ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবিতে আজও গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে সকাল থেকে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। আশুলিয়া ও মিরপুরেও পোশাক শ্রমিকদের বিক্ষোভ। এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যেসব শিল্প মালিকদের নিষিদ্ধ সংগঠনের রাজনৈতিক পরিচয় ছিল, তারা পোশাক খাতের চলমান অস্থিরতার পেছনে কাজ করছে বলে সরকারের কাছে প্রমাণ রয়েছে। রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...
ঢাকা- নারায়নগঞ্জ লিংক রোডেও অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
ছবির উৎস, Collected
ছবির ক্যাপশান, এক ঘণ্টার বেশি সময় ধরে ঢাকা - নারায়নগঞ্জ লিংক রোডে যান চলাচল বন্ধ রয়েছে
ঢাকা - নারায়নগঞ্জ লিংক রোডেও আজ অবরোধ করে ন্যূনতম
মজুরি ৩০ হাজার টাকার দাবিতে বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা। এর ফলে এক ঘণ্টার বেশি সময় ধরে এই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
আজ সোমবার সকাল থেকে বেলা বারোটা পর্যন্ত এই মহাসড়কে যানবাহন
চলাচল স্বাভাবিক ছিল। তবে বেলা সাড়ে বারোটা থেকে সড়ক অবরোধ করে শ্রমিকরা।
সড়ক অবরোধের ফলে ঢাকা-নারায়নগঞ্জ লিংক রোডের দুই পাশেই
যানবাহনের লম্বা সারি দেখা যায়। বিশাল যানজটের সৃষ্টি হয়।
তবে কোথাও কোন ভাঙচুর হয়নি। শ্রমিকদের সড়কেই অবস্থান করে স্লোগান
দিতে দেখা যায়।
ছবির উৎস, Collected
ছবির ক্যাপশান, ঢাকা - নারায়নগঞ্জ লিংক রোড অবরোধের ফলে যানবাহনের লম্বা সারি দেখা যায়
ছবির উৎস, Collected
ছবির ক্যাপশান, ঢাকা - নারায়নগঞ্জ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ শ্রমিকদের
গার্মেন্টস শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে মিরপুরে পাঁচটি মামলা, ২৯ জন আটক
ছবির ক্যাপশান, পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের সাথে কথা বলছেন
মজুরির দাবিতে মিরপুরে শ্রমিকদের বিক্ষোভের ঘটনায় এখন পর্যন্ত পাঁচটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের এডিশনাল ডিআইজি মহিদুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।
একইসঙ্গে, আন্দোলনের ঘটনায় সকাল থেকে মিরপুর এলাকা থেকে ২৯ জনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ।
মি. ইসলাম বলেন, কেউ যাতে শ্রমিক আন্দোলনের নামে বিশৃঙ্খলা করতে না পারে, সেজন্য সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
এছাড়া মিরপুরে সড়কে পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। একইসঙ্গে, যান চলাচলও স্বাভাবিক রয়েছে।
মি. ইসলাম জানান, রাজনৈতিক পরিচয়ে কেউ যাতে অস্থিতিশীলতা তৈরি করতে না পারে, সে বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
ছবির ক্যাপশান, কেউ যাতে শ্রমিক আন্দোলনের নামে বিশৃঙ্খলা করতে না পারে, সেজন্য সতর্ক অবস্থানে থাকার কথা বলছে পুলিশ
গাজীপুর, আশুলিয়া ও মিরপুরে আজও পোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ
ছবির ক্যাপশান, মিরপুরে সড়কে পুলিশের পাশাপাশি ছাত্রদল, যুবদল, শ্রমিক দলের নেতা-কর্মীদের অবস্থান নিতেও দেখা গেছে
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবিতে আজও গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে সকাল থেকে বিক্ষোভ করছেন পোশাক
শ্রমিকরা।
পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যদেরও মহাসড়কে অবস্থান নিতে
দেখা গেছে। সড়কের অন্যপাশে পোশাক শ্রমিকদের অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
এ সময় শ্রমিকদের ছত্রভঙ্গ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী বেশ
কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সকাল থেকে কয়েক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।
পরে বেলা বাড়ার সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সরকারি দল বিএনপি সমর্থিত ছাত্রদল,
যুবদল, শ্রমিক দলের নেতা-কর্মীদের ট্রাক-বাসগুলো পার করে দিতে দেখা গেছে।
গাজীপুরের পল্লী বিদ্যুৎ এলাকায় রোববার যে গাড়িটি পোড়ানো
হয়েছে, সেটি দিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখা হয়। পরে সেটি সরিয়ে নেয় আইনশৃঙ্খলা
বাহিনী।
গাজীপুরের বিভিন্ন স্থানে পোশাক শ্রমিকদের বিক্ষোভের সময়
পুলিশের গাড়ি ভাঙচুর করার খবরও পাওয়া গেছে।
তবে, শুধু গাজীপুরেই নয় ঢাকার মিরপুর ও আশুলিয়াতেও ৩০ হাজার
টাকা মজুরির দাবিতে পোশাক শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।
আশুলিয়ায় সকাল থেকে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ
করেছেন। এ সময় একটি কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।
তবে বেলা সাড়ে এগারোটায় সেখানকার সড়কে যান চলাচল শুরু হয়
বলে জানা গেছে।
ঢাকার মিরপুর-১০ নাম্বার থেকে মিরপুর-১২ নাম্বার পর্যন্ত যে
প্রধান সড়ক, সেখানে যান চলাচল স্বাভাবিক থাকলেও ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি
রয়েছে।
মিরপুর-১০ থেকে একজনকে আটক করেছে পুলিশ। এছাড়া কাফরুল থানা
পুলিশ আরো পাঁচজনকে আটক করেছে বলে খবর পাওয়া গেছে।
এ সময় পুলিশের পাশাপাশি সড়কে ছাত্রদল, যুবদল, শ্রমিক দলের
নেতা-কর্মীদের অবস্থান নিতেও দেখেছে বিবিসির প্রতিবেদক।
ছবির ক্যাপশান, ব্যাপক সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল মিরপুরে
ছবির ক্যাপশান, মিরপুর ১০ এ একজনকে আটক করেছে পুলিশ
যেসব শিল্প মালিকদের রাজনৈতিক পরিচয় ছিল, তারা পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবির উৎস, Home Ministry
ছবির ক্যাপশান, সচিবালয়ে পোশাক শিল্প মালিকদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
যেসব শিল্প মালিকদের নিষিদ্ধ সংগঠনের রাজনৈতিক পরিচয় ছিল, তারা পোশাক খাতের চলমান অস্থিরতার পেছনে কাজ করছে বলে সরকারের কাছে প্রমাণ রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার সচিবালয়ে পোশাক শিল্প মালিকদের দুইটি সংগঠনের
সঙ্গে বৈঠকের পর এ কথা বলেন তিনি।
মি. আহমদ বলেন, “যেসব শিল্প মালিকদের রাজনৈতিক পরিচয় ছিল,
যারা নিষিদ্ধ সংগঠনের হয়তো কোন কোন সময় কেউ এমপি বা কেউ মন্ত্রী বা
প্রতিমন্ত্রী ছিল সেসমস্ত শিল্প মালিকরা তারা এ সমস্ত অস্থিরতার পেছনে কাজ করছে
বলে আমাদের কাছে তথ্য আছে এবং সেটার প্রমাণও আছে।”
ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য বোর্ড গঠনের আলোচনার মধ্যে
এমন অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা যারা করছে তাদের পেছনে যারা ইন্ধন দিচ্ছেন তারা
চিহ্নিত হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
“এখানে দুঃখজনক হলেও কিছু শিল্প মালিকরা জড়িত আছেন এবং কিছু
শ্রমিক সংগঠনের ব্যানারে যারা শ্রমিকদের কল্যাণ চায় কিনা সেটা প্রশ্নবিদ্ধ সে সমস্ত
লোকজন এই অস্থিরতা ও সহিংসতা সৃষ্টি করেছে। রাস্তায় আন্দোলনের নামে দেশে একটা অস্থিতিশীল
পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে যেটা কোনভাবেই শ্রমিকদের কোন কাজে আসবে না”
বলেন মি. আহমদ।
একইসঙ্গে, যারা শ্রমিক আন্দোলনের নামে স্বার্থবিরোধী কাজে
লিপ্ত, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির কাজে লিপ্ত তাদের বিরুদ্ধে আইনানুগ
ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
শিল্প মালিকদের বরাত দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, “তারা
বলেছেন, কিছু শিল্প মালিক আছে এবং শিল্প কারখানা আছে যারা উদ্দেশ্যপূর্ণভাবে শিল্প
কারখানা বন্ধ করেছে তাদের তালিকা তারা আমাদেরকে প্রদান করবে।”
আর কিছু কিছু শ্রমিক নেতৃবৃন্দ এখানে অস্থিরতা সৃষ্টির জন্য
পাঁয়তারা করছে সে সমস্ত সংগঠন এবং নামের তালিকাও দিতে বলা হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, কোন শ্রমিক এবং শ্রমিকদের সংগঠন শ্রমিকের স্বার্থবিরোধী
কোন কাজে জড়িত থাকতে পারে না বলে সরকার বিশ্বাস করে।
“যদি ভুলক্রমে এ সমস্ত কাজে কেউ ইন্ধন দিয়ে থাকে বা জড়িত
থাকে তাহলে আমরা তাদেরকে আহ্বান জানাবো, তারা যেন সে সমস্ত কর্মকাণ্ড থেকে বিরত
থাকে। কারণ আমরা কঠোরভাবে সেটা দমনের চেষ্টা করবো যারা যেভাবেই হোক অস্থিরতা
সৃষ্টির পাঁয়তারা করছে, ঘৃন্য পলিটিকেল কোন এজেন্ডা বাস্তবায়নের জন্য সীমান্তের
ওপার থেকে ইশারায় যা কিছু তারা করা চেষ্টা করছে যেভাবেই হোক তা আমরা প্রতিহত করব”
বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
“আমরা কোন শিল্প কারখানা বন্ধ হোক সেটা চাই না, একমূহুর্তের
জন্যও হোক চাই না। কোন অস্থিরতা সৃষ্টি হোক সেটা চাই না,” বলেন
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার সারাদিন যা যা হয়েছে
'নিরীহ গার্মেন্টস শ্রমিকদের ব্যবহার করে অনেকেই সীমান্তের ওপার থেকে দেশে অস্থিরতা সৃষ্টির ইন্ধন যোগাচ্ছে' বলে দাবি করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার সন্ধ্যায় সচিবালয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ডিসেম্বরকে সামনে রেখেই আওয়ামী-ফ্যাসিবাদী গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার জন্য যে পরিস্থিতি তৈরি করেছে তা রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিষয়ে একটি প্রস্তাব নিয়ে কাতারি মধ্যস্থতাকারীদের সাথে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে যুক্তরাষ্ট্রকে ইরানি প্রস্তাব ও প্রশ্নের উত্তর দিতে হবে বলেও জানান তিনি।
দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও এ সংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘মুরাসু’তে পরিণত হয়েছে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বন্দ্ব নিরসনে কূটনৈতিক সমাধানে আশাবাদী সংযুক্ত আরব আমিরাত। তবে সব ধরনের খারাপ পরিস্থিতির জন্যও প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ।
আগামী চৌঠা নভেম্বর থেকে সাতই নভেম্বর পর্যন্ত চারদিন সারাদেশে গ্রাহক পর্যায়ে গ্যাসের লাইনে স্বল্প চাপ থাকবে।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আটজন মারা গেছেন।
বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির সাথে সিসিটিভিতে দেখা যাওয়া নারীকে চারদিন রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
নতুন একটি বিধিমালার অধীনে দেশের ১৩টি সিটি করপোরেশনে সোমবার থেকে ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে ঢাকার মিরপুর এবং গাজীপুরে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। মিরপুরে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষও হয়। শ্রমিকদের দাবি অনুযায়ী, এরই মধ্যে ছয় সদস্যবিশিষ্ট মজুরি বোর্ড গঠন করেছে সরকার।