লাইভ, রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়ন বৈধ ঘোষণা নির্বাচন কমিশনের

আগামী ২০শে অগাস্ট অনুষ্ঠিতব্য রাষ্ট্রপতি পদে নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াত জোট সমর্থিত প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। যাচাই-বাছাই শেষে বর্ষীয়ান এই দুই নেতার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন সিইসি। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

রিপোর্টিং করছেন মুকিমুল আহসান, সম্পাদনায় সায়েদুল ইসলাম

  1. রাশিয়া ও ইউক্রেনজুড়ে চলছে পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

    ইউক্রেনের ড্রোন হামলার মস্কোর একটি ওয়ার হাউজের ওপর ধোঁয়ার কুণ্ডলী উড়ছে

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ইউক্রেনের ড্রোন হামলার মস্কোর একটি ওয়ার হাউজের ওপর ধোঁয়ার কুণ্ডলী উড়ছে

    রাশিয়া ও ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রোববার ব্যাপক ড্রোন হামলা ও ক্ষেপণাস্ত্র হামলা চলছে।

    দক্ষিণ রাশিয়ার রোস্তভ অঞ্চলের গভর্নর জানিয়েছেন, রাতভর ইউক্রেনের চালানো হামলায় ওই এলাকায় পাঁচজন নিহত হয়েছেন।

    গভর্নর ইউরি স্লিউসার বলেন, হামলায় বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুটি বনাঞ্চলে আগুনও ছড়িয়ে পড়ে।

    ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, রাতভর রাশিয়ার চালানো হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

    ইউক্রেন জানিয়েছে, তারা রাশিয়ার তিনটি ক্ষেপণাস্ত্র এবং প্রায় ১০০টি ড্রোন ভূপাতিত করেছে। ইউক্রেনে রাজধানীতে বিমান হামলার সতর্কতা সকাল পর্যন্ত অব্যাহত ছিল।

    অন্যদিকে, মস্কোর মেয়র জানিয়েছেন রাতভর মস্কোতে ৬০০টি ইউক্রেনীয় ড্রোন হামলা হয়েছে। এই হামলাকে সাম্প্রতিক সময়ে চালানো সবচেয়ে বড় ড্রোন হামলা হিসেবে অভিহিত করেছে মস্কোর মেয়র।

  2. চূড়ান্ত পর্যায়ে আছে, যে কোনো মুহূর্তে পে-স্কেল ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

    অনেকদিন ধরেই নতুন পে-স্কেলের দাবি জানিয়ে আসছেন সরকারি চাকরিজীবীরা (প্রতীকী ছবি)

    ছবির উৎস, NurPhoto via Getty Images

    ছবির ক্যাপশান, অনেকদিন ধরেই নতুন পে-স্কেলের দাবি জানিয়ে আসছেন সরকারি চাকরিজীবীরা (প্রতীকী ছবি)

    সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যে কোনো মুহূর্তে তা ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

    রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।

    সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মি. সাত্তার বলেন, “পে-স্কেল বিবেচনাধীন আছে এবং সরকারের কমিটমেন্ট আছে। এটা আমরা বাস্তবায়ন করবো। এটি চূড়ান্ত পর্যায়ে আছে। যে কোনো মুহূর্তে পে-স্কেল ঘোষণা হতে পারে”।

    বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বা বেতন কাঠামো নিয়ে নানা আলোচনা চলছে। কোন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর বেতন কত বাড়তে পারে সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

    স্বাধীনতা পরবর্তী ৫৫ বছরে বাংলাদেশে সরকারি চাকরিজীবীদের জন্য এখন পর্যন্ত মোট আটবার পে স্কেল ঘোষণা করা হয়েছে। যার সর্বশেষটি হয়েছিল ২০১৫ সালে।

    বিএনপির নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেল নিয়ে নানা আলোচনা থাকলেও এখনো পর্যন্ত সরকারের কাছ থেকে ঘোষণা আসেনি।

  3. তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল করলো ঢাকা

    তারেক রহমান চলতি মাসেই দিল্লি যাবেন এমন খবর বেরিয়েছিল সংবাদ মাধ্যমে

    ছবির উৎস, NurPhoto via Getty Images

    ছবির ক্যাপশান, তারেক রহমান চলতি মাসেই দিল্লি যাবেন এমন খবর বেরিয়েছিল সংবাদ মাধ্যমে

    বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল হয়ে গেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আজ আনুষ্ঠানিকভাবে বলেছে, "এই সফরের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন"।

    ঢাকায় রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম।

    এই প্রতিবেদনটির বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন

  4. বিদ্যুৎ-জ্বালানি সংকটের জন্য স্বৈরাচারী সরকার দায়ী: প্রধানমন্ত্রী

    বক্তব্য রাখছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান

    ছবির উৎস, PMO

    ছবির ক্যাপশান, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পতিত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের অব্যবস্থাপনা ও অপরিকল্পিত পদক্ষেপের কারণেই দেশে বিদ্যুৎ ও জ্বালানি সংকট তৈরি হয়েছে। এ কারণে দেশের সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে।

    রোববার কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই কথা বলেন।

    দেশের জ্বালানি সংকটের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, “আমি জানি সমগ্র দেশের মানুষ শুধু ঢাকা শহর না, বাংলাদেশের সকল জেলা উপজেলায় বহু মানুষ বিদ্যুতের কষ্ট ভোগ করছেন এই মুহূর্তে। এই যে বিদ্যুতের সমস্যা, এই সমস্যা স্বৈরাচারের অপরিকল্পিত বিভিন্ন পদক্ষেপের জন্য আজকে বিদ্যুৎ ও জ্বালানির এই অবস্থা”।

    তিনি বলেন, “আগামী ২৭ তারিখ জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে। সেই অধিবেশনে দেশের মানুষের কাছে উপস্থাপন করা হবে আগামী দশ বছর এই দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান কিভাবে করবো। সেই পরিকল্পনা আমরা পবিত্র জাতীয় সংসদে উপস্থাপন করবো”।

    প্রধানমন্ত্রী বলেন, “এই সংকটের সুযোগ নিয়ে কিছু সংখ্যক ব্যক্তি রাজপথে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। রাজপথে যদি বিশৃঙ্খলা তৈরি হয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ জনগন। তাদের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়। চাকরি বাকরি ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু উপকৃত হয় সেই সব বিশৃঙ্খলাকারীরা”।

  5. রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়ন বৈধ

    মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন যাচাই বাছাই করছেন প্রধান নির্বাচন কমিশনার

    ছবির উৎস, BANGLADESH ELECTION COMMISSION

    ছবির ক্যাপশান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন যাচাই বাছাই করছেন প্রধান নির্বাচন কমিশনার

    আগামী ২০শে অগাস্ট অনুষ্ঠিতব্য রাষ্ট্রপতি পদে নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াত জোট সমর্থিত প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

    রোববার নির্বাচন ভবনে মনোনয়নপত্র বাছাই করেন নির্বাচনী কর্তা হিসেবে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

    যাচাই-বাছাই শেষে বর্ষীয়ান এই দুই নেতার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন সিইসি।

    গত ১৩ই অগাস্ট রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সরকার ও বিরোধী দলের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।

    ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০শে অগাস্ট বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ১৮ই অগাস্ট বিকেল ৪টায় প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে।

    জামায়াত মনোনীত অলি আহমদের মনোনয়নপত্র যাচাই বাছাই করছে নির্বাচন কমিশন

    ছবির উৎস, BANGLADESH ELECTION COMMISSION

    ছবির ক্যাপশান, জামায়াত মনোনীত অলি আহমদের মনোনয়নপত্র যাচাই বাছাই করছে নির্বাচন কমিশন
  6. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে