ঈদের ছুটিতে সড়ক, নৌ ও রেলপথের দুর্ঘটনায় নিহত ৩০৬ জন: রোড সেইফটি ফাউন্ডেশন

ছবির উৎস, Getty Images
ঈদুল আজহায় ছুটিতে ১৩ দিনে সড়ক দুঘর্টনায় ২৮১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩৪ জন নারী এবং ৪৮ জন শিশু রয়েছে।
রোড সেইফটি ফাউন্ডেশন নামে একটি সংগঠন বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সংগঠনটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, মোট ২৯২ টি সড়ক দুর্ঘটনার ঘটনায় আহত হয়েছেন ৮৩৭ জন।
২১শে মে থেকে দোসরা জুন পর্যন্ত ঈদের ছুটিতে এসব দুর্ঘটনা ঘটেছে বলে বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে সংগঠনটি এই তথ্য দিয়েছে।
এসব দুর্ঘটনার মধ্যে ৪৮ দশমিক ২৮ শতাংশই ছিল মোটরসাইকেল দুর্ঘটনা। ১৪১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১২৪ জন নিহত হয়েছেন।
এছাড়াও ঈদের ছুটির এই সময়ে ১৩টি নৌপথ দুর্ঘটনায় আট জন নিহত এবং ১৫ আহত হয়েছে।
সেই সঙ্গে মারা গেছে কোরবানির ২৪টি গরু। আর ২২টি রেলপথ দুর্ঘটনায় ১৭ জন নিহত ও নয় জন আহত হয়েছে।

