকার

    মোহাম্মদ বাঘের গালিবাফ

    ছবির উৎস, NurPhoto via Getty Images

    ছবির ক্যাপশান, মোহাম্মদ বাঘের গালিবাফ

    ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে প্রায় ৭০ লাখ ইরানি দেশটির সামরিক বাহিনীতে স্বেচ্ছাসেবী হিসেবে নাম লিখিয়েছেন।

    তিনি বলেন, একটি "শক্তিশালী জাতীয় প্রচারণা" লাখো ইরানিকে দেশ রক্ষায় অস্ত্র তুলে নিতে উদ্বুদ্ধ করেছে।

    "আগেও আমরা তা করেছি, আবারও করতে প্রস্তুত। আমাদের ঘরে আসলে পুরো জাতির মুখোমুখি হতে হবে।"

    এসময় তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে আরও বলেন, "এসে দেখো।"

  6. লেবাননে ইসরায়েলি হামলায় হাজারো মানুষ ঘর ছেড়ে পালাচ্ছে

    দক্ষিণ লেবাননের একটি গ্রামে ইসরায়েলি হামলা হয়, ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের বের করার চেষ্টা করা চলছে

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, দক্ষিণ লেবাননের একটি গ্রামে ইসরায়েলি হামলা হয়, ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের বের করার চেষ্টা করা চলছে

    ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহর ঘাঁটিকে লক্ষ্য করে আবারও লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক ও ধারাবাহিক বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল।

    উদ্ভুত পরিস্থিতিতে দেশটির হাজার হাজার মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

    নিরাপত্তার খোঁজে অনেকেই এখন রাস্তাঘাট ও সমুদ্রসৈকতে অস্থায়ীভাবে তাঁবু গেড়েছেন।

    দক্ষিণ লেবাননের শেফা-আমর শহরে দ্রুজ সম্প্রদায়ের সদস্যরা ইসরায়েলি রকেট হামলায় সৃষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ পর্যালোচনা করছেন।

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, দক্ষিণ লেবাননের শেফা-আমর শহরে দ্রুজ সম্প্রদায়ের সদস্যরা ইসরায়েলি রকেট হামলায় সৃষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ পর্যালোচনা করছেন
    গত মাসে ইসরায়েলি হামলা শুরুর পর থেকে লেবাননজুড়ে হাজারো মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, গত মাসে ইসরায়েলি হামলা শুরুর পর থেকে লেবাননজুড়ে হাজারো মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন
  7. 'এটা কোনো শো নয়': ট্রাম্পকে কটাক্ষ ম্যাক্রঁর

    ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ ও তার স্ত্রী ব্রিজিত ম্যাক্রঁ আজ দক্ষিণ কোরিয়ার সোলে যুদ্ধ স্মারক পরিদর্শন করেছেন।

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ ও তার স্ত্রী ব্রিজিত ম্যাক্রঁ আজ দক্ষিণ কোরিয়ার সোলে যুদ্ধ স্মারক পরিদর্শন

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন যে, ইরান যুদ্ধ ইস্যুতে ফ্রান্স যুক্তরাষ্ট্রকে কোনো সহযোগিতা করেনি।

    একইসাথে, ট্রাম্প ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁকে ব্যক্তিগতভাবেও আক্রমণ করে মন্তব্য করেছেন।

    গতকাল বুধবার মার্কিন প্রেসিডেন্ট বলেছেন যে মানুয়েল ম্যাক্রঁর স্ত্রী "তার সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করেন"।

    ট্রাম্পের ওই মন্তব্যের জবাবে এমানুয়েল ম্যাক্রঁ বলেন, ট্রাম্পের ওই মন্তব্য অশোভন ও এর কোনো জবাব দেওয়ার প্রয়োজন নেই।

    কৌশলগত বিষয়ে ফরাসি প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের অবস্থান নিয়ে সমালোচনা করে বলেন, তারা ধারাবাহিকভাবে পরস্পরবিরোধী সংকেত দিচ্ছে।

    "অতিরিক্ত কথাবার্তা হচ্ছে। পরিস্থিতি এলোমেলো হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের দরকার স্থিতিশীলতা, শান্তি এবং শান্তিপূর্ণ অবস্থায় ফিরে যাওয়া। এটা কোনো শো নয়।”

    ম্যাক্রঁ আরও বলেন, "সিরিয়াস হতে চাইলে প্রতিদিন নিজেদের অবস্থান বদলানো যায় না।"

  8. বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও এক লাখ টন তেল

    তেল

    ছবির উৎস, bss

    হরমুজ প্রণালির জটিলতা এড়াতে বাংলাদেশ এবার বিকল্প পথে সৌদি আরব থেকে এক লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) আমদানি করছে।

    লোহিত সাগরের কাছাকাছি অবস্থিত সৌদি আরবের ইয়ানবু কমার্শিয়াল পোর্ট থেকে এই তেল লোহিত সাগর হয়ে সরাসরি রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে আনা হবে। তেলবাহী ট্যাংকারটি আগামী ২০শে এপ্রিল লোড করার কথা রয়েছে। খবর রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস-এর।

    এদিকে, বর্তমানে ‘এমটি নরডিক পলুকস’ নামের একটি জাহাজে থাকা এক লাখ মেট্রিক টন ক্রুড অয়েল হরমুজ প্রণালিতে আটকা পড়ে আছে। জাহাজটি বর্তমানে সৌদি আরবের রাস তানুরা বন্দরে অবস্থান করলেও ইরানের বিশেষ ছাড়পত্র না পাওয়ায় এটি বাংলাদেশে আসতে পারছে না।

    যদিও ইরান সম্প্রতি বাংলাদেশের ছয়টি জাহাজকে চলাচলের অনুমতি দিয়েছে, তবে এই তেলের জাহাজটি সেই তালিকায় অন্তর্ভুক্ত নয়।

    বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) এর তথ্য অনুযায়ী, আগামী ২০শে এপ্রিল সৌদি আরবের ইয়ানবু কমার্শিয়াল পোর্ট থেকে এক লাখ মেট্রিক টন তেল জাহাজে লোড করা হবে। আরও এক লাখ টন তেল নিয়ে হরমুজ প্রণালীতে আটকা পড়ে আছে ‘এমটি নরডিক পলুকস’ নামের জাহাজ। মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে দুই জাহাজ মিলিয়ে মোট দুই লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। পরে এসব তেল রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন করে বাজারজাত করা হবে।

    এতে চলমান সংকট অনেকটাই লাঘব হবে বলে আশা করছে বিএসসি।

  9. বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত আরও ২৬ শিশু

    বাংলাদেশের রাজধানী ঢাকাসহ বেশ কিছু জেলায় হুট করেই শিশুদের মধ্যে হামে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি দেখা যাচ্ছে...

    ছবির উৎস, Universal Images Group via Getty Images

    ছবির ক্যাপশান, ঢাকাসহ বেশ কিছু জেলায় হুট করেই শিশুদের মধ্যে হামে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি দেখা যাচ্ছে

    গত ২৪ ঘণ্টায়, অর্থাৎ পহেলা এপ্রিল সকাল ৮টা থেকে আজ দোসরা এপ্রিল সকাল ৮টা পর্যন্ত, নতুন করে আরও ২৬ জন হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এই সময়ের মাঝে কেউ নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃতুবরণ করেনি।

    তবে এই সময়সীমার মাঝে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা চার এবং সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৬৮৫।

    এছাড়া, গত ১৫ই মার্চ থেকে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৫৮৫ ও নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ১৩।

    স্বাস্থ্য অধিদপ্তরের আজ বৃহস্পতিবারের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

  10. ১৯টি ক্ষেপণাস্ত্র ও ২৬টি ড্রোন ছুড়েছে ইরান, বলছে আরব আমিরাত

    আজ বৃহস্পতিবার ইরান থেকে ১৯টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ২৬টি ড্রোন ছোড়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দিকে।

    তবে সংযুক্ত আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো প্রতিহত করেছে, জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

    মন্ত্রণালয় আরও জানায়, চলমান সংঘাতের শুরু থেকে এখন পর্যন্ত ইউএই প্রায় ৪৫৭টি ক্ষেপণাস্ত্র ও দুই হাজার ৩৮টি ড্রোন প্রতিহত করেছে।

  11. ইরানের কারাজ শহরে ব্যাপক হামলা

    ইরানের রাজধানী তেহরানের পশ্চিমে অবস্থিত কারাজ শহরে ব্যাপক হামলার খবর পাওয়া গেছে।

    একাধিক সূত্র ইরান থেকে বিবিসিকে খবরটি জানিয়েছে।

    তেহরানে অবস্থানরত একটি সূত্র জানায়, তার বাসার ওপর দিয়ে ফাইটার জেট উড়ে যাওয়ার শব্দ শোনা গেছে।

    ইরানের স্থানীয় গণমাধ্যমও কারাজে হামলার খবর প্রকাশ করেছে।

  12. শনিবার ঢাকায় বিক্ষোভ সমাবেশ ডেকেছে জামায়াত জোট

    সংবিধান সংস্কারে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় জোট সংসদের বাইরে রাজপথে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।

    শনিবার বিকেলে ঢাকায় বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে এই জোট।

    আজ বৃহস্পতিবার দুপুরে ১১ দলীয় জোটের লিঁয়াজো কমিটির বৈঠক অনুষ্ঠীত হয়। সেই বৈঠকের পর জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারী হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের তাদের বিক্ষোভ কর্মসূচির তথ্য জানান।

    বৈঠকে জামায়াতে ইসলামীর হামিদুর রহমান আযাদের সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান (ইরান)।

    প্রসঙ্গত, জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত ৪৮টি সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের দিন হয় গণভোট। সেই ভোটে ‘হ্যাঁ’ জয়ী হয়।

    রোববার সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান কার্যপ্রণালী-বিধির ৬২ বিধি অনুসারে জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মুলতবি প্রস্তাব উত্থাপনের নোটিস দেন।

    এই প্রস্তাব নিয়ে মঙ্গলবার সংসদে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। পরদিন জামায়াতের নেতৃত্ব বিরোধীদলের সদস্যরা সংসদ থেকে ওয়াকআউট করেন।

    এখন এই জোট বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করল।

  13. ইরানে বড়-সড় হামলার হুমকি ট্রাম্পের, মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান বন্ধের আহ্বান চীনের

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন যে, আসন্ন কয়েক সপ্তাহে ইরানে বড়-সড় হামলা চালানো হবে।

    এরপরই চীন মধ্যপ্রাচ্যে তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।

    আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, "সামরিক উপায়ে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় এবং এই সংঘাতকে আরও বড় করে তোলা কোনো পক্ষের জন্যই ভালো নয়।"

    এসময় তিনি সংশ্লিষ্ট সকল পক্ষকে দ্রুত সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানান।

    এদিকে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখমাত্র জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার পেছনে "ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবৈধ সামরিক অভিযানের ভূমিকা রয়েছে।"

  14. বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দোকান, শপিংমল বন্ধের সিদ্ধান্ত

    রাত আটটার পর থেকে দোকানপাট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে

    ছবির উৎস, NurPhoto

    বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করার লক্ষ্যে ঢাকা সহ সারাদেশের সকল দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল রাত ৮টার মাঝে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।

    আজ বৃহস্পতিবার সংগঠনের সভাপতি নাজমুল হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় আন্তর্জাতিক জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে এ সরকারকে সহযোগিতা করার সিদ্ধান্ত হয়েছে। সেজন্য ঢাকা সহ বাংলাদেশের সকল দোকান, বাণিজ্য বিতান এবং শপিংমল সন্ধ্যা ৮ ঘটিকার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।”

    তবে হোটেল, ফার্মেসি, জরুরি প্রয়োজনীয় সেবার দোকান ও কাঁচাবাজারকে এ নিয়মের বাইরে রাখা হয়েছে।

    একই সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো ২০২২ সালেও। পড়তে পারেন সেই প্রতিবেদন, 'রাত আটটায় দোকান বন্ধ করলে কী পরিমাণ বিদ্যুৎ সাশ্রয় হবে?'

  15. হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে 'সম্পর্কহীন' জাহাজের জন্য খোলা, বলছে ইরান

    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই

    ছবির উৎস, Anadolu via Getty Images

    ছবির ক্যাপশান, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই

    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, হরমুজ প্রণালি- যেটি তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ, সেসব জাহাজের জন্য উন্মুক্ত রাখা হচ্ছে, যেগুলো “আগ্রাসীদের নয় এবং তাদের সঙ্গে সম্পর্কিতও নয়”।

    টিভি চ্যানেল নিউজরুম আফ্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসমাইল বাঘাই বলেন, “আমাদের কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয়ের পর” জাহাজগুলোকে প্রণালি দিয়ে যাতায়াতের অনুমতি দেওয়া হবে।

    ছড়িয়ে পড়া সংঘাতের প্রসঙ্গে ইসমাইল বাঘাই বলেন, ইরান “যুদ্ধ, আলোচনার পর্ব, যুদ্ধবিরতি—এমন এক দুষ্টচক্র” সহ্য করবে না।

    জুন মাসে ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ইরানের বেশ কয়েকটি পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়।

    “তারা বললো চলুন থামি, আমরা থামলাম; আর নয় মাস পর তারা আবার শুরু করল,” বলেন বাঘাই।

  16. যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলাকে ‘তুচ্ছ’ বলছে ইরান, ‘বিধ্বংসী’ প্রতিক্রিয়ার হুঁশিয়ারি

    ইরানের সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল “তুচ্ছ” লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। তিনি সতর্ক করে দিয়েছেন যে, সামনে আসছে “বিপর্যয়কর, আরও বিস্তৃত ও বিধ্বংসী” আঘাত।

    আইআরজিসি-সংশ্লিষ্ট তাসনিম সংবাদমাধ্যম এবং আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, এই দুই দেশ তেহরানের সামরিক সক্ষমতা ও সরঞ্জাম সম্পর্কে “অসম্পূর্ণ” তথ্য রাখে।

    মুখপাত্র আরও বলেন, ইরানের সামরিক উৎপাদন “এমন জায়গায় হয়, যার ব্যাপারে আপনাদের কোনো ধারণাই নেই” এবং তিনি ট্রাম্পের সেই দাবি প্রত্যাখ্যান করেন যে ইরানের অস্ত্রভাণ্ডার ব্যাপকভাবে ক্ষয়প্রাপ্ত।

    তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে “আপনাদের শুরু করা আগ্রাসনের মূল্য দিতে হবে।”

  17. আর্টেমিস-২ এর চার নভোচারী কারা

    উপরে থেকে ঘড়ির কাঁটার দিকে: ভিক্টর গ্লোভার, জেরেমি হ্যানসেন, রিড ওয়াইজম্যান এবং ক্রিস্টিনা কচ

    ছবির উৎস, NASA / EPA / Shutterstock

    ছবির ক্যাপশান, উপরে থেকে ঘড়ির কাঁটার দিকে: ভিক্টর গ্লোভার, জেরেমি হ্যানসেন, রিড ওয়াইজম্যান এবং ক্রিস্টিনা কচ

    আর্টেমিস-২ মিশনের কমান্ডার হলেন রিড ওয়াইজম্যান, যিনি একজন সাবেক মার্কিন নৌবাহিনীর পাইলট ও টেস্ট পাইলট। ২০০৯ সালে তিনি নাসার নভোচারী হন এবং ২০১৪ সালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) ১৬৫ দিন কাটান।

    মহাকাশযানের পাইলট ভিক্টর গ্লোভার ২০২০ সালের নভেম্বর থেকে ২০২১ সালের মে পর্যন্ত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ছিলেন এবং স্পেসএক্স ক্রু ওয়ান মিশনের পাইলটও ছিলেন। চাঁদের মিশনে অংশ নেওয়া প্রথম কৃষ্ণাঙ্গ নভোচারী হলেন তিনি এবং তার তিনটি মাস্টার্স ডিগ্রি রয়েছে।

    মিশন স্পেশালিস্ট ক্রিস্টিনা কচ ২০১৩ সালে নভোচারী হন। এরপর তিনি একটানা ৩২৮ দিন মহাকাশে থেকে নারীদের মধ্যে দীর্ঘতম মহাকাশযাত্রার রেকর্ড গড়েছেন। এবারের মিশনের বদৌলতে চাঁদের চারপাশে ভ্রমণকারী বিশ্বের প্রথম নারীও হতে যাচ্ছেন তিনি।

    এই মিশনের স্পেশালিস্ট হিসেবে আছেন জেরেমি হ্যানসেন। তিনি-ই সর্বপ্রথম কানাডীয়, যিনি চাঁদে যাচ্ছেন। এর আগে নাসার অ্যাকোয়ানট হিসেবে কাজ করার সময় তিনি সাত দিন পানির নিচে অবস্থান করেছিলেন।

  18. নাসা ৫০ বছর পর চাঁদের উদ্দেশে নভোচারী পাঠিয়েছে যে কারণে

    আর্টেমিস ২ মহাকাশযান সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, আর্টেমিস ২ মিশনের মহাকাশযান সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে

    যুক্তরাষ্ট্রের অ্যাপোলো মিশনের মাধ্যমে ১৯৬৯ সালের জুলাই মাসে প্রথমবার মানুষের চাঁদে অবতরণের পর ৫০ বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। দীর্ঘ পাঁচ দশক পর ফের মানুষকে চাঁদে পাঠিয়েছে নাসা।

    আজ দোসরা এপ্রিল অবশেষে নাসা’র আর্টেমিস-২ মিশনের মধ্য দিয়ে চাঁদের উদ্দেশে রওনা দিলেন চার নভোচারী। এতে তিনজন মার্কিন ও একজন কানাডীয় নভোচারী রয়েছেন।

    বুধবার স্থানীয় সময় সন্ধ্যা প্রায় ৬টা ৩৫ মিনিটে (জিএমটি রাত ১০টা ৩৫ মিনিট) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে কমলা-সাদা রঙের রকেটটি বিকট গর্জন ছেড়ে আকাশে ওড়ে।

    তবে আর্টেমিস-২ মিশনের নভোচারীরা এবার সরাসরি চাঁদে অবতরণ করবেন না। বরং, আগামী ১০ দিনের এই অভিযানে তারা ভবিষ্যতে মানুষের চাঁদে অবতরণের পথ প্রস্তুত করবেন।

    চাঁদের যে অংশ পৃথিবী থেকে দেখা যায় না, সেই অংশ থেকে ৬৪০০ মাইল দূর দিয়ে উড়বেন তারা। সেখানে তারা তিন ঘণ্টা অবস্থান করবেন এবং বিভিন্ন ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য বিশ্লেষণ ও ছবি ধারণ করবেন।

    এছাড়া, তারা ফিরে আসার পর তাদের শারীরিক ও মানসিক অবস্থার ওপরও নজর রাখা হবে, মানুষের শরীর ও মনের ওপর মহাকাশ ভ্রমণের প্রভাব কতটা, তা বোঝা যায় এবং ভবিষ্যতের মিশনগুলো আরও নিরাপদ করা যায়।

    এই চার নভোচারী নিরাপদে ফিরে আসতে পারলে নাসার লক্ষ্য হলো ২০২৮ সালের মাঝে পরবর্তী মিশনের আয়োজন করা এবং মানুষকে ফের চাঁদের বুকে নামানো।

  19. গতকালের উল্লেখযোগ্য কয়েকটি খবর

    • রাশিয়া থেকে পরিশোধিত ডিজেল এবং অন্যান্য পেট্রোলিয়াম জাতীয় পণ্য কিনতে বিশেষ ছাড় দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান অনুরোধ করেছেন বলে একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
    • "এ পর্যন্ত বাংলাদেশ সরকার আমাদের (ইরানের) যুদ্ধের ব্যাপারে যে সমস্ত বিবৃতি দিয়েছে, সে ব্যাপারে আমাদের (ইরানের) কিছু কষ্টের জায়গা আছে" বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি।
    • আগামী রোববার থেকে হামের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
    • হরমুজ প্রণালিতে আটকে পড়া বাংলাদেশের পতাকাবাহী ছয়টি জাহাজকে যেতে দেওয়ার অনুমতি দিয়েছে ইরান।
    • সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ অঞ্চলের আল রিফা এলাকায় ইরানের ছোড়া ড্রোনকে এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে প্রতিহত করার পর ড্রোনের ধ্বংসাবশেষ একটি খামারে পড়ে এবং সেখানে এক বাংলাদেশি নিহত হন।
    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, “নতুন শাসনব্যবস্থার প্রেসিডেন্ট” যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।
    • অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই বক্তব্য প্রত্যাখ্যান করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, যুদ্ধবিরতির এই অনুরোধের দাবিটি অসত্য এবং ভিত্তিহীন।
    • ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন যে, নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শেষ করার জন্য ইরানের 'সদিচ্ছা' রয়েছে।
    • হরমুজ প্রণালি ইরানের “শত্রুদের জন্য” বন্ধই থাকবে বলে জানিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি।
    • ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান এব্রাহিম আজিজি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে বলেছেন, “হরমুজ প্রণালি অবশ্যই খুলবে, কিন্তু আপনাদের জন্য নয়; এটি শুধু তাদের জন্য খোলা থাকবে, যারা ইরানের নতুন নিয়ম মেনে চলবে।”
    • অন্যদিকে, হরমুজ প্রণালি পুনরায় চালু করার জন্য একটি কার্যকর কূটনৈতিক পদক্ষেপ নিয়ে আলোচনা করতে ৩৫টি দেশের প্রতিনিধিদের নিয়ে একটি ভার্চুয়াল বৈঠকের আয়োজন করার কথা জানিয়েছে যুক্তরাজ্য।
    • ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার সবশেষ লিখিত বার্তায়, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহর প্রধান নাঈম কাসেমের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।
    • যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার একটি সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্যের সম্পর্ক নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকি সম্পর্কে এক প্রশ্নের জবাব দেন। বলেন, “চাপ যেমনই হোক, আওয়াজ যেমনই হোক, আমি ব্রিটিশ প্রধানমন্ত্রী— এবং আমাকে আমাদের জাতীয় স্বার্থেই কাজ করতে হবে।”
    • নেটো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার বিষয়টি "গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন" বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
    • সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, ইরান বুধবার পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, ইরান ৩৫টি ড্রোন হামলা চালিয়েছে।
    • ইরানি গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দেশটির ১৩০টির বেশি ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
    • আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রধান ফাতিহ বিরল গত বুধবার সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে বিঘ্ন ঘটার প্রভাব এপ্রিলে আরও বাড়বে। বিশেষ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে চলাচল মারাত্মকভাবে সীমিত হয়ে পড়ায় এটি পর্যায়ক্রমে ইউরোপীয় অর্থনীতিতে বড় আঘাত হানবে।
    • পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক। নির্বাচন কমিশনের ‘ফর্ম ৬’ নথির মাধ্যমে অন্য রাজ্যের ভোটারদের নাম পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় তোলার একটি ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস।
  20. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে