ঘূর্ণিঝড় 'অর্ণব'- এর প্রভাবে অন্ধ্রপ্রদেশ-ওড়িশায় বৃষ্টি
দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে ক্রমে ধেয়ে আসছে অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া সাইক্লোন ‘অর্ণব’।
আগামী কয়েক ঘণ্টার মধ্যে তা পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মেটেরিওলজিকাল ডিপার্টমেন্ট (আইএমডি) বা ভারতীয় আবহাওয়া অধিদপ্তর। এরপর তা উত্তরপশ্চিম দিকে দিক পরিবর্তন করে অতি তীব্র ঘূর্ণিঝড় হিসেবে স্থলভাগে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস রয়েছে।
বুধবার বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২৫-১৩৫ কিলোমিটার এবং দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১৫০ কিমি পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে।
আইএমডি জানিয়েছে, বিশাখাপত্তনম এবং মছলিপত্তনমে ডপলার ওয়েদার রাডারের মাধ্যমে নজর রাখা হচ্ছে।
জায়গায় জায়গায় কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে, বিপর্যয় মোকাবিলা বাহিনী ও প্রশাসনের তরফেও আগাম তৎপরতা লক্ষ্য করা গেছে।
অন্ধ্রপ্রদেশের কাকিনাডা উপকূলে সমুদ্রে ইতোমধ্যে জলোচ্ছ্বাস লক্ষ্য করা গেছে, বিশাখাপত্তনমে ভারী বৃষ্টি দেখা গিয়েছে। নিরাপত্তার কথা ভেবে ট্রেনের পাশাপাশি একাধিক বিমানও বাতিল করা হয়েছে।
ওড়িশার উপকূলবর্তী অঞ্চলেও এর প্রভাব দেখা গেছে। সে রাজ্যের গঞ্জাম জেলা ও গোপালপুরে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে, বৃষ্টিপাতও হচ্ছে।
পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরে শুরু হয়েছে ঝড়বৃষ্টি। ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুরেরও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে মঙ্গলবার।