মামুনুল হককে নিয়ে সংসদে দেওয়া বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

ছবির উৎস, BBC/MUKIMUL AHSAN
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হককে নিয়ে দেওয়া বিএনপির সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের বক্তব্য এক্সপাঞ্জ করেছে জাতীয় সংসদ।
একই সাথে সেই সময় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তার প্রসঙ্গে যে একটি শব্দ ব্যবহার করেছিলেন সেটিও এক্সপাঞ্জ করা হয়েছে।
রোববার বিকেলে বাজেট অধিবেশন শুরুর পর এ নিয়ে কথা বলেন স্পিকার মি. আহমদ।
তিনি এসময় বলেন, “গত বৃহষ্পতিবার ঢাকা থেকে নির্বাচিত সংসদ সদস্য আবু আশফাক হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক সম্পর্কে কথিত পরকীয়া সম্পর্কে দুয়েকটি মন্তব্য করেছেন, যেটি অনভিপ্রেত। যেহেতু যার পক্ষে সংসদে এসে আত্নপক্ষ সমর্থন করার সুযোগ নেই তার সম্পর্কে বিরূপ মন্তব্য করা অনুচিত। সে জন্য আবু আশফাক সাহেবের মন্তব্য আমি এক্সপাঞ্জ করেছি”।
স্পিকার বলেন, “সাথে সাথে আমারও একটি বক্তব্য সেখানে আমি সেখানে উল্লেখ করেছিলাম কোনও ব্যক্তির জীবনের অন্ধকার অধ্যায় সম্পর্কে আমার বক্তব্য এসেছিল। সেই অন্ধকারাচ্ছন্ন অধ্যায় সম্পর্কিত সেই বক্তব্যও এক্সপাঞ্জ করা হলো”।
তিনি বলেন, “ভবিষ্যতে আপনারা সবাই সচেতন থাকবেন। যার পক্ষে এখানে এসে নিজেকে ডিফেন্ট করা সম্ভব নয়, তার উদ্দেশ্যে কোন বিরূপ মন্তব্য আপনারা করবেন না এটাই আশা করি”।



