লাইভ, স্থানীয় সরকার নির্বাচন 'জানুয়ারির দিকে' করার পরিকল্পনা নির্বাচন কমিশনের
বাংলাদেশে জানুয়ারির দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এদিকে, হোয়াইট হাউসে প্রবেশে নিষেধাজ্ঞার মুখে পড়া তিনটি সংবাদমাধ্যমের প্রবেশাধিকার অবিলম্বে পুনর্বহাল করতে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের একজন বিচারক। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...
দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম আবারও রিমান্ডে
ছবির উৎস, TV Screen Grab
ছবির ক্যাপশান, সংসদে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, ফাইল ছবি
দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের
মরদেহ উদ্ধারের ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে আবার চারদিন রিমান্ডে
জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে
চারদিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। শেরেবাংলা নগর থানায় করা এই
মামলায় পুলিশ আবার তাকে সাত দিন রিমান্ডে জিজ্ঞানাবাদের অনুমতি চেয়ে আবেদন করে।
পরে শুনানি নিয়ে চারদিন
তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
গত ২০শে সেপ্টেম্বর রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
পরে মি. ইসলাম, তার প্রথম স্ত্রী এবং নিহত মরিয়ম খাতুনের মামাকে আসামি করে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করা হয়।
মূলত গত জুলাইয়ে একজন
তরুণীর সঙ্গে 'ব্যক্তিগত মুহূর্তের'
কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পরই গাজী নজরুল ইসলামকে
ঘিরে নানা আলোচনা ও বিতর্ক শুরু হয়। পরে গাজী নজরুল ইসলাম বলেন, ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী।
ওই সময় 'নৈতিক স্খলনের' দায়ে তাকে দল থেকে বহিষ্কার
করে জামায়াতে ইসলামী।
বাংলাদেশের যেসব জায়গায় তিস্তার পানি বেড়ে যাওয়ার সতর্কতা
ছবির ক্যাপশান, বর্ষাকালে ভারত পানি ছাড়লে আকস্মিক বন্যা ও ভাঙন দেখা দেয় তিস্তা পাড়ে (ফাইল ছবি)
আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় বাংলাদেশের নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম
ও গাইবান্ধা জেলার কিছু স্থানে তিস্তা নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে বলে পূর্বাভাস
দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
এক পূর্বাভাসে এই কেন্দ্র
জানিয়েছে, এসব নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
এছাড়া, গত ২৪ ঘণ্টায়
উত্তরাঞ্চলের ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল স্থিতিশীল আছে, তবে তিস্তা নদীর পানি
বৃদ্ধি পেয়েছে।
ছবির ক্যাপশান, বাংলাদেশের বেশ কয়েকটি এলাকায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর
স্থল গভীর নিম্নচাপের
প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে
যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর
অন্ধ্র প্রদেশ ও এ সংলগ্ন দক্ষিণ উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত স্থল গভীর
নিম্নচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে দক্ষিণ উড়িষ্যা ও এ সংলগ্ন উত্তর
অন্ধ্র প্রদেশ এলাকায় অবস্থান করছে। এটি আরো উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে
ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।
এর প্রভাবে সমুদ্র বন্দরগুলো, উত্তর বঙ্গোপসাগর ও এ সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর
দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা
ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া
অধিদপ্তর।
একইসঙ্গে, উত্তর
বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া
পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এছাড়া, দেশের অভ্যন্তরীণ
নদী বন্দরগুলোর ওপর দিয়ে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে
বলে আরেকটি পূর্বাভাসে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার দুপুর তিনটা থেকে শুক্রবার দিবাগত রাত একটা পর্যন্ত এই বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, রাজশাহী,
পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং কুমিল্লার
ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে
অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদী বন্দরগুলোকে
এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বারিধারায় গাড়িচাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যুর ঘটনায় 'নয় লাখ টাকায় আপস'
ছবির উৎস, Getty Images
ঢাকার বারিধারা ডিপ্লোমেটিক
জোনে ফুটপাথে বিশ্রামরত অবস্থায় গাড়িচাপায় একজন নির্মাণ শ্রমিকের মৃত্যুর ঘটনায়
গ্রেফতার কিশোরকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। একইসঙ্গে, এই ঘটনায় নিহতের পরিবারকে আপস-মীমাংসার মাধ্যমে নয় লাখ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তার আইনজীবী।
বৃহস্পতিবার ঢাকার নারী ও
শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এ ওই কিশোরকে তোলা হয়। মামলাটির তদন্ত কর্মকর্তা
গুলশান থানার উপ-পরিদর্শক মো. আরেফিন ইসলাম ওই কিশোরকে আদালতে হাজির করে আটক রাখার আবেদন করেন।
অন্যদিকে, তার জামিন আবেদনে বলা
হয়, এই কিশোর গাড়িতে ড্রাইভারের পাশের আসনে বসা ছিল। নিহত মেহেদী একজন শ্রবণ ও
বাক-প্রতিবন্ধী ব্যক্তি ছিলেন। হর্ন বাজানো সত্ত্বেও তিনি দ্রুত সরে যেতে না পারায়
দুর্ঘটনাটি অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে যায়।
পরে তার আইনজীবী আলমগীর
হোসেন বলেন, আপস হয়েছে এবং নয় লাখ টাকা নিহতের পরিবারকে হস্তান্তর করা
হয়েছে।
নিহতের পরিবার পোস্ট মর্টেম ও মামলা করতে চায়নি বলেও তিনি দাবি করেন।
গাজা পুনর্গঠন শুরু করতে ২৪৫ কোটি ডলারের পরিকল্পনা ট্রাম্পের বোর্ড অব পিসের
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত এক বৈঠকে এই পরিকল্পনা তুলে ধরে বোর্ড অব পিস
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিস জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত এক বৈঠকে গাজা পুনরুদ্ধার পরিকল্পনার জন্য ২৪৫ কোটি ডলারের একটি কর্মপরিকল্পনা ঘোষণা করেছে।
এই অর্থ ছয় মাসে ৬৬টি কর্মসূচির মধ্যে বণ্টন করা হবে যার মধ্যে আবাসন, ডিজেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন এবং বর্জ্য অপসারণসহ বিভিন্ন প্রয়োজনীয় খাতে ব্যয় করা হবে বলেও জানানো হয়।
তবে বোর্ড স্বীকার করেছে যে এখনো উল্লেখযোগ্য পরিমাণ অনুদানের প্রয়োজন রয়েছে। এ পর্যন্ত ১,৮০০ কোটি ডলারের প্রতিশ্রুতি পাওয়া গেলেও বাস্তবে মাত্র ২৮ কোটি ডলার হস্তান্তর করা হয়েছে।
বোর্ডের হিসাবে, পূর্ণাঙ্গ পুনরুদ্ধার ও পুনর্গঠনের জন্য আগামী এক দশকে প্রায় ৭১৪০ কোটি ডলার প্রয়োজন হবে।
গাজা এক্সিকিউটিভ বোর্ডের সদস্য এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার স্বীকার করেন যে প্রকল্পটি “বিভিন্ন কারণে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের বিলম্বের” মুখোমুখি হয়েছে।
নিউইয়র্কে তার সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফ। তিনি বলেন, গত এক বছরে দলটি “বাস্তব অগ্রগতি” অর্জন করেছে।
উইটকফ আরও বলেন, “সব জিম্মি নিজ নিজ বাড়িতে ফিরে এসেছে। একটি যুদ্ধবিরতি রয়েছে, যদিও তা পুরোপুরি নিখুঁত নয়, তবুও তা কার্যকর আছে। মানবিক সহায়তা কার্যক্রম ঐতিহাসিক ফল অর্জন করেছে। জরুরি প্রয়োজন মেটানো এবং দীর্ঘমেয়াদি পুনরুদ্ধার প্রচেষ্টাকে সমর্থন করার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার অনুদান দেওয়া হয়েছে এবং দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।”
তহবিল সংগ্রহের পাশাপাশি পরিকল্পনাটি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের মুখোমুখি। এর মধ্যে রয়েছে গাজায় কাজ করা ব্যক্তিদের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা হবে, অভ্যন্তরীণ প্রশাসনিক কাঠামো কীভাবে পুনর্গঠন করা হবে এবং ইসরায়েলি ও ফিলিস্তিনি কর্মকর্তাদের মধ্যে কীভাবে ঐকমত্য প্রতিষ্ঠা করা হবে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বুধবার এক পৃথক সংবাদ সম্মেলনে বলেন, “বেশ কয়েকটি দেশ এগিয়ে এসে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে” এবং বোর্ড “এ ধরনের উদ্যোগে আরও অংশগ্রহণকারী খুঁজছে।”
যুক্তরাষ্ট্রের একজন বিচারক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, গত সপ্তাহে হোয়াইট হাউজে প্রবেশে নিষেধাজ্ঞার মুখে পড়া তিনটি সংবাদমাধ্যমের প্রবেশাধিকার অবিলম্বে পুনর্বহাল করতে।
ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার একটি আদালত ওই নিষেধাজ্ঞার বিরুদ্ধে একটি অস্থায়ী নিষেধাজ্ঞামূলক আদেশ জারি করেছে। আদালত রায় দিয়েছে যে এই পদক্ষেপটি “সম্ভবত তাদের সাংবিধানিক যথাযথ প্রক্রিয়ার অধিকার লঙ্ঘন করেছে”, এবং সেই ভিত্তিতে সিএনএন, এমএস নাউ ও পলিটিকোর প্রবেশাধিকার ১৪ দিনের জন্য পুনর্বহাল করতে হবে।
তিনটি সংবাদমাধ্যম আইনি চ্যালেঞ্জ জানায়, যখন তাদের সাংবাদিকদের হোয়াইট হাউজের পাস বাজেয়াপ্ত করা হয় এবং তাদের প্রবেশে বাধা দেওয়া হয়।
ট্রাম্প প্রশাসন এই পদক্ষেপের পক্ষে আদালতে যুক্তি তুলে ধরে। তারা অভিযোগ করে যে সংবাদমাধ্যমগুলো মিথ্যা তথ্য প্রকাশ করেছে এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করেছে। তবে আদালত ওই যুক্তি প্রত্যাখ্যান করে।
এ রায় নিয়ে হোয়াইট হাউস এখনো কোনো মন্তব্য করেনি। প্রেসিডেন্টের পক্ষে কাজ করা আইনজীবীরা এ বিষয়ে আরও আইনি পদক্ষেপ নিতে পারেন।
বিচারক টিমোথি কেলি রায়ে বলেন, সিএনএন, পলিটিকো এবং এমএস নাউ সম্ভবত প্রমাণ করতে সক্ষম হবে যে নিষেধাজ্ঞা কার্যকর করার ক্ষেত্রে হোয়াইট হাউজ “পর্যাপ্ত যথাযথ প্রক্রিয়া” অনুসরণ করেনি।
তিনি ট্রাম্প প্রশাসনের সেই যুক্তি নিয়েও সন্দেহ প্রকাশ করেন যে নিষেধাজ্ঞাগুলো জাতীয় নিরাপত্তাজনিত উদ্বেগ থেকে আরোপ করা হয়েছিল। তিনি উল্লেখ করেন, প্রেসিডেন্ট তার প্রাথমিক ঘোষণায় এ বিষয়ে কোনো উল্লেখই করেননি।
রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় কোনো হকার থাকবে না: ডিএসসিসি প্রশাসক
ছবির উৎস, Screen Grab
ছবির ক্যাপশান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম
বাংলাদেশের রাজধানী ঢাকার জিরো পয়েন্ট
থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় কোনো হকার থাকবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি
করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম।
বৃহস্পতিবার দুপুরে পল্টন জিরো
পয়েন্টে তিনি এই কথা বলেন।
মি. সালাম বলেন, “ফুটপাতের
বাঁ পাশে অর্থাৎ পূর্ব পাশে রমনা ভবন থেকে ফুটপাতের একটা অংশ তারা হাঁটার জায়গা
রেখে ব্যবহার করে পারবে। কিন্তু দক্ষিণ পাশে কোনো ব্যবহার হবে না।”
কোনো হকারকে প্রশাসনের দিক থেকে উচ্ছেদ করতে হয়নি, বরং হকার নেতারা নিজেরাই সবাইকে উঠে যেতে আহ্বান করে সহযোগিতা
করেছেন বলে উল্লেখ করেন ডিএসসিসি প্রশাসক।
তিনি বলেন, “গুলিস্তানের
মোড় থেকে গোলাপ শাহ মাজারের সামনে থেকে শুধু বাঁ সাইডে অর্থাৎ পূর্ব পাশে ফুটপাথটা
তারা ব্যবহার করতে পারবে। কিন্তু জনগণের হাঁটার রাস্তা রেখে আর ডান সাইডে কেউ বসতে
পারবে না। আর রাস্তা পরিষ্কার থাকবে। এটা কাকরাইল থেকে নর্থ সাউথ রোড হয়ে সদরঘাট পর্যন্ত
এই রাস্তাটা আমরা ক্লিন রাখব। যাতে গাড়িগুলো স্মুথলি চলতে পারে, মানুষ যাতে ঠিকভাবে
চলতে পারে।”
স্থানীয় সরকার নির্বাচন 'জানুয়ারির দিকে' করার পরিকল্পনা নির্বাচন কমিশনের
ছবির উৎস, Screen Grab
ছবির ক্যাপশান, নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার
নির্বাচন কমিশনার আনোয়ারুল
ইসলাম সরকার জানিয়েছেন, ডিসেম্বরের ভেতরে পরীক্ষা শেষ হয়ে গেলে জানুয়ারির দিকে
স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
বৃহস্পতিবার নির্বাচন
কমিশন সচিবালয়ে তিনি বলেন, “নভেম্বরে-ডিসেম্বরে
বার্ষিক পরীক্ষা এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো বিবেচনায় এই পর্যায়ে
আমরা এখানে কোনো সুযোগ দেখছি না। আমরা আশা রাখি এই পরীক্ষাগুলো ডিসেম্বরের ভেতরে
শেষ হয়ে গেলে জানুয়ারির দিকে আমরা ইনশাল্লাহ করতে পারবো।”
একটা নির্বাচনের তফসিল দেওয়ার ক্ষেত্রে অনেকগুলো বিষয় বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় উল্লেখ করে তিনি
জানান, “আমরা সম্ভাব্য একটা তারিখ ঘোষণা করেছিলাম। পরে দেখা গেল যদি, নভেম্বরের ১২
তারিখে নির্বাচনটা হয় তাহলে ১২ তারিখের পরপরই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক
পরীক্ষা শুরু হবে।”
এ বছর এসএসসি পরীক্ষার সময়
বন্যায় অনেক এলাকায় পরীক্ষার্থীরা এবং অনেক শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছিল।
এ কারণে ওই এলাকাগুলোর এসএসসি পরীক্ষা পেছানো
হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।
“ফলে সেসব দিক আরো নিবিড়ভাবে
বিবেচনা করেছে নির্বাচন কমিশন। ডিসেম্বরেও একই। তো সব কিছু বিবেচনায় নিয়েই...হয়তো একটু পিছিয়ে যাবে,” বলেন এই নির্বাচন কমিশনার।
এর আগে, নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছিল এবং "সরকারের চাপে নয়, বরং পরীক্ষাসহ সকল ধরনের বাস্তবতা বিবেচনায়" জানুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের কথা চিন্তা করা হচ্ছে বলেও তিনি জানান।
“প্রায় পাঁচ হাজার ইউনিয়ন
পরিষদের নির্বাচন ধাপে ধাপে করতে গেলেও দেখা যাবে, একেকটা ধাপে সংখ্যাটা অনেক বড়
হয়ে যায়। সবকিছু হিসাব-কিতাব করে আমরা করবো ইনশাআল্লাহ,” বলেন নির্বাচন কমিশনার মি.
সরকার।
জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচনের
অন্তত ৪০ থেকে ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
গতকালের উল্লেখযোগ্য কয়েকটি খবর:
সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি ক্লিনিক স্থাপনের অনুমতি দেবে না বলে ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে সরকারি হাসপাতালের এই সীমানার মধ্যে থাকা ক্লিনিকগুলোতে প্র্যাকটিস করতে পারবেন না সরকারি হাসপাতালের চিকিৎসকেরা।
বাংলাদেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে বাসের পর বাড়লো লঞ্চের ভাড়াও। বুধবার লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠকের পর নৌপরিবহন মন্ত্রী এই তথ্য জানান।
সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ২০১ জনে দাঁড়ালো।
বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতীয় ইলিশ আমদানি বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। মৎস্য অধিদপ্তরের ইলিশ আমদানির ১০৩টি অনাপত্তি সনদ বাতিল করায় এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
বাংলাদেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গে মারা গেছে ৯৭৫ জন।
উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের চারটি সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে না, তবে তারা "পারমাণবিক বিজ্ঞান" এবং "শান্তিপূর্ণ প্রযুক্তি" ত্যাগ করবে না।
মার্কিন বিমান নিষেধাজ্ঞায় যোগ দিলে আঞ্চলিক দেশগুলোর বিমানবন্দরও অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান।
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের একজন সামরিক উপদেষ্টা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তাদের সঙ্গে সংঘাতে সৌদি আরবকে সমর্থন দিতে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করলে অথবা বাব আল-মান্দেব প্রণালি খুলে দেওয়ার চেষ্টা করলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোয় হামলা চালাবে তারা।
পাকিস্তানের সামরিক বাহিনী বলেছে, তারা ‘আটটি ড্রোন’ ভূপাতিত করেছে, যেগুলো তাদের দাবি অনুযায়ী সীমান্তের কাছে ‘আফগান ভূখণ্ড’ থেকে উড়েছিল। তবে তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, আফগানিস্তান থেকে পাকিস্তানের বিরুদ্ধে ‘কোনো হামলা’ হয়নি এবং “এ নিয়ে যে গুজব ছড়ানো হয়েছে তা সত্য নয়”।
বিবিসি বাংলার লাইভ
বিবিসি
বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর
পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।