বাজেট নিয়ে জামায়াত-এনসিপির সমালোচনা, শুক্রবার সংবাদ সম্মেলনে ব্যাখ্যা দেবে বিএনপি সরকার

বাংলাদেশে আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটকে 'গণবিরোধী' আখ্যা দিয়ে বিরোধীদল জামায়াতে ইসলামী ঢাকায় বিক্ষোভ করেছে। ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সরাসরি কভারেজ

  1. আজ বৃহস্পতিবার যা যা হলো:

    • বাংলাদেশের জাতীয় সংসদে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য নয় লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেছে বিএনপি সরকার।
    • প্রস্তাবিত বাজেটকে 'গণবিরোধী' আখ্যা দিয়ে বিরোধীদল জামায়াতে ইসলামী ঢাকায় বিক্ষোভ করেছে।
    • এনসিপি, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দল তাদের প্রতিক্রিয়ায় এই বাজেটের সমালোচনা করেছে।
    • শুক্রবার অর্থমন্ত্রীর সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। সেখানে বাজেট নিয়ে সমালোচনার জবাব দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
    • শিক্ষাকে সবার অধিকার হিসেবে নিশ্চিত করতে মেয়েদের জন্য স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষা সম্প্রসারণের ঘোষণা দিয়েছে সরকার। পাশাপাশি, মেধাভিত্তিক বৃত্তি কর্মসূচি আরও শক্তিশালী করা হবে এবং দরিদ্র শিক্ষার্থীদের জন্য ইউনিফর্ম, জুতা ও স্কুলব্যাগ সরবরাহের পরিকল্পনা রয়েছে।
    • ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ঢাকার মগবাজারে আদ্‌-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের জবাব সন্তোষজনক না হওয়ায় হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
    • দিল্লিতে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা ব্যানার্জীর দীর্ঘ বৈঠকের পর জল্পনা তৈরি হয়েছিল, তৃণমূল কংগ্রেসকে কংগ্রেসের সঙ্গে মিশিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন মিজ. ব্যানার্জী।
    • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে যুক্তরাষ্ট্র আজ রাতে ইরানে ব্যাপক হামলা করবে এবং ভবিষ্যতে ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপসহ গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোর নিয়ন্ত্রণ নিবে।
    • আদালতের নির্দেশের পরে বৃহস্পতিবার সিআইডি'র তদন্তকারীদের সঙ্গে দেখা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী।

    বিবিসি বাংলা'র লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরও খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  2. বাজেট নিয়ে জামায়াত-এনসিপির সমালোচনা, শুক্রবার সংবাদ সম্মেলনে ব্যাখ্যা দেবে বিএনপি সরকার

    বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

    ছবির উৎস, Screengrab

    ছবির ক্যাপশান, বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

    বাংলাদেশের জাতীয় সংসদে ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেছে বিএনপি সরকার।

    আজ বৃহস্পতিবার বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

    অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট বক্তৃতায় বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর যে পরিবর্তনের আকাঙ্খা দেশে তৈরি হয়েছে, সেটাকে ধারণ করে এই বাজেট প্রস্তাব করেছেন তারা। সেকারণে সামাজিক নিরাপত্তা আওতা বাড়ানোসহ নতুন অনেক বিষয় এসেছে।

    বিএনপির ৩১ দফা সংস্কার প্রস্তাব, নির্বাচনী প্রতিশ্রুতি এই বাজেটে প্রধান্য পেয়েছে বলে অর্থনীতিবিদেরা মনে করেন।

    তবে জাতীয় সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী প্রস্তাবিত বাজেটকে 'গণবিরোধী' আখ্যা দিয়ে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় বিক্ষোভ করেছে।

    এছাড়া এনসিপি, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দল তাদের প্রতিক্রিয়ায় এই বাজেটের সমালোচনা করেছে।

    এ দিকে, আগামীকাল শুক্রবার অর্থমন্ত্রীর সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। সেখানে বাজেট নিয়ে সমালোচনার জবাব দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

  3. আজ রাত থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ

    আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ

    আজ রাত থেকে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর। যুক্তরাষ্ট্র, কানাডা আর মেক্সিকো তিন দেশে এই আয়োজন চলবে জুলাই মাসের ১৯ তারিখ পর্যন্ত।

    মেক্সিকোর এস্তাদিও বানোর্তে’তে স্বাগতিক মেক্সিকো আর দক্ষিণ আফ্রিকার খেলা দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপ। জুলাইয়ের ১৯ তারিখ পর্যন্ত খেলা হবে মোট ১০৪টি ম্যাচ।

    প্রথমবারের মত এবারের আসরে স্বাগতিক থাকছে তিন দেশ। এছাড়া এই প্রথম ৪৮ দেশ অংশ নিচ্ছে বিশ্বকাপে। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানও হবে তিনটি।

  4. খারগ দ্বীপ দখলের হুমকি, আজ রাতেই ইরানে নতুন হামলার ঘোষণা ট্রাম্পের

    ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে যুক্তরাষ্ট্র আজ রাতে ইরানে ব্যাপক হামলা করবে এবং ভবিষ্যতে ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপসহ গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোর নিয়ন্ত্রণ নিয়ে নেবে।

    তিনি আজ বৃহস্পতিবার তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দেন।

    ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী, রাডার ব্যবস্থাসহ অধিকাংশ সামরিক শক্তি ধ্বংস হয়ে গেছে দাবি করে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র আজ রাতে দেশটিতে "অত্যন্ত কঠোর" হামলা চালাবে।

    তিনি আরও লেখেন, "অদূর ভবিষ্যতে আমরা ইরানের খারগ দ্বীপসহ গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোগুলোর নিয়ন্ত্রণ নেব। আমরা তাদের তেল ও গ্যাস বাজারের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবো, ঠিক যেমনটি আমরা ভেনেজুয়েলার ক্ষেত্রে করেছি। আর সেটি ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্র, উভয় দেশের জন্যই দারুণভাবে কাজ করছে।"

  5. প্রস্তাবিত বাজেটকে 'গণবিরোধী' আখ্যা দিয়ে ঢাকায় জামায়াতের বিক্ষোভ

    জামায়াতের বিক্ষোভ মিছিল
    ছবির ক্যাপশান, জামায়াতের বিক্ষোভ মিছিল

    আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটকে 'গণবিরোধী' ও 'গণনিপীড়ক' আখ্যা দিয়ে বিরোধীদল জামায়াতে ইসলামী ঢাকায় বিক্ষোভ করেছে।

    আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে দলটি।

    জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ শাখা এই বিক্ষোভের আয়োজন করে।

    বিক্ষোভ মিছিল করে জামায়াতের নেতাকর্মীরা ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

    এরআগে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সমাবেশও করে দলটি।

    সেই সমাবেশে জামায়াত নেতারা বিএনপি সরকারের প্রস্তাবিত বাজেটকে 'লুটপাটের বাজেট' বলেও অভিযোগ করেছেন।

    সমাবেশে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, "সরকার এই বাজেটে কোনো নীতিগত সংস্কারের প্রস্তাব দিতে পারে নাই। এই কারণে এটাকে গতানুগতিক বাজেট বলা হচ্ছে। যোগ-বিয়োগ করে একটি ফলাফল নির্ণয় করে বাজেট দিয়েছে। বাহবা করার সুযোগ নাই।"

  6. 'জনপ্রত্যাশা পূরণে আধাআধি প্রচেষ্টা’, বাজেট নিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

    প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে ‘সামর্থ্যের মধ্যে জনপ্রত্যাশা পূরণে আধাআধি প্রচেষ্টা’ হিসেবে আখ্যায়িত করেছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।

    দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, বাজেটে সমাজের বিভিন্ন অংশকে তুষ্ট করার চেষ্টা থাকলেও বিশাল ঘাটতি বাজেটের চাপ শেষ পর্যন্ত সাধারণ মানুষের ওপরই পড়বে।

    বৃহস্পতিবার এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ছয় লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব সংগ্রহের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তা অর্জনের উপরই প্রধানত বাজেট বাস্তবায়নের সাফল্য নির্ভর করবে। তবে যদি করদাতার সংখ্যা বাড়ে এবং রাজস্ব আদায়ে সরকার দক্ষতা দেখাতে পারে এই লক্ষ্য অর্জন করা অসম্ভব নয়।

    তার মতে, বিদ্যমান অর্থনৈতিক কাঠামোয় সাড়ে ছয় শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য খুব বেশি উচ্চাভিলাষী নয় এবং মূল্যস্ফীতি সাড়ে সাত শতাংশে নামিয়ে আনার লক্ষ্যও বাস্তবসম্মত। তবে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে আনতে না পারলে প্রবৃদ্ধির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাবে না।

  7. বাজেট ‘আশাবাদে ভারাক্রান্ত’, বাস্তবায়ন নিয়ে শঙ্কা ইসলামী আন্দোলনের

    প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে ‘আশাবাদে ভারাক্রান্ত’ উল্লেখ করে এর বাস্তবায়ন নিয়ে শঙ্কা প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

    দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, বাজেটটি সুলিখিত হলেও এটি বাস্তবায়ন করা কঠিন হবে।

    আজ বৃহস্পতিবার এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, "২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির আশাবাদ, মূল্যস্ফীতি সাড়ে সাত শতাংশে নামিয়ে আনা এবং সাড়ে ছয় শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করা বর্তমান বাস্তবতায় কঠিন হবে।"

    তাই, "বাজেট বক্তব্যে ভঙ্গুর অর্থনীতি, অস্থির বিশ্বরাজনীতির কথা আলোচনা করেও এমন আশাবাদ ব্যক্ত করাটা কেবলই রাজনৈতিক প্রতিশ্রুতি বলেই মনে হচ্ছে" বলেন ইসলামী আন্দোলনের নেতা।

    তিনি মনে করেন, জনগণকে অর্জন অযোগ্য আশা না দিয়ে বাস্তবভিত্তিক লক্ষমাত্রা নির্ধারণ করা উচিৎ।

    "বাজেট প্রণয়নের আগে কেবলই ব্যবসায়ী ও সমাজের ওপরের তলার অংশীজনদের সাথে আলাপ আলোচনা করা হয়। কিন্তু শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষের সাথে আলাপ-আলোচনা করা হয় না। এবারও তার ব্যক্তিক্রম হয় নাই। আমরা বলবো, জনমানুষের সাথে কথা বলতে হবে, তাদের স্বার্থকে প্রাধান্য দিয়ে বাজেট তৈরি করতে হবে।"

  8. অসচ্ছল শিক্ষার্থীদের ইউনিফর্ম, জুতা, স্কুলব্যাগ দিতে চায় সরকার

    মেয়েদের জন্য স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষা সম্প্রসারণের ঘোষণা দিয়েছে সরকার

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, মেয়েদের জন্য স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষা সম্প্রসারণের ঘোষণা দিয়েছে সরকার, প্রতীকী ছবি

    শিক্ষাকে সবার অধিকার হিসেবে নিশ্চিত করতে মেয়েদের জন্য স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষা সম্প্রসারণের ঘোষণা দিয়েছে সরকার। পাশাপাশি, মেধাভিত্তিক বৃত্তি কর্মসূচি আরও শক্তিশালী করা হবে এবং দরিদ্র শিক্ষার্থীদের জন্য ইউনিফর্ম, জুতা ও স্কুলব্যাগ সরবরাহের পরিকল্পনা রয়েছে।

    প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে বিশেষায়িত সহায়ক প্রযুক্তি ও শিক্ষাসামগ্রী সরবরাহ করা হবে।

    শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে মিড-ডে মিল কর্মসূচি চালু করে পর্যায়ক্রমে সারা দেশে সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।

    সেইসাথে, ছাত্রী ও শিক্ষিকাদের জন্য স্যানিটেশন ও স্বাস্থ্যবিধিকে প্রাধান্য দেওয়ার কথাও বলা হয়েছে বাজেট প্রস্তাবনায়।

    এছাড়া, প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার অংশ হিসেবে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালু, মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন ও বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা সম্প্রসারণ করা হবে।

    পাশাপাশি, প্রতিটি শিক্ষার্থীর জন্য স্বতন্ত্র এডু আইডি চালু, ডিজিটাল লাইব্রেরির ব্যবস্থা করা হবে এবং শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, কোডিং ও ডিজিটাল লিটারেসি সম্বন্ধে পরিচিত করা হবে।

  9. জাল সই মামলায় আদালতের নির্দেশে সিআইডির সামনে অভিষেক ব্যানার্জী

    দিল্লিতে ইন্ডিয়া ব্লকের মিটিংয়ে অভিষেক ব্যানার্জী

    ছবির উৎস, ANI

    ছবির ক্যাপশান, দিল্লিতে ইন্ডিয়া ব্লকের মিটিংয়ে অভিষেক ব্যানার্জী

    আদালতের নির্দেশের পরে বৃহস্পতিবার সিআইডি'র তদন্তকারীদের সঙ্গে দেখা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী।

    এদিনই সকালে কলকাতা হাইকোর্ট ভিষেক ব্যানার্জীকে নির্দেশ দেয় যে বৃহস্পতিবার সন্ধ্যা ছটার মধ্যে হাজিরা দিতে হবে তাকে। অবশ্য আদালত জানিয়েছে যতক্ষণ তিনি তদন্তে সহযোগিতা করছেন, তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করা যাবে না।

    পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পরে দলীয় বিধায়কদের সই জাল করে পরিষদীয় দলনেতা বাছাই করা হয়েছে বলে যে অভিযোগ উঠেছিল, সেই ঘটনারই তদন্তে তাকে জেরার মুখোমুখি হতে নির্দেশ দেওয়া হয়েছে।

    আদালতের নির্দেশ মতো বৃহস্পতিবার তিনি দিল্লি থেকে ফিরে একবার নিজের বাড়িতে ঢুকে কিছুক্ষণের মধ্যেই সিআইডির দফতর ভবানী ভবনে যান অভিষেক ব্যানার্জী।

    সাধারণত, বিমানবন্দরে নেমে সাংবাদিক সম্মেলন করে থাকেন অভিষেক ব্যানার্জী। কিন্তু আজ সাংবাদিকদের কোনও প্রশ্ন নেননি তিনি।

    সন্ধ্যা ছটার একটু আগেই ভবানী ভবনে পৌঁছান তিনি। শেষ প্রাপ্ত খবর অনুযায়ী তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

    এর আগে তিন বার নোটিশ দেওয়া হলেও হাজিরা এড়িয়ে গিয়েছেন অভিষেক ব্যানার্জী।

    গত আটই জুন তাকে তৃতীয়বার নোটিশ দেওয়া হয় কিন্তু তিনি হাজিরা এড়ালে নয়ই জুন তার অফিসে অভিযান চালান তদন্তকারীরা। অভিষেক ব্যানার্জী অবশ্য তখন মমতা ব্যানার্জীর সঙ্গে দিল্লিতে ছিলেন।

  10. বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতি বাজেট এটি: এনসিপি

    বাংলাদেশে আগামী অর্থবছরের বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। এটিকে ‘উচ্চাভিলাষী ও বাস্তবতা-বিবর্জিত’ বলে মন্তব্য করেছে দলটি।

    দলের ছায়া বাজেট কমিটির প্রধান ড. আতিক মুজাহিদ দাবি করেছেন, সরকার দুই লাখ ৫০ হাজার কোটি টাকার বাজেট ঘাটতির (সরকার দুই লাখ ৪৩ হাজার কোটির কথা বলেছে) কথা বললেও প্রকৃত ঘাটতি সাড়ে চার লাখ কোটি টাকার কাছাকাছি পৌঁছাতে পারে।

    তিনি বলেন, প্রস্তাবিত ছয় লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় অর্জন করা অসম্ভব। রাজস্ব আদায়ে দুই লাখ কোটি টাকারও বেশি ঘাটতি থেকে যেতে পারে।

    ড. আতিক মুজাহিদের মতে, রাজস্ব আদায়ের সম্ভাব্য ঘাটতি বিবেচনায় নিলে প্রস্তাবিত বাজেট কার্যত বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেটে পরিণত হতে পারে।

  11. বাড়বে সিগারেটের দাম, অবৈধ সিগারেটের তথ্যদাতাকে দেওয়া হবে পুরস্কার

    জ্বলন্ত সিগারেট

    ছবির উৎস, Getty Images

    এ বছর বাজেটে বাণিজ্যিক আমদানিকারকেরা যে সিগারেট পেপার আমদানি করেন তাতে সম্পূরক শুল্কের হার ৩০০ শতাংশ থেকে বাড়িয়ে ৩৫০ শতাংশ করা হয়েছে। ফলে সিগারেটের দাম বেড়ে যেতে পারে।

    প্রস্তাবিত বাজেটে নিম্নস্তরের সিগারেটের ১০ শলাকার প্যাকেটের ন্যূনতম মূল্য ৬২ টাকা, মধ্যমস্তরের ৯২ টাকা, উচ্চস্তরের ১৬০ টাকা এবং অতি উচ্চস্তরের সিগারেটের মূল্য ২১০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

    একই সঙ্গে, নিকোটিন পাউচ (প্রতি ১০ গ্রাম ৫০০ টাকা), হিটেড টোব্যাকোর (প্রতি ১০ শলাকা ২১০ টাকা) ওপর সম্পূরক শুল্ক যথাক্রমে ৪০ ও ৬৭ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

    এছাড়া, অবৈধ তামাক পণ্যের উৎপাদন ও সরবরাহ মনিটরিং করার জন্য 'ট্র্যাক ও ট্রেস' পদ্ধতি প্রণয়ন করা হবে এবং তামাক পণ্যের উৎপাদন ও সরবরাহ স্বয়ংক্রিয় ও কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণের জন্য কারখানায় কাউন্টিং ডিভাইসসহ অত্যাধুনিক এআই ক্যামেরা স্থাপনের কথা বলা হচ্ছে।

    আর, সিগারেট স্ট্যাম্পের মধ্যে কিউআর বা এআর কোড স্থাপন করা হবে। বাজার পর্যবেক্ষণের জন্য একটি বিশেষ মোবাইল অ্যাপ্লিকেশন প্রস্তুত করা হবে, যেটির মাধ্যমে ভোক্তারা অবৈধ সিগারেট সম্পর্কে জাতীয় রাজস্ব বোর্ডকে তথ্য প্রদান করতে পারবেন। চোরাচালান কিংবা অবৈধ সিগারেটের তথ্য যথাযথ কর্তৃপক্ষকে জানানোর জন্য হুইসেলব্লোয়ার সিস্টেমও চালু করা হবে। সেইসাথে, সঠিক তথ্যদাতাকে পুরস্কারও দেওয়া হবে।

    আরও বলা হয়েছে যে শুধু উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক সিগারেট পেপার ও বিড়ি পেপার আমদানির বিধান এবং উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্যতীত কোনো ট্রেডারের নিকট বিক্রয় না করার বিধান প্রণয়ন করা হবে।

  12. 'ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি' কর্মসূচির কথা ভাবছে সরকার

    বাংলাদেশের প্রস্তাবিত বাজেটে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও পানি ব্যবস্থাপনার উন্নয়নে পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা রয়েছে। বলা হচ্ছে, এ প্রকল্প বাস্তবায়িত হলে দেশের প্রায় ৩৭ শতাংশ জনগণ এর সুফল ভোগ করবে।

    এছাড়া, পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আরও কিছু কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে সরকার। এর মধ্যে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি রিয়েছে।

    বলা হচ্ছে যে এর মাধ্যমে পরোক্ষভাবে প্রায় সাড়ে তিন হাজার সবুজ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

    'ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি' কর্মসূচির আওতায় এক কোটি বৃক্ষ রোপণের কথাও ভাবা হচ্ছে।

    সেইসাথে, রিডিউস, রিইউজ, রিসাইকেল (থ্রিআর) নীতির আওতায় আগামী পাঁচ বছরে প্লাস্টিক বর্জ্য ৩০ শতাংশ কমিয়ে আনতে চাচ্ছে সরকার।

  13. সব জেলায় স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা

    দেশের ৬৪টি জেলায় একটি করে স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা করছে সরকার। সেইসাথে, ১২ থেকে ১৪ বছর বয়সী ক্রীড়া শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের উদ্যোগও নেওয়া হয়েছে।

    বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ বৃহস্পতিবার তার বাজেট বক্তৃতায় বলেছেন, প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি খেলাধুলায় অংশ নিতে হবে।

    এছাড়া, প্রস্তাবিত বাজেটে জাতীয় দলের খেলোয়াড়দের মাসিক সম্মানি ও 'নতুন কুঁড়ি স্পোর্টস' কর্মসূচির জন্য ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে সরকার।

  14. কংগ্রেসে 'ফিরছেন না' মমতা

    ইন্ডিয়া ব্লকের বৈঠকে সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা ব্যানার্জী

    ছবির উৎস, Arvind Yadav/Hindustan Times via Getty Images

    ছবির ক্যাপশান, ইন্ডিয়া ব্লকের বৈঠকে সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা ব্যানার্জী

    দিল্লিতে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা ব্যানার্জীর দীর্ঘ বৈঠকের পর জল্পনা তৈরি হয়েছিল, তৃণমূল কংগ্রেসকে কংগ্রেসের সঙ্গে মিশিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন মিজ. ব্যানার্জী।

    রাহুল গান্ধীর সঙ্গে অভিষেক ব্যানার্জীর বৈঠকে সেই জল্পনা আরও তীব্র হয়। তবে ১১ই জুন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল জানিয়েছেন, এরকম কোনো আলোচনাই হয়নি।

    তিনি জানান, সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা ব্যানার্জীর ৪০ বছরের সম্পর্ক। তাদের মধ্যে বিজেপি বিরোধিতার রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে।

    পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন পরাজায়ের পরে তৃণমূল কংগ্রেসে ভাঙন দেখা দিচ্ছে। বিদ্রোহ ঘোষণা করছেন একের পর এক বিধায়ক- সংসদ সদস্যরা।

    ইতোমধ্যেই ঋতব্রত ব্যানার্জীর নেতৃত্বে বিধানসভায় আলাদা ব্লক তৈরি হয়েছে। লোকসভায় কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে ২০জন সংসদ সদস্য কেন্দ্রের ক্ষমতাসীন জোট এনডিএকে সমর্থন করবেন বলেও দাবি করেছেন।

    একে একে রাজ্যসভার সংসদ সদস্যরা ইস্তফা দিচ্ছেন। বৃহস্পতিবার সকালে ইস্তফা দেন প্রকাশচিক বরাইক ও সদ্য এমপি হওয়া অভিনেত্রী কোয়েল মল্লিকও।

    এর মধ্যেই মমতা ব্যানার্জীর কংগ্রেসে যোগ দেওয়ার জল্পনা তৈরি হয়। বৃহস্পতিবার কংগ্রেসের দলীয় বৈঠকের দিকে সবার নজর ছিল।

    যদিও মি. ভেনুগোপাল জানান, "এগুলো ভিত্তিহীন গুজব। তৃণমূল ও কংগ্রেস নেতাদের মধ্যে বৈঠকটিতে জাতীয় বিষয়গুলো আরও কার্যকরভাবে তুলে ধরার বিষয়ে আলোচনা হয়েছে।"

  15. প্রায় ১৯ লাখ মাকে প্রতি মাসে ভাতা দেবে সরকার

    নারী ও শিশু কল্যাণে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতা আরও বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার। এর অংশ হিসেবে মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ১৮ লাখ ৯৫ হাজার ২০০ জন মাকে মাসিক ৮৫০ টাকা হারে ভাতা দেওয়া হবে।

    শিশুদের পরিচর্যা ও কর্মজীবী অভিভাবকদের সহায়তায় দেশের বিভিন্ন এলাকায় নতুন ৬০টি আধুনিক শিশু দিবাযত্ন কেন্দ্র (ডে-কেয়ার সেন্টার) স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

    এছাড়া, ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় ১০ লাখ ৪০ হাজার পরিবারকে প্রতি মাসে জনপ্রতি ৩০ কেজি চাল দেওয়া হবে।

    বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতাভোগী নারীর সংখ্যা এক লাখ বাড়িয়ে ৩০ লাখে উন্নীত করা হবে। এ কর্মসূচির আওতায় প্রত্যেক নারীকে মাসিক ৭০০ টাকা হারে ভাতা দেওয়া হবে।

  16. ট্রেন ও মেট্রোরেলে যাতায়াতে বিশেষ সুবিধা পাবেন কারা

    মেট্রোরেল

    ছবির উৎস, NurPhoto via Getty Images

    ট্রেন ও মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য ভাড়ায় ২৫ শতাংশ ছাড় দেওয়ার পরিকল্পনা করেছে সরকার।

    আগামী অর্থবছরের বাজেটে এই প্রস্তাব করা হয়েছে।

    এছাড়া দেশের যোগাযোগ অবকাঠামো আধুনিক করতে একাধিক বড় প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনাও নিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে দেশের সড়ক অবকাঠামোকে আন্তর্জাতিক হাইওয়ে নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করা, মহাসড়ক উন্নয়ন এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডোরগুলোকে চার লেনে উন্নীত করার উদ্যোগ।

    নগর পরিকল্পনা ও পরিবহন নীতির সমন্বয়ে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি দ্বিতীয় যমুনা সেতু এবং ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

    একই সঙ্গে ইলেকট্রনিক টোল ও স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা চালুর উদ্যোগ নেওয়া হবে। ঢাকায় ছয়টি মেট্রোরেল লাইন সমন্বয়ে শক্তিশালী গণপরিবহন নেটওয়ার্ক গড়ে তোলা হবে।

    প্রস্তাবিত বাজেটে বলা হয়েছে, সড়কে দক্ষ ও দায়িত্বশীল চালক তৈরিতে প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা হবে। একই সঙ্গে পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে পুরোনো বাসগুলো পর্যায়ক্রমে ইলেকট্রিক বাস দিয়ে প্রতিস্থাপন করা হবে।

    দীর্ঘমেয়াদে প্রায় তিন হাজার কিলোমিটার জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড গড়ে তোলা এবং দেশের সব জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

    নদীনির্ভর শহরগুলোর চারপাশে বৃত্তাকার জলপথ গড়ে তোলা ও নৌ-যোগাযোগ উন্নয়নের পরিকল্পনাও রয়েছে।

    এছাড়া, বন্দরগুলোর সক্ষমতা বৃদ্ধি, কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিং ব্যবস্থার দক্ষতা উন্নয়ন এবং কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুরকে আন্তর্জাতিক গেটওয়ে হিসেবে গড়ে তোলার উদ্যোগের কথাও উল্লেখ করা হয়েছে।

  17. স্বাস্থ্যখাতে বরাদ্দ আগের চেয়ে বেড়েছে

    জাতীয় উন্নয়নে স্বাস্থ্যখাতের গুরুত্ব বিবেচনায় ২০২৬-২৭ অর্থবছরে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের জন্য ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা জিডিপির এক দশমিক শূন্য দুই শতাংশ।

    ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে এ বাবদ বরাদ্দ ছিল ৩৫ হাজার ৪৭৭ কোটি টাকা।

    খবর রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস-এর।

    এই বরাদ্দের মাঝে মাতৃ ও শিশু স্বাস্থ্য উন্নইয়ন বাবদ খরচ করা হবে দুই হাজার ২৬৬ কোটি টাকা; ঔষধ ও ভ্যাকসিন সরবরাহ বাবদ সাত হাজার ৬২৩ কোটি টাকা, দিন-রাত ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স সেবা চালুর জন্য চারশো কোটি টাকা।

    এছাড়া, এক লক্ষ স্বাস্থ্যকর্মী ও পাঁচ হাজার এমবিবিএস চিকিৎসক নিয়োগের উদ্যোগও গ্রহণ করা হবে।

  18. মুক্তিযোদ্ধাসহ আরো যাদের ভাতা বাড়বে

    বাংলাদেশে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা পাঁচ হাজার টাকা বাড়ানোর প্রস্তাব করেছে সরকার।

    এছাড়া জুলাই গণ-অভ্যুত্থানে 'শহীদ' পরিবারের জন্য মাসিক ২০ হাজার টাকা এবং আহতদের এ, বি ও সি ক্যাটাগরিতে যথাক্রমে ২০, ১৫ ও ১০ হাজার টাকা মাসিক ভাতা দেওয়ারও প্রস্তাব দেওয়া হয়েছে।

    আজ জাতীয় সংসদে ২০২৬-২০২৭ সালের জন্য প্রস্তাবিত বাজেটে এসব প্রস্তাব রাখা হয়েছে।

    বয়স্ক ভাতার উপকারভোগীর সংখ্যা এক লাখ বাড়িয়ে ৬২ লাখে এবং মাসিক ভাতার হার ৭০০ টাকায় উন্নীত করার কথাও বলা হয়েছে।

    অন্যান্য প্রস্তাবের মধ্যে রয়েছে, প্রতিবন্ধী ভাতার উপকারভোগীর সংখ্যা সাড়ে তিন লাখ বাড়িয়ে ৩৮ লাখে এবং মাসিক ভাতার হার এক হাজার টাকায় উন্নীত করা, এক লাখ প্রতিবন্ধী শিক্ষার্থীকে বৃত্তি/মেধাবৃত্তি প্রদান, অনগ্রসর জনগোষ্ঠীর দুই লাখ ২৮ হাজার ৩৯০ জনকে মাসিক ৬৫০ টাকা হারে ভাতা প্রদান; ৪৫ হাজার ৩৩৮ জন অনগ্রসর শিক্ষার্থীকে বৃত্তি/মেধাবৃত্তি দেওয়া।

    এছাড়া ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, হৃদরোগে আক্রান্ত ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৬৫ হাজার রোগীকে আর্থিক সহায়তা ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে এককালীন এক লাখ টাকায় উন্নীতকরণের কথা বলা হয়েছে।

    ১৫ হাজার কর্মহীন শ্রমিককে মাসিক পাঁচ হাজার টাকা হারে সর্বোচ্চ তিন মাস পর্যন্ত ভাতা দেওয়ার প্রস্তাবও রয়েছে।

  19. বাতিল হলো আদ্‌-দ্বীন হাসপাতালের লাইসেন্স

    স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস

    ছবির উৎস, TV Screen Grab

    ছবির ক্যাপশান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস

    ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ঢাকার মগবাজারে আদ্‌-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের জবাব সন্তোষজনক না হওয়ায় হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

    আজ বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এ ঘোষণা দেন।

    তিনি জানান, "যেহেতু লাইসেন্স বাতিল হয়েছে, তাই এই মুহূর্ত থেকে ওই হাসপাতালের আর সেবা দেওয়ার সুযোগ নেই। নতুন রোগী ভর্তি করারও কোনো সুযোগ নেই আর।"

    তবে যারা ইতোমধ্যে ওই হাসপাতালে ভর্তি, আইন অনুযায়ী তাদেরও সেখানে সেবা নেওয়ার সুযোগ নেই। কিন্তু মানবিক দিক বিবেচনায় তাদের ক্ষেত্রে বিষয়টি একটু ভিন্ন এক্ষেত্রে। ভর্তি থাকা রোগীদের দ্রুততম সময়ে লাইসেন্সকৃত হাসপাতালে সরিয়ে নেওয়ার দায়িত্ব এখন হাসপাতালের কর্তৃপক্ষের, জানান তিনি।

    তবে বর্তমান পরিস্থিতিতে এ বিষয়ে "কেউ যদি আমাদের কাছে সাহায্য চায়, মানবিক দিক বিবেচনায় আমরা সহযোগিতা করবো" বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।

  20. বাজেটে প্রায় আড়াই লাখ কোটি টাকার ঘাটতি

    জাতীয় সংসদে বাজেট উপস্থাপন

    ছবির উৎস, Screengrab

    আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের নয় লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটে দুই লাখ ৪৩ হাজার কোটি টাকার ঘাটতি থাকছে। এই ঘাটতি পূরণে সরকার বৈদেশিক ও অভ্যন্তরীণ, উভয় উৎস থেকেই অর্থায়নের পরিকল্পনা করেছে।

    বাজেট অনুযায়ী, মোট ঘাটতি অর্থায়নের মধ্যে এক লাখ ১৬ হাজার কোটি টাকা আসবে বৈদেশিক উৎস থেকে। এর মধ্যে এক লাখ নয় হাজার ৮৫০ কোটি টাকা বৈদেশিক ঋণ এবং ছয় হাজার ১৫০ কোটি টাকা হলো অনুদান।

    অন্যদিকে, অভ্যন্তরীণ উৎস থেকে এক লাখ ২৭ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্য ধরা হয়েছে। এর মধ্যে ব্যাংক খাত থেকে হলো এক লাখ ১২ হাজার কোটি টাকা ও ব্যাংক-বহির্ভূত খাত থেকে ১৫ হাজার কোটি টাকা।

    তবে ঘাটতি অর্থায়নে ব্যাংকিং খাতের ওপর নির্ভরতা কমানোর উদ্যোগের কথাও জানিয়েছে সরকার।