কওমি ধারার সাত ইসলামি দলের বৈঠক, ঐক্য প্রতিষ্ঠায় লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্ত

ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য প্রক্রিয়া এগিয়ে নিতে রোববার বৈঠক করেছেন কওমি ধারার সাতটি ইসলামি দলের নেতারা। এজন্য ২৪ সদস্যের একটি লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছেন তারা। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

বিবিসি বাংলার লাইভ পাতায় আজ রিপোর্টিং করছেন তারেকুজ্জামান শিমুল, সম্পাদনায় সাইয়েদা আক্তার।

  1. রোববার সারাদিন যা যা ঘটেছে:

    • কওমি ধারার সাতটি ইসলামি দল বৈঠক করে নিজেদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠায় একটি লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে।
    • মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্র, কিশোরগঞ্জের জলমহাল দখল সংঘর্ষ এবং কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর এবং লুটপাটের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠান টিআইবি।
    • আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা ও লুটপাটের ঘটনায় দায়িত্বে গাফিলতির অভিযোগের শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে।
    • ঢাকায় নিজের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির যে অভিযোগ তুলেছেন, সেটিকে ‘ঢালাও অভিযোগ’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
    • 'ফেসবুকে এসে অভিযোগ করলেও হামলার ঘটনায় থানায় মামলা কেন করেননি?' স্বরাষ্ট্রমন্ত্রীর এমন প্রশ্নের জবাবে মি. মুক্তাদির অভিযোগ করেছেন, হামলার ঘটনার পরপরই তিনি ক্যান্টনমেন্ট থানায় যান এবং রোববার ভোর পর্যন্ত সেখানে ছিলেন। তার দাবি, সে সময় তার মামলা নেওয়া হয়নি।
    • বাংলাদেশে হাম ও এর উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও অন্তত নয় শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামে অকালে প্রাণ হারানো শিশুর সংখ্যা এক হাজার ৯৬-তে দাঁড়িয়েছে।
    • ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় অন্ততপক্ষে দুই হাজার ১৫৮ জন রোগী হাসপাতালে হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছর এখন পর্যন্ত এটাই একদিনে হাসপাতালে সর্বোচ্চ রোগী ভর্তি হওয়ার রেকর্ড।
    • যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারে মার্কিন সেনাদের ব্যবহৃত একটি বিমানঘাঁটির কাছে 'বড় ঘটনা' ঘটেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর সন্দেহে ইতোমধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।
    • যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতের সমাধান কেবলমাত্র 'আলোচনার মাধ্যমেই সম্ভব' বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
    • দক্ষিণ আফ্রিকায় কয়েক ঘণ্টার ব্যবধানে দু'টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। সেখানে এলোপাথাড়ি গুলিতে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ২৬ জন।
    • বিদেশে পাচার করার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশীয় প্রজাতির ১১৬৩টি ‘কড়ি কাইট্টা’ কচ্ছপ উদ্ধার করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এসময় পাচারকারী সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
    • কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে রোববার দুপুরে হিন্দুত্ববাদী সংগঠন অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের সদস্যদের সঙ্গে ফিল্ম ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে।

    বিবিসি বাংলার লাইভপাতা আজ এখানেই শেষ হচ্ছে।

    বিবিসি বাংলার অন্যান্য খবর পড়ার জন্য মূলপাতায় ক্লিক করুন।

    এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

  2. কওমি ধারার সাত ইসলামি দলের বৈঠক, ঐক্য প্রতিষ্ঠায় লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্ত

    কওমি ধারার সাত দলের বৈঠকটি হয়েছে
    ছবির ক্যাপশান, কওমি ধারার সাত দল নিজেদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠায় আগেও বৈঠক করেছে (ফাইল ফটো)

    মতপার্থক্য দূর করে নিজেদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে রোববার বৈঠক করেছেন কওমি ধারার সাতটি ইসলামি দলের নেতারা।

    ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য প্রক্রিয়া এগিয়ে নিতে তারা ২৪ সদস্যের একটি লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যাচ্ছে।

    যদিও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

    রোববার চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় সাত দলের প্রতিনিধিরা বৈঠকে বসেন।

    সেখানে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

    যেসব দলের নেতারা বৈঠকে অংশ নেন তাদের মধ্যে রয়েছে - ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

    নতুন যে লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে, সেখানে দুই দিনের মধ্যে নিজেদের প্রতিনিধিদের নাম হেফাজতে ইমলামের মহাসচিবের কাছে পাঠাতে বলা হয়েছে।

  3. শাহজালাল বিমানবন্দর থেকে ১১৬৩টি কচ্ছপ উদ্ধার, পাচারকারী সন্দেহে একজন গ্রেফতার

    কচ্ছপ

    বিদেশে পাচার করার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশীয় প্রজাতির ১১৬৩টি ‘কড়ি কাইট্টা’ কচ্ছপ উদ্ধার করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

    এসময় পাচারকারী সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

    রোববার এক বিবৃতিতে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও বিমানবন্দর কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে অভিযানটি চালান। পরে মালয়েশিয়াগামী একটি ফ্লাইটের যাত্রীর একাধিক লাগেজ থেকে কচ্ছপগুলো জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।

    গ্রেফতার হওয়া ব্যক্তি বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কাছে দাবি করেছেন যে, তিনি অর্থের বিনিময়ে লাগেজগুলো মালয়েশিয়া নিয়ে যাচ্ছিলেন।

    ঘটনার সঙ্গে বড় একটি চক্র জড়িত বলে ধারণা করছেন কর্মকর্তারা।

    এদিকে, ঘটনার পর বিমানবন্দর থানায় একটি মামলা করেছে বন অধিদপ্তর।

    প্রাথমিক পরিচর্যা শেষে উদ্ধার হওয়া কচ্ছপগুলোকে দ্রুতই প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে বলেও জানিয়েছেন কর্মকর্তারা।

  4. সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধীদলের অংশগ্রহণ চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

    রোববার সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে

    বাংলাদেশের সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য বিরোধীদলের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির সরকার।

    রোববার সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক শেষে এ আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, যিনি একইসঙ্গে ওই কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন।

    বিরোধীদল সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় অংশ নিলে তাদের প্রস্তাব এবং মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে জানান তিনি।

    "আমরা বারবারই বিরোধী দলকে আহ্বান জানিয়েছি। এখনো আহ্বান জানাই- তারা যখনই এই কমিটিতে যোগদান করবেন, আমরা স্বাগত জানাব। তাদের বক্তব্য ও প্রস্তাব নিয়ে আলোচনা হবে," বলেন মি. আহমদ।

    তিনি আরও বলেন, "আলোচনায় অংশ নিলে বিরোধী দলের পক্ষ থেকে উত্থাপিত বিভিন্ন বিষয়ও ধারণ করা ও সমন্বয় করা সম্ভব হবে। সরকার চায় সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়ে বিভক্তি না রেখে ঐকমত্যের ভিত্তিতে কাজটি সম্পন্ন করতে।

    কমিটির পক্ষ থেকে আগামী ডিসেম্বরের মধ্যে সংবিধান সংশোধনের রিপোর্ট জমা দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে বলে জানান মন্ত্রী।

    সবকিছু ঠিক থাকলে আগামী বছরের প্রথম সংসদ অধিবেশনেই বিলটি সংসদে উত্থাপন করা সম্ভব হবে বলেও মনে করেন কমিটির সদস্যরা।

  5. ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ রোগী হাসপাতালে ভর্তি, মৃত্যুর সংখ্যা বেড়ে ২২৫

    ডেঙ্গু রোগের বাহক এডিস মশা

    ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় অন্ততপক্ষে দুই হাজার ১৫৮ জন রোগী হাসপাতালে হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছর এখন পর্যন্ত এটাই একদিনে হাসপাতালে সর্বোচ্চ রোগী ভর্তি হওয়ার রেকর্ড।

    একই সময়ে ডেঙ্গুতে আরও কমপক্ষে ছয়জনের প্রাণহানি ঘটেছে, যা নিয়ে এবছর মশাবাহিত রোগটিতে মৃত্যুর সংখ্যা ২২৫-তে দাঁড়িয়েছে।

    স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ৩১১ জন ভর্তি হয়েছে, আর দক্ষিণ সিটিতে ভর্তি হয়েছে ১৯৭ জন।

    দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছে ৩৫৬ জন।

    এছাড়া বরিশালে ২২৭ জন, চট্টগ্রামে ৩৪৫ জন, খুলনায় ৩২৯ জন, ময়মনসিংহে ১৩২, রাজশাহীতে ১৭৬, রংপুরে ৭৩ ও সিলেটে ১২ জন ভর্তি হয়েছেন।

    এ নিয়ে চলতি বছর বাংলাদেশে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রায় ৭৩ হাজার ৬৯৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ৬৮ হাজার ছয় জন ইতোমধ্যে হাসপাতাল ছেড়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

  6. দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের গুলিতে অন্তত ২৭ জন নিহত

    দক্ষিণ আফ্রিকায় বন্দুক সহিংসতা বাড়ছে

    দক্ষিণ আফ্রিকায় কয়েক ঘণ্টার ব্যবধানে দু'টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। সেখানে এলোপাথাড়ি গুলিতে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ২৬ জন।

    শনিবার সন্ধ্যা থেকে রোববার ভোর পর্যন্ত সময়ের মধ্যে হামলার ঘটনা দু'টি ঘটে, যা দেশটির সাম্প্রতি ইতিহাসে অন্যতম ভয়াবহ বন্দুক হামলা বলে বর্ণনা করা হচ্ছে।

    এর মধ্যে গত শনিবার সন্ধ্যায় জোহানেসবার্গের কাছে একটি বারে আটজন বন্দুকধারীর একটি দল আকস্মিকভাবে হামলা চালায়। তাদের এলোপাথাড়ি গুলিতে অন্তত ১৭ জন নিহত এবং আরও ১৫ জন আহত হন।

    ঘটনাস্থল থেকে পালানোর সময় বন্দুকধারীরা বেশকিছু যানবাহনে আগুনও ধরিয়ে দেয়।

    এরপর রোববার ভোরে কেপটাউনের নিকটবর্তী একটি বিনোদন কেন্দ্রের বাইরে আরেকটি বন্দক হামলা হয়। সেখানে গুলি অন্তত ১০ জন নিহত এবং আরও ১১ জন আহত হন।

    এসব ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

    এর কয়েকদিন আগে, দেশটির ডারবান শহরের একটি বাড়িতেও বন্দুক হামলার ঘটনা ঘটে। সেখানে ১১ জনকে হত্যা করা হয়।

    দক্ষিণ আফ্রিকায় অবৈধ অস্ত্রের ব্যাপক প্রচলন রয়েছে এবং বন্দুক হামলার ঘটনা কয়েক দশক ধরে একটি স্থায়ী সমস্যায় রূপ নিয়েছে।

    প্রায় ছয় কোটি ২০ লক্ষ জনসংখ্যার দেশটিতে প্রতিদিন প্রায় ৬০টি হত্যাকাণ্ডের অভিযোগ নভিভুক্ত করছে সেখানকার পুলিশ।

    সাম্প্রতিক বছরগুলোতে দেশটির অপরাধ চক্রগুলোর মধ্যে পাল্টা-পাল্টি হামলার ঘটনাও বেড়েছে, যা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে সেখানকার পুলিশ।

    যদিও সর্বশেষ দু'টি হামলার সঙ্গে ওইসব গ্যাংগুলো জড়িত কি-না, সেটি নিশ্চিত হওয়া যায়নি।

  7. হাম উপসর্গে আরও নয় শিশুর মৃত্যু

    হাম আক্রান্ত শিশু

    বাংলাদেশে হাম ও এর উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও অন্তত নয় শিশুর মৃত্যু হয়েছে।

    এর মধ্যে ঢাকাতেই মারা গেছে চার শিশু। এছাড়া সিলেট ও চট্টগ্রামে দু'জন করে এবং ময়মনসিংহে এক শিশু হাম উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে।

    একই সময়ে অন্তত এক হাজার ৩৪১ শিশুর শরীরে নতুন করে হাম উপসর্গ দেখা দেখে বলে রোববার এক বিবৃতিতে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

    এর মধ্যে ১১৩ শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে। এ নিয়ে গত ছয় মাসে নিশ্চিত হামরোগির সংখ্যা ২১ হাজার ২১২ জনে দাঁড়িয়েছে।

    এছাড়া হাম উপসর্গে হাসপাতালে ভর্তি শিশুর সংখ্যা এক লাখ ৬৬ হাজার ছাড়িয়ে গেছে। এছাড়া হাম ও হাম উপসর্গ নিয়ে অকালে প্রাণ হারিয়েছে অন্তত এক হাজার ৯৬ শিশু।

    এর মধ্যে ১০১ শিশু নিশ্চিত হামে এবং ৯৯৫ শিশু সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে মারা গেছে।

  8. দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

    মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রের বর্তমান অবস্থা

    ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্র, কিশোরগঞ্জের জলমহাল দখল সংঘর্ষ এবং কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর এবং লুটপাটের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠান 'ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ' (টিআইবি)।

    এসব ঘটনা সরকারের জন্য 'অশনিসংকেত' উল্লেখ করে দ্রুত জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানিয়েছে সংস্থাটি।

    সেইসঙ্গে, ক্ষমতাসীন দল বিএনপি'র মধ্যেও 'আত্মশুদ্ধি অভিযান' শুরু করার আহ্বানও জানিয়েছে সংস্থাটি।

    রোববার এক বিবৃতি এসব কথা বলেছে টিআইবি। রাড্ডা এমসিএইচ-এ লুটপাট, ভাঙচুর এবং জবরদখল সরকার ও ক্ষমতাসীন দলের জন্য 'বিব্রতকর দৃষ্টান্ত' স্থাপন করেছেও বলেও উল্লেখ করা হয়েছে।

    বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান প্রশ্ন তোলেন, "জাতীয় সংসদের সংরক্ষিত আসনের একজন সদস্যের পৃষ্ঠপোষকতায় পুলিশের উপস্থিতিতে শত শত মানুষের সামনে অর্ধশত বছর ধরে গরীব অসহায় মা ও শিশুদের স্বাস্থ্যসেবা প্রদানকারী একটি দাতব্যপ্রতিষ্ঠান ধ্বংস করে ক্ষমতাসীন দল কোন ধরনের দৃষ্টান্ত স্থাপন করছে?"

    "রক্তক্ষয়ী জুলাই অভ্যুত্থানের মাধ্যমে কর্তৃত্বপরায়ন চোরতন্ত্রের পতনের প্রেক্ষাপটে ঐতিহাসিক নির্বাচনের জনরায়ে ক্ষমতায় অধিষ্ঠিত দলের নেতাকর্মীদের এ জাতীয় কর্মকাণ্ড দেশবাসীর কাছে কী বার্তা দিচ্ছে?

    সাধারণ জনগণের মানসপটে বিগত সময়ের কর্তৃত্ববাদী সরকারের স্বেচ্ছাচারী আচরণ এখনো সতেজ। এ রকম একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিএনপির নীতি-নির্ধারকগণ দলীয় নেতাকর্মীদের উল্লেখযোগ্য অংশের চলমান দখলবাজি ও চাঁদাবাজির পরিণতি ভেবে দেখছেন কী!" যোগ করেন ড. ইফতেখারুজ্জামান।

    বিবৃতিতে আরও বলা হয়েছে, 'কর্তৃত্ববাদি চোরতন্ত্রের পতনের পর বিজয়ের দাবিদার হিসেবে আগষ্ট ২০২৪ থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাকর্মীদের একাংশের বিরুদ্ধে সারাদেশে দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ব্যাপক অভিযোগ ওঠে।'

    কিশোরগঞ্জের জলমহাল দখল নিয়ে স্থানীয় বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ও ক্রিয়েটিভ স্টুডিও ভাঙচুরের দৃষ্টান্ত উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, "এগুলো কোনো বিচ্ছিন্ন বিষয় নয়, বরং ২০২৪ এর আগস্টের পর থেকে সংঘটিত ঘটনাবলীর ধারাবাহিকতা মাত্র। যা সরকারের যাবতীয় ভালো উদ্যোগ ও সদিচ্ছাকে ম্লান করে জনগণের কাছে নেতিবাচক বার্তা উপস্থাপন করার জন্য যথেষ্ট।"

    "এক্ষেত্রে সরকারি দল যদি তাদের দুর্নীতিবিরোধী নির্বাচনী অঙ্গীকারের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এখনই কার্যকর আত্মশুদ্ধিমূলক পদক্ষেপ গ্রহণ না করে, তবে অদূর ভবিষ্যতে এই দখলবাজি ও চাঁদাবাজির নিয়ন্ত্রনের আর সুযোগ বা ক্ষমতা তারা চাইলেও পাবেন না।

    অন্তত নিকট অতীতের দৃষ্টান্ত সেটাই বলছে। শক্ত হাতে স্বার্থান্বেষী গোষ্ঠীকে দমন করতে না পারলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, তখন হয়তো কিছুই করা সম্ভব হবে না," বিবৃতিতে বলেছে টিআইবি।

  9. কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে হিন্দুত্ববাদীদের সাথে ছাত্রদের সংঘর্ষ

    সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (SRFTI) ক্যাম্পাসে সংঘর্ষের মুহূর্ত
    ছবির ক্যাপশান, সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (SRFTI) ক্যাম্পাসে সংঘর্ষের মুহূর্ত

    কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে রোববার দুপুরে হিন্দুত্ববাদী সংগঠন অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের সদস্যদের সঙ্গে ফিল্ম ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়।

    অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত নামে সংগঠনটিকে ক্যাম্পাসের অডিটোরিয়াম ভাড়া দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ সূত্রপাত হয়।

    এই সংগঠনটির প্রতিষ্ঠাতার সঙ্গে হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ বা আরএসএসের যোগাযোগের কথা অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে।

    প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যাচ্ছে, প্রথমে স্লোগান-পাল্টা স্লোগানকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। পরে তা হাতাহাতি এবং শারীরিক হামলার অভিযোগে গড়ায়।

    উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে।

    ফিল্ম ইনস্টিটিউটের সাউন্ড বিভাগের ছাত্র সোহম পাল বিবিসির কাছে অভিযোগ করেছেন, “ক্যাম্পাসের এই জায়গাটি যে ওদের অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়েছে, সেটা আমরা জানতামই না। অথচ আমাদের ক্যাম্পাসের কোনও অংশ অনুষ্ঠান বা শ্যুটিংয়ের জন্য ভাড়া দেওয়া হলে সাধারণত ছাত্রছাত্রীদের সেটা জানানো হয়।”

    অন্যদিকে, অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের আয়োজকরা স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কোনও প্ররোচনা ছাড়াই ছাত্রছাত্রীরা তাদের উপর হামলা করেন।

    এদিকে ঘটনাস্থলে এখন বিজেপি সমর্থকরাও জড়ো হয়েছেন।

    পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

  10. মামলা করা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশ্নের জবাবে যা বললেন সালমান মুক্তাদির

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির
    ছবির ক্যাপশান, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির

    শনিবার রাতে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনা নিয়ে রোববার সচিবালয়ে সালাহউদ্দিন আহমদের বক্তব্য ও কয়েকটি মন্তব্যের জবাব দিতে ফেসবুকে নতুন ভিডিও আপলোড করেছেন এই কন্টেন্ট ক্রিয়েটর।

    তাতে দুপুরে 'ফেসবুকে এসে অভিযোগ করলেও হামলার ঘটনায় থানায় মামলা কেন করেননি?' স্বরাষ্ট্রমন্ত্রীর এমন প্রশ্নের জবাবে মি. মুক্তাদির অভিযোগ করেছেন, হামলার ঘটনার পরপরই তিনি ক্যান্টনমেন্ট থানায় যান এবং রোববার ভোর পর্যন্ত সেখানে ছিলেন।

    তার দাবি, সে সময় তার মামলা নেওয়া হয়নি।

    ভিডিওতে সালমান মুক্তাদির বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় তিনি বিস্মিত হয়েছেন।

    "আমি যে গতরাতে চারটা পর্যন্ত এতগুলো মানুষ নিয়ে আপনার থানাতে বসেছিলাম, ক্যান্টনমেন্ট থানায় গতরাতে চারটা পর্যন্ত বসে থেকে টায়ার্ড হয়ে বাসায় ফেরত আসলাম," ফেসবুকে নিজের ফেরিফায়েড অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে বলেন মি. মুক্তাদির।

    তার ভাষ্য অনুযায়ী, সকালে তার ক্ষতিগ্রস্ত স্টুডিও'র ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সেই প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি নিয়ে মন্তব্য করার পর রোববার দুপুরে মামলা নেয় পুলিশ।

    “এর আগ পর্যন্ত মামলা আসলে কেন দায়ের করা হয় নাই - এই প্রশ্নটা আপনার কাছে থাকার কথা আমার, দেশবাসীরও।” বলেন মি. মুক্তাদির।

    এর আগে ঢাকায় নিজের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় সালমান মুক্তাদির বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির যে অভিযোগ তুলেছেন, তাকে ‘ঢালাও অভিযোগ’ বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্ন বলেন, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির ‘ঢালাও অভিযোগ’ তুলেছেন।

  11. আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    রোববার সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি একথা জানান।

    'রাজনৈতিক পরিচয় দেখে নয়, বরং দলমত নির্বিশেষে' অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

    সেইসঙ্গে, কোন ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গাফিলতি প্রমাণ হলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান মি. আহমদ।

    সেই ধারাবাহিকতায় মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা ও লুটপাটের ঘটনার পর শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হচ্ছে বলে জানান মন্ত্রী।

    এছাড়া গোপন গোয়েন্দা তথ্যের পুলিশের পক্ষ থেকে ঢাকায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের কার্যালয়ে অভিযান চালানো হয়েছিল বলে দাবি করেন তিনি।

    "গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, উক্ত কার্যালয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কিছু সদস্য একত্রিত হয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল।

    সেই তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায় এবং জিজ্ঞাসাবাদের জন্য প্রাথমিক আটক করা প্রায় ২৮০ জনের মধ্যে বেশিরভাগকেই ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে ২৭ জনকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে রাখা হয়েছে," বলেন মি. আহমদ।

  12. যুক্তরাজ্যে থাকা মার্কিন বিমানঘাঁটির কাছে 'সতর্কতা', বিস্ফোরক আইনে আটক কয়েকজন

    ব্রিটিশ পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে

    যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারে মার্কিন সেনাদের ব্যবহৃত একটি বিমানঘাঁটির কাছে 'বড় ঘটনা' ঘটেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। তবে ঘটনাটি ঠিক কী - সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

    দেশটির পুলিশের কাউন্টার-টেরর বিভাগ এ ঘটনায় তদন্ত শুরু করেছে, এবং বিস্ফোরক দ্রব্যের ব্যবহার ঘটিয়ে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর সন্দেহে ইতোমধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

    তবে, কর্মকর্তারা বলছেন, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

    শেষ খবর পাওয়া পর্যন্ত বিমানঘাঁটির পাশের ওই এলাকাটি নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছেন এবং সেখানকার বাড়িঘর খালি করে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

    যুক্তরাজ্যের সন্ত্রাসবিরোধী পুলিশ অভিযানটির নেতৃত্ব দিচ্ছে বলে জানা যাচ্ছে। তাদের বোমা নিষ্ক্রিয়কারী দলের বিশেষজ্ঞরা, বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছেন।

    ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম আরএএফ ফেয়ারফোর্ডের কাছের ওই ঘটনাটি সম্পর্কে খোঁজ-খবর রাখছেন বলে জানিয়েছে তার দপ্তর।

    দেশটির সরকারের একজন মুখপাত্র বলেছেন, “আমরা জরুরি পরিষেবাগুলোর প্রতি কৃতজ্ঞ, যারা দ্রুত পদক্ষেপ নিয়ে বেশ কয়েকজন সন্দেহভাজনকে আটক করেছেন এবং বাসিন্দাদেরকে নিরাপদ রাখতে ব্যবস্থা গ্রহণ করেছেন।"

    ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের ওই বিমানঘাঁটি ব্যবহার করে আসছেন মার্কিন সেনারা।

    তারা 'সতর্ক অবস্থায় রয়েছেন' বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একজন মুখপাত্র।

  13. হরমুজ খুলে দেয়ার প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করার জবাবে যা বলছে ইরান

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি
    ছবির ক্যাপশান, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

    যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতের সমাধান কেবলমাত্র 'আলোচনার মাধ্যমেই সম্ভব' বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি পুনরায় খোলার বিষয়ে তেহরানের পক্ষ থেকে পাঠানো প্রস্তাব প্রত্যাখ্যান করার পর এমন মন্তব্য করলেন ইরানের মি. আরাঘচি।

    এর আগে, শুক্রবার নিউইয়র্কে মি. আরাঘচি সাংবাদিকদের বলেছিলেন, 'প্রয়োজনীয় শর্ত পূরণ হলে' একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব এবং এসব শর্ত দুই দেশের মধ্যে জুন মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারকেই উল্লেখ আছে।

    কিন্তু শনিবার ট্রাম্প বলেছেন, তেহরান এমন একটি চুক্তি করতে চাইছে, যার মাধ্যমে তারা দ্রুত হরমুজ প্রণালি খুলে দেবে, কারণ তারা 'খুব বাজেভাবে হারছে'।

    এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তেহরান মধ্যস্থতাকারীদের কাছ থেকে আনুষ্ঠানিক জবাবের জন্য অপেক্ষা করবে।

    উল্লেখ্য যে, হরমুজ প্রণালি দিয়ে সাধারণত বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ গ্যাস ও তেল সরবরাহ পরিবহন করা হয়। গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গুরুত্বপূর্ণ এ জলপথটি কার্যত বন্ধ রয়েছে, যার ফলে জ্বালানি তেলের বাজার অস্থিতিশীল হয়ে পড়েছে।

  14. সালমান মুক্তাদির ‘বিএনপির বিরুদ্ধে ঢালাও অভিযোগ’ করেছেন, মামলা করেননি: স্বরাষ্ট্রমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    ঢাকায় নিজের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির যে অভিযোগ তুলেছেন, সেটিকে ‘ঢালাও অভিযোগ’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেছেন, চাঁদাবাজির কারণে নয়, বরং জমি নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধের জেরে হামলার ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে পুলিশের কাছ থেকে তথ্য পেয়েছেন।

    এছাড়া (সালমান মুক্তাদির) ফেসবুকে এসে অভিযোগ করলেও হামলার ঘটনায় তিনি মামলা কেন করেননি, সে প্রশ্ন তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

    “আমার প্রশ্ন হচ্ছে, সেই ভদ্র লোক, যিনি এই অভিযোগটা ফেসবুকে লাইভে এসে করছেন, তিনি কি কোনো মামলা দায়ের করেছেন? করেননি।” বলেন মি. আহমদ।

    “তিনি একপর্যায়ে বলেছেন, তার কাছ থেকে কেউ চাঁদা চায়নি। চাইলে নাকি দিতো- এরকম আমি শুনেছি...তাহলে এটা চিহ্নিত কেউ না। তিনি তারপরও বলছেন, বিএনপি চাঁদাবাজ দল, এটা ঢালাও অভিযোগ। আমার দিকেও অঙ্গুলি নির্দেশ করেছেন। যদি তিনি সুনির্দিষ্ট মামলা করেন, আমরা সেটা তদন্ত করে দেখতে পারি,” যোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

    হামলার ঘটনায় মি. মুক্তাদির মামলা না করলেও পুলিশের পক্ষ থেকে প্রাথমিক একটি তদন্ত শুরু করা হয়েছে বলে জানান সালাহউদ্দিন আহমদ।

    সেখানে চাঁদাবাজির তথ্য পাওয়া যায়নি, বরং জমি নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনাটি ঘটেছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

    “তবে এ ঘটনায় তিনি ভিক্টিমাইজড হয়েছেন। সেটা আমরা দেখেছি। আমরা এটার একটা প্রাথমিক তদন্ত করেছি। এটা খুবই সংক্ষিপ্ত, এটা আরো বিস্তারিত তদন্ত করতে হবে এবং এ বিষয়ে মামলা, জিডি-এ আইনগত প্রক্রিয়া চালু আছে,” বলেন মি. আহমদ।

    শনিবার রাতে মিরপুরের ইসিবি চত্বরে অবস্থিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনাটি ঘটে।

    ঘটনার পর সালমান মুক্তাদিরের ফেসবুক লাইভে অফিসে ব্যাপক ভাঙচুরের চিত্র দেখা গেছে, তবে হামলায় কেউ আহত হননি বলে জানানো হয়েছে।

    ওই ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

  15. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে।