ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের, দ্বিগুণ প্রতিশোধের হুঁশিয়ারি দিল তেহরান

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি 'শেষ' এবং দেশটিতে কঠোর হামলা চালানো হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইরান বলেছে, তাদের কোনো লক্ষ্যবস্তুতে হামলা হলে এর জবাবে তারা অন্তত দুটি লক্ষ্যবস্তুতে আঘাত হানবে।

সরাসরি কভারেজ

  1. বুধবার সারাদিন যা যা হলো

    • ইরানের সঙ্গে সংঘাত একটি “অত্যন্ত বড় সামরিক সাফল্য” ছিল এবং এর ফলে তেহরান পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত হয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজেকে তিনি ইরানের “এক নম্বর টার্গেট” বলেও মন্তব্য করেছেন।
    • ইরানের কোনো লক্ষ্যবস্তুতে হামলা হলে এর জবাবে দেশটি অন্তত দুটি লক্ষ্যবস্তুতে আঘাত হানবে বলে হুঁশিয়ারি দিয়েছে।
    • আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার প্রধান বুধবার জানিয়েছেন, পারস্য উপসাগরে এখনো প্রায় ৬,০০০ নাবিক আটকা পড়ে আছেন।
    • কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে একটি মাদ্রাসার অন্তত আটজন শিক্ষার্থীর মৃত্যুর খবর যাওয়া গেছে।
    • প্রতিমন্ত্রীর পদমর্যাদায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে আইরিন খানকে নিয়োগ দিয়েছে সরকার।
    • শিশুসহ চারজনকে বাংলাদেশে 'পুশইনের' এক বছর পর তাদের চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে হস্তান্তর করা হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে। তাদের কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশইন করা হয়েছিল।
    • তুরস্কে নেটো শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের শাসনব্যবস্থাকে “অশুভ মানুষদের” শাসন বলে বর্ণনা করেন এবং প্রশাসনকে “উন্মাদ” বলে অভিহিত করেন।
    • ইরানের সঙ্গে যুদ্ধবিতরতি শেষ হয়ে গেছে এবং তাদের ওপর আজ রাতেই "কঠোর” হামলা হতে পারে বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প।
    • ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলার পর তেলের দামে ঊর্ধ্বগতি দেখা গেছে। বিশেষ করে যুদ্ধবিরতি “শেষ” বলে ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর তেল ব্যবসায়ীরা দ্রুত প্রতিক্রিয়া দেখিয়েছেন।
    • যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার কয়েক ঘণ্টা পর ইরানের আলোচনা দলের প্রধান মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এ একটি পোস্টে লিখেছেন, "আমরা পিছু হটা বা আত্মসমর্পণ করার পাত্র নই।"
    • সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে পরবর্তী ৪৮ ঘণ্টায় ঢাকাসহ বাংলাদেশের আট বিভাগেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
    • আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় বান্দরবান ও কক্সবাজার জেলার বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
    • চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের একাংশ পানির নিচে তলিয়ে যাওয়ায় এবং আবহাওয়া পরিস্থিতির উন্নতি ও পানি না সরা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
    • ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার সকালে দক্ষিণ ইরানে সেন্টকম পরিচালিত ৮০টি লক্ষ্যবস্তুর ওপর হামলার জবাবে তারা যুক্তরাষ্ট্রের ৮৫টি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে।

    বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  2. ইরানের একটি লক্ষ্যবস্তুতে হামলার জবাবে দুটি হামলা চালানোর হুঁশিয়ারি

    হরমুজ প্রণালি

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, হরমুজ প্রণালি

    ইরানের রাষ্ট্রনিয়ন্ত্রিত গণমাধ্যম আইআরআইবি-এর ইংরেজি ভাষার চ্যানেল প্রেস টিভি একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, দেশের বিরুদ্ধে কোনো ধরনের হামলা চালানো হলে ইরান হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের সামুদ্রিক চলাচল বন্ধ করে দেবে।

    প্রতিবেদনটিতে ওই সূত্রের উদ্ধৃতি দিয়ে আরও বলা হয়, ইরানের কোনো লক্ষ্যবস্তুতে হামলা হলে এর জবাবে দেশটি অন্তত দুটি লক্ষ্যবস্তুতে আঘাত হানবে। সূত্রটি আরও বলেছে, “যুক্তরাষ্ট্র ও অঞ্চলে তার অংশীদারদের মধ্যে ইরান কোনো পার্থক্য করে না।”

    অন্যদিকে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ঘনিষ্ঠ তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, ইসলামাবাদ যুদ্ধবিরতি চুক্তির “মৃত্যু” ট্রাম্প “আনুষ্ঠানিকভাবে ঘোষণা” করেছেন।

    সংবাদমাধ্যমটি আরও বলেছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং অঞ্চল ও বিশ্বের বিভিন্ন স্থানে তাদের মিত্রদের মোকাবিলার জন্য ইরানের এখন “আরও স্পষ্ট ম্যান্ডেট” রয়েছে।

    এর আগে, ইরানের সর্বোচ্চ নেতার এক জ্যেষ্ঠ উপদেষ্টা ট্রাম্পের মন্তব্যের পর মধ্যপ্রাচ্য অঞ্চলে “আগুন” ছড়িয়ে পড়ার বিষয়ে সতর্ক করেছিলেন।

  3. নিজেকে ইরানের ‘এক নম্বর লক্ষ্যবস্তু’ বললেন ট্রাম্প

    নেটো সম্মেলনে সাংবাদিকদের ব্রিফ করেন ডোনাল্ড ট্রাম্প, তার পেছনে দাঁড়িয়ে আছেন কয়েকজন কর্মকর্তা

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, নেটো সম্মেলনে সাংবাদিকদের ব্রিফ করেন ডোনাল্ড ট্রাম্প

    ইরানের সঙ্গে সংঘাত একটি “অত্যন্ত বড় সামরিক সাফল্য” ছিল এবং এর ফলে তেহরান পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত হয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    তুরস্কের আঙ্কারায় সাংবাদিকদের সামনে কথা বলার সময় তিনি বলেন, ইরানের আলোচকরা “একটু পাগলাটে, তারা একটু উন্মাদ” এবং এরপর যোগ করেন, “এক দিনের মধ্যে তাদের সব বিমানবিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা শেষ হয়ে গেছে... সবকিছু শেষ। তাদের নেতারাও আর নেই।”

    তিনি আরও বলেন, “তাদের আরেক দল নেতা আছে, তারাও হয়তো আর থাকবে না। কে জানে?”

    তিনি এটাও যোগ করেন, “আমিও নাও থাকতে পারি, কারণ আমি তাদের এক নম্বর লক্ষ্যবস্তু।”

    ২০২৪ সালে ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবির জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো তার বিরুদ্ধে ইরানের সম্ভাব্য হত্যাচক্রান্ত সম্পর্কে তাদের অবহিত করেছিল। সে সময় ইরান সরকার এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

  4. পারস্য উপসাগরে প্রায় ছয় হাজার নাবিক আটকা: আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা

    হরমুজ প্রণালি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, হরমুজ প্রণালি

    আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার প্রধান বুধবার জানিয়েছেন, পারস্য উপসাগরে এখনো প্রায় ৬,০০০ নাবিক আটকা পড়ে আছেন। তিনি “সর্বোচ্চ সংযম ও উত্তেজনা প্রশমনের” আহ্বান জানিয়েছেন।

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ হয়েছে বলে ঘোষণা দেওয়ার পর এক বিবৃতিতে সংস্থাটির মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গেজ বলেন, “গত দুই দিনে হরমুজ প্রণালি অতিক্রমকারী কয়েকটি জাহাজের ওপর যে হামলা হয়েছে, আমি তার নিন্দা জানাই।”

    তিনি আরও বলেন, “এই বেপরোয়া হামলাগুলো আবারও নিরীহ নাবিকদের জীবনকে গুরুতর ঝুঁকির মুখে ফেলেছে।”

  5. প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষকদের সম্মানি পর্যায়ক্রমে বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

    তারেক রহমান

    ছবির উৎস, PID

    ছবির ক্যাপশান, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, "সারাদেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষকদের সম্মানি পর্যায়ক্রমে বাড়ানো হবে।"

    বুধবার বিকেলে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী একথা সংসদকে জানান। বাংলাদেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস এ খবর প্রকাশ করেছে।

    তারেক রহমান বলেছেন, "স্বৈরাচার সরকারের সময় শুধু বিল্ডিং হয়েছে, কিন্তু হিউম্যান রিসোর্সের কোনো উন্নতি হয়নি। আমরা যদি আমাদের প্রাইমারি এবং সেকেন্ডারি শিক্ষকদের সঠিকভাবে ট্রেনিং দিতে না পারি, শুধু ট্রেনিং নয়, ট্রেনিংয়ের সাথে তাদের সম্মানি যদি বৃদ্ধি করতে না পারি, তাহলে আমরা তাদের কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করতে পারি না।"

    প্রধানমন্ত্রী বলেন, "শিক্ষকদের সেকেন্ডারি এবং প্রাইমারি পর্যায়ে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে। একই সাথে পর্যায়ক্রমিকভাবে আমরা শিক্ষকদের সন্মানি বাড়ানো প্রয়োজন রয়েছে বলে মনে করি। এ কাজটি অবশ্যই করবো ইনশাআল্লাহ।"

  6. প্রতিমন্ত্রীর পদমর্যাদায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হলেন আইরিন খান

    মানবাধিকার কর্মী আইরিন খান

    ছবির উৎস, CHRIS YOUNG/AFP via Getty Images

    ছবির ক্যাপশান, আইরিন খান

    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে মানবাধিকার কর্মী আইরিন খানকে নিয়োগ দিয়েছে বিএনপি সরকার।

    বুধবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রতিমন্ত্রীর পদমর্যাদায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে আইরিন খানকে নিয়োগ দিয়েছে সরকার।

    এই পদে অধিষ্ঠিত থাকাকালে তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

    উল্লেখ্য, আইরিন খান অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক মহাসচিব ও জাতিসংঘে বিশেষ র‍্যাপোর্টিয়ার হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন।

  7. পুশইনের এক বছর পর চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে চার জনকে ভারতের কাছে হস্তান্তর

    সীমান্তে কাঁটাতারের বেড়া ঘেঁষে টহল দিচ্ছে বিএসএফ সদস্যরা (ফাইল ছবি)

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, সীমান্তে কাঁটাতারের বেড়া ঘেঁষে টহল দিচ্ছে বিএসএফ সদস্যরা (ফাইল ছবি)

    শিশুসহ চারজনকে বাংলাদেশে 'পুশইনের' এক বছর পর তাদের চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে হস্তান্তর করা হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, বিএসএফের কাছে। তাদের কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশইন করা হয়েছিল।

    বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে তাদেরকে বিএসএফের নিকট হস্তান্তর করা হয় বলে নিশ্চিত করেছে বিজিবির একটি সূত্র।

    ভারতে ফেরত পাঠানো চারজনের মধ্যে শিশু ও কিশোরও রয়েছে।

    এর আগে, গত বছরের জুনে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে এই চারজনসহ মোট ছয় জনকে পুশ ইন করে বিএসএফ।

    পরে আদালতের নির্দেশে গত বছরের পাঁচই ডিসেম্বর সোনালী বেগম ও তার ছেলে সাব্বিরকে ফেরত নেয় ভারতীয় কর্তৃপক্ষ। বুধবার ফেরত যাওয়া চারজন নিজেদের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বাসিন্দা বলে দাবি করেছেন।

    পুশইনের পর গত ২০শে অগাস্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাদেরকে আটক করে। পরে বিজিবিকে সোপর্দ করলে তাদের বিরুদ্ধে মামলা করা হয় এবং তারা তিন মাস কারাবরণ করে। পরে এক জিম্মাদারের বাসায় অবস্থান করছিলেন তারা।

    ভারতের সুপ্রিম তাদের ভারতে ফিরিয়ে এনে নাগরিকত্ব যাচাই করতে বলেছে।

  8. যুক্তরাষ্ট্র আজ রাতে ইরানে ‘কঠোর হামলা’ চালাবে: ট্রাম্প

    ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, Getty Images

    ইরানে হামলার প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “গত রাতে আমরা তাদের খুব কঠোরভাবে আঘাত করেছি, খুবই কঠোরভাবে।”

    যুক্তরাষ্ট্র “সম্ভবত আজ রাতেও তাদের ওপর কঠোর হামলা চালাবে,” যুক্ত করেন তিনি।

    নেটো শীর্ষ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বলার সময় এই মন্তব্য করেন ট্রাম্প।

    তিনি বলেন, “আমি তাদের সামান্য সতর্কবার্তা দিয়েছিলাম। আমরা আজ রাতেও তাদের ওপর কঠোর হামলা চালাতে যাচ্ছি।”

  9. বাংলাদেশের আট বিভাগেই ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা

    সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে পরবর্তী ৪৮ ঘণ্টায় ঢাকাসহ বাংলাদেশের আট বিভাগেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    বুধবার আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত ভারী বৃষ্টিপাতের এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, বুধবার বিকেল তিনটা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

    একইসঙ্গে, ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাসহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারেও সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।

  10. বান্দরবান ও কক্সবাজার জেলায় বন্যা পরিস্থিতির অবনতির সতর্কতা

    বৃষ্টিপাতের ছবি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে বাংলাদেশের বিভিন্ন স্থানে

    আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় বান্দরবান ও কক্সবাজার জেলার বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

    বুধবার বৃষ্টিপাত ও নদ-নদীর পরিস্থিতি শীর্ষক এক পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে কেন্দ্রটি।

    তারা বলছে, গত ২৪ ঘণ্টায় দেশের ভেতরে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে অতি ভারী এবং উজানে ভারতের মেঘালয়, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও অরুণাচল প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে।

    এর ফলে আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় বান্দরবান, কক্সবাজার জেলার বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে এবং ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার নদীগুলো কিছু কিছু স্থানে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে।

    চট্টগ্রাম বিভাগের পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গোমতী, মুহুরী, ফেনী, সেলোনিয়া, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি সমতলে বৃদ্ধি পেয়েছে যা আগামী তিন দিনেও দ্রুত বৃদ্ধি পেতে পারে।

    বান্দরবানে সাঙ্গু নদী ও মাতামুহুরী নদী লামা স্টেশনে এরইমধ্যে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

    এছাড়াও লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

    একইসঙ্গে সিলেট ও ময়মনসিংহ বিভাগেও গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলীয় মনু, ধলাই, খোয়াই, কংস, সারিগোয়াইন, সোমেশ্বরী, যাদুকাটা ও ভুগাই নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে।

    পরবর্তী তিনদিনেও পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে।

    আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় এই নদীগুলো সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ জেলার কিছু কিছু স্থানে বিপদসীমারওপর দিয়ে প্রবাহিত হতে পারে ও নদীসংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র।

  11. চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ থেকে পানি না সরা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে

    পানির নিচে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ

    ছবির উৎস, Screen Grab

    ছবির ক্যাপশান, চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ পানির নিচে তলিয়ে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ

    চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের একাংশ পানির নিচে তলিয়ে যাওয়ায় এবং আবহাওয়া পরিস্থিতির উন্নতি ও পানি না সরা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে।

    বুধবার রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ ঘটনাস্থল পরিদর্শন করে এ কথা জানিয়েছেন।

    মঙ্গলবার সকালে ঢাকা থেকে যাওয়া পর্যটক এক্সপ্রেস ট্রেনটি দুপুর সাড়ে বারোটায় চট্টগ্রামের সুন্নিয়া মাদ্রাসা এলাকায় গিয়ে পানির কারনে আর এগোতে পারেনি। এরপর থেকে বুধবার পর্যন্ত আর কোনো ট্রেন ছেড়ে যায়নি।

    তিনি জানিয়েছেন, এই রেলপথ আরো পাঁচ ফুট উঁচু করার পরিকল্পনা রয়েছে সরকারের।

    “এই জায়গায় দুই-তিন ফুট বাড়লেও তখন রেল চলাচলে সমস্যা হবে না। আমাদের সরকারের ভবিষ্যত পরিকল্পনা হচ্ছে এটাকে আরো উচ্চতা বাড়িয়ে পাঁচ ফিট করা। তবে দুইদিন যাবত যে বৃষ্টিপাত হচ্ছে, এটা আসলে রেকর্ড সংখ্যক বৃষ্টি, অনেকেই বলে, গত ৪৫ বছরের এমন বৃষ্টিপাত হয়নি” বলেন মি. রশীদ।

    একইসঙ্গে, যারা টিকেট কেটে গন্তব্যস্থলে যেতে পারছেন না, তাদের টাকা ফেরত দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

  12. উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে অন্তত আট মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

    পাহাড়ধসের পর উদ্ধার তৎপরতা

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের ঘটনায় মাটির নিচে চাপা পড়ে আছেন কয়েকজন

    কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে একটি মাদ্রাসার অন্তত আটজন শিক্ষার্থীর মৃত্যুর খবর বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার।

    তিনি বলছেন, "এখন পর্যন্ত বিভিন্ন বয়সী আট শিশুর মৃত্যুর খবর জানতে পেরেছি। এদের কেউ সাত, আট, এগার বা বারো বয়সী শিশু রয়েছে। তাদের মধ্যে দুইজন ঘটনাস্থলে এবং ছয় জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।"

    ঘটনার সময় ওই মাদ্রাসায় ঠিক কতজন শিক্ষার্থী ছিল সেটি এখনো নিশ্চিত নয় উল্লেখ করে মিজ আক্তার বলেন, "সেখানে সকালে ৩০ থেকে ৩৫ জন শিক্ষার্থী গিয়েছিলো। কিন্তু দুপুরে টিফিনের সময় বেশিরভাগই বাড়ি চলে গিয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে আমাকে।"

    ফায়ার সার্ভিস এখন উদ্ধার কার্যক্রম বন্ধ করেছে বলে জানান তিনি।

    এদিকে, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন (আরআরআরসি) একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের এই ঘটনায় মোট ১৩ জন শিশুকে উদ্ধার করা হয় যাদের মধ্যে আট জন শিশু মারা যায়। চার জন ঘটনাস্থলে ও চারজন হাসপাতালে নেওয়ার পর মারা যায় বলে জানায় তারা।

    বাকি পাঁচ জন শিশুকে হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে বলেও আরআরআরসি জানিয়েছে।

  13. অর্থপাচারের মামলায় আওয়ামী লীগ নেতা এনামুল হক এনু এবং রুপন ভূঁইয়ার ১০ বছরের কারাদণ্ড

    ঢাকার বিচারিক আদালত

    ছবির উৎস, COLLECTED/BBC

    ছবির ক্যাপশান, ঢাকার বিচারিক আদালত

    অর্থ পাচারের আরেকটি মামলায় গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের নেতা এনামুল হক এনু এবং তার ভাই রুপন ভূঁইয়াকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।

    বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৮ এর বিচারক নূরে আলম ভূঞা এই মামলার রায় ঘোষণা করেন।

    একইসঙ্গে, তাদেরকে ৬৪ কোটি ৬২ লাখ এক হাজার ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

    এই টাকা না দিলে তাদের আরো ছয় মাস সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করেছে আদালত।

    তবে অর্থপাচারের সাথে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় বাকি আট আসামিকে খালাস দিয়েছে আদালত।

    তারা হলেন, সাইফুল ইসলাম, তুহিন মুন্সী, নবীর হোসেন শিকদার, জয়গোপাল সরকার, পাভেল রহমান, শহিদুল হক ভূইয়া, রশিদুল হক ভূইয়া ও মেরাজুল হক ভূইয়া শিপলু।

  14. যুক্তরাষ্ট্রের ৮৫টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি আইআরজিসি’র

    ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার সকালে দক্ষিণ ইরানে সেন্টকম পরিচালিত ৮০টি লক্ষ্যবস্তুর ওপর হামলার জবাবে তারা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

    বাহিনীটি বলেছে, তাদের “প্রাথমিক প্রতিক্রিয়ায়” উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোর ৮৫টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।

    ৮ই জুলাই বুধবার সআনীয় সময় সকালে প্রকাশিত এই বিবৃতিতে আইআরজিসি বলেছে, “এই আগ্রাসনের প্রাথমিক প্রতিক্রিয়ায় ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌ ও মহাকাশ ইউনিট যৌথ ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযানের মাধ্যমে পোর্ট সালমান, বাহরাইনের পঞ্চম সামুদ্রিক অঞ্চল এবং কুয়েতের আলি আল-সালেম বিমানঘাঁটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ৮৫টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস করেছে। একইসঙ্গে অভিযানে হস্তক্ষেপের চেষ্টা করা শত্রুপক্ষের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করা হয়েছে।”

    এই ঘোষণার আগে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছিল, তারা “ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা” বলে দাবি করা ঘটনার প্রতিক্রিয়ায় তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে। একই সময়ে বাহরাইনে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠার খবরও পাওয়া যায়।

    কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্যবস্তুতে হামলার বিষয়ে আইআরজিসির এই ঘোষণা এমন সময়ে প্রকাশিত হলো, যখন মঙ্গলবার হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী জাহাজে হামলার ঘটনায় নিজেদের সংশ্লিষ্টতা অস্বীকার করেছে ইরান।

    ওই হামলাগুলো ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন সামরিক সংঘাতের সূচনা করে। কাতার, সৌদি আরব এবং যুক্তরাষ্ট্র এসব হামলার জন্য আইআরজিসিকে দায়ী করেছে।

  15. ইরানের সঙ্গে আলোচনার প্রসঙ্গে অতীতে ট্রাম্প যা যা বলেছেন

    ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, Getty Images

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি “শেষ” বলে ঘোষণা করেছেন কিছুক্ষণ আগে। তবে তিনি তার আলোচক দলের জন্য তেহরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার কিছু সুযোগ রেখেছেন।

    তবে এই বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এ ধরনের চূড়ান্ত মন্তব্য এই প্রথম নয়। এর আগে তিনি যা বলেছেন, তা হলো:

    • এপ্রিল — যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের একটি প্রাথমিক যুদ্ধবিরতিতে সম্মত হয়ে চুক্তি স্বাক্ষর করে।
    • ২১শেএপ্রিল — ট্রাম্প বলেন, তিনি দুই সপ্তাহের যুদ্ধবিরতি বাড়াতে চান না এবং তিনি “আশা করছেন খুব শিগগিরই আবার বোমাবর্ষণ শুরু হবে”। পরে ওই দিনই তিনি বলেন, পাকিস্তানের একটি অনুরোধের পর যুক্তরাষ্ট্রের হামলা স্থগিত করা হয়েছে।
    • ৮ইমে — ট্রাম্প বলেন, যুদ্ধবিরতি শেষ হয়েছে কি না, তা বিশ্ব বুঝতে পারবে যখন “ইরান থেকে একটি বিশাল আলোর আভা বের হতে দেখা যাবে।”
    • ১১ইমে — কয়েক দিন পর ট্রাম্প বলেন, যুদ্ধবিরতি “বিশাল মাত্রার লাইফ সাপোর্টে” রয়েছে।
    • ১১ইজুন — ট্রাম্প ইঙ্গিত দেন যে যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে এবং ইরানকে “খুব কঠোরভাবে” আঘাত করার হুমকি দেন। তবে পরে ওই সন্ধ্যাতেই তিনি হামলার সিদ্ধান্ত প্রত্যাহার করেন।
    • ১৭ইজুন — যুদ্ধের অবসান ঘটাতে একটি প্রাথমিক চুক্তিতে স্বাক্ষর করার সময় ট্রাম্প বলেন, “তারা যদি ঠিকভাবে আচরণ না করে, তাহলে আমরা সরাসরি তাদের মাথার ঠিক মাঝখানে আবার বোমা ফেলতে শুরু করব।”
    • ৮ইজুলাই — ট্রাম্প বলেন, যুদ্ধবিরতি “শেষ”, তবে দুই পক্ষের আলোচকরা আলোচনা চালিয়ে যেতে পারেন বলেও উল্লেখ করেন।
  16. উপসাগরীয় অঞ্চলে উত্তেজনায় সবশেষ কী কী ঘটেছে

    হরমুজ প্রণালিতে কয়েকটি জাহাজ

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, হরমুজ প্রণালি থেকে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে

    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলকে লক্ষ্য করে হামলার বেশ কয়েকটি ঘটনার পর উপসাগরীয় অঞ্চলে আবারও উত্তেজনা বেড়েছে।

    ১৭ই জুন সংঘাতের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র ও ইরান যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছিল, তার পর থেকে এটি দুই দেশের মধ্যে সবচেয়ে গুরুতর পাল্টাপাল্টি হামলার ঘটনা।

    চলতি সপ্তাহে যা ঘটেছে, তা হলো:

    সোমবার

    • যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানায়, হরমুজ প্রণালি অতিক্রম করার সময় একটি তেলবাহী জাহাজ অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্রসদৃশ বস্তুর আঘাতে আগুন লাগার খবর পাওয়া গেছে।

    মঙ্গলবার

    • হরমুজ প্রণালিতে থাকা তেলবাহী জাহাজে হামলার দুটি পৃথক ঘটনার খবর পাওয়া যায়। সোমবারের হামলাসহ এ ঘটনাগুলোর কোনোটির দায় ইরান সরাসরি স্বীকার করেনি।
    • মার্কিন সামরিক বাহিনী জানায়, তারা ইরানের বিরুদ্ধে “একাধিক শক্তিশালী হামলা শুরু করেছে” এবং ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। তাদের ভাষ্য অনুযায়ী, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে, যা “যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন”।

    বুধবার, জুলাই

    • ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করে, তারা বাহরাইন ও কুয়েতে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
    • নেটোর প্রধান মার্ক রুটে মার্কিন হামলাকে “একেবারেই প্রয়োজনীয়” বলে মন্তব্য করেন।
    • ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র দুই দেশের মধ্যে হওয়া চুক্তি লঙ্ঘন করেছে।
    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি “শেষ”। আঙ্কারায় নেটো শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের তিনি বলেন, “আমি আর তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না, তারা নিকৃষ্ট।”
  17. নেটোর ওপর ‘খুবই অসন্তুষ্ট’ ট্রাম্প

    ইরানের বিষয়ে সামরিক জোট নেটোর ভূমিকা নিয়ে আবারও ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    তুরস্কের আঙ্কারায় নেটোর মহাসচিব মার্ক রুটেকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন ট্রাম্প। এসময় তিনি রুটের প্রশংসা করেন, তবে বলেন যে তিনি সামরিক জোটটি নিয়ে “সন্তুষ্ট নন”।

    ট্রাম্প বলেন, নেটোর মিত্ররা “সন্ত্রাসবাদের সবচেয়ে বড় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক ইরান সম্পর্কে আমাদের সহায়তা করতে চায়নি”।

    “আমি নেটোর ওপর খুবই অসন্তুষ্ট,” এবং যোগ করেন যে যুক্তরাষ্ট্র “অতিরিক্ত অর্থ দেয়—বিলিয়ন বিলিয়ন ডলার অতিরিক্ত দেয়”।

  18. পৃথক দুইটি পাহাড়ধসের ঘটনায় চট্টগ্রামে দুই শিশুর মৃত্যু

    পৃথক দুইটি পাহাড়ধসের ঘটনায় চট্টগ্রামে দুই শিশু মারা গেছে।

    বুধবার সকালে চট্টগ্রাম নগরের চশমা হিলের মেয়র গলি ও সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে এই দুটি ঘটনা ঘটেছে।

    চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে চশমা হিলের মেয়র গলিতে এক শিশু নিহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে।

    মেয়র গলি এলাকায় পাহাড়ধসে নিহত ১২ বছর বয়সী শিশুটির নাম সামিয়া ইসলাম। পরে দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

    বেলা সাড়ে এগারোটা নাগাদ এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দ্বায়িত্বরত কর্মকর্তা।

    অন্যদিকে, গত চারদিন ধরে সীতাকুণ্ডে টানা বর্ষণ হচ্ছে।

    বুধবার সকালে জঙ্গল সলিমপুরে বাগানবাড়ি এলাকায় পাহাড়ধসে আশরাফুল ইসলাম তানভীর নামে ১০ মাস বয়সী এক শিশু মারা গেছে।

    সীতাকুণ্ডের উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. ফখরুল ইসলাম বিষয়টি বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন।

  19. সংবিধানের পঞ্চদশ সংশোধনী মামলার আপিলের রায় কাল

    আপিল বিভাগ

    ছবির উৎস, MUNIRUZ ZAMAN

    ছবির ক্যাপশান, সংবিধানের পঞ্চদশ সংশোধনী মামলার আপিলের রায় কাল

    সংবিধানের পঞ্চদশ সংশোধনীর অংশবিশেষ অসাংবিধানিক ও বাতিল ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের রায় আগামীকাল বৃহস্পতিবার।

    টানা তিনদিন শুনানির পর বুধবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ রায়ের দিন ধার্য করেন।

    বাংলাদেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ খবর প্রকাশ করেছে।

    পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ চার ব্যক্তি একটি এবং নওগাঁর বাসিন্দা মো. মোফাজ্জল হোসেন আরেকটি আপিল করেন।

    এছাড়া জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অপর আপিলটি করেন।

    তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপসহ বেশ কিছু বিষয়ে পরিবর্তন এনে ২০১১ সালের ৩০ জুন পঞ্চদশ সংশোধনী আইন জাতীয় সংসদে পাস হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপসহ ওই সংশোধনীতে সংবিধানে ৫৪টি ক্ষেত্রে পরিবর্তন এসেছিল।

    চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের পর পঞ্চদশ সংশোধনীর পুরো আইন ও আইনের কয়েকটি ধারার বৈধতা নিয়ে সুজন সম্পাদকসহ পাঁচ ব্যক্তি একটি এবং নওগাঁর বাসিন্দা মো. মোফাজ্জল হোসেন হাইকোর্টে পৃথক রিট হয়। এসব রিটের শুনানি শেষে ২০২৪ সালের ১৭ ডিসেম্বর হাইকোর্ট রায় দেন।

  20. যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলার পর বাড়ছে তেলের দাম, এমার মোরেও, বিজনেস রিপোর্টার

    বাড়ছে জ্বালানি তেলের দাম

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, বাড়ছে জ্বালানি তেলের দাম

    ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলার পর তেলের দামে ঊর্ধ্বগতি দেখা গেছে। বিশেষ করে যুদ্ধবিরতি “শেষ” বলে ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর তেল ব্যবসায়ীরা দ্রুত প্রতিক্রিয়া দেখিয়েছেন।

    তিনি ওই মন্তব্য করার ঠিক আগে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের এক ব্যারেলের দামছিল ৭৬ ডলারের সামান্য নিচে। কিন্তু ট্রাম্পের মন্তব্যের পরই তা ৭৮ডলার ছাড়িয়ে যায় এবং আরও বাড়তে দেখা যাচ্ছে।

    গত মাসে যুক্তরাষ্ট্র ওইরানের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির পর তেলের দাম যুদ্ধের আগের পর্যায়ে নেমে এসেছিল।

    তবে রাতভর ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলার পর থেকেই তেলের দাম ধীরে ধীরে বাড়ছিল।

    কিন্তু নতুন এই হামলাগুলো গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে আবারও উদ্বেগ তৈরি করবে। স্বাভাবিক পরিস্থিতিতে বিশ্বের মোট তেলের প্রায় পাঁচভাগের একভাগ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়।