মঙ্গলবার সারাদিন যা যা হলো:
- ইরানি বন্দর অবরোধের অংশ হিসেবে হরমুজ প্রণালিতে এখন পর্যন্ত ৫১টি জাহাজের পথ ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড(সেন্টকম)।
- প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পেশ করা সরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থার ৩৮টি রিপোর্টে স্থান পেয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আলোচিত ‘বালিশ কাণ্ডের’ দুর্নীতির প্রতিবেদন। প্রেস সচিব জানান, ‘প্রধানমন্ত্রী প্রতিবেদনে প্রতিটি বালিশের একরকম অবিশ্বাস্য দাম শুনে সিএজিকে বলেছেন, এই দামি বালিশের একটি জাদুঘরে রাখা উচিত।’
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
- বাংলাদেশের আট বিভাগে আগামী পাঁচদিন দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
- বাংলাদেশের মৌলভীবাজার, সিলেট ও সুনামগঞ্জ জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
- যুক্তরাষ্ট্র “যুদ্ধ চাইছে না” বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, তবে ইরানকে “একটি আন্তর্জাতিক জলপথে কোনো দেশ এবং তাদের পণ্য চলাচলে বাধা দিতে দেওয়া হবে না।”
- পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল মানতে ‘নারাজ’ মমতা ব্যানার্জী, তাই মুখ্যমন্ত্রীর পদ থেকে ‘ইস্তফাও’ দেবেন না।
- যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, “গতরাতে সংযুক্ত আরব আমিরাতের বেসামরিক অবকাঠামোতে চালানো মিসাইল ও ড্রোন হামলার তীব্র নিন্দা জানায়”, তার দেশ।
- আরব লীগের সহকারী মহাসচিব হোসাম জাকি জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতের একটি তেল বন্দরে ইরানের হামলার খবরটি একটি “সত্যিই দুর্ভাগ্যজনক ঘটনা।”
- ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন যে, হরমুজ প্রণালিতে সাম্প্রতিক ঘটনাগুলো দেখাচ্ছে এই রাজনৈতিক সংকটের কোনো সামরিক সমাধান নেই এবং পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনা “এগিয়ে যাচ্ছে”।
- সোমবার মায়েরস্ক কোম্পানির একটি জাহাজ হরমুজ প্রণালি পার হয়ে আসতে পেরেছে- এই খবর নৌ-চলাচল বাধা দূর করার ক্ষেত্রে “সমুদ্রে এক ফোঁটা পানির মতো” সামান্য বিষয় বলে মনে করে একটি বাণিজ্য সংগঠন।
- ইরানের পার্লামেন্টের স্পিকার এবং গত মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় দেশটির শীর্ষ প্রতিনিধি মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে নৌপরিবহন ও জ্বালানি নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলেছে।
বিবিসি বাংলার লাইভ পাতার সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আজ এখানেই লাইভ পাতা শেষ হচ্ছে।
আরও খবর পড়তে ওয়েবসাইটের মূল পাতায় ক্লিক করুন।