আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

লাইভ, পশ্চিমবঙ্গে নতুন সরকারের শপথ শনিবার

কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আগামী শনিবার পশ্চিমবঙ্গের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য। এদিকে, চীন সফরে থাকা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান শুধু একটি “ন্যায্য ও সমন্বিত চুক্তি” গ্রহণ করবে। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়…

সরাসরি কভারেজ

  1. পশ্চিমবঙ্গে নতুন সরকার গড়ার তোড়জোড় শুরু

    পশ্চিমবঙ্গে নতুন সরকার গড়ার তোড়জোড় শুরু হয়ে গেছে। বর্তমান বিধানসভার মেয়াদ বুধবার রাত ১২টার পর শেষ হতে চলেছে।

    তার আগে রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির সঙ্গে সাক্ষাৎ করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল। বুধবার সকালে এই সংক্রান্ত গেজেট নোটিফিকেশন নিয়ে রাজভবন তথা অধুনা লোক ভবনে গিয়েছিলেন মি. আগরওয়াল ও কমিশনের অন্যান্য কর্মকর্তারা।

    এদিকে, বিদায়ী মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আগেই জানিয়ে দিয়েছেন তিনি পদত্যাগ করবেন না। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছিলেন, “কেন ইস্তফা দেব? আমরা তো হারিনি। জোর করে ভোট লুট করা হয়েছে। ইস্তফা দেওয়ার প্রশ্ন কেন উঠছে?”

    আইন বলছে, ছয়ই মে-র পর মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না মমতা ব্যানার্জী। বিদায়ী মন্ত্রিসভাও আর কার্যকর থাকবে না।

    এর মাঝেই গেরুয়া শিবিরে নতুন সরকার গড়ার তোড়জোড় দেখা যাচ্ছে। আগামী নয়ই মে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হতে চলেছে বলেও ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে।

  2. হাম ও উপসর্গ নিয়ে আরও সাত জনের মৃত্যু

    সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে সাতজন মারা গেছেন। এদের মাঝে দু'জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

    আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১৫ই মার্চ থেকে আজ ছয়ই মে সকাল ৮টা পর্যন্ত নিশ্চিত হামে দেশজুড়ে ৫৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ২৬৮ জন।

    ওই সময়সীমার মাঝে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ছয় হাজার ৯৯ জন ও সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ২৬০ জন।

  3. পশ্চিমবঙ্গে নতুন সরকারের শপথ নয়ই মে

    আগামী নয়ই মে, শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। একথা জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

    বুধবার তিনি বলেন, “আগামী নয়ই মে আমাদের শপথগ্রহণ অনুষ্ঠান। ব্রিগেডে সকাল দশটায়।”

    রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের জন্য নবান্নে গিয়েছিলেন মি. ভট্টাচার্য। সেই সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন।

    প্রসঙ্গত, পঁচিশে বৈশাখ (নয়ই মে)-কেই যে শপথগ্রহণ অনুষ্ঠানের জন্য বেছে নেওয়া হবে, সেই নিয়ে জোরদার আলোচনা চলছিল। জল্পনা চলছে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম নিয়েও।

    এদিকে, ব্রিগেডে মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান এবং নবান্নের পরিবর্তে মহাকরণ থেকেই সরকার চালানোর বিষয়ে নিয়েও আলোচনা চলছে।

    এর আগে কখনো ব্রিগেডে শপথ নিতে দেখা যায়নি রাজ্যের কোনো মুখ্যমন্ত্রীকে। এতদিন রাজভবনে তথা অধুনা লোক ভবনেই শপথ নিতে দেখা গিয়েছে রাজনৈতিক ব্যক্তিত্বদের।

    অনেকেই একে নজিরবিহীন বলে আখ্যাও দিয়েছেন। তবে ব্রিগেডের সঙ্গে পশ্চিমবঙ্গের রাজনীতির সম্পর্ক দীর্ঘদিনের।

  4. নন্দীগ্রাম না ভবানীপুর, কোন আসন বেছে নেবেন বিজেপির শুভেন্দু অধিকারী?

    পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী কে হবেন এই নিয়ে জল্পনা তুঙ্গে। এরই মাঝেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত মেনে চলবেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী যিনি নন্দীগ্রাম ও ভবানীপুর- দুই কেন্দ্র থেকেই জয়ী হয়েছেন। নিয়ম অনুযায়ী তাকে একটি কেন্দ্রের প্রতিনিধিত্ব ছেড়ে দিতে হবে।

    তিনি বুধবার বলেছেন, “আমার কেন্দ্রীয় নেতারা যা ঠিক করবেন সেটাই হবে। দশদিনের মধ্যে যে কোনো একটা সিট ছাড়তে হবে। আমি আপনাদের বলছি, আমি ভবানীপুর, নন্দীগ্রাম দুটোই বলব। আমি আমার কর্তব্য থেকে সরে আসব না- সেটা আমি দুটোকেই (ভবানীপুর ও নন্দীগ্রাম কেন্দ্রকে ইঙ্গিত করে) বলছি। কিন্তু বাকিটা আমার হাতে নয়।”

    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয় লাভের পর বুধবার নন্দীগ্রামে গিয়েছিলেন শুভেন্দু অধকারী। সেখানে আয়োজিত সভায় একথা বলেন তিনি।

    প্রসঙ্গত, একদা মমতা ব্যানার্জীর ঘনিষ্ঠ ছিলেন মি. অধিকারী। ২০১১ সালে ৩৪ বছরের বাম জমানার অবসান ঘটিয়ে যে সময় ক্ষমতায় এসেছিলেন ব্যানার্জী, তার নেপথ্যে শুভেন্দু অধিকারীর ‘অবদান’ ছিল বলে জানা যায়। সেই সময় সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনকে সামনে রেখে ‘পরিবর্তনের’ ডাক দিয়েছিলেন মিজ ব্যানার্জী।

    চলতি বিধানসভা নির্বাচনেও ‘পরিবর্তনের’ ডাক দিয়েছিল গেরুয়া শিবির।

    বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এই দুই ‘পরিবর্তনের’ প্রসঙ্গ টেনে তিনি, “আমি ২০১১-এর পরিবর্তনে ছিলাম। আর এবার আসল পরিবর্তনে থাকলাম।”

  5. কেপ ভার্দে থেকে হন্ডিয়াস জাহাজের তিনজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

    আফ্রিকার পশ্চিম উপকূলের কাছে আটলান্টিক মহাসাগরের দ্বীপ কেপ ভার্দেতে থাকা হন্ডিয়াস ক্রুজ জাহাজ থেকে দুইজন অসুস্থ ক্রু সদস্যসহ মোট তিনজনকে সরিয়ে নেওয়ার হচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

    ডব্লিউএইচও'র কেপ ভার্দে প্রতিনিধি অ্যান লিন্ডস্ট্র্যান্ড বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, তিনজনই স্থিতিশীল আছেন এবং তাদের মধ্যে একজনের কোনো উপসর্গ নেই।

    জাহাজটির ডাচ অপারেটর ওশানওয়াইড এক্সপেডিশনস জানিয়েছে, দুই গুরুতর অসুস্থ ক্রু সদস্যদের একজন ব্রিটিশ ও একজন ডাচ। দুই ক্রু সদস্যের সঙ্গে একজন যাত্রীও আছে, যাকে বিমানে নেদারল্যান্ডসে পাঠানো হবে।

    তাদের জাহাজ থেকে সরানোর পর "আমাদের পরিকল্পনা হলো ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে যাওয়া। হয় গ্র্যান ক্যানারিয়া, নয়তো টেনেরিফে। সেখানে পৌঁছাতে প্রায় তিন দিন সময় লাগবে," বলছে অপারেটর।

    অপারেটর আরও জানান যে এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা চলছে।

  6. হান্টাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়া জাহাজকে ভিড়তে দিতে আপত্তি ক্যানারি দ্বীপপুঞ্জের নেতাদের

    হান্টাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়া যাত্রীবাহী ডাচ জাহাজ এমভি হন্ডিয়াসকে নোঙর করতে দেওয়ার ব্যাপারে স্প্যানিশ সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন ক্যানারি দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট ফের্নান্দো ক্লাভিহো।

    তিনি এক সাক্ষাৎকারে বলেন, "আমি এটিকে (নৌকা) ক্যানারি দ্বীপপুঞ্জে ঢুকতে দিতে পারি না। এই সিদ্ধান্ত কোনো প্রযুক্তিগত মানদণ্ডের ভিত্তিতে নেওয়া হয়নি এবং আমাদের যথেষ্ট তথ্যও দেওয়া হয়নি।"

    ক্লাভিহো বর্তমানে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে রয়েছেন এবং সেখান থেকেই তিনি জানিয়েছেন যে বিষয়টি নিয়ে তিনি স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে মাদ্রিদে জরুরি বৈঠক করতে চান।

    উল্লেখ্য, আগামী কয়েক দিনের মধ্যেই জাহাজটির ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর কথা রয়েছে।

    হান্টাভাইরাস হলো ইঁদুরজাতীয় প্রাণীবাহিত এক ধরনের ভাইরাস, যা প্রধানত ইঁদুরের শুকনো মল থেকে বাতাসে ভেসে থাকা কণার মাধ্যমে শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে মানুষের দেহে প্রবেশ করে।

    যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)-এর মতে, সাধারণত ইঁদুরের মূত্র, মল বা লালা থেকে ভাইরাসটি বাতাসে ছড়িয়ে পড়লে সংক্রমণ ঘটে।

    প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় দেড় লাখ মানুষের হান্টা ভাইরাস সংক্রান্ত জটিলতায় ভোগার তথ্য পাওয়া যায়, যার উল্লেখযোগ্য সংখ্যক আসে ইউরোপ ও এশিয়া থেকে। তবে হান্টা ভাইরাসের সংক্রমণের অর্ধেকেরও বেশি ঘটে চীনে।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ তথ্য অনুযায়ী, জাহাজটিতে থাকা ব্যক্তিদের মধ্যে এখন পর্যন্ত সাত জনের হান্টাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি শনাক্ত করা হয়েছে, যার মধ্যে তিনটি নিশ্চিত এবং বাকিগুলো সন্দেহভাজন।

    আফ্রিকার পশ্চিম উপকূলের কেপ ভার্দের কাছে আটকে পড়া জাহাজটিতে থাকা ২৩টি দেশের প্রায় ১৫০ জন যাত্রী রয়েছেন।

    বিশ্বের দক্ষিণতম শহর আর্জেন্টিনার উশুয়াইয়া থেকে এমভি হোনডিয়াস পহেলা এপ্রিল যাত্রা শুরু করেছিল। আর্জেন্টিনা থেকে ব্রিটিশ শাসিত দক্ষিণ জর্জিয়া অঞ্চলে যাওয়ার কথা ছিল এটির।

    জাহাজটি এমন এক সমুদ্রযাত্রায় ছিল যেখানে যাত্রীদের আটলান্টিকের সবচেয়ে দুর্গম ও অদেখা কিছু ভূখণ্ড অতিক্রম করে জীবনের সেরা এক ভ্রমণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

    ১১ই এপ্রিল, একজন ডাচ ব্যক্তি জাহাজে মারা যান। তার মৃত্যুর কারণ অজানা ছিল। প্রায় দুই সপ্তাহ পর তার স্ত্রীর সাথে সেন্ট হেলেনায় জাহাজ থেকে তার মরদেহ নামানো হয়।

    ওই নারীকে দক্ষিণ আফ্রিকায় নিয়ে যাওয়া হয়, যেখানে কর্তৃপক্ষ জানায় যে জোহানেসবার্গের একটি হাসপাতালে তিনি মারা গেছেন। এরপর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) নিশ্চিত করেছে যে ৬৯ বছর বয়সী ওই নারী হান্টাভাইরাসে আক্রান্ত ছিলেন।

  7. মমতা ব্যানার্জীর বাসভবনের সামনে নিরাপত্তা ব্যবস্থায় ‘বদল’

    পশ্চিমবঙ্গের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বাসভবনের সামনে থেকে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা সরানো হলো।

    বুধবার সকালে তার ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীর বাসভবন এবং কার্যালয়ের সামনে থেকে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা সরানো হয়।

    এর আগে মঙ্গলবার পুলিশের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, বুধবার সকাল সাড়ে ছয়টা থেকে এই স্থানগুলোতে আর অতিরিক্ত নিরাপত্তা বাহিনী থাকবে না।

    এর আগে মমতা ব্যানার্জী ও অভিষেক ব্যানার্জীর বাসভবন এবং কার্যালয়ের সামনে কড়া নিরাপত্তা ব্যবস্থা দেখা যেত। পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের ফলাফল ঘোষণার পর থেকেই অবশ্য একটু একটু করে মমতা ব্যানার্জীর বাসভবনের কাছে চিত্র বদলাচ্ছিল।

    এদিকে, রাজ্যে ভোট পরবর্তী সহিংসতার অভিযোগ নিয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেই সময় পুলিশ কমিশনার অজয় কুমার নন্দকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “হঠাৎই কিছু হয়নি। নিরাপত্তার একাধিক স্তর থাকে, তা রিভিউ-এর পর অতিরিক্ত স্তরটুকুই কমানো হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী যে নিরাপত্তা থাকা দরকার সেটি এখনো মোতায়েন রয়েছে।”

    তিনি জানিয়েছেন, এখনো এই বিষয় সংক্রান্ত পদক্ষেপ জারি হওয়া নোটিশ মেনেই নেওয়া হয়েছে।

    অন্যদিকে, বিষয়টি ‘প্রাসঙ্গিকই’ নয় বলে মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী, যিনি মমতা ব্যানার্জীকে ভবানীপুর কেন্দ্রে ১৫ হাজারেরও বেশি ভোটে হারিয়েছেন।

    তিনি বলেন, “আমি এই নিয়ে মন্তব্যই করব না। যখন (মন্তব্য) করার তখন করেছি, এখন এটা প্রাসঙ্গিকই নয়।”

  8. যুদ্ধ শুরুর পর থেকে ২৬টি জাহাজে হামলা – ইউকেএমটিও

    মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ২৬টি জাহাজে হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক কর্তৃপক্ষ ইউকেএমটিও (ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস)।

    তারা বলছে, ২৮শে ফেব্রুয়ারি থেকে পারস্য উপসাগর, ওমান উপসাগর এবং হরমুজ প্রণালির “ভেতরে ও আশপাশে” মোট ৪৬টি ঘটনার খবর পেয়েছে তারা।

    এর মধ্যে ২৬টি ছিল হামলা, ১৮টি ছিল “সন্দেহজনক তৎপরতা” সংক্রান্ত প্রতিবেদন এবং এর পাশাপাশি দুটি ছিনতাইয়ের ঘটনাও রিপোর্ট করা হয়েছে।

  9. যুক্তরাষ্ট্রের সঙ্গে কেবল ‘ন্যায্য ও সমন্বিত’ চুক্তিই গ্রহণ করবে ইরান: আরাঘচি

    চীন সফরে থাকা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান শুধু একটি “ন্যায্য ও সমন্বিত চুক্তি” গ্রহণ করবে।

    বেইজিংয়ে তিনি চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করেছেন।

    ইরানি গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওয়াং ই’র সঙ্গে বৈঠকের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা আলোচনায় আমাদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করব”।

    অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, আরাঘচিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, দুই মাসের বেশি সময় ধরে চলা এই যুদ্ধ নিয়ে চীন “গভীরভাবে উদ্বিগ্ন” এবং এই পরিস্থিতিতে একটি “সামগ্রিক যুদ্ধবিরতি” অনিবার্য।

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ২৮শে ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে এটি ছিল কোনো ইরানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম চীন সফর।

    এপি’র তথ্য অনুযায়ী, বৈঠকে ওয়াং ই বলেন, “আমরা বিশ্বাস করি একটি সমগ্র যুদ্ধবিরতি জরুরি। আবার বৈরিতার সূত্রপাত গ্রহণযোগ্য নয় এবং সংলাপ ও আলোচনার প্রতি অঙ্গীকার বজায় রাখা বিশেষভাবে গুরুত্বপূর্ণ”।

  10. গতকালের উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা

    • ইরানি বন্দর অবরোধের অংশ হিসেবে হরমুজ প্রণালিতে এ পর্যন্ত ৫১টি জাহাজের পথ ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
    • বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
    • বাংলাদেশের আট বিভাগে আগামী পাঁচদিন দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
    • বাংলাদেশের মৌলভীবাজার, সিলেট ও সুনামগঞ্জ জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
    • যুক্তরাষ্ট্র “যুদ্ধ চাইছে না” বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, তবে ইরানকে “একটি আন্তর্জাতিক নৌপথে নিরীহ কোনো দেশ ও তাদের পণ্য চলাচলে বাধা দিতে দেওয়া হবে না”।
    • পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল মানতে ‘নারাজ’ মমতা ব্যানার্জী জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর পদ থেকে ‘ইস্তফা’ দেবেন না তিনি।
    • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন যে, হরমুজ প্রণালিতে সাম্প্রতিক ঘটনাগুলো দেখাচ্ছে এই রাজনৈতিক সংকটের কোনো সামরিক সমাধান নেই এবং পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনা “এগিয়ে যাচ্ছে”।
  11. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে